প্রকৃত মার্কসবাদী

পি সুন্দরাইয়া
গত পঞ্চাশ বছরের কথা স্মরণ করলে আমরা দেখতে পাই, শুধু শ্রমিক-কৃষকদের জন্য নয়, ব্রিটিশ আমলে স্বাধীনতার জন্য এবং তারপর স্বাধীনতাকালে এবং আবার ১৯৬২ সালেও বারবার তিনি কারাবরণ ও আত্মগোপনের দুঃখবরণের কঠিন জীবন গ্রহণ করেছেন। কি জেলের মধ্যে, কি জেলের বাইরে, নিদারুণ দুঃখ-দারিদ্র্যের মধ্যে অটলভাবে তিনি মার্কসবাদ-লেনিনবাদের সফল প্রয়োগের জন্য সংগ্রাম করে গেছেন।

ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ পঞ্চাশ বছরেরও বেশিকাল ধরে কমিউনিস্ট আদর্শের জন্য সংগ্রাম করে গেছেন।

সোভিয়েত রাশিয়ায় বিপ্লবের জয়লাভের পর কমরেড লেনিনের নেতৃত্বে গঠিত হয় কমিউনিস্ট আন্তর্জাতিক। সোভিয়েত বিপ্লবের দু'বছর পর তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ তাঁর বইয়ে এ-ঘটনার উল্লেখ করে বইটি উৎসর্গ করেছেন ফিরোজউদ্দীন মনসুর প্রমুখদের নামে; যাঁরা তা গঠন করেছিলেন। তাঁরা পামীর মালভূমি পার হয়ে সোভিয়েত রাশিয়ায় যান এবং সোভিয়েত বিপ্লবের সুরক্ষার লড়াইয়ে যোগ দেন। পরে দেশে ফিরে এলে ব্রিটিশ সরকার তাঁদের পেশওয়ার ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ করে। কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ পার্টি প্রতিষ্ঠার এই ঘটনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

১৯২০ সালে অক্টোবরে পার্টির ঐ প্রতিষ্ঠা দিবস থেকেই কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার কাজে কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ আত্মনিয়োগ করেছিলেন। তারপর পঞ্চাশ বছরেরও বেশিকাল পার হয়ে গেছে, দুনিয়ার ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন ঘটে গেছে। সেদিন থেকে তিনি সঠিক মার্কসবাদ-লেনিনবাদের জন্য যে কঠোর সংগ্রাম করে গেছেন, তাঁর সে সংগ্রামী জীবন এবং তাঁর অভিজ্ঞতাকে আমাদের সংগ্রামের পাথেয় হিসাবে আমরা স্মরণ করি।

গত পঞ্চাশ বছরের কথা স্মরণ করলে আমরা দেখতে পাই, শুধু শ্রমিক-কৃষকদের জন্য নয়, ব্রিটিশ আমলে স্বাধীনতার জন্য এবং তারপর স্বাধীনতাকালে এবং আবার ১৯৬২ সালেও বারবার তিনি কারাবরণ ও আত্মগোপনের দুঃখবরণের কঠিন জীবন গ্রহণ করেছেন। কি জেলের মধ্যে, কি জেলের বাইরে, নিদারুণ দুঃখ-দারিদ্র্যের মধ্যে অটলভাবে তিনি মার্কসবাদ-লেনিনবাদের সফল প্রয়োগের জন্য সংগ্রাম করে গেছেন। 

১৯৫১ সালে পার্টি যখন বেআইনী, সে-সময় তেলেঙ্গানা সংগ্রাম সম্পর্কে কেন্দ্রীয় কমিটির গোপন বৈঠকে কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ তেলেঙ্গানার বীর যোদ্ধাদের সমর্থন করেছিলেন। অথচ সে-সময় শুধু শত্রুরাই নয়, পার্টির মধ্যেও কেউ কেউ সে সংগ্রামের বিরোধিতা করেছিলেন। কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ-এর সে সমর্থন তেলেঙ্গানার বীর যোদ্ধাদের প্রেরণা যুগিয়েছে। সে কথা এখনও তেলেঙ্গানার কমরেডরা স্মরণ করেন। মার্কসবাদ-লেনিনবাদের প্রতি কমরেড মুজফ্‌ফর আহ্‌মদের আনুগত্য, তাঁর চারিত্রিক দৃঢ়তা নিষ্ঠা ও শৃঙ্খলাবোধের আর একটি দৃষ্টান্ত হলো ১৯৬২ সালের একটি ঘটনা। সে সময়ে তিনি এস এ ডাঙ্গেকে পার্টির চেয়ারম্যান করার প্রস্তাবটি শেষ পর্যন্ত প্রবল বিরোধিতা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা গৃহীত হলে পার্টি শৃঙ্খলার স্বার্থে তা মেনে নেন। কিন্তু ছয় মাস যেতে না যেতে ডাঙ্গে সম্পর্কে তাঁর আশঙ্কা সত্যে পরিণত হয়। তারপর বুর্জোয়াদের সমস্ত বিরূপ তুচ্ছ করে তিনি সঠিক মার্কসবাদ- লেনিনবাদের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেন এবং বৃদ্ধ বয়সে আবার কারাবরণ করেন।

কিছু উগ্রপন্থী পার্টি থেকে বেরিয়ে গিয়ে নকশালপন্থা গ্রহণ করলে এবং চীনের পার্টি তা সমর্থন করলেও তিনি অবিচলভাবে তার বিরোধিতা করেন। তাঁর কথা ছিল সোভিয়েত বা চীনের পার্টির কথায় নয়, ভারতের মাটিতে দাঁড়িয়ে পার্টিকে বাস্তব পরিস্থিতির মূল্যায়নের ভিত্তিতে মার্কসবাদ-লেনিনবাদের সঠিক প্রয়োগ করতে হবে, নিজের পথ স্থির করতে হবে। কিন্তু সেই সঙ্গে তিনি সোভিয়েত বা চীন-বিরোধিতারও বিরোধী ছিলেন। তিনি বারবার বলতেন, আজ সোভিয়েত বা চীনের পার্টি যাই বলুক না কেন, আমাদের একথা ভুললে চলবে না যে, এই দুটি পার্টি যথাক্রমে সংশোধনবাদী ও সঙ্কীর্ণতাবাদী ভুল করলেও এই দুটি দেশ হলো মহান সমাজতন্ত্রী দেশ। তাঁদের অভিজ্ঞতা থেকে আমাদের তরুণদের সমাজতন্ত্র সম্পর্কে শিক্ষণ নিতে হবে।

কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ জীবনযাপন করতেন অত্যন্ত সরল, সাদাসিধাভাবে। কিন্তু সমস্ত কমরেডদের স্বাচ্ছন্দ্যের সম্পর্কেও তিনি সর্বদা খোঁজখবর নিতেন, নজর রাখতেন। অথচ নিজে যথাসম্ভব অল্প ব্যয়ে চলতে চেষ্টা করতেন। তাঁর ব্যক্তিগত জীবনে এই সরলতা, কমরেডদের জন্য যত্ন, জনগণের জন্য বিপ্লবী নিষ্ঠা এবং মার্কসবাদ- লেনিনবাদের প্রতি কঠোর আনুগত্য ও ইস্পাতদৃঢ় নিষ্ঠা – তাঁর জীবন থেকে এই সকল শিক্ষা নিয়ে শক্তিশালী বিপ্লবী পার্টি গঠন করতে হবে। আগামীদিনে এই হলো আমাদের পাথেয়।

কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ স্মরণে ২২শে ডিসেম্বর শহীদ মিনার ময়দানে অনুষ্ঠিত স্মরণসভায় কমরেড পি সুন্দরাইয়ার ভাষণ। এটি প্রথম প্রকাশিত হয় ‘গণশক্তি - মুজফ্‌ফর আহ্‌মদ জন্মশতবর্ষ’ সংখ্যায় ১৯৮৯ সালে। 


প্রকাশের তারিখ: ০৪-আগস্ট-২০২৪

© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ আলিমুদ্দিন স্ট্রীট , কলকাতা ৭০০০১৬, +91 33 2217 6638, +91 70599 23957
marxbadipath.22@gmail.com
www.marxbadipath.org