ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবার কৃষি বিপ্লব

সমন্বয় রাহা

কৃষি সংস্কার আইন কিউবার অভ্যন্তরীণ শ্রেণিসম্পর্কে বড় পরিবর্তন আনে। দীর্ঘদিন ধরে গ্রামীণ অর্থনীতি নিয়ন্ত্রণকারী ভূস্বামী শ্রেণির ক্ষমতা দুর্বল হয়। একই সঙ্গে মার্কিন পুঁজির অধীনে থাকা বৃহৎ কৃষিজমির অধিগ্রহণ কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও তীব্র করে তোলে। কারণ ভূমি সংস্কার সরাসরি বিদেশি বিনিয়োগ ও সম্পত্তির স্বার্থে আঘাত করেছিল।

ভূমি সংস্কার, কৃষকের অধিকার ও সমাজতান্ত্রিক রূপান্তর

ফিদেলের নেতৃত্বে ১৯৫৯ সালের কিউবার বিপ্লব শুধু একটি স্বৈরাচারী সরকারের পতন ছিল না, তা ছিল দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর আমূল পরিবর্তনের সূচনা। এই পরিবর্তনের কেন্দ্রে ছিল কৃষি ও ভূমি সংস্কার এবং বিকল্প অর্থনৈতিক নীতি। কারণ বিপ্লবের আগে কিউবার গ্রামীণ অর্থনীতিতে ছিল বৃহৎ জমিদার, বিদেশি পুঁজির আধিপত্য। যা ভূমিহীন কৃষক, ভাগচাষী এবং শ্রমিকদের শোষণের ওপর প্রতিষ্ঠিত। দেশের অধিকাংশ কৃষিজমি ছিল অল্প কয়েকজন জমির মালিকের হাতে। ফলে কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত বিপুল সংখ্যক মানুষ জমির মালিকানা থেকে বঞ্চিত ছিলেন, একই সাথে তাঁদের জীবন নির্ভর করত জমির মালিকদের ইচ্ছার ওপর।

বাতিস্তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ফিদেলের নেতৃত্বে বিপ্লবী আন্দোলন এই ভূমি ব্যবস্থার পরিবর্তনকে অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল। মনকাডা মামলায় যখন ফিদেল গ্রেপ্তার, সেই সময় নিজেই আত্মপক্ষ সমর্থনে সওয়াল করেছিলেন। গোটা পৃথিবী জুড়ে তারপর যে কথাটি বিখ্যাত হয়, La historia me absolvera, ইংরাজি তে History will absolve me অর্থাৎ ইতিহাস আমায় মুক্তি দেবে। তাঁর দীর্ঘ সওয়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও অসংখ্য মণিমুক্ত।

কিন্তু যা সাধারণ আলোচনার বাইরে থেকে যায়, তা হল কিউবার বিপ্লব পরবর্তী পরিকল্পনা। অথচ যখন মনকাডা মামলা চলছে, তখন সালটা ১৯৫৩ এর অক্টোবর মাস। তার ছয় বছরের মধ্যে কিউবায় সংঘটিত হয়েছিল সফল বিপ্লব। ফিদেল ছয় বছর আগেই ভেবেছেন কিউবার ভূমি ব্যবস্থার কথা। কৃষকদের দুর্দশার কথা। যা উঠে এসেছিল তাঁর সওয়ালে। তিনি বলেছিলেন,  “85% of the small farmers in Cuba pay rent and live under the constant threat of being dispossessed from the land that they cultivate.” তিনি লক্ষ্য করেছিলেন কৃষকদের মধ্যে অধিকাংশই ভূমিহীন। প্রতি মুহূর্তে উচ্ছেদের হুমকির মুখে দিন কাটাচ্ছে কিউবার কৃষকেরা। সেই সওয়ালে তাঁর যুক্তি ছিল কিউবা একটি কৃষিপ্রধান দেশ। খাদ্য উৎপাদন সহ সার্বিক গ্রামীণ অর্থনীতিতে কৃষকদের  সরাসরি যুক্ত থাকার কথা। অথচ জমির মালিকানা এবং কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য থেকে তারা নিজেরাই বঞ্চিত। এই পরিস্থিতিতে ভূমি সংস্কারকে তিনি কেবল কৃষকদের হাতে জমি তুলে দেওয়ার কাজ হিসেবে দেখেননি, বরং সার্বিক ভাবে গ্রামীণ অর্থনীতিকে পুনর্গঠিত করার স্বপ্ন দেখেছিলেন। 

১৯৫৯ সালের সফল বিপ্লবের পর সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হয়। একই বছরেই ১৭ই মে প্রথম কৃষি সংস্কার আইন তৈরি হয়। উল্লেখ্য, এই সময় ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৬ সালে তিনি প্রেসিডেন্ট হন। তাঁর নেতৃত্বেই বিপ্লব পরবর্তী কিউবার কৃষি ও ভূমি সংস্কারের প্রধান পর্যায়গুলি সম্পন্ন হয়।

কিউবার কৃষি বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ সমাজের শ্রেণিগত কাঠামো, উৎপাদন সম্পর্ক এবং অর্থনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাস ঘটানো। এক কথায় শ্রেণি ভারসাম্যের পরিবর্তন। 

একটি দেশের রাজনৈতিক পটপরিবর্তন তখনই প্রকৃত সামাজিক বিপ্লবে পরিণত হয়, যখন তা মানুষের দৈনন্দিন জীবনের মৌলিক কাঠামো অর্থাৎ জমি, উৎপাদন, জীবিকা ও সম্পদের মালিকানার প্রশ্নকে স্পর্শ করে। 

কৃষি সংস্কার আইন কিউবার অভ্যন্তরীণ শ্রেণিসম্পর্কে বড় পরিবর্তন আনে। দীর্ঘদিন ধরে গ্রামীণ অর্থনীতি নিয়ন্ত্রণকারী ভূস্বামী শ্রেণির ক্ষমতা দুর্বল হয়। একই সঙ্গে মার্কিন পুঁজির অধীনে থাকা বৃহৎ কৃষিজমির অধিগ্রহণ কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও তীব্র করে তোলে। কারণ ভূমি সংস্কার সরাসরি বিদেশি বিনিয়োগ ও সম্পত্তির স্বার্থে আঘাত করেছিল।

প্রথম কৃষি সংস্কারের সবচেয়ে বড় ঐতিহাসিক তাৎপর্য ছিল, কিউবার গ্রামীণ সমাজে জমিকে কেবল মুনাফা ও সম্পদ সঞ্চয়ের উপকরণ হিসেবে দেখার বদলে উৎপাদন, জীবিকা এবং সামাজিক অধিকারের প্রশ্ন হিসেবে প্রতিষ্ঠা করা। 


অবশ্য প্রথম সংস্কার সমস্ত সমস্যার সমাধান করতে পারেনি। জমি বণ্টনের পাশাপাশি রাষ্ট্রীয় খামার গড়ে তোলার ফলে পরবর্তী সময়ে মালিকানা ও উৎপাদন পরিচালনার ধরন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। তবু ১৯৫৯ সালের এই আইন কিউবার বিপ্লবকে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের গণ্ডি ছাড়িয়ে গ্রামীণ সমাজ ও অর্থনীতির কাঠামোগত রূপান্তরের পথে এগিয়ে দিয়েছিল। কৃষকরা প্রথমবারের মতো রাষ্ট্রীয় নীতির কেন্দ্রে জায়গা পেতে শুরু করেন।

১৯৬৩ সালে কিউবা দ্বিতীয় কৃষি সংস্কার আইন প্রণয়ন করে। এই আইনের মাধ্যমে অধিকাংশ জমি অধিগ্রহণের ব্যবস্থা করা হয়। ফলে কৃষিক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হয়।

এই পর্যায়ে কিউবার কৃষি ব্যবস্থার একটি বড় অংশ রাষ্ট্রীয় খামারের অধীনে চলে আসে। বিভিন্ন হিসাব অনুযায়ী, ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে দেশের প্রায় ৭০ শতাংশ কৃষিজমি রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল।

এর ফলে কৃষি উৎপাদনকে কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে আনার সুযোগ তৈরি হয়। রাষ্ট্র কৃষি যন্ত্রপাতি, সেচ, সার, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির জন্য বিনিয়োগ করতে শুরু করে। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়।

এই ব্যবস্থায় জমির মালিকানা রাষ্ট্রের হাতে থাকলেও সমবায়গুলিকে দীর্ঘমেয়াদি ব্যবহারের অধিকার দেওয়া হয়। উৎপাদন ও পরিচালনার ক্ষেত্রে তাদের কিছুটা স্বাধীনতা দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল কৃষকদের উৎপাদনে উৎসাহিত করা, রাষ্ট্রীয় খামারের অদক্ষতা কমানো এবং খাদ্য উৎপাদন বাড়ানো।

এই সংস্কার কিউবার কৃষি ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পাশাপাশি সমবায়ভিত্তিক উৎপাদনের গুরুত্ব বাড়ায়।

বিপ্লবের আগে গ্রামীণ কিউবার বহু মানুষের কাছে শিক্ষা ও চিকিৎসা ছিল দুর্লভ। বিপ্লব-পরবর্তী সময়ে গ্রামীণ অঞ্চলে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়। সাক্ষরতা অভিযান, বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার প্রসার গ্রামীণ সমাজে বড় পরিবর্তন আসে। 

কৃষিক্ষেত্রে নারী ও যুবকদের অংশগ্রহণও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ফলে কৃষি সংস্কার শুধু অর্থনৈতিক সম্পর্ক নয়, গ্রামীণ সমাজের সামাজিক কাঠামোতেও পরিবর্তন ঘটায়।

৮০র দশকের একদম শেষ পর্যায়ে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের আর্থিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরও বাড়ে। ফলে কৃষিকাজে ব্যবহারের জন্য সার, কীটনাশক সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমদানি বন্ধ হয়। ফলত কিউবা ভয়াবহ খাদ্য সংকটের সম্মুখীন হয়। কৃষি ভিত্তিক অর্থনীতি ধ্বংসের সম্মুখীন হয়। আর এখান থেকেই পুনরায় ফিদেলের নের্তৃত্বে কিউবা বিকল্প রাস্তায় চলা শুরু করে। কিউবা জুড়ে শুরু হয় জৈব কৃষি পদ্ধতিতে চাষ। অর্থাৎ যে পদ্ধতিতে কীটনাশক, সারের প্রয়োজন হয়না। শহরের মধ্যে পরিত্যক্ত জায়গা, পার্ক এমনকি বাড়ির ছাদ চিহ্নিত হয়, যেখানে এই পদ্ধতিতে সবজি চাষ করানো সম্ভব। এই পরিস্থিতিতে ১৯৯৩ সালে রাষ্ট্রীয় খামারের একাংশকে সমবায়ভিত্তিক উৎপাদন ব্যবস্থায় রূপান্তরিত করা হয়। গড়ে ওঠে Basic Units of Cooperative Production বা UBPC। একটা সময় হাভানা শহরের ৯০ শতাংশ ফলমূল শাকসবজি এই পদ্ধতিতে উৎপাদিত হত। হিসেব বলছে গোটা নব্বই দশকে কিউবায় কৃষিতে কীটনাশক সার ব্যবহার ৭০ শতাংশ কম হলেও, ফল শাকসবজি উৎপাদন ১৪৫ শতাংশ বৃদ্ধি পায়। 

ফলত একটি কথা নিশ্চিত ভাবেই বলা যায়, ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবার কৃষি সংস্কার ছিল বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমি সংস্কার আন্দোলন। ১৯৫৯ সালের প্রথম কৃষি সংস্কার থেকে শুরু করে ১৯৬৩ সালের দ্বিতীয় সংস্কার, ১৯৯৩ সালের সমবায়ভিত্তিক পুনর্গঠন এবং ২০০৮ সালের পর অব্যবহৃত জমি কৃষকদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ, প্রতিটি পর্যায়েই কিউবা তার কৃষি ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছে।

এই প্রক্রিয়ার সাফল্য যেমন ছিল, তেমনই ছিল সীমাবদ্ধতা। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অতিরিক্ত কেন্দ্রীকরণ, উৎপাদনশীলতার সমস্যা এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কিউবার কৃষি অর্থনীতিকে বারংবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবু ভূমি সংস্কারের মাধ্যমে বৃহৎ ভূস্বামী আধিপত্যের অবসান, গ্রামীণ মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠা এবং কৃষিকে জাতীয় উন্নয়নের কেন্দ্রে নিয়ে আসার প্রচেষ্টা কিউবার বিপ্লবের এক ঐতিহাসিক অর্জন।

কিউবার অভিজ্ঞতা দেখায়, কৃষি সংস্কার কেবল জমি বণ্টনের প্রশ্ন নয়। এটি উৎপাদনের ওপর কার নিয়ন্ত্রণ থাকবে, কৃষকের শ্রমের সুফল কে পাবে এবং দেশের খাদ্য ও অর্থনৈতিক সার্বভৌমত্ব কীভাবে প্রতিষ্ঠিত হবে, সেই বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রশ্নের সঙ্গেও গভীরভাবে যুক্ত।

১৯৫৯ সালের কিউবার কৃষি সংস্কার লাতিন আমেরিকার দেশগুলিতে ভূমির অসম বণ্টন, বৃহৎ ভূস্বামীদের আধিপত্য এবং কৃষকের অধিকার নিয়ে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। লাতিন আমেরিকার বহু দেশে তখন অল্পসংখ্যক জমির মালিকের হাতে বিপুল কৃষিজমি কেন্দ্রীভূত ছিল, অথচ লক্ষ লক্ষ কৃষক ভূমিহীন। এই বৈষম্য শুধু অর্থনৈতিক নয়। রাজনৈতিক ও সামাজিক ক্ষমতারও ভিত্তি ছিল।

কিউবা দেখায়, বিপ্লবী রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বৃহৎ সম্পত্তির ওপর সীমা আরোপ, জমি পুনর্বণ্টন এবং কৃষকদের উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত করা সম্ভব। ফলে কিউবার কৃষি সংস্কার লাতিন আমেরিকার বামপন্থী আন্দোলন, কৃষক সংগঠন এবং জাতীয় মুক্তি আন্দোলনগুলির কাছে একটি বাস্তব উদাহরণ হয়ে ওঠে।

এই সংস্কারের প্রভাব শুধু বিপ্লবী বামপন্থী আন্দোলনেই সীমাবদ্ধ ছিল না। কিউবার বিপ্লবের প্রভাব এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ভূমি সংস্কারের প্রশ্নটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও একটি রাজনৈতিক ও কৌশলগত উদ্বেগ হয়ে ওঠে। ওয়াশিংটন আশঙ্কা করেছিল, জমির বৈষম্য ও গ্রামীণ দারিদ্র্যকে কেন্দ্র করে অন্যান্য দেশেও কিউবার মতো বিপ্লব ছড়িয়ে পড়তে পারে। ফলে ১৯৬১ সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির Alliance for Progress কর্মসূচির মাধ্যমে লাতিন আমেরিকার দেশগুলিতে অর্থনৈতিক সাহায্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। আসলে সাহায্য নয় ঋণের আড়ালে একটা দেশকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। 

মার্কিন সাম্রাজ্যবাদের ক্রমবর্ধমান আর্থিক বয়কট নীতির ফলে বিপ্লব পরবর্তী সময়ে আজ কিউবা ভুখমারীর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গোটা বিশ্বের মুক্তিকামী মানুষ আজ কিউবার পাশে। কিউবা লড়ছে। ফিদেলের মাটি নিশ্চিত ভাবে খুঁজে পাবে বিকল্প রাস্তা। 

ফলত আজ ফিদেলের জন্মের একশ তম বর্ষে এবং মৃত্যুর দশম বর্ষে এসে আমরা যখন ফিদেলকে ফিরে দেখবো, তখন যেন সেই দেখাটা কেবল ফিদেল সম্পর্কে রোমান্টিক আলোচনায় থেমে না যায়। বরং ফিদেলের নের্তৃত্বে কেমন ভাবে সদ্য বিপ্লব পরবর্তী শিশু কিউবা এগিয়েছিল, তার দিকে গুরুত্ব দিই। সেটাই হবে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের অন্যতম কাজ। যার মাধ্যমে আমরা সাধারণ মানুষের সামনে প্রকৃত বিশ্বাসযোগ্য বিকল্প তুলে ধরতে পারবো। 


প্রকাশের তারিখ: ২৬-নভেম্বর-২০২৬

© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ আলিমুদ্দিন স্ট্রীট , কলকাতা ৭০০০১৬, +91 33 2217 6638, +91 70599 23957
marxbadipath.22@gmail.com
www.marxbadipath.org