জওহরলাল নেহেরুর বিজ্ঞান ভাবনা

বাসব বসাক
নেহেরুর এই বৈজ্ঞানিক মননের কারণেই স্বাধীনতার বছর দশেক আগেই বিজ্ঞানী মেঘনাদ সাহার পরামর্শক্রমে তদানীন্তন কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু যে জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিলেন তাঁর প্রধান করা হয়েছিল নেহরুকেই। এই জাতীয় পরিকল্পনা কমিটিই স্বাধীনোত্তর ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে রূপান্তরিত হয় এবং নিত্য নতুন বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দেশ গঠনে অগ্রণী ভূমিকা নেয়।

ভারতের স্বাধীনতার জন্য নয়বার কারাবরণ করা, জীবনের মূল্যবান দীর্ঘ নটা বছর জেলে কাটানো এবং স্বাধীনতা অর্জনের পর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দেশভাগের যন্ত্রণাক্লিষ্ট, রক্তক্ষয়ী ভ্রাতৃঘাতী দাঙ্গার ক্ষতচিহ্ন জর্জ্জরিত, দুর্ভিক্ষ লাঞ্ছিত একটি দেশকে এক নতুনতর দিশায় এগিয়ে নিয়ে যেতে আমৃত্যু প্রয়াসী ছিলেন যে মানুষটি, তিনি জওহরলাল নেহরু। দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল সর্বজনবিদিত। শিশুদের অধিকারের প্রশ্নে তাঁর অবস্থান ছিল অত্যন্ত দৃঢ। শিশুরাও তাঁকে বড়ো ভালোবাসতো; আদর করে তাঁকে ডাকতো চাচা নেহরু। সেই কারণে ১৯৬৪ সালে তাঁর মৃত্যুর পর থেকে তাঁর জন্মদিনটিকে রাষ্ট্রীয় শিশু দিবস হিসাবে পালন করা হয়ে আসছে। 

বিশ্বে ভারতই একমাত্র দেশ, যে দেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে মানবতার পাশাপাশি বিজ্ঞান মনস্কতা, অনুসন্ধিৎসা ও সংস্কারের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৫১-এ (এইচ) ধারায় লেখা আছে নাগরিকদের অন্যতম মৌলিক দায়িত্ব হল, ‘to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform.’ মনে রাখা ভালো ভারতের সংবিধানে উল্লিখিত এই সায়েন্টিফিক টেম্পার বা বৈজ্ঞানিক মেজাজ শব্দগুচ্ছ নেহেরুর অবদান। 

তিনি তাঁর কন্যাকে লেখা চিঠিতে এই সায়েন্টিফিক টেম্পারের অর্থ স্পষ্ট করেছেন। নেহরু লিখছেন, সোজা কথায় কুসংস্কার ও অন্ধতার বিপ্রতীপে প্রমাণ নির্ভর যুক্তির পক্ষে থাকার মননই হল বৈজ্ঞানিক মনন। নেহেরু একেই বলেছেন ‘spirit of science’ বা বিজ্ঞানের মর্ম। তাঁর মতে সমাজ সংগঠনের প্রতিটি স্তরে যাবতীয় রক্ষণশীলতার বিরুদ্ধে এবং বৈপ্লবিক পরিবর্তনসমূহের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বিজ্ঞানের প্রাণ ভোমরাটি  (Spirit science was tied to revolutionary changes and it was against conservatism in all aspects of societal organisation.’)। তিনি লিখছেন বিজ্ঞানের কার্যকরী নীতি হল আবিষ্কার (‘The active principle of science is discoveries’); যা কিনা সমাজে চলমান রক্ষণশীলতার উল্টোমুখী এক স্রোত। অনড় সমাজের স্বাভাবিক রক্ষণশীলতার সঙ্গে বৈজ্ঞানিক আবিষ্কার সমূহের স্বাভাবিক বিপ্লবী প্রবণতার মধ্যেকার আপাত জন্মগত সংঘাত যা প্রায়শঃই সমাজের ভিত্তিটিরই পর্যাপ্ত বদল ঘটিয়ে দিয়ে থাকে তা তাঁর কাছে প্রভূত উৎসাহব্যঞ্জক। তিনি জানাচ্ছেন, ‘It is interesting to see this apparently inherent conflict between the normal conservatism of a static society and the normal revolutionary tendency of the scientists’ discovery which changes often enough the basis of the society.’ 

সেই কারণেই নেহেরুর আহ্বান, ‘যা কিছু প্রাচীন, কেবলমাত্র প্রাচীন বলেই তাকে আঁকড়ে ধরা নয়; শুধুমাত্র পরম্পরাগতভাবে চলে আসছে বলেই কোনো সামাজিক কাঠামো, কোনো শিল্প কাঠামো, এমনকি কোনো অর্থনৈতিক কাঠামোকে আঁকড়ে থাকা নয়; বরং পুরাতনের ভাঙনকে স্বীকার করাই হল কাজের কথা, বিজ্ঞানের কথাও; ‘to accept the disintegration of the old, not to be tied down to something that is old because it is old, not to be tied down to a social fabric or on an industrial fabric or even an economic fabric simply because you have carried on with it.’।

সোভিয়েত লাল ফৌজের কাছে পর্যুদস্ত হিটলারের আত্মহত্যা ও জার্মান সংসদ ভবন রাইখস্টাগে লাল পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার্যত সমাপ্ত হওয়ার পরেও, ১৯৪৫ এর ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে আমেরিকার পরমাণু বোমা বিস্ফোরণের ভয়ঙ্কর ধ্বংসলীলা স্বাভাবিকভাবেই বিজ্ঞানের এহেন আবিষ্কারকেই যখন আবিশ্ব প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় তখন নেহেরু বলেন, বিজ্ঞান এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা আমাদের সামনে বেছে নেওয়ার জন্য দুটি পথ খুলে দিয়েছে– অপ্রতিরোধ্য প্রগতি অথবা ভয়ঙ্কর ধ্বংস। পরমাণু বোমা আমাদের পৌঁছে দিয়েছে নরকের দরজায় ‘We have arrived really at the brink of hell’। কিন্তু গভীর প্রজ্ঞাবান নেহেরু এজন্য কখনোই বিজ্ঞানকে দায়ী করেননি। বরং বিজ্ঞানের পক্ষে দাঁড়িয়ে দৃঢতার সঙ্গে তিনি জানাচ্ছেন যখন দর্শনের সঙ্গে বিজ্ঞানের বিচ্ছেদ ঘটে, (তাঁর ভাষ্যে ‘divorce between science and philosophy’), ঠিক তখনই ঘটে যায় বিজ্ঞানের এহেন অপপ্রয়োগের বিধ্বংসী ঘটনা।

আজ বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার প্রশ্নটি ক্রমশ এক অত্যন্ত সংবেদনশীল কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নেহেরুর সময় শুধু ভারতেই নয়, বিশ্বের কোনো দেশেই পরিবেশ প্রসঙ্গটি আদৌ ততখানি গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু নেহেরু ছিলেন সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ। ভাবতে অবাক লাগে গত শতাব্দীর পাঁচের দশকে দাঁড়িয়ে তিনি মানুষের পূর্ণ বিকাশের লক্ষ্যে পরিবেশের উন্নতিতে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে লিখছেন, ‘Nevertheless, the modern method lays stress on improving the environment, so that a person living in a particular environment may grow to his fullest capacity.’। সেই সময় দাঁড়িয়ে তিনি ডারউইনের অরিজিন অব স্পিসিস গ্রন্থটিকে ‘যুগান্তকারী’ ঘোষণা করে তার অনবদ্য মূল্যায়ণ করছেন— ‘এ বই এই জন্য যুগান্তকারী কারণ ডারউইনের এই আবিষ্কার সমাজে ব্যাপক ছাপ ফেলতে পেরেছে এবং অন্য যে কোনো বৈজ্ঞানিক কাজের তুলনায় সমাজের দৃষ্টিভঙ্গির আমূল বদল ঘটাতে সাহায্য করেছে (‘Darwin’s book was epoch making; it produced a vast impression and helped in changing the social outlook more than any other scientific work.’)।

জওহরলাল নেহরুর এই বৈজ্ঞানিক মননের নির্মাণ কাজ সম্ভবত শুরু হয়েছিল তাঁর শৈশবেই। তাঁর বাবা মতিলাল নেহরু ১৯০১ সালে দ্বাদশ বর্ষীয় বালক জওহরলালের জন্য গৃহ শিক্ষক হিসাবে নিযুক্ত করেছিলেন ফার্দিনান্দ ব্রুকসকে। পরবর্তী সময়ে নেহেরুর অকপট স্বীকারোক্তি তাঁর গৃহশিক্ষক ব্রুকসই তাঁকে বিজ্ঞানের রহস্যময় জগতের সঙ্গে প্রথম পরিচয় ঘটিয়েছিলেন, এমনকি মাস্টারমশাই আর ছাত্র মিলে একটি পরীক্ষাগারও বানিয়ে ফেলেছিলেন বাড়িতেই, যেখানে মৌলিক পদার্থবিদ্যা ও রসায়ণের নানা পরীক্ষা নিরীক্ষায় অসীম আগ্রহ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দিব্যি সময় কাটত তাঁর। এরপর ১৯০৫ সালে ইংল্যান্ডের খ্যাতনামা হ্যারো স্কুলে ভর্তি হলে বিজ্ঞান নিয়ে তাঁর আগ্রহ আরও বৃদ্ধি পায় এবং বছর কয়েক পরে স্কুলের পাঠ শেষ করে কেম্ব্রিজের ট্রিনিটি কলেজে আইন নিয়ে পড়ার সময় বিশ্বখ্যাত ক্যাভেন্ডিশ ল্যাবোরেটরির খ্যাতনামা বিজ্ঞানীদের সান্নিধ্য লাভ করেন নেহেরু। এঁদের মধ্যে ছিলেন আর্থার এডিংটন, জেমস জিনস, জে জে থমসন, লর্ড রাদারফোর্ডের মতো সেই সময়কালের বিশ্বখ্যাত বিজ্ঞানীরাও। 

হয়তো সেই কারণেই মুক্তচিন্তা ও বৈজ্ঞানিক মননের পক্ষে নেহেরু আমৃত্যু সুদৃঢ় অবস্থানে অটল ছিলেন। হয়তো ভগৎ সিংয়ের মত ফাঁসির দড়ি গলায় পরা ভারতের আর এক বীর সন্তান শুধু এই কারণেই নেহেরুকে নির্দ্বিধায় ‘revolutionary’ বা বিপ্লবীর মর্যাদায় ভূষিত করেন। ১৯২৮ সালে নেহেরুকে উদ্ধৃত করে তিনি লিখছেন, ‘প্রতিটি যুবককেই বিদ্রোহী হতে হবে। শুধু মাত্র রাজনীতির জগতেই নয়, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রেও বিদ্রোহী হওয়া আবশ্যিক। এমন কি বেদ বা কোরাণের নির্দেশেও যদি তার মান্যতা থেকে থাকে, তবুও যা কিছু অযৌক্তিক তাকে ত্যাগ করতে হবে’। ভগৎ সিংয়ের কেন আমি নাস্তিক গ্রন্থে আমরা যেন শুনতে পাই নেহেরুর কথারই প্রতিধ্বনি, ‘যে মানুষ প্রগতির পক্ষে দাঁড়ান তাকে সমালোচনা, অবিশ্বাস আর চ্যালেঞ্জকে পাথেয় করেই এগোতে হবে। শুধুমাত্র বিশ্বাস এবং অন্ধ বিশ্বাস বড়ো ভয়ঙ্কর যা মস্তিষ্ককে অলস করে তোলে এবং সেই ব্যক্তিকে করে তোলে প্রতিক্রিয়াশীল’।

বিজ্ঞান চেতনায় শানিত যুক্তিবাদকে পাথেয় করেই এগোতে চেয়েছিলেন নেহেরু। নেহেরুর এই বৈজ্ঞানিক মননের কারণেই স্বাধীনতার বছর দশেক আগেই বিজ্ঞানী মেঘনাদ সাহার পরামর্শক্রমে তদানীন্তন কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু যে জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিলেন তাঁর প্রধান করা হয়েছিল নেহরুকেই। এই জাতীয় পরিকল্পনা কমিটিই স্বাধীনোত্তর ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে রূপান্তরিত হয় এবং নিত্য নতুন বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দেশ গঠনে অগ্রণী ভূমিকা নেয়। স্বাধীনতা পূর্ব সময়ে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নেহেরু কংগ্রেসের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে তাঁর সম্ভাষণে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন, ‘কংগ্রেস বিজ্ঞানের প্রতিনিধিত্ব করে আর বিজ্ঞানই হল বর্তমান সময়ের প্রাণশক্তি এবং আধুনিক দুনিয়ার কর্তৃত্বকারী বৈশিষ্ট। এমনকি বর্তমান কালের থেকেও অনেক বেশি পরিমানে ভবিষ্যৎকাল পর্বটি হতে চলেছে বিজ্ঞানের কালপর্ব এবং যারা বিজ্ঞানকে বন্ধু মনে করে ও মানবতার অগ্রগমনে যে মানুষ বিজ্ঞানের সাহায্যাকাঙ্খী হয় ভবিষ্যৎ কালটি হতে চলেছে তাদের কাল।

ইতিমধ্যে গত শতকের তিরিশের দশকে তিনি ক্রমশ পরিচিত হচ্ছেন বার্টান্ড রাসেল, জে ডি বার্নল অথবা জেবিএস হ্যালডেনের মত মুক্তচিন্তক ও বিজ্ঞানীদের সঙ্গে; যার সুস্পষ্ট প্রভাব আমরা দেখতে পাচ্ছি স্পেনের গৃহযুদ্ধে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে নেহেরুর অবস্থান নেওয়া থেকে শুরু করে বিশ্বশান্তির পক্ষে তাঁর যুদ্ধবিরোধী অবস্থান স্পষ্ট করার মধ্যে দিয়ে। সেই কারণেই প্রায় দীর্ঘ তিনশো বছরের সাম্রাজ্যবাদী শোষণ ও নিপীড়নে ধ্বস্ত ভারত ভূমির প্রগতির পথে অগ্রগমণের আশার প্রদীপ জ্বালিয়েছিলেন নেহরু বিজ্ঞান ও প্রযুক্তির চকমকি পাথর ঠুকেই। স্বাধীনতার পর তাই একের পর এক তাঁর সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর), জাতীয় প্ল্যানিং কমিশন, আইএসআই, পরমাণু শক্তি কমিশন (এএসি), ডিআরডিও, একাধিক আইআইটি, বিজ্ঞানী ভাটনগরের সাহচর্য্যে সিআইএসআর, আইসিএমআর, আইসিএআর-এর মতো একগুচ্ছ  বিজ্ঞান গবেষণাকেন্দ্র– যা সন্দেহাতীতভাবেই ভারতের প্রগতির পথে অগ্রগমণকে তরান্বিত করেছে।  

১৯৫৬ সালে খড়গপুর আইআইটির প্রথম কনভোকেশনের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ‘এখানে হিজলি বন্দি শিবিরের জায়গায় আজ ভারতের এই গর্বের সৌধটি দাঁড়িয়ে আছে, যা সোচ্চারে ভারতের আগ্রহের ক্ষেত্রটির প্রতিনিধিত্ব করছে, ভারতের ভবিষ্যতের দিগনির্দেশ করছে। এটাই আমার স্বপ্নের ভারতের দিকচিহ্ন’। তাঁর কথায় একমাত্র বিজ্ঞানই হল, ‘জীবনের সেই সুনির্দিষ্ট বুনট, যাকে বাদ দিলে আধুনিক সভ্যতা বিলীণ হয়ে যাবে। রাজনীতি আমাকে বিজ্ঞান এবং বিজ্ঞানের দিকেই চালিত করেছে এবং আমাদের যাবতীয় সমস্যাকে এবং সামগ্রিকভাবে জীবনকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতে শিখিয়েছে’।

দুঃখের বিষয় হল নেহরুর এই বিজ্ঞান ভাবনা ও যুক্তিবাদ আজ ভীষণভাবেই আক্রান্ত। যে বৈজ্ঞানিক মনন আমাদের দেশ ও জাতির প্রগতির চালিকা শক্তি তাকে আজ স্তব্ধ করে দিতে চাইছে একদল অন্ধকারের জীব। ইতিহাসকে ছুঁড়ে ফেলে পুরাণ কথাকে ধ্রুব প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে কিছু মানুষ। ভারতে আজ এমন এক সরকার যে সরকার নেহেরুর স্বপ্নের সমাধি রচনাতেই সার্থকতা খুঁজতে ব্যস্ত। তাই পাঠ্যসূচি থেকে ছেঁটে ফেলা হচ্ছে ডারউইনের বিবর্তনবাদ, মেন্ডেলিয়েভের পর্যায় সারণী অথবা মুঘল সাম্রাজ্যের ইতিহাস। তাদেরই প্রত্যক্ষ মদতে আজ দেশ জুড়ে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের এহেন বাড় বাড়ন্ত। তাদের হাতেই আক্রান্ত বিজ্ঞান ও যুক্তিবাদ। কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খোলার অপরাধে সে কারণেই আমরা একে একে খুন হয়ে যেতে দেখলাম দাভোলকর থেকে কালবুর্গি, গৌরি লঙ্কেশ থেকে গোবিন্দ পানসারেদের। যুক্তির কথা বলায় বিনা বিচারে তাই জেলবন্দি একাধিক মুক্তচিন্তক। 

নেহেরু শিখিয়েছিলেন প্রশ্ন করতে— কেমন করে? কেন? How? Why? আর আজ যে কোনো রকম প্রশ্ন বা প্রতিযুক্তিই না-পসন্দ সরকারের। প্রশ্ন করলেই আপনাকে দাগিয়ে দেওয়া হবে ‘দিমাগি নকশাল’ বলে। যেন দিমাগ বা বুদ্ধি থাকাটাই এক ভয়ানক গর্হিত অপরাধ। বুদ্ধিহীন অন্ধতা আর নিঃশর্ত আত্মসমর্পণই বুঝি একমাত্র কাম্য সরকারের। এহেন তমসাচ্ছন্ন স্বৈরশাসনকেই ইতিহাস চিহ্নিত করেছে ফ্যাসিবাদ হিসাবে। আর ফ্যাসিবাদের বিরুদ্ধে নেহেরুর ঘৃণা কতখানি তীব্র ছিল তাও আমাদের অজানা নয়। ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি সুদূর সুইজারল্যান্ডে জওহরলাল নেহেরুর যক্ষা আক্রান্ত স্ত্রী স্বাধীনতা সংগ্রামী কমলা নেহেরুর মৃত্যু সংবাদ পেয়ে নেহেরুকে সুইজারল্যান্ডে যাওয়ার পথে ইতালির রাজধানী রোমে খানিক সময় কাটাতে হয়। সেই সময় ইতালির সর্বময় শাসক ছিলেন ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনি। নেহেরু রোমে অবস্থান করছেন জেনে মুসোলিনি তাঁর সাক্ষাৎপ্রার্থনা করেন এবং তাঁকে একাধিকবার তাঁর প্রাসাদে আমন্ত্রণ জানান। কিন্তু ঘৃণা ভরে মানবতার শত্রু ফ্যাসিবাদী শাসকের সেই আমন্ত্রণ সেদিন ফিরিয়ে দেন নেহেরু। সেই কারণেই হিটলার-মুসোলিনিদের ভাবশিষ্য ভারতের নয়া ফ্যাসিবাদী শক্তি নেহেরুকে ভয় পায়; তাঁকে অস্বীকার করার হাজারো আয়োজন করে। কিন্তু ইতিহাস সাক্ষী সে আয়োজন ব্যর্থ হতে বাধ্য। নেহেরুর মতো এহেন আদ্যন্ত বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী মুক্তমনা দূরদর্শী ও ফ্যাসিবিরোধী রাষ্ট্রনেতার স্বপ্নের ভারতকে রক্ষা করাই আজ সময়ের আহ্বান।


প্রকাশের তারিখ: ২১-নভেম্বর-২০২৬

© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ আলিমুদ্দিন স্ট্রীট , কলকাতা ৭০০০১৬, +91 33 2217 6638, +91 70599 23957
marxbadipath.22@gmail.com
www.marxbadipath.org