|
হাতে করে মলমূত্র সাফাই যে বেআইনি, তা জানতামই নাঅম্রুথা কসুরু |
নিজের হাতে যাঁরা মলমূত্র-বর্জ্য পরিষ্কার করেন, তেলেঙ্গানায় তাঁদের ‘পাকি’ (মেথর) বলা হয় — যেটি আদতে একটি গালাগাল। সামাজিক কলঙ্কের ভয়েই বোধহয় বীরা স্বামী তাঁর পেশার কথা স্ত্রীকে জানতে দেননি। তাঁর স্ত্রী বোঙ্গু ভাগ্যলক্ষ্মীর কথায়, “ও যে মেথরের কাজ করে সংসার চালায়, সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। একটিবারের জন্যও আমার সঙ্গে আলোচনা করেনি সে।” সাত বছরের দাম্পত্য তাঁর বীরা স্বামীর সঙ্গে, আজও তাঁর কণ্ঠে ঝরে পড়ে বরের প্রতি ভালোবাসা: “সবসময় ওর উপর নির্ভর করে থাকতাম।” |
২০১৬ সালে হায়দ্রাবাদে হাতে করে বর্জ্য সাফ করতে গিয়ে মারা যান কোটাইয়া ও বীরা স্বামী। এই প্রথা যে আইনত অপরাধ, সেটা তাঁরা জানেন না, ওদিকে ক্ষতিপূরণ না পেয়ে পাহাড় প্রমাণ ঋণের ভারে তলিয়ে যাচ্ছে দুটি পরিবার নির্মাণক্ষেত্রে দিনমজুরিরও চেষ্টা করে দেখেছিলেন কোটাইয়া। মাঙ্গাম্মার কথায়: “প্রতিবারই দেখতাম ইমারতির জায়গাগুলো বাড়ি থেকে এত দূরে যে গাঁটের কড়ি না খসিয়ে সেখানে যেতে পারত না সে, তাই ও ভেবেছিল যে হাতে করে সাফসাফাইয়ের কাজই ভালো, আর কিছু না হলেও ঘর ছেড়ে দূরদূর পাড়ি দিতে হয় না।” তাঁর আন্দাজ, ফি সপ্তাহে অন্তত বার তিনেক তো এই কাজটা করতেনই তাঁর স্বামী। দিন গেলে ২৫০ টাকা আসত হাতে। মে, ২০১৬ সালের সেই সকালটার কথা মনে পড়ে মাঙ্গাম্মার, সকাল ১১টা নাগাদ রওনা দিয়েছিলেন কোটাইয়া। স্ত্রীকে বলে গিয়েছিলেন, নর্দমা পরিষ্কার করতে যাচ্ছেন, তাই মাঙ্গাম্মা যেন বাড়ির বাইরে একবালতি পানি রেখে দেন, সাফসুতরো হয়ে তবেই ঘরের চৌকাঠ ডিঙোবেন। “আমার স্বামী সাফাই কর্মীকুলু [পৌর সাফাই কর্মী] ছিল না। চাট্টি টাকাপয়সার প্রয়োজন, তাই ওসব কাজ করত মানুষটা,” বলে উঠলেন মাঙ্গাম্মা। এমনই এক সাফাইমজুর ছিলেন কোটাইয়ার সহকর্মী ও বন্ধু বোঙ্গু বীরা স্বামী। কোনওরকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই নর্দমায় নেমে কয়েক মিনিটের মধ্যেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন। পাশেই কাজ করছিলেন কোটাইয়া, সঙ্গীর এ হেন অবস্থা দেখে আর থাকতে না পেরে ঝাঁপিয়ে পড়েন বীরা স্বামীকে উদ্ধার করতে। কিন্তু শেষরক্ষা হয় না। মিনিটখানেকের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনিও। দুজনের একজনকেও মাস্ক, দস্তানা বা অন্য কোনও ধরনের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয়নি। নর্দমা সাফ করতে গিয়ে যাঁদের প্রাণ যায়, একত্রে সে তালিকায় নাম জুড়ে যায় দুই বন্ধুর। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক জানাচ্ছে: ১৯৯৩ থেকে এপ্রিল ২০২২ সালের মধ্যে “নর্দমা ও সেপটিক ট্যাংক পরিষ্কার করার মতো বিপজ্জনক কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে” ৯৭১ জন মানুষের প্রাণ গেছে দেশ জুড়ে। “এটা [স্বহস্তে বর্জ্য পরিষ্কার] যে বেআইনি, তা তো জানতামই না। এমনকি মানুষটা চলে যাওয়ার পরেও যে এমন আইন আছে, যার থেকে আমার পরিবার ক্ষতিপূরণ পেতে পারে, সেটাও জানতাম না,” স্বীকার করলেন মাঙ্গাম্মা। কাট্টেলা পোইয়ি (অস্থায়ী উনুন) বানাচ্ছিলেন মাঙ্গাম্মা। আধা ডজন ইট জোড়ায় জোড়ায় একটা উপর আরেকটা ত্রিকোণ আকারে সাজিয়ে রাখছিলেন। তাঁর কথায়, “এই তো গতকালই গ্যাস [এলপিজি] ফুরিয়ে গেছে। নতুন সিলিন্ডার পেতে পেতে নভেম্বর প্রথম সপ্তাহ গড়িয়ে যাবে। ততদিন অবধি এই কাট্টেলা পোইয়িতেই রান্নাবান্না সারব আমরা। স্বামীকে হারানোর পর থেকে এভাবেই বেঁচে আছি কোনওমতে।” আজ ছয় বছর হয়ে গেছে কোটাইয়া আর নেই। তিরিশের কোঠার শেষে এখন মাঙ্গাম্মার বয়স, বললেন, “স্বামী মারা যাওয়ার পর অনন্ত সময় জুড়ে আঁধারে হাতড়ে ফিরেছি। দুঃখেকষ্টে জেরবার হয়ে ছিলাম।” দুই কনিষ্ঠ সন্তান ভামসি ও অখিলার সঙ্গে একটি বহুতল আবাসনের আলো-আঁধারি নিচের তলায় (বেসমেন্ট) থাকেন মাঙ্গাম্মা — সিঁড়ির পাশে যে ছোট্ট কামরাটি রয়েছে, ওটুকুই তাঁর মাথা গোঁজার ঠাঁই। আগে তাঁরা এই মহল্লাতেই থাকতেন বটে, তবে ৫,০০০-৭,০০০ টাকা ভাড়া মেটাতে নাভিশ্বাস উঠে যাচ্ছিল বলে ২০২০ সালের অন্তিম লগ্নে এসে উঠেছেন এই ঘরটিতে। পাঁচতলা এই আবাসনটি পাহারা দেওয়া থেকে গোটা চত্বরের সাফসাফাই — একাহাতে সামলান তিনি। পারিশ্রমিক বলতে মাসিক ৫,০০০ টাকা বেতন ও সপরিবারে থাকার জন্য এই কামরাটি। তাঁর কথায়: “তিনজন মিলে এইটুকু জায়গায় টিকে থাকা দায়।” ঝলমলে সকালেও ঠিকমতো আলো ঢোকে না তাঁর ঘরে। ফিকে হয়ে আসা বিবর্ণ দেওয়াল জুড়ে সাজানো আছে কোটাইয়ার ছবি; নিচু ছাদ থেকে ঝুলছে এটি পাখা। “কল্পনাকে আর এখানে আসতে বলি না। থাকবে কি, বসার জায়গাটুকুও আছে, বলুন?” সওয়াল ছুঁড়লেন মাঙ্গাম্মা। মেয়ের বিয়ে দিতে গিয়ে দেউলিয়া হয়ে গেছে পরিবারটি। “৬ লাখ টাকার দেনা রয়েছে এখনও। [যেটুকু রোজগার হয়] ওটুকু দিয়ে দৈনিক খাইখরচা সামলানো মুশকিল,” অসহায় কণ্ঠে জানালেন। আবাসন চত্বর সাফাই করা ছাড়াও হায়দরাবাদের ওল্ড সিটির গোশমহল বিধানসভা নির্বাচনকেন্দ্রের অফিসঘর পরিষ্কার করেন তিনি — ১৩,০০০ টাকা মাস মাইনেতে। ১৭ বছরের ভামসি, ও ১৬ বছরের অখিলার কলেজ দুটি বাড়ির কাছেই। বছর গেলে কলেজের বেতন মেটাতে লেগে যায় ৬০,০০০ টাকা। পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম অ্যাকাউন্টেন্টের কাজ করে ভামসি। দৈনিক ১৫০ টাকার বিনিময়ে সপ্তাহে ছয় দিন, বিকেল ৩টে থেকে রাত ৯টা অবধি খাটে সে। কলেজের মাইনে মেটাতে খানিক সুবিধা হয় তাতে। অখিলার স্বপ্ন ডাক্তার হওয়ার। তবে এ স্বপ্ন যে শুধু স্বপ্ন হয়েই রয়ে যাবে, সে ভয় কাটেনা মাঙ্গাম্মার। নিরাশ কণ্ঠে জানালেন: “ওর পড়াশোনা টেনে নিয়ে যাওয়ার মতো ট্যাঁকের জোর নেই। মেয়েটাকে দুটো নতুন জামাকাপড়ও কিনে দিতে পারি না।” ভাগ্যলক্ষ্মীর সন্তানেরা অপেক্ষাকৃত কমবয়সি। বেসরকারি একটি ইস্কুলে পড়ে তারা, তাঁদের মোট বাৎসরিক বেতন ২৫,০০০ টাকা। “পড়াশোনায় প্রত্যেকেই খুব ভালো, ওদের ঘিরে গর্বের শেষ নেই আমার,” ঝলমলে চোখমুখে বলে উঠলেন তিনি। কামরাখানা এতটাই অপরিসর যে ঘরের বেশ কিছু জিনিসপত্র ঠাঁই পেয়েছে চৌকাঠের বাইরে, পার্কিং লটের এক প্রান্তে। সেখানে একগাদা কম্বল আর কাপড়জামার ফাঁকে উঁকি দিচ্ছে একটি সেলাই মেশিন। “২০১৪ সালের দর্জির কাজ শিখতে ভর্তি হয়েছিলাম, দুয়েকটা ব্লাউজ সহ টুকিটাকি কিছু জিনিসও বানিয়েছিলাম দিনকতক,” বুঝিয়ে বললেন ভাগ্যলক্ষ্মী। কামরার ভিতর চারটি প্রাণীর শোবার জায়গা হয় না, ঘরটা তাই মাধব ও জগদীশের জন্য ছেড়ে দিয়ে বাইরেই প্লাস্টিকের মাদুর-চাদর পেতে ঘুমোতে যান ভাগ্যলক্ষ্মী ও রাজেশ্বরী। আবাসনের অন্য একটি অংশে তাঁদের রান্নাঘর। প্লাস্টিকের পর্দা টাঙিয়ে আলাদা করা এই পরিসরটি নিতান্তই ঘুপচি, ঠিকমতো আলো-বাতাসও ঢোকে না। আবাসন চত্বরটি ঝাঁট দিয়ে মাসিক ৫,০০০ টাকা পান ভাগ্যলক্ষ্মী। “[এছাড়া] কিছু অ্যাপার্টমেন্টেও কাজে ঢুকেছি, যাতে আমার ছেলেদুটোকে ইস্কুলে রেখে পড়াতে পারি।” বিগত বেশ কিছু বছর ধরে মহাজনদের থেকে ধার নিতে নিতে ঋণের পরিমাণ প্রায় ৪ লাখ টাকায় এসে ঠেকেছে। “মাসে মাসে ৮,০০০ টাকা খসে যায় কর্জ মেটাতে গিয়ে।” আবাসনের অন্যান্য কর্মীদের জন্য একতলার বাণিজ্যিক অংশে একটি আলাদা শৌচালয় রয়েছে, ভাগ্যলক্ষ্মীর পরিবারও সেটি ব্যবহার করে। তাঁর কথায়, “দিনের বেলা যেতে পারি না বললেই চলে। লোকজন সবাই যাওয়া-আসা করে তো, ফাঁকাই পাই না।” যেদিন যেদিন এই শৌচাগারটি তিনি পরিষ্কার করতে যান, “মাথায় শুধু একটাই জিনিস ঘুরপাক খায় — আমার বরকে যে ম্যানহোলটা কেড়ে নিয়েছিল, তার দুর্গন্ধ। হায় রে, মানুষটা যদিই আমাকে মুখ ফুটে বলত — মরে গেলেও এই কাজটা ওকে করতে দিতাম না। ওকে বেঘোরে ওমন মরতেও হত না, আর এই অন্ধকার কুঠুরিতেও এমন আটকে থাকতে হত না আমাকে।” অনুবাদ: জশুয়া বোধিনেত্র ঋণঃ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া , ১৬ ডিসেম্বর ২০২২ এ প্রকাশিত [কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার ট্যানারিতে ম্যানহোল পরিষ্কার করতে নেমে তলিয়ে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। পৌরসভার তিন অস্থায়ী কর্মী, ফরমেজ শেখ, হাজী শেখ, সুমন সর্দার কাজ করার সময় বর্জ্যে ডুবে যান। বেআইনি এই কাজ গোটা ভারতবর্ষ জুড়েই ঘটে চলেছে, তার জন্য ধারাবাহিকভাবে প্রাণ হারাচ্ছেন শ্রমিকরা, সর্বস্বান্ত হচ্ছে তাদের পরিবার। শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে এই ছবি। আর সরকারের অপদার্থতা। মার্কসবাদী পথ, পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার এই প্রতিবেদনটি পুনঃপ্রকাশ করছে ‘বিকশিত ভারতে’ শ্রমিকদের অবস্থাকে আরও স্পষ্ট করে তোলার জন্য। ]
প্রকাশের তারিখ: ০৭-ফেব্রুয়ারি-২০২৫ |
© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত |