ফিদেল, সমাজতন্ত্র নির্মাণে নারীদের ভূমিকা

সমন্বয় রাহা
বিপ্লবের আগে অনুন্নত পিছিয়ে থাকা ব্যবস্থায় মহিলাদের একমাত্র কাজ ছিল গৃহস্থের। পরবর্তী কালে কৃষি, শিল্প, স্বাস্থ্য ও প্রশাসনে মহিলাদের কর্মসংস্থানের বৃদ্ধি ঘটে। দক্ষতা বৃদ্ধির জন্য চালু হয় ট্রেনিং সেন্টার। যেখানে কারিগরি এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ সহ সার্বিক পেশাগত প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। আজ আমরা এই উপমহাদেশে যখন শ্রমিক আন্দোলনে সম কাজে, সম বেতনের দাবি করি; কিউবা সেই সময় সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়ে চালু করে সম কাজে, সম বেতনের ব্যবস্থা। এর ফলে আর্থিক বৈষম্য যেমন কমে, তেমনই অর্থনৈতিক ও সামাজিক ভাবে মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি পায়। 

সাধারণ ভাবে পশ্চিমী মিডিয়া, যা মূলত মার্কিন সাম্রাজ্যবাদ দ্বারা পরিচালিত হয়, তারা চিরকালই লাতিন আমেরিকার প্রত্যেক কমিউনিস্ট প্রগতিশীল বামপন্থী নেতাদের গোটা বিশ্বের কাছে একটা ‘নেশাতুর‘, ‘সেক্স সিম্বল’ হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এসেছে। আমরা তার ন্যক্কারজনক প্রচেষ্টা দেখে থাকি চে গ্যেভারার ক্ষেত্রে। ফিদেলের ক্ষেত্রেও এই ঘটনা সত্য। ২০০৮ সালের নিউ ইয়র্ক পোস্ট-এর একটি প্রতিবেদনে দাবি করা হয় তিনি সারা জীবনে ৩৫০০০ মহিলার সাথে যৌন সম্পর্কে জড়িয়েছেন। ২০০০ সালে দ্য নিউ ইয়র্কার-এ দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য বয় শিরোনামে এক প্রবন্ধে ফিদেল সম্পর্কে বলা হয়, ‘He earned a reputation as a womanizer. He has countless affairs and one night stands…’। অর্থাৎ তাঁকে বহু সম্পর্কে জড়িয়ে থাকা এবং Womanizer হিসেবে দুনিয়ার সামনে প্রতিষ্ঠিত করার প্রবল চেষ্টা। পরে অবশ্য একাধিক গণমাধ্যম তাঁর সম্পর্কে এরকম খবরকে ভ্রান্ত বলে ব্যাখ্যাও করেছে। 

এই লেখার উদ্দেশ্য, একজন সফল বিপ্লবী হিসেবে ফিদেল এই সমাজব্যবস্থায় মহিলাদের বিষয়কে কেমন দৃষ্টিভঙ্গিতে দেখতেন। সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি কোন নীতি অনুসরণ করেছিলেন Woman Empowerment-এর জন্য, তা খুঁজে দেখবো আমরা। 

বিপ্লবের আগে কিউবায় নারীদের অবস্থা ছিল ভয়াবহ। শিক্ষা, কাজ সহ সমস্ত দিক থেকে তাঁরা ছিলেন সবচেয়ে বেশি শোষিত অংশ। গ্রামে বসবাসকারী মহিলাদের মধ্যে নিরক্ষরতা, কর্মসংস্থানের অভাব এবং সার্বিক ভাবে দারিদ্র্য ছিল প্রবল। কিন্তু, বিপ্লব-পরবর্তী কিউবায় ফিদেল নারী উন্নয়নকে কেবল সমাজ সংস্কারের ধারণা হিসেবে দেখেননি। বরং সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের অপরিহার্য অঙ্গ হিসেবে দেখেছিলেন। 

বিপ্লবের এক বছরের মাথায় ১৯৬০ সালের ২৩ অগাস্ট প্রতিষ্ঠিত হয় Federación de Mujeres Cubanas (FMC),অর্থাৎ Federation of Cuban Women। 

এই প্রশ্নে ঐতিহাসিক ভূমিকা পালন করেন কিউবা বিপ্লবে ফিদেল-চে’র অন্যতম সহযোগী কমরেড ভিলমা এস্পিন। বিপ্লবের সময় মহিলা কমরেডদের নিয়ে বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়েছিল, যাঁরা সরাসরি বাতিস্তার উল্টোদিকে অস্ত্র সহ দাঁড়িয়েছিলেন। সেই বিপ্লবী গোষ্ঠীগুলিকেই একসাথে নিয়ে এই সংগঠন তৈরি হয়। 

প্রথম থেকেই এই সংগঠনের কাজের জায়গা ছিল মূলত চারটি। অর্থনৈতিক স্বনির্ভরতা, সামাজিক এবং পারিবারিক চেতনার বিকাশ, বিচার ব্যবস্থা সহ প্রশাসনিক ক্ষেত্রে সমতা, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য লাগাতার লড়াই। 

বিপ্লবের আগে অনুন্নত পিছিয়ে থাকা ব্যবস্থায় মহিলাদের একমাত্র কাজ ছিল গৃহস্থের। পরবর্তী কালে কৃষি, শিল্প, স্বাস্থ্য ও প্রশাসনে মহিলাদের কর্মসংস্থানের বৃদ্ধি ঘটে। দক্ষতা বৃদ্ধির জন্য চালু হয় ট্রেনিং সেন্টার। যেখানে কারিগরি এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ সহ সার্বিক পেশাগত প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। আজ আমরা এই উপমহাদেশে যখন শ্রমিক আন্দোলনে সম কাজে, সম বেতনের দাবি করি; কিউবা সেই সময় সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়ে চালু করে সম কাজে, সম বেতনের ব্যবস্থা। এর ফলে আর্থিক বৈষম্য যেমন কমে, তেমনই অর্থনৈতিক ও সামাজিক ভাবে মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি পায়। 

১৯৬১ সাল থেকে চালু হয় জাতীয় স্বাক্ষরতা অভিযান। এক্ষেত্রে মহিলাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ দরিদ্র মহিলাদের এই প্রশ্নে আরও বেশি করে সংযুক্ত করা হয়। শহরের শিক্ষিত মহিলা স্বেচ্ছাসেবকদের গ্রামে পাঠানো হয়। তাঁরা সেখানে গ্রামীণ দরিদ্র মহিলাদের স্বাক্ষরতা অভিযানে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর ফলে আরেকটি সাফল্যও আসে। যাঁরা এতকাল শুধুমাত্র ঘরের ঘেরাটোপে থাকতে বাধ্য হতেন তাঁরা নিজের দেশ, সমাজ বাস্তবতা চাক্ষুস করলেন। স্বনির্ভর হয়ে ওঠার বিরাট অভিজ্ঞতা সঞ্চয় করলেন। সার্বিকভাবে শিক্ষাকে সামাজিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হল। এর ফলে বহু নারী প্রথমবারের মত শিক্ষার সুযোগ পান। সাথে সাথেই রাজনৈতিক আলোচনা এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ে মহিলাদের। 

তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, যে সমস্ত মহিলা বাইরের কাজের সাথে যুক্ত হন, তাঁদের বাড়ির কাজও সমান তালে চালিয়ে যেতে হত। সাথে ছিল সন্তানকে বড়ো করার দায়িত্ব। ফলত কাজের চাপ বহুগুণ বেড়ে যায়। ফিদেলের নেতৃত্বে বিপ্লবী সরকার এই সীমাবদ্ধতাকে খেয়াল করেছিলেন। স্বীকার করেছিলেন এই সীমাবদ্ধতাকে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র হিসেবে কিউবার উপলব্ধি ছিল, এই সমস্যা কেবল মহিলাদের ব্যক্তিগত পারিবারিক সমস্যা নয়। বরং অনেক বেশি করে সামাজিক। উপলব্ধির মধ্যে আসে, সন্তানকে বড় করা, পারিবারিক কাজকর্মে কেবলমাত্র মহিলারা সীমাবদ্ধ হয়ে গেলে, তাঁদের সার্বিক উন্নয়ন থমকে যাবে। 

তাই এই সমস্যার সমাধানে রাষ্ট্রের উদ্যোগেই ১৯৬১ সালে শুরু হয় CírculosInfantiles অর্থাৎ শিশু পরিচর্যা কেন্দ্র, যাকে আমরা ক্রেস বলে জানি। এই কেন্দ্রগুলির মূল উদ্দেশ্য হল কর্মস্থলের সাথে যুক্ত মায়েদের বাচ্চার খেয়াল রাখা, তাদের পরিচর্যা করা। এই বিরাট পরিকল্পনার মাধ্যমে ফিদেলের নেতৃত্বাধীন সরকার সমাজে বার্তা দিতে চেয়েছিলেন যে, মহিলারা কেবলমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র নয়। তাঁদের সন্তানের দায়িত্ব রাষ্ট্রের, যা সেই সময়ে লাতিন বিশ্বে দাঁড়িয়ে অভূতপূর্ব সিদ্ধান্ত। আমাদের কাছে আজও শিক্ষণীয় এই ভাবনা। 

এই অভিজ্ঞতা দেখায় যে গৃহস্থালীর কাজের দায়িত্ব কেবল মহিলাদের নয়। বরং দায়িত্বের ব্যাপ্তি আরও বড়, অনেক বেশি সামাজিক। 

কিউবার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সময় হল ১৯৭৫ সাল। এই বছরেই Family Code অর্থাৎ পরিবার সম্পর্কিত আইন চালুর প্রক্রিয়া শুরু হয়। এই আইন কেবল আইনসভায় বসে তৈরি হয়নি। ফিদেল বুঝেছিলেন আইন জনগণের জন্য। তার এক সামাজিক ব্যাপ্তি আছে। তাই এই আইন প্রণয়নের আগে সমাজের সমস্ত ক্ষেত্রে এই আইন নিয়ে আলোচনা হয়। সাধারণ মানুষকে যুক্ত করা হয় আলোচনায়। কিউবায় ১৯৭৬ সালের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমান অংশগ্রহণের নীতি স্বীকৃতি পায়।

সমাজের মধ্যে থাকা পিতৃতান্ত্রিক মনোভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানায় এই আইন। পুরুষ মহিলার সমানাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়েছিল। গৃহস্থালির কাজ, সন্তান প্রতিপালনকে যৌথ দায়িত্ব হিসেবে ঘোষণা করে এই আইন। 

আদতে এই আইনকে ফিদেল সমাজতান্ত্রিক বিপ্লবের গভীরতম স্তরে, সমাজ পরিবর্তনের সাথে যুক্ত করতে চেয়েছিলেন। আসলে বিপ্লবের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্কের পরিবর্তন হলেও, পিতৃতান্ত্রিক সম্পর্ক বজায় থাকলে সমাজ পরিবর্তন সম্ভব নয়। এই উপলব্ধিই ছিল আইনের মূল কেন্দ্র। 

কাজেই Family Code-কে কেবল পরিবার সম্পর্কিত আইন হিসেবে সীমাবদ্ধ রাখলে হবে না। বরং সমাজে লিঙ্গভিত্তিক শ্রমবিভাজন ধারণার পরিবর্তনের একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করতে হবে। 

কিউবার সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মহিলাদের আলাদা গুরুত্ব দেওয়া হয়েছিল। কর্মস্থলের সাথে যুক্ত মহিলাদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি এবং বিশেষ স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা চালু হয়। গর্ভপাতের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা এবং আইনগত পরিবর্তনও মহিলাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৬০-এর দশক থেকে গর্ভপাতের নিয়ন্ত্রণ শিথিল করার প্রক্রিয়া শুরু হয় এবং ১৯৭৯ সালে এটি আইনগতভাবে স্বীকৃত ও সরকারি স্বাস্থ্যব্যবস্থার আওতায় বিনামূল্যে পরিষেবা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 

ফিদেল কমিউনিস্ট হিসেবে মার্কস এঙ্গেলসের আলোচনা গভীর ভাবে অনুভব করেছিলেন। এঙ্গেলস বিশেষভাবে দেখিয়েছিলেন, নারীদের গৃহস্থালির শ্রম এবং উৎপাদন থেকে বিচ্ছিন্নতা তাঁদের সামাজিক ক্ষেত্রে অধস্তন করে তুলেছিল। তাই বিপ্লব পরবর্তী কিউবার নীতি প্রণয়নের ক্ষেত্রে এই চিন্তা বিশেষ ভাবে জায়গা করেছিল। 

ফিদেল তাঁর জীবনকে উৎসর্গ করেছিলেন বিপ্লবের জন্য। ১৯৭৯ সালে যখন তিনি আমেরিকা যাচ্ছেন UNO-র সাধারণ সভায় যোগ দিতে, তখন মাঝ আকাশে BBC-র সাংবাদিক তাঁর নিরাপত্তার কথা জিজ্ঞেস করেন। মুহূর্তের মধ্যে নিজের জামা খুলে দেখিয়ে বলে উঠেছিলেন, ‘I have a moral vest. It's strong. It has protected me always.’ নিজের উপর প্রবল আত্মবিশ্বাস এবং নিজের নীতি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে একজন বিপ্লবী এই কথা বলতে পারেন। 

তারও আগে ১৯৬৩ সালে ১৬ ই জানুয়ারি হাভানায় অনুষ্ঠিত Congress of Women of America-য় ভাষণ দেন। সেখানে বলেছিলেন,“Women, who constitute the essential part of the population of every country, occupy first place as exploited workers, as those who are discriminated against because they are women.” সেই বক্তৃতাতেই বলেন, “That is why it is logical to expect women to be revolutionists.” অর্থাৎ সমাজ বাস্তবতায় তিনি উপলব্ধি করেছিলেন লিঙ্গভিত্তিক বৈষম্যের কথা। একই সাথে বিপ্লবী হয়ে ওঠার জন্য উদ্বুদ্ধও করেন। 

সুতরাং এমন একজন সফল বিপ্লবীকে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের চাটুকার মিডিয়ার দ্বারা বিচার করব না। বিচার করব তাঁর সময়, তাঁর নীতি এবং তৎকালীন কিউবার ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে। সেটাই হবে বর্তমান বিশ্বে আমাদের এগোনোর পাথেয়। 


প্রকাশের তারিখ: ২৭-নভেম্বর-২০২৬

© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ আলিমুদ্দিন স্ট্রীট , কলকাতা ৭০০০১৬, +91 33 2217 6638, +91 70599 23957
marxbadipath.22@gmail.com
www.marxbadipath.org