|
ফিদেল— স্বপ্ন ও বীরগাথার কারিগররাউল কাস্ত্রো রুজ |
|
[কিউবার বিপ্লবের অন্যতম নেতা, জেনারেল রাউল কাস্ত্রো রুজ তাঁর অগ্রজ, নেতা ও সংগ্রামের সাথি ফিদেল কাস্ত্রোর রচনাবলির যে মুখবন্ধ লিখেছেন তা কিউবার কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্রানমা পত্রিকায় প্রকাশিত হয়েছে। ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে এই লেখাটি সংক্ষেপিত আকারে প্রকাশ করা হচ্ছে।] এই পঙ্ক্তিগুলো লেখার সময় আমার স্মৃতিতে এমনভাবে সবকিছু ফিরে এলো, যেন কোনও সময়ই পার হয়নি— সেই মানুষটির পাশে কাটানো প্রতিটি মুহূর্ত, যাকে আমি সবসময় আমার আদর্শ হিসেবে দেখে এসেছি এবং যিনি প্রতিটি যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে, নিজের দৃষ্টান্তের মাধ্যমে আমাদের জনগণের কাছে তাদের অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। এই ভূমিকাটি লিখতে পেরে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি, পাশাপাশি ফিদেলের চিন্তা, জীবন ও কাজ সম্পর্কিত কিছু পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করছি। তাঁর দেশবাসী এবং বিশ্বের বহু মানুষ তাঁকে কেবল ‘ফিদেল’ নামেই চেনে, কারণ তাঁর নামটাই তাঁকে চিহ্নিত করার জন্য যথেষ্ট। তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের শিক্ষক। তিনি যখন আমাকে রাজনৈতিক বিষয়ের ওপর প্রথম বইটি— ফ্রেডরিখ এঙ্গেলসের ‘দ্য অরিজিন অব দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট’ উপহার দিয়েছিলেন, সেই মুহূর্তটির কথা আমি কখনোই ভুলব না। এর পর তিনি অন্যান্য বই পড়ার পরামর্শ দেন, যা এযাবৎকাল আমার যা বোধগম্য ছিল না তা স্পষ্ট করে দিয়েছিল। শৈশবে আমরা সান্তিয়াগো দে কিউবার লা সালে স্কুলে একসঙ্গে সময় কাটিয়েছি। কয়েক বছর পর, যখন তিনি আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন, তখন তিনি আমাদের পিতামাতাকে পরামর্শ দেন যে, আমি যেন তাঁর সঙ্গে হাভানায় গিয়ে পড়াশোনা চালিয়ে যাই এবং বিশ্ববিদ্যালয়ে ভরতি হই। ১৯৫০-এর দশকের শুরুতে ফিদেল সাংবিধানিক উপায়ে দেশের করুণ পরিস্থিতির পরিবর্তন ঘটানোর আশায় হাভানার কায়ো হুয়েসো অঞ্চলের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন। এর কিছুদিন পরই, ১৯৫২ সালের ১০ মার্চের সামরিক অভ্যুত্থান তাঁকে বুঝিয়ে দেয় যে, এই লক্ষ্য অর্জনে কেবল একটি পথই অবশিষ্ট আছে: সশস্ত্র সংগ্রাম। এই লজ্জাজনক ঘটনার জবাবে তিনি হাভানা জরুরি আদালতে অসাংবিধানিকতার একটি প্রস্তাব পেশ করেন এবং সংবাদমাধ্যমে, বিশেষ করে তাঁর ‘বিপ্লব নয়, একটি অভ্যুত্থান’ নিবন্ধে, এই সামরিক অভ্যুত্থানের অপরাধমূলক চরিত্র প্রকাশ করেন, যা কিউবার জাতীয় পরিস্থিতিকে হিংসাত্মকভাবে সঙ্গীন করে তুলবে। কয়েক মাস পর, ১৯৫৩ সালের ২৮ জানুয়ারি, হোসে মার্তির জন্মশতবার্ষিকীতে শ্রমিক, কর্মচারী, ছাত্র এবং সাধারণ মানুষের এক বিশাল মিছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফ্রাগুয়া মার্তিয়ানা (মার্তির কামারশালা) পর্যন্ত পদযাত্রা করে। এভাবেই শুরু হয়েছিল ‘মশাল মিছিল’, এবং ফিদেল কাস্ত্রো ছিলেন এক হাজারেরও বেশি শৃঙ্খলাপরায়ণ ও উদ্যমী যুবকের নেতৃত্বে। একটি সামরিক অভিযানের আয়োজনের উদ্দেশে অর্থোডক্স যুবকদের একটি একক আন্দোলনে একত্রিত করার কাজ শুরু করার পর প্রায় এক বছর কেটে গিয়েছিল। সেই সময়ে ফিদেল বলেছিলেন: ‘বড়ো ইঞ্জিনটি চালু করার জন্য আমাদের একটি ছোটো ইঞ্জিন চালু করতে হবে।’ ছোটো ইঞ্জিনটি ছিল মনকাডা ব্যারাকে হামলা, এবং বড়ো ইঞ্জিনটি হতো সেখান থেকে সংগৃহীত অস্ত্র নিয়ে লড়াই করা জনগণ। আমি যেমনটি একবার বলেছিলাম, কার্ল মার্কস যদি বলে থাকেন যে, পারি কমিউনের নায়করা ‘স্বর্গ জয়ের জন্য তৈরি ছিলেন’, তবে পাখি শিকারের শটগানে সজ্জিত শ’খানেক যুবকের মনকাডা আক্রমণ সম্পর্কে বলা যেতে পারে যে তারা ‘অপ্রত্যাশিতভাবে স্বর্গ দখল করার চেষ্টা করেছিল।’ দুই মহৎ গুণের সমাবেশ ঘটেছিল তাঁর মধ্যে: অসাধারণ কৌশলগত বোধ এবং সামরিক ও রাজনৈতিক কৌশলী হিসেবে তাঁর দ্বৈত ভূমিকা। বাতিস্তার স্বৈরাচারী প্রশাসন ২৬ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর দমন-পীড়ন চালায়। আমরা যারা বেঁচে গিয়েছিলাম, সাংবিধানিক নিশ্চয়তাহীন এক বিচারের মাধ্যমে আমাদের দণ্ড দেওয়া হয়। এদিকে, ফিদেলকে সান্তিয়াগো দে কিউবার সাতুরনিনো লোরা হাসপাতালের একটি ছোটো ঘরে একা বিচার করা হয়েছিল। সেখানে তিনি আত্মপক্ষ সমর্থন করে কিউবার শাসনব্যবস্থার এক তীব্র সমালোচনা করেন। তাঁর আত্মপক্ষ সমর্থনের বক্তৃতা, ‘ইতিহাস আমাকে মুক্তি দেবে’, বিপ্লবের রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়। বিচারক ও সেনারা কল্পনাও করতে পারেনি যে, গোপন বিচারে এক বন্দির বলা কথাগুলো জনগণের কল্যাণে দেশের আইনে পরিণত হবে! বাইশ মাস পর, জনগণের চাপে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এবং স্বৈরাচারী বাতিস্তা সশস্ত্র সংগ্রাম ত্যাগ করার শর্তে আমাদের মুক্ত করার ইঙ্গিত দেয়। ফিদেল কারাগার থেকে ঘোষণা করেছিলেন: ‘আমরা আত্মমর্যাদার বিনিময়ে সাধারণ ক্ষমা চাই না।’ ১৯৫৫ সালের মে মাসে শর্তহীন ক্ষমা মঞ্জুর করা হলে ফিদেল জনগণের কাছে বিপ্লবী যুদ্ধ যে অনিবার্য তা প্রমাণ করার দিকে মনোনিবেশ করেন এবং গুপ্ত আন্দোলন সংগঠিত করার ভিত্তি স্থাপন করেন।এরপর মেক্সিকো হয়ে ওঠে আমাদের আশ্রয়স্থল। আমরা অস্থায়ী শিবিরে কঠোর নিয়মকানুনের মধ্যে বাস করতাম, যেখানে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি আমরা কিউবার বাস্তব অবস্থা এবং বিশ্ব সংস্কৃতির রচনাবলি অধ্যয়ন করতাম। ১৯৫৬ সালে আমরা ফিদেলের ‘স্বাধীন হব, নতুবা শহিদ হব’ আহ্বানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, ২ ডিসেম্বর ‘গ্রানমা’ ইয়াটে করে কিউবার উপকূলে পৌঁছাই। কয়েক দিন পর হয়রানি, অত্যাচার এবং আলেগ্রিয়া দে পিও-র বিপর্যয় সহ্য করার পর, আমরা সিয়েরা মায়েস্ত্রার পাদদেশের চিনকো পালমাস নামক স্থানে বিপ্লবের নেতার সঙ্গে আবার মিলিত হই। আমরা ছিলাম মাত্র সাতটি রাইফেলসহ আটজন যোদ্ধা, কিন্তু ফিদেল বিজয়ের প্রতি অটল বিশ্বাস রেখে ঘোষণা করেছিলেন: ‘এখন আমরা যুদ্ধে জিতব!’ একজন বিপ্লবী নেতা হিসেবে তাঁর মেধা সেই ক্লান্ত দলটিকে বিজয়ী বিদ্রোহী সেনাবাহিনীতে রূপান্তরিত করতে নির্ণায়ক ভূমিকা পালন করেছিল। আমি তাঁর নির্ভীকতা এবং শত্রুর পরিকল্পনা আগে থেকেই বুঝতে পারার ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছিলাম। নতুন গেরিলা ফ্রন্ট তৈরি করা এবং দ্বীপটির মধ্য ও পশ্চিমাঞ্চল আক্রমণ করার দুঃসাহসিক ধারণা তিনি ১৯৫৭ সালের ডিসেম্বরে ব্যালকন দে লা হাবানিতা নামক স্থানে আমার কাছে ব্যক্ত করেছিলেন। তিনি যেন ভবিষ্যদ্বাণী করার ক্ষমতার অধিকারী ছিলেন; তাঁর বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা তাঁকে ঘটনাপ্রবাহ আগে থেকেই বুঝতে সাহায্য করত। একইভাবে, তাঁর সংবেদনশীলতা ও মানবতাবাদ আমার এবং বাকি যোদ্ধাদের জন্য উদাহরণ ছিল। জনগণের হত্যাকারীদের নৃশংসতায় একটি প্রাণ ঝরে পড়ার চেয়ে বেশি কষ্ট তাঁকে আর কিছুই দিত না। প্রতিটি শহিদ সহযোদ্ধার মৃত্যু তাঁর জন্য এক বিশাল আঘাত ছিল; ফ্রাঙ্ক পাইস গার্সিয়ার নির্মম হত্যাকাণ্ডের কথা শুনে তিনি চিৎকার করে উঠেছিলেন, ‘কী দানব এরা! ওরা জানে না কোন বুদ্ধিমত্তা, চারিত্রিক গুণাবলি ও সততাকে তারা হত্যা করেছে!’ ফিদেলের মধ্যে সামরিক নেতা এবং রাজনৈতিক নেতার বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছিল, যা আমাদের সবার ওপর গভীর ছাপ ফেলেছিল: জনগণের স্বার্থের সঙ্গে পূর্ণ একাত্মতা; গভীর সামরিক জ্ঞান; উচ্চমানের সংস্কৃতি যা কেবল উচ্চ পেশাদারি প্রস্তুতির ফসল নয়, বরং তাঁর রাজনৈতিক, সামরিক ও আদর্শগত দিক থেকেও সমৃদ্ধ; ব্যবহারে নম্রতা ও সরলতা; সুনির্দিষ্টভাবে নিজের ধারণা প্রকাশ করার ক্ষমতা এবং এমন আবেগের সঙ্গে তা ছড়িয়ে দেওয়ার দক্ষতা যা শুনে সবাই তা নিজেদের করে নিত। বিদ্রোহী সেনাবাহিনীর বিজয়ী অভিযানের ব্যাখ্যা তাঁর কমান্ডার-ইন-চিফের ভূমিকা উল্লেখ না করে দেওয়া অসম্ভব। স্বৈরাচারী বাতিস্তার গ্রীষ্মকালীন আক্রমণের বিরুদ্ধে সামরিক জয় কিউবার এবং হয়তো বিশ্ব সামরিক ইতিহাসেও নজিরবিহীন। একটি ছোটো, অপেশাদার সেনাবাহিনী, যার কাছে অপ্রতুল ও নিম্নমানের অস্ত্র ছিল, কার্যত বেঁচে থাকার সম্ভাবনা ছিল না, তারা সংখ্যায়, অস্ত্রে এবং অন্যান্য সম্পদে ৩০ থেকে ৫০ গুণ শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছিল। সেই নির্ণায়ক বিজয়ের মূল উপাদান ছিল ফিদেলের বিজ্ঞ নেতৃত্ব এবং সেই বিশ্বাস যে মানুষের মতাদর্শই চূড়ান্ত নৈতিক শক্তি। ১৯৫৩ সালের জুলাইয়ের সেই সকালে নয়, বরং পাঁচ বছর পাঁচ মাস এবং পাঁচ দিন পর, ১৯৫৯ সালের ১ জানুয়ারি আমরা স্বর্গ জয় করা শুরু করেছিলাম, যার অর্থ একজন বিপ্লবীর কাছে জনগণের অগ্রগতি, কল্যাণ ও সুখ। মনকাডা বিচারের আত্মপক্ষ সমর্থন থেকেই ফিদেল স্পষ্ট করেছিলেন যে, বিপ্লবের জন্ম কেবল জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই হয়েছে। এটা বিশেষভাবে উল্লেখ করা দরকার যে, বিপ্লবী সরকার দৃঢ়ভাবে এবং চূড়ান্তভাবে জাতীয় সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিল, যা ১৮৯৮ সাল থেকে মার্কিন হস্তক্ষেপের কারণে হারিয়ে গিয়েছিল। এই সরকার দ্রুত জনগণের কল্যাণে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে ছিল ভাড়া এবং টেলিফোন ও বিদ্যুতের মাশুল কমানো, আবাসন ও সঞ্চয় সংক্রান্ত পরিকল্পনা এবং সর্বোপরি ভূমি সংস্কার আইন, যা বড়ো জমিদারি প্রথা বিলুপ্ত করে যারা জমি চাষ করত তাদের মধ্যে তা বণ্টন করে দেয়। এই পদক্ষেপগুলি, বিদেশি সংস্থাগুলির জাতীয়করণের সঙ্গে সঙ্গে, ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবকে একটি নির্ণায়ক ঐতিহাসিক প্রক্রিয়ায় তার সমাজতান্ত্রিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল। মনকাডা কর্মসূচির বাস্তবায়ন করার স্বার্থে, হাভানার প্রথম ঘোষণাপত্রে বিপ্লবী প্রক্রিয়ার উদ্দেশ্যগুলির রূপরেখা দেওয়া হয়েছিল। আমাদের দেশ থেকে মানুষের দ্বারা মানুষের শোষণ নির্বাসিত করা হয়েছিল, শ্রম ও সম্মিলিত অবদানের ওপর ভিত্তি করে একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের পথ তৈরি হয়েছিল। সাধারণ মানুষের দ্বারা, সাধারণ মানুষের জন্য বিপ্লব ফল দিতে শুরু করেছিল। ১৯৬১ সালের এপ্রিলে যখন কমান্ডার-ইন-চিফ এই বিপ্লবের সমাজতান্ত্রিক চরিত্র ঘোষণা করেন, তখন তিনি কেবল একটি বিদ্যমান বাস্তবতার নামকরণ করেছিলেন। পরবর্তী দিনগুলোতে, বে অব পিগসে তাঁর ব্যক্তিগত নেতৃত্বে, সাধারণ মানুষ, বিদ্রোহী সেনাবাহিনীর যোদ্ধা, জাতীয় বিপ্লবী পুলিশ এবং উদীয়মান মিলিশিয়া বাহিনীর কাছে লাতিন আমেরিকায় ইয়াংকি সাম্রাজ্যবাদ প্রথম বড়ো সামরিক পরাজয় স্বীকার করে; একই বছর কিউবাকে নিরক্ষরতামুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, কমান্ডার-ইন-চিফের ডাকে সাড়া দিয়ে আমাদের যুবসমাজ এই সাফল্য অর্জন করেছিল। পরের বছর আমরা ক্ষেপণাস্ত্র সংকটের মুখোমুখি হই, যেখানে ফিদেল বিপ্লবের নীতি রক্ষায় তাঁর রাষ্ট্রনায়কোচিত দক্ষতার পূর্ণ পরিচয় দেন। এর কিছুদিন পর, ১৯৬৫ সালে, বিপ্লবী ঐক্য সুসংহত করার পথে, কিউবার কমিউনিস্ট পার্টির প্রথম কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। বিপ্লবের নেতা, তাঁর যোগ্যতার জন্য প্রথম সম্পাদক নির্বাচিত হয়ে ঘোষণা করেন যে, আমাদের এখন একটি একক, প্রকৃত এবং বৈজ্ঞানিক আদর্শের দল রয়েছে, যা হোসে মার্তির ‘পার্টি অফ ইন্ডেপেন্ডেন্স’- এর উত্তরাধিকারী। সেই রাতে তিনি বীর গেরিলা যোদ্ধা চে গেভারা-র অবিস্মরণীয় বিদায়ী চিঠি আমাদের পড়ে শুনিয়েছিলেন। চে ফিদেল এবং আমাদের সকলের কাছে সর্বোচ্চ মানবিক মূল্যবোধের প্রতীক, এক অসাধারণ দৃষ্টান্ত এবং আদর্শ বিপ্লবী ছিলেন। কমান্ডার-ইন-চিফ তাঁর জীবন উৎসর্গ করেছিলেন সংহতি ও আন্তর্জাতিকতাবাদের জন্য, উপনিবেশবাদ বিরোধী, বর্ণবাদ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জন্য, জনগণের মুক্তি ও মর্যাদার জন্য। তাঁর উদাহরণ অনুসরণ করে, মার্কসবাদ-লেলিনবাদ এবং সর্বহারা আন্তর্জাতিকতাবাদের প্রতি আমাদের আনুগত্য অটুট থাকবে। ইতিহাসে হয়তো এমন আর কোনও উদাহরণ নেই, যেখানে একটি বিপ্লবের নেতৃত্ব জনগণের কাছ থেকে এমন বিপুল সমর্থন, আস্থা এবং সচেতন উৎসাহ পেয়েছে, যা আমাদের জনগণ তাদের বিপ্লব, তাদের নেতা এবং বিশেষ করে তাদের প্রিয় ও অবিসংবাদিত নেতা ফিদেলকে দিয়েছিল। ১৯৮৯ সালে তিনি দূরদর্শিতার সঙ্গে আমাদের সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক শিবিরের পতনের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিলেন এবং বিশ্বকে আশ্বস্ত করেছিলেন যে, এমন পরিস্থিতি দেখা দিলেও কিউবা এবং কিউবার বিপ্লব সমাজতন্ত্রের পতাকাকে রক্ষা করে যাবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে যখন অনেকে কিউবার বিপ্লবের পতনের ওপর বাজি ধরছিল, তখন তাঁর নেতৃত্ব এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে আমাদের দেশ, ওই বিশেষ পর্বে কঠিন পরিস্থিতিতে, অর্জিত মৌলিক সাফল্যগুলো বজায় রেখেছিল। এক দশক পর, শত্রুর নির্মম আক্রমণের মুখে, তিনি একটি কৌশলগত পালটা আক্রমণ শুরু করেন। তিনি দু’টি মহৎ গুণের অধিকারী ছিলেন: তাঁর অসাধারণ কৌশলগত চিন্তা এবং সামরিক ও রাজনৈতিক কৌশলী হিসেবে তাঁর দ্বৈত ভূমিকা। তিনি মার্তির সেই নীতি অনুসরণ করেন যে, ‘পাথরের পরিখার চেয়ে চিন্তার পরিখা বেশি মূল্যবান’। একে অনুসরণ করে ফিদেল ‘জনগণের যুদ্ধ’ সম্পর্কে আমাদের কৌশলগত ধারণাকে নিখুঁত করেছিলেন, যা প্রতিরক্ষার জন্য দেশকে প্রস্তুত করতে অপরিহার্য ছিল এবং এটি করতে গিয়ে তিনি কিউবান সামরিক শিল্পে অভূতপূর্ব অবদান রেখেছিলেন। একইভাবে, শিশু এলিয়ান এবং ‘কিউবান ফাইভ’-এর প্রত্যাবর্তনের জন্য তিনি যে লড়াইয়ের ডাক দিয়েছিলেন— এই নিশ্চিত আশা নিয়ে তারা মাতৃভূমিতে ফিরে আসবে— তা একজন রাজনৈতিক কৌশলী হিসেবে তাঁর শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। ফিদেল আমাদের শিখিয়েছিলেন যে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সত্যিই অগ্রগতি সম্ভব; ছয় দশকেরও বেশি সময় ধরে মার্কিন সরকার আরোপিত গণহত্যামূলক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধ সত্ত্বেও আমরা তা অর্জন করতে পেরেছি। কিউবার মাটিতে এবং মহান আন্তর্জাতিকতাবাদী লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে, তিনি আমাদের মধ্যে বিজয়ের ব্যাপারে অটল বিশ্বাস ও আস্থা জাগিয়ে তুলেছিলেন। সীমিত সম্পদের ব্যবহারে তিনি পারদর্শী ছিলেন, সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক মানুষকে কীভাবে বসাতে হয় তা জানতেন এবং ছোটো দিয়ে বড়োকে, দুর্বল দিয়ে শক্তিশালীকে এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে মোকাবিলা করতে শিখিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর বিষয়ে , সম্মান ও নীতির ওপর ভিত্তি করে সংলাপ ও সহযোগিতায় লিপ্ত হওয়ার সক্ষমতা তিনি প্রদর্শন করেছেন। একজন কট্টর সাম্রাজ্যবাদ-বিরোধী হওয়া সত্ত্বেও তিনি আমেরিকার জনগণের গুণাবলি স্বীকার করতে এবং কঠিন সময়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে পিছপা হননি। আন্তর্জাতিক ফোরামে তৃতীয় বিশ্বের মানুষের পক্ষে তিনি সরব হয়েছেন, শান্তি ও উন্নয়নের অধিকারের পক্ষে কথা বলেছেন, সাম্রাজ্যবাদ ও অস্ত্র প্রতিযোগিতার নিন্দা করেছেন এবং বৈদেশিক ঋণ পরিশোধের অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক অসম্ভাব্যতা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জোটনিরপেক্ষ আন্দোলনকে শক্তিশালী করতে সমমনস্ক শক্তিগুলির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের বিপদের সম্মুখীন বিভিন্ন সংঘাত নিরসন করার জন্য একে কার্যকরী মধ্যস্থতাকারীতে রূপান্তরিত করেছিলেন। একই প্রেক্ষাপটে, তিনি সতর্ক করেছিলেন যে, পরিবেশ সুরক্ষায় বিলম্ব মানুষের টিকে থাকার ওপর কী ক্ষতিকর প্রভাব ফেলবে। বৈষয়িক সম্পদহীন একজন বিপ্লবী ও মানবতাবাদী হিসেবে তিনি দৃষ্টান্ত তৈরি করে বিশ্বায়িত ও দৈনন্দিন উভয় সমস্যার সমাধান করেছিলেন। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও চিকিৎসা সেবা দিতে তিনি নিজের রক্ত দিতে দ্বিধা করেননি। তিনি আমাদের সংহতির প্রকৃত অর্থ শিখিয়েছিলেন: আমাদের যা অতিরিক্ত আছে তা নয়, বরং আমাদের যা অল্প আছে তা ভাগ করে নেওয়া। তিনি লাতিন আমেরিকান ও ক্যারিবীয় ঐক্য এবং সমস্ত মানুষের মধ্যে সমতার নীতিকে উৎসাহিত করেছিলেন। এই প্রচেষ্টায় শাভেজ ছিলেন তাঁর সহযোদ্ধা। অল্প বয়স থেকেই তিনি তাঁর মধ্যে একজন নেতাকে দেখেছিলেন এবং তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন, এমনকী যখন অনেকে তাঁকে চিনতও না। একসঙ্গে তাঁরা তাঁদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। এমনকী তাঁর স্বাস্থ্যের চরম অবনতির সময়েও, প্রতিটি সমস্যা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে তিনি তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে গিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা তাঁকে এক ‘আদর্শের সৈনিক’, একজন গবেষক এবং মানব ও প্রাণীর খাদ্যের টেকসই উৎসের প্রসারক হিসেবে দেখেছি। ফিদেল তো ফিদেলই। মার্তির এই নীতির প্রতি অনুগত থেকে যে— ‘বিশ্বের সমস্ত গৌরব একটি শস্যদানায় এঁটে যায়’, তিনি জোর দিয়ে বলেছিলেন যে, তাঁর স্মৃতিকে কোনওভাবেই ব্যক্তিপূজা হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। তাঁর আদর্শ ও কাজের প্রতি সর্বোত্তম শ্রদ্ধাঞ্জলি হলো— পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তাঁর দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে কাজ চালিয়ে যাওয়া। তিনি তরুণদের প্রতি আস্থাশীল ছিলেন এবং একথা বিশ্বাস করতেন যে, কিউবান কমিউনিস্টদের আদর্শ স্থায়ী হবে । তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গিয়েছেন এমন এক উত্তরাধিকার, যা ব্যক্তিগত দৃষ্টান্ত এবং অসম্ভবকে অর্জন করার অটল ইচ্ছার ওপর প্রতিষ্ঠিত। তাঁর উত্তরাধিকার আমাদের শক্তিশালী করে, আমাদের ঐক্যবদ্ধ করে এবং বিপ্লবকে ধ্বংস করার চেষ্টার বিরুদ্ধে এক দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তোলে। আমি একবার বলেছিলাম যে, ফিদেলের স্থায়ী শিক্ষা হলো— যদি মানুষের জেতার ইচ্ছে নিয়ে কোনও দ্বিধা না থাকে, যদি প্রতিটি পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং যদি ন্যায়সংগত ও মহৎ নীতি ত্যাগ না করা হয়, তবে মানুষ কঠিনতম পরিস্থিতিও অতিক্রম করতে সক্ষম। জাতীয় পরিষদের সদস্যদের সামনে, আমি চে গেভারার যথার্থ উক্তিটি পুনরায় উল্লেখ করেছিলাম: ‘আজ আমরা যদি এখানে থাকি এবং কিউবান বিপ্লব যদি এখানে থাকে, তবে তা সম্ভব হয়েছে কেবল এই কারণে যে, ফিদেল মনকাডা ব্যারাকে প্রথম প্রবেশ করেছিলেন, কারণ তিনি গ্রানমা থেকে প্রথম অবতরণ করেছিলেন, কারণ সিয়েরা মায়েস্ত্রা পাহাড়ে তিনিই প্রথম ছিলেন, কারণ বে অব পিগসে তিনি ট্যাঙ্কে করে গিয়েছিলেন, কারণ যখন বন্যা হয়েছিল তখন তিনি সেখানে গিয়েছিলেন এবং এমনকী তাঁকে যেতে দেওয়া হচ্ছিল না বলে লড়াই হয়েছিল। তাই আমাদের জনগণ তাদের কমান্ডার-ইন-চিফের ওপর এত অপরিসীম আস্থা রাখে, কারণ কিউবায় তাঁর মতো আর কারও সেই নৈতিক কর্তৃত্ব নেই যিনি বিপ্লবের নামে যেকোনও ত্যাগ স্বীকারের কথা বলতে পারেন।’ ফিদেলের ভাই হওয়া আমার জন্য কেবল সম্মানের নয়, একটি সুযোগও বটে। আমি একজন কমিউনিস্ট কারণ, তিনি আমাকে শিখিয়েছেন। খুব অল্প বয়স থেকেই আমি এই সুন্দর সৃষ্টি অর্থাৎ কিউবার বিপ্লব গড়ার কাজে তাঁর সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই চিন্তাগুলিতে মগ্ন হওয়ায় ফিদেলের বহুমুখী ব্যক্তিত্ব প্রকাশ করে এমন ঘটনাগুলো আমার মনে ভেসে উঠেছে। যেহেতু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলি মূল্যবান, আমি কয়েক লাইনে সেগুলোর সারসংক্ষেপ করার চেষ্টা করব। এমনকী একথা জেনেও যে, তিনি এখনো শারীরিকভাবে আমাদের মাঝে থাকলে তা তাঁর প্রবাদতুল্য নম্রতাকে আঘাত করত। তিনি ছিলেন মার্তির সেরা শিষ্য; তাঁর সংগ্রাম ও বিশ্বাসের চিন্তায় প্রভাবিত হয়ে, তিনি গুরুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন। পশ্চিম গোলার্ধে তিনি প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এবং তা করতে গিয়ে একটি মার্কসবাদী-লেনিনবাদী পার্টি, কিউবার কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন— যার নীতিগুলি সমাজতন্ত্র নির্মাণের ছয় দশকেরও বেশি সময় ধরে পরীক্ষিত হয়েছে। পার্টি সম্পর্কে যে ধারণাগত অবদান তিনি রেখেছিলেন, তা কিউবাতে পার্টির ক্রিয়াকলাপ এবং সমাজে তাঁর নেতৃত্বদানকারী ভূমিকা নিশ্চিত করেছে। ২০০৬ সালের ১৪ জুন আমি যা বলেছিলাম তারই পুনরাবৃত্তি করছি: ‘কিউবান বিপ্লবের কেবল একজনই কমান্ডার-ইন-চিফ আছেন, এবং কেবল কমিউনিস্ট পার্টিই সেই প্রতিষ্ঠান যা বিপ্লবের অগ্রগামী বাহিনীকে একত্রিত করে এবং যা সবসময় কিউবানদের ঐক্যের নিশ্চিত গ্যারান্টি। এই পার্টিই তাদের নেতার প্রতি জনগণের রাখা আস্থার যোগ্য উত্তরাধিকারী হতে পারে। আমরা এর জন্যই কাজ করছি এবং ভবিষ্যতেও তেমনই হবে; এছাড়া অন্য কোনও কিছু বিশুদ্ধ কল্পনা মাত্র।’ যেখানেই কোনও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার প্রয়োজন হয়েছে, কোনও ন্যায়সংগত কারণের পক্ষে দাঁড়ানোর প্রয়োজন হয়েছে, ফিদেল সেখানে ছিলেন। সাহস, ত্যাগ এবং দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে তাঁর কর্তৃত্ব ফুটে উঠেছে এবং বৃদ্ধি পেয়েছে। ১৯৫৯ সালে আমি বলেছিলাম: ‘ফিদেল সেখানেই আছেন যেখানে কাজ হচ্ছে , যেখানে একজন কিউবান সততার সঙ্গে কাজ করছে, যেখানে একজন কিউবান ভালো কাজ করছে। যেখানেই একজন কিউবান বিপ্লবকে রক্ষা করছে, সেখানেই আছেন ফিদেল।’ নিজের নীতির প্রতি অনুগত থেকে, ফিদেল তাঁর লক্ষ্য অর্জনে কোনও চেষ্টা বা ত্যাগ বাকি রাখেননি। চরম সততার সঙ্গে তিনি স্বীকার করেছিলেন: ‘আমি অধৈর্যদের দলের। আমি সেই দ্রুতগামীদের দলের, যারা সবসময় কাজ শেষ করতে সচেষ্ট এবং যারা প্রায়ই সম্ভবের চেয়ে বেশি করার চেষ্টা করে।’ তিনি ছিলেন সেই প্রজন্মের একজন মেন্টর, যারা তাঁকে শ্রদ্ধা করত এবং অনুসরণ করত। কিউবান বিপ্লবীদের প্রতি আহ্বান: তাঁর মতো হতে হবে, তাঁর গুণাবলি ও দৃষ্টান্ত অনুকরণ করার চেষ্টা করতে হবে এবং আমরা যে সমাজ গড়ে তুলছি তার যোগ্য সৃষ্টিকর্তা হতে হবে। ক্যাডারদের জন্য, ফিদেল হলেন একজন নেতার সর্বোচ্চ উদাহরণ, তাঁর গুণাবলি, তাঁর শৈলী এবং তাঁর কাজের পদ্ধতির জন্য, যা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগকে জ্ঞান, গবেষণা, অধ্যয়ন এবং নেতৃত্বের প্রাথমিক উৎস করে তুলেছিল। যখন আমরা কোনও বিষয়ে সন্দিহান বা আমাদের পরামর্শ প্রয়োজন, তখন আমরা একটি যথার্থ উত্তর পাওয়ার নিশ্চয়তা নিয়ে তাঁর দিকে ফিরে তাকাই। বিপ্লবের যে ধারণা তিনি আমাদের দিয়ে গিয়েছেন, এবং যার কাছে আমরা শপথ নিয়েছি, তা একদিকে বিপ্লবের ধ্রুপদি সংজ্ঞাকে সমৃদ্ধ করেছে এবং অন্যদিকে এক জটিল সময়ে মূল্যবান অবদান হয়ে উঠেছে, গোঁড়ামির বিরুদ্ধে এক অস্ত্র এবং আমাদের প্রতিটি যুদ্ধের জন্য এক দিকনির্দেশিকা হয়ে উঠেছে। আমাদের সবথেকে বড়ো দায়বদ্ধতা হলো— তাঁর নীতিগুলোকে বাস্তবে রূপ দেওয়া! তাঁর জীবনজুড়ে ফিদেল সেই গুণাবলিকে মূর্ত করেছিলেন, যা একজন সামরিক প্রতিভাধর ব্যক্তির মধ্যে দেখা যায়: ইতিহাস অধ্যয়ন এবং স্বাধীনতা যুদ্ধের অভিজ্ঞতা, জাতীয় মুক্তির সংগ্রাম ও যুদ্ধ, জাতীয় প্রতিরক্ষা তত্ত্ব এবং আমাদের দ্বীপ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কিউবান আন্তর্জাতিকতাবাদী সৈন্যদের বিজয়ী নেতৃত্ব। সংগ্রামের বিভিন্ন স্তরে সমরবিদ্যায় তাঁর অবদানগুলো অধ্যয়ন করা এবং পরিস্থিতি অনুযায়ী তা প্রয়োগ করা দরকার। স্বপ্ন ও বীরগাথার কারিগর, তিনি তাঁর শ্রদ্ধেয় চরিত্র ডন কিহোতে-র মতো নতুনভাবে শক্তিসঞ্চয় করে ও মহানুভবতা নিয়ে বিভিন্ন ‘হাওয়াকলে’র বিরুদ্ধে লড়াই করেছিলেন। ইতিহাস তাঁকে স্বীকৃতি দিয়েছে এবং তাঁর কাজের তাৎপর্যের জন্য স্বীকৃতি দিয়ে যাবে। ফিদেল অসাধারণভাবে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারতেন, তাঁর বক্তৃতা হতো গভীর এবং প্রাণবন্ত যা সাধারণ মানুষকে মন্ত্রমুগ্ধ করত। ফিদেল, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার শিক্ষা ও দৃষ্টান্ত স্থাপনের জন্য। তোমার সঙ্গে, আমরা পুনরায় তোমার দেওয়া প্রতিশ্রুতি পালন করবার শপথ নিচ্ছি: মাতৃভূমি অথবা মৃত্যু! আমরা জয়ী হবই! সর্বদা এগিয়ে চলো বিজয়ের দিকে!
ঋণ: দেশহিতৈষী, শারদ সংখ্যা ২০২৬ প্রকাশের তারিখ: ২৫-নভেম্বর-২০২৬ |
© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত |