এনভিডিয়া ও মার্কিন শাসকদের দ্বন্দ্ব

গ্যারি উইলসন

পুঁজিবাদী সরকার সামগ্রিকভাবে পুঁজিপতি শ্রেণির স্বার্থ রক্ষা করে। যখন সমগ্র শ্রেণির স্বার্থের সঙ্গে একটি একচেটিয়ার মুনাফার অধিকারের সংঘাত বাধে, তখন সরকারের গোপন পুলিশ সেই একচেটিয়াকে বাগে আনতে মাঠে নামে। সেটাই হুয়াঙের ক্ষেত্রে করা হয়েছে। গুপ্তচর সংস্থাগুলির চোখে হুয়াঙের অপরাধ হল, চিপ বিক্রি বন্ধ করার বদলে তিনি এনভিডিয়ার চিপ চীনকে বিক্রি করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন। হুয়াঙের মারফৎ চাপ গিয়ে পড়বে ট্রাম্পের ডিলমেকিংয়ের ওপর।

এনভিডিয়া গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারির বিষয়টা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক শ্রেণির মধ্যেকার একটা লড়াই। লড়াইয়ের ইস্যুটা হল, চীনের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ কীভাবে চালানো হবে। এদের একদল চায় চীনকে দ্বিতীয় শ্রেণির চিপ বিক্রি করে সেই দেশকে আমেরিকার ওপর নির্ভরশীল রাখতে। অন্য পক্ষ চায়, চীনের কাছে চিপ বিক্রি পুরোপুরি বন্ধ করে দিতে। আমেরিকার জাতীয় নিরাপত্তা কাঠামো এখন যৌনতা–এবং–গুপ্তচরবৃত্তির কাহিনি কাজে লাগিয়ে চীনের কাছে চিপ বিক্রি পুরোপুরি বন্ধ করার ছক কষছে এবং চীনের জনগণের বিরুদ্ধে নতুন একটা চরবৃত্তির কাহিনির আতঙ্ক তৈরি করতে চাইছে। এই লড়াইয়ের পিছনে  রয়েছে চীনকে আটকানোর চেষ্টা যা আসলে ব্যর্থই হচ্ছে।

৮ নভেম্বর এনভিডিয়ার চিফ এগজিকিউটিভ জেনসেন হুয়াঙ তাঁর কর্মচারীদের একটি ই-মেল পাঠান। তাতে বলেন, এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তবে তিনি মহিলার নাম করেননি। তবে নিউ ইয়র্ক টাইমস ও ফিনান্সিয়াল টাইমস ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছিল যে ওই মহিলা অ্যালিস হুয়াঙ। তিনি চীনা নাগরিক এবং সিঙ্গাপুরের ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের প্রাক্তন এগজিকিউটিভ। মেগাস্পিড এনভিডিয়ার চিপ কেনে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলির দাবি, অ্যালিসকে রিক্রুট করেছিল চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক।

এনভিডিয়ার বোর্ড এরপর এই ঘটনার তদন্ত শুরু করে। তবে আগেই জানিয়ে দেয়, ‘‌জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য কিংবা এনভিডিয়ার গোপন তথ্য পাচার হয়ে গেছে এ কথা বিশ্বাস করার কোনও কারণ নেই।’‌ হুয়াঙ চিফ এগজিকিউটিভ থেকে যান। তবে ৯ নভেম্বর কোম্পানির শেয়ারের দামে ধস নামে। একদিনে কোম্পানির ১৯০ বিলিয়ন ডলারের সম্পদ মুছে যায়। উন্নত চিপের বাজার নিয়ন্ত্রণ করে এনভিডিয়া। ওই চিপেই কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা। মার্কিন সরকার এই কোম্পানির সেরা চিপ চীনকে বিক্রি করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছে।

দুই পক্ষের লক্ষ্য একটাই

যারা ব্যবসা চায় হুয়াঙ তাদের পক্ষে। তিনি মুনাফা বোঝেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার সংক্রান্ত বাজার হল চীন। হুয়াঙ জানিয়েছেন, চীন যত উন্নত চিপ কেনে একদা  তার প্রায় পুরো বাজারটাই ধরে ফেলেছিল এনভিডিয়া। এখন অবশ্য তার সবটাই  হাতছাড়া হয়েছে। কারণ, যতবার আমেরিকা চীনকে চিপ বিক্রি করে নিষিদ্ধ করেছে, ততবারই চীনে নিজেদের চিপ নিজেরা তৈরি করে নিয়েছে। লবিয়িং করার পর ২০২৫এর ৮ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, এনভিডিয়া তাদের দ্বিতীয় শ্রেণির সবচেয়ে শক্তিশালী চিপ চীনকে বিক্রি করতে পারে। এই বিক্রি থেকে আয়ের ২৫ শতাংশ যেত মার্কিন সরকারের কোষাগারে। চীনের সঙ্গে বাণিজ্য আলোচনার সময় চিপ নিয়ন্ত্রণের বিষয়টিকে ট্রেজারি সচিব স্কট বেনেট বলেছিলেন ‘‌নেগোশিয়েটিং চিপ’‌। ওয়াশিংটন পোস্ট তখন জানিয়েছিল, ট্রাম্পের হোয়াইট হাউস বলরুমের জন্য এনভিডিয়া ২৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে।

হুয়াঙের কথা হল, চীনারা ‘‌আমাদের শত্রু নয়’‌। এটা আসলে সেলসম্যানের কথা। নীতি নির্ধারকদের বৃত্তে হুয়াঙের দলের লোকেদের বক্তব্য সোজাসাপ্টা, ‘‌চীনকে চিপ বিক্রি করার মানে হল মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণার টাকা আসা আর চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প আমেরিকার প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে থাকা।’‌ তার মানে সেল বা বিক্রি হল একটা অস্ত্র, এবং যে নির্ভরতা তৈরি হচ্ছে সেটাও আরেকটা অস্ত্র। একবার যে দেশ বিদেশি একচেটিয়া চিপের টোপ গিলেছে তাদের একচেটিয়াকে টাকা দিয়ে যেতেই হবে,তারা কখনই নিজের শিল্প গড়ে তুলবে না, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার যখনই চাইবে তখনই চিপের সরবরাহ ছেঁটে ফেলতে পারবে।  

অন্য পক্ষ চীনকে চিপ বিক্রি একেবারে বন্ধ করে দিতে চায়। এরা হল জাতীয় নিরাপত্তা পরিকাঠামো, গুপ্তচর সংস্থা,বাণিজ্য বিভাগের রপ্তানি নীতি এবং তিনটি হাউস কমিটিগুলির রিপাবলিকান চেয়ার। এই তিনটি কমিটি হল, ফরেন অ্যাফেয়ার্স, ইনটেলিজেন্স এবং ২০২৩ সালে হাউসের গড়া সিলেক্ট কমিটি যার কাজই হল চীনের বিরুদ্ধে প্রচার। ৪ নভেম্বর এই তিন কমিটির চেয়ার হুয়াঙকে নির্দেশ পাঠায়, ১৮ নভেম্বর গোপন ব্রিফিংয়ে তাঁকে হাজির থাকতে হবে। এখানে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটরাও গিয়ে জুটেছে। হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিসও ব্রিফিং চাইছেন। তিনি এই দাবি করেছেন ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জেতার পরদিনই। এর মানে, চীনের বিরুদ্ধে প্রচারে হাত মিলিয়েছে দুই দলই।

দুপক্ষই চায় একই জিনিস। তারা সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করেছে এমন ১৪০ কোটি লোকের একটি দেশের উন্নয়ন আটকে রাখতে চায়। আসলে ওদের ফারাকটা কৌশলের।

আসল ঘটনা ফাঁস হওয়া

টাইমসের নিজেদের রিপোর্টের সময়গুলো দেখা যাক। বাইডেন প্রশাসনের আমলে অ্যালিস হুয়াঙের বিরুদ্ধে নজরদারি শুরু হয়। এক বছর আগে ট্রাম্পকে বিষয়টি জানানো হলেও তিনি কিছু করেননি। টাইমস জানিয়েছে, ট্রাম্প হুঁশিয়ার ছিলেন যাতে এনভিডিয়ার চিপের বিক্রিতে ব্যাঘাত না ঘটে। তাঁর কথায়, ‘‌চিপ বিক্রিতে অর্থনীতি চাঙ্গা হচ্ছে এবং শেয়ার বাজারও চাঙ্গা।’‌ জেনসেন হুয়াঙকেও কখনও একথা বলে সতর্ক করা হয়নি যে, যাকে বিদেশি সরকারের টার্গেট বলে দেশের গোয়েন্দা সংস্থা মনে করে,তার ওপরেও নজরদারি চালানো হয়। এবছরের গোড়ায় একটি গোয়েন্দা মেমো সরকারি আধিকারিকদের কাছে পাঠানো হয়। এরপর ২৯ অক্টোবর হুয়াঙের ওপর নজরদারির খবরটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। সূত্র হিসাবে বলা হয় নামহীন কয়েকজনের কথা। তারাই নাকি নজরদারির বিষয়টি নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলি জানে কীভাবে হুঁশিয়ারি দিতে হয়। ২০১৭ সালের গোড়ায় তারা ট্রাম্পের জামাই  জারেড কুশনারকে বলে যে, তার বন্ধু চীনা–মার্কিনি ব্যবসায়ী ওয়েনডি দেঙ মারডক তার বন্ধুত্বকে সম্ভবত কাজে লাগাচ্ছে চীনা সরকারের স্বার্থরক্ষায়। এই হুঁশিয়ারির বিষয়টি ২০১৮ সালে ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছিল। হুয়াঙকে এমন কোনও হুঁশিয়ারি দেওয়া হয়নি।

গুপ্তচর সংস্থাগুলি অন্তত এক বছর আগেই জানত যে, যে মহিলার ওপর তারা নজরদারি করছে তারা বিশ্বের অন্যতম বৃহত্তম কর্পোরেশেনের শীর্ষকর্তার ঘনিষ্ঠ। সংস্থাগুলি ফাইলটা চেপে রাখে এবং হুয়াঙকে কিছুই জানায় না। এরপরেই ফাইলটা চলে যায় সংবাদ মাধ্যমের কাছে।

যিনি এই ফাইলটা সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দিয়েছেন তাঁর একটা উদ্দেশ্য ছিল। এনভিডিয়ার নিজস্ব শীর্ষস্থানীয় আইনজীবী কোম্পানির ভিতরের লোকেদের বলেছেন যে, ওই সূত্রগুলির হাতে ‘‌একটা কুঠার আছে যা দিয়ে জেনসেনকে গুঁড়িয়ে দেওয়া যায়।’‌ একথা জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। টাইমসের খবর হল, আধিকারিকেরা অভিযোগ করেছে যে ট্রাম্পের সঙ্গে হুয়াঙের ঘনিষ্ঠতার কারণেই তাদের চিপ বিক্রি বন্ধ করার চেষ্টা আটকে যাচ্ছে।

সরকারের মধ্যেও এনভিডিয়ার নিজের লোক আছে। এনভিডিয়ার শীর্ষস্থানীয় আইনজীবী বাণিজ্য বিভাগের তদন্তকারীদের কাছে একটা ই–মেল পাঠান। সেই তদন্তকারীরা মেগাস্পিডের মামলাটা দেখছিলেন। ওই আইনজীবী জানতে চান তদন্ত কতদূর এগোল। আইনজীবী বলেন, বাণিজ্য বিভাগের একজন আধিকারিক,যাকে ট্রাম্প নিয়োগ করেছেন এবং যিনি তদন্তকারীদের কাজে নজরদারি চালান, সেই অফিসারের কাছ থেকে কিছু জানতে চাওয়ার অধিকার তাঁর রয়েছে। এরপরেই বাণিজ্য বিভাগের তদন্ত বন্ধ হয়ে যায় এবং মামলা চলে যায় বিচার বিভাগের হাতে। এসব কথা ৯ নভেম্বর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস এবং ব্লুমবার্গ। 

পুঁজিবাদী সরকার সামগ্রিকভাবে পুঁজিপতি শ্রেণির স্বার্থ রক্ষা করে। যখন সমগ্র শ্রেণির স্বার্থের সঙ্গে একটি একচেটিয়ার মুনাফার অধিকারের সংঘাত বাধে, তখন সরকারের গোপন পুলিশ সেই একচেটিয়াকে বাগে আনতে মাঠে নামে। সেটাই হুয়াঙের ক্ষেত্রে করা হয়েছে। গুপ্তচর সংস্থাগুলির চোখে হুয়াঙের অপরাধ হল, চিপ বিক্রি বন্ধ করার বদলে তিনি এনভিডিয়ার চিপ চীনকে বিক্রি করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন। এখন তাঁকে এনভিডিয়া বোর্ডের তদন্তের সামনে পড়তে হবে, শেয়ারহোল্ডাররা তাঁর বিরুদ্ধে মামলা করবেন, তিনটি হাউস কমিটির দাবি রয়েছে এবং ট্রাম্প যা বলছেন তাতে মাঠে নামবে এফবিআইও। হুয়াঙের মারফৎ চাপ গিয়ে পড়বে ট্রাম্পের ডিলমেকিংয়ের ওপর।

ট্রাম্প অবশ্য লড়াই ছাড়েননি। ৯ নভেম্বর তিনি রিপোর্টারদের বলেন, হুয়াঙের কাছে তিনি জানতে চেয়েছেন ওই মহিলা গুপ্তচর এটা হুয়াঙ জানতেন কিনা।  ট্রাম্পের কথা হল, ‘উনি বলেছেন মহিলা যে গুপ্তচর এ বিষয়ে আমার কোনও ধারণাই ছিল না। এবং আমি (ট্রাম্প) ওনাকে (হুয়াংঙকে) বিশ্বাস করি।’ দুপক্ষের মধ্যে লড়াই এখনও জারি রয়েছে। ১৮-১৯ নভেম্বর শেনজেনে শীর্ষ সম্মেলনে ট্রাম্পের দেখা করার কথা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। তার ঠিক আগেই এই খবর সামনে আনা হয়েছে। চীনের বিশেষজ্ঞরা সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, তাঁদের আশঙ্কা এই সুযোগ কাজে লাগিয়ে মার্কিন কংগ্রেস চিপ নিয়ন্ত্রণ বিধিকে আইনে পরিণত করবে। ফলে যখন ট্রাম্প শিএর সঙ্গে দরকষাকষি করতে বসবেন তখন চিপ লাইসেন্স দেওয়ার বিষয়টি ট্রাম্পের হাত থেকে কেড়ে নেওয়া হবে।

সেই পুরনো বর্ণবাদী গল্প

গল্পটা একটা থ্রিলারের আকারে চাউর করা হচ্ছে:এক চীনা মহিলা বেজিংয়ের আদেশে এক শক্তিশালী ব্যক্তিকে মোহমুগ্ধ করে ফেলল। অর্থাৎ মহিলা হলেন ‘ড্রাগন লেডি’। এশীয় মহিলাদের বিরুদ্ধে একেবারে বস্তাপচা, যৌনগন্ধী পুরোনো ধরনের অভিযোগ। বড় মিডিয়াগুলো এ খবর চাউর করতেই ভালবাসে। 

আতঙ্ক নেমে আসে জেনসেন হুয়াঙের ওপরেও। হুয়াঙ এসেছেন চীনা পরিবার থেকে। এক্ষেত্রে শ্বেতকায় বিলিওনিয়ারদের আলাদাভাবে দেখা হয়। এক সময় অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ  বেজোসের এক মহিলার সঙ্গে সম্পর্কের খবর সামনে আসে। এটা নিেয় কাগজে বেশ গালগল্প জমে ওঠে। তখন কেউ প্রশ্ন তোলেনি বেজোসের আনুগত্য কোন দেশের প্রতি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বহু বছর ধরে সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপেস্টিনের সঙ্গে সম্পর্ক রেখে গেছেন। ২০২৬ সালে একটি হাউস কমিটি বিল গেটসকে জিজ্ঞাসাবাদ করে। এফবিআইয়ের একটি রিপোর্টে দাবি করা হয়েছে এপেস্টিন ইজরায়েলের গোয়েন্দাদের হয়ে কাজ করতেন। বিচার বিভাগের সেই ফাইল চেপে রাখা হয়েছিল। পরে ২০২৬ সালে তা সামনে আসে। তবে এই অভিযোগ প্রমাণিত হয়নি। একই ভাবে অ্যালিস হুয়াঙের বিরুদ্ধে ওঠা অভিযোগও প্রমাণিত নয়। এপেস্টিনের সঙ্গে গেটসের সম্পর্কে কখনই জাতীয় নিরাপত্তার পক্ষে বিপদ হিসাবে দেখা হয়নি। এ বিষয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী  রাও ই বলেছেন, যদি কোনও ব্যক্তি চীনা পরিবার থেকে আসেন তাহলে গুপ্তচর সংস্থাগুলি তাদের ব্যক্তিগত জীবনে নজরদারি চালায়, তারপর সেই তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করা হয় সরকারের পক্ষ থেকে। এরপর শুরু হয় তদন্ত। 

এই ঘটনায় কোনও প্রমাণ জনসমক্ষে আনা হয়নি। অ্যালিস হুয়াঙ চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করেন এমন প্রতিটি দাবির উৎস হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অনামা আধিকারিকেরা। অ্যালিস কিংবা মেগাস্পিড, কারোর বিরুদ্ধেই অপরাধের অভিযোগ আনা হয়নি। এনভিডিয়া জানিয়েছে, আগে অভিযোগ উঠেছিল যে মেগাস্পিড চীনে চিপ পাচার করে। এ বিষয়ে তদন্ত হয়। গত বছর তা ভুল প্রমাণিত হয়েেছ। ৩০ অক্টোবর চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছিলেন, এই অভিযোগ আসলে ‘ভিত্তিহীন অনুমান’, যার লক্ষ্য ছিল চীনকে কলঙ্কিত করা।

গুপ্তচর আতঙ্ক বিদেশে যুদ্ধের উন্মাদনায় মদত দেয় এবং দেশে নিপীড়নের ক্ষেত্র প্রস্তুত করে। ২০১৮ সালে মার্কিন বিচার বিভাগ শুরু করে ‘চায়না ইনিশিয়েটিভ’ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা এবং চীনা মার্কিনি বিজ্ঞানীদের আদালতে টেনে আনে। একটার পর একটা মামলা ভুয়ো প্রমাণিত হয়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক গাঙ চেনের বিরুদ্ধে ২০২১ সালে বিচার বিভাগ চরবৃত্তির অভিযোগ আনে। তখন তাঁর ১০০ জনের বেশি সহকর্মী প্রকাশ্যে চিঠি দিয়ে ঘোষণা করেন, ‘আমরা তাহলে সকলেই চেন’। এক বছর বাদে বিচারক সব অভিযোগ খারিজ করে দেন। এশিয়ান আমেরিকান অর্গাননাইজেন, বিজ্ঞানী ও ক্যাম্পাস গ্রুপ লড়াই চালিয়ে যায় এবং বিচার বিভাগকে বাধ্য করে ২০২২ এর ফেব্রুয়ারিতে ‘চায়না ইনিশিয়েটিভ’ ফাইল বন্ধ করতে। সেই বন্ধ দরজা আবারও খুলে দিল এনভিডিয়ার ঘটনা। 

বাধা দান ব্যর্থ হচ্ছে

গুপ্তচরের গল্প লোককে একথা বিশ্বাস করতে বলছে যে এনভিডিয়ার চিপ পেতে চীন মরিয়া এবং তার জন্য দরকারে একজন চিফ এগজিকিউটিভকেও তারা ফুঁসলে নিতে পারে। যেখানে সম্ভব সেখানে এখনও চীনা কোম্পানিগুলি এনভিডিয়ার চিপ কেনে কিংবা ভাড়া নেয়। এবং মেগাস্পিডের মূল ক্রেতা হল চীনা প্রযুক্তি সংস্থা আলিবাবা। তবে চীনের পথ সম্পূর্ণ অন্য। ডিসেম্বর ২০২৫এ ট্রাম্প যখন চিপ বিক্রির পথ খুললেন, চীনের নিয়ন্ত্রণকারী সংস্থা দেশের কোম্পানিগুলিকে বলেছিল তখনই চিপ না কিনতে এবং যারা সেই চিপ কিনতে চেয়েছিল তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কেন চীনের তৈরি চিপ দিেয় কাজ হবে না। 

চীন নিজের চিপ নির্মাণ শিল্প গড়ে তুলছে। গড়ে তুলছে পরিকল্পনা মাফিক। চিপে আত্মনির্ভর হয়ে ওঠাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দিয়েছেে চীন। চিপ প্লান্টের পিছনে কোটি কোটি ডলার সরকারি অর্থ বিনিয়োগ করা হয়েছে। তৈরি করা হচ্ছে চিপ তৈরির মেশিন ও ডিজাইন। হুয়াওয়েই এবং অন্য চীনা কোম্পানিগুলির ইঞ্জিনিয়ার এবং শ্রমিকেরা এখন এমন চিপ তৈরি করছেন যেগুলি সেই সব কাজ করে দিচ্ছে যে কাজ আটকাতে চিপ বিক্রি নিষিদ্ধ করেছিল আমেরিকা। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ চীনের বাজারে যতটা দরকার, তার অর্ধেকই এখন চীন তৈরি করে। কয়েক বছর আগে এই বাজারের প্রায় সবটাই এনভিডিার দখলে ছিল। 

একদিকে চিপ আটকানোর চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক শ্রেণি। বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির বিকাশ যাতে তাদের মুঠির মধ্যে থাকে এবং অন্যরা যাতে তাদের ওপর নির্ভরশীল থাকে সেই চেষ্টাও করছে। তবে দুটোই ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার কারণেই এক পক্ষ অপর পক্ষের টুঁটি টিপে ধরতে চাইছে। হুয়াঙকে নিয়ে লড়াইয়ে যে পক্ষই জয়ী হোক, বৃহত্তর ঘটনা চিত্রপট থেকে সরে যাচ্ছে না — চীনের স্বাধীন বিকাশ সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণের দুটি পদ্ধতিকেই পরাস্ত করছে। 

ঋণ: MRonline
অনুবাদ: সুচিক্কণ দাস


প্রকাশের তারিখ: ১৮-নভেম্বর-২০২৬

© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ আলিমুদ্দিন স্ট্রীট , কলকাতা ৭০০০১৬, +91 33 2217 6638, +91 70599 23957
marxbadipath.22@gmail.com
www.marxbadipath.org