|
ছ'মাসে বিজেপি সরকারচন্দন দাস |
শ্রমজীবীদের জীবনে টিকে থাকার চ্যালেঞ্জ লাগাতার বেড়েছে। কাজের হাহাকার মারাত্মক জায়গায় পৌঁছেছে রাজ্যে গত পনেরো বছরে, তৃণমূলের শাসনে। এই অবস্থায় পশ্চিমবঙ্গে কাজের দাবীই প্রবল। কিন্তু পৃথিবীতে ছড়ি ঘোরানো দেশের কর্পোরেটদের পক্ষে কাজের সুযোগ তৈরি করার সামর্থ্য নেই। ২০০৮-এর সংকট থেকে তারা এখনও বেরোতে পারেনি। এই পরিস্থিতিতে ধর্মের মোড়কে শোষণের পথ খুলতেই রাজ্যে বিজেপির সরকারে কায়েম হওয়া। |
আমরা, রাজ্যের বাসিন্দারা পেয়ে গেছি শাসকের ফরমান। প্রথমত, ‘এই রাজ্যে সনাতনীদের সরকার এখন। সোহরাওয়ার্দিদের নাম ও নিশান থাকবে না।’ দ্বিতীয়ত, ‘কমিউনিস্টদের বলছি, কারখানা গেটে একবার ঝামেলা করে দেখুন। ১৫ মিনিটের মধ্যে জেলে পাঠাবো।’ অর্থাৎ ধর্মঘট চলবে না। সোজা জেল। লে অফ, লক আউট? চলবে। বাধা নেই। শ্রমিক, কর্মচারী ‘সনাতনী’ হলেও বাধা নেই।
অর্থাৎ সরকার ‘সনাতনীদের’। কিন্তু শ্রমিকের নয়। ‘কর্পোরেট-কমিউনালিজ্ম নেক্সাস’। মার্কসবাদীরা লিখছিলেন। প্রচার করছিলেন। জাতীয় ক্ষেত্রে এই নেক্সাস কাজ শুরু করেছে বেশ কয়েক বছর। পশ্চিমবঙ্গের বোঝা শুরু করতে কিছুটা দেরি হল। অর্থাৎ মুনাফার খোঁজে থাকা মালিক ‘সনাতনী’ হোন কিংবা অ-সনাতনী— চিন্তা নেই। সরকার আছে। সরকার বিজেপির। আরও সঠিক হবে উত্তর, যদি বলা যায়— সরকার আরএসএস-এর। মুখ শুভেন্দু অধিকারী। উপরের উল্লিখিত প্রতিটি মন্তব্য তাঁর। ইতোমধ্যে আদানীর হাতে বন্দর, হাসপাতাল সহ আরও অনেককিছু নির্মাণের পথ সরকার খুলে দিয়েছে। তার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। ২৫টি চা-বাগানের শ্রমিকদের এবার শারদীয়ার বোনাস হয়নি। ইঙ্গিত স্পষ্ট। তবে সংকট শুধু শ্রমিকের ডেকে আনা হয়েছে, তা নয়। কৃষকের ফসলের দাম নিয়ে কোনো চিন্তা নেই। এই ছিল বিজেপির নির্বাচনের আগে প্রচারিত সংকল্প-পত্রের অন্যতম প্রতিশ্রুতি। ফসলের দাম নিয়ে ৬ মাসের বিজেপি সরকারের কোনো পদক্ষেপ নেই। বরং একটি ‘নজিরবিহীন’ ঘটনা ঘটিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সরকার ঘোষণা করেছে তারা এবার ২৪ লক্ষ মেট্রিক টন ধান কৃষকের থেকে কিনবে। গত আর্থিক বছরে এই পরিমাণ ছিল ৫৮ লক্ষ মেট্রিক টন। অজুহাত— ধান কেনার প্রক্রিয়ায় চুরি হত! তাই চোরের উপর রাগ করে সরকার কৃষককে শাস্তির বন্দোবস্ত করেছে। তাহলে কৃষক ধান বিক্রি করবে কার কাছে? সহজ উত্তর— ফড়ের কাছে। ফড়ে যে দামে ধান কিনবে কৃষক সেই দামে ধান বিক্রি করতে বাধ্য থাকবে। লাভ? ফড়ের, মিলের মালিকের। সেই ফড়ে ‘সনাতনী’, নাকি ‘সংখ্যালঘু’— সরকার বিচার করছে না। সরকার ফাঁদে পড়া কৃষকেরও ধর্ম বিচার করবে না ধান বিক্রির সময়। এই সরকারের আর একটি ‘বৈশিষ্ট্য’ হল মুখ্যমন্ত্রী সীমান্ত থেকে বাইনোকুলারেও অনুপ্রবেশকারী দেখতে পান। শুভেন্দু অধিকারী এমনটাই বলেছেন রবিবার হিঙ্গলগঞ্জে। ‘অনুপ্রবেশকারী’ মানে? সংখ্যালঘু মুসলমান। রাজ্যের অনেক মন্ত্রী, বিধায়ক একান্তে কথাবার্তার সময় ‘বিচারধারা’র শক্তির কথা বলেছেন এই প্রতিবেদককে। ‘বিচারধারা’ মানে? আরএসএস। তাঁরা ‘আরএসএস’ বলেন না। ‘বিচারধারা’ বলেন। সেই ‘বিচারধারা’ গত ছ-মাস রাজ্যে সরকার চালিয়েছে। চালাচ্ছে। এই ‘বিচারধারা’র নীতি অনুসারেই পশ্চিমবঙ্গের সমাজে নির্দিষ্ট কয়েকটি বিষয়কে সমাজের সাধারণ প্রবণতা, বৈশিষ্ট্য হিসাবে গড়ে তোলার প্রকল্প চলছে রাজ্য সরকারের মাধ্যমে। প্রথমত, অপরায়ন। অর্থাৎ সমাজের একটি অংশকে, নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীকে শত্রু হিসাবে চিহ্নিত করা। লক্ষ্য সেই বৈরিতার মনোভাব থেকে সমাজের আরও অংশকে সন্নিবিষ্ট, ঐক্যবদ্ধ করা যায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ‘বিচারধারা’র সেই শত্রু প্রথমে ছিল মুসলমানরা। এখন জুড়েছেন খ্রিষ্টানরাও। গত ছ-মাসে রাজ্যে খ্রিষ্টানদের উপর ৪৮টি হামলার ঘটনা ঘটেছে। যার মধ্যে পুলিশ এফআইআর নিয়েছে মাত্র ১৫টির। রাজ্যে খ্রিষ্টানরা অল্প। মুসলমানরাই সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগুরু। প্রধান আক্রমণ তাই মুসলমানদের উপর এসেছে। আজানের মাইক বন্ধ, রেড রোডে নামাজ বন্ধর মতো পদক্ষেপ তৈরির আগে জনমানসে সুকৌশলে এসবের বিরুদ্ধে একটি জনমত গড়ে তোলা হয়েছিল। সেই সংখ্যালঘু-বিদ্বেষকে আরও প্রবল করে তুলতেই বিধানসভার লনে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘সোহরাওয়ার্দিদের নাম ও নিশান মিটিয়ে দেবো।’’ বলেছেন, ‘‘অনুপ্রবেশকারীদের আমাদের পয়সায় জেলে বসে খাওয়াবো না। সরসারি হোল্ডিং সেন্টারে পাঠাবো। সেখান থেকে বিএসএফ-এর হাতে তুলে দেবো। তারা যেখানে পাঠানোর পাঠাবে।’’ ‘লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে’— এমন ভাষ্যও লাগাতার প্রচারে রাজ্যে সাধারণ ভাবনায় পরিণত করা হয়েছিল। এই ‘অনুপ্রবেশকারীরা’ মুসলমান— আরএসএস-এর সেটিই ভাবনা। তাৎপর্যপূর্ণ গত ছ-মাসে মাত্র ১২০০ অনুপ্রবেশকারী সারা দেশে মিলেছে এসআইআর-এর প্রক্রিয়ায়। যাঁদের সিংহভাগ আবার নেপালের বাসিন্দা। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে যে হোল্ডিং সেন্টারগুলি বিজেপি গত ছ-মাসে বানিয়েছে, সেখানে কতজন ‘অনুপ্রবেশকারী’ আছে, তার কোনো তথ্য মুখ্যমন্ত্রী জানাননি। কিন্তু ‘অনুপ্রবেশ’, অর্থাৎ লক্ষ লক্ষ মুসলমানের দেশে ঢুকে পড়ার প্রচার বন্ধ হয়নি। মুখ্যমন্ত্রী সম্প্রতি কী বলেছেন? বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের পাশে দাঁড়িয়ে ‘গণতন্ত্র রক্ষা অরাজকতা ঠেকাও’ শীর্ষক মিছিলের শেষে শিলিগুড়িতে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এসআইআর মানে অনুপ্রবেশকারী তাড়াও।’ আসলে লক্ষ্য অনুপ্রবেশ আটকানো নয়, সংখ্যালঘুদের ভয় পাওয়ানো। তাৎপর্যপূর্ণ হল, এই অংশকেই কুড়ি বছর আগে বোঝানো হয়েছিল তৃণমূলই তাঁদের মিত্র, বামপন্থীরা শত্রু। ‘বামফ্রন্ট সংখ্যালঘুদের জন্য কিছু করেনি। বামফ্রন্ট বেছে বেছে মুসলমানদের জমি কেড়ে নিচ্ছে।’ এই ছিল রাজ্যে ২০০৭ পরবর্তী বামপন্থা-বিরোধী অন্যতম ভাষ্য। বামফ্রন্টকে পরাজিত করে মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের পথে সেই ভাষ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন, প্রায় কুড়ি বছর পর সেই মুসলমান তথা সংখ্যালঘুদেরই প্রধান শত্রু হিসাবে প্রতিপন্ন করে বিজেপি সমাজে নতুন সমীকরণ গড়ার চেষ্টা করেছে। অনেকটা সফল হয়েছে। এবং রাজ্যের সরকারে কায়েম হয়েছে। এখন হামলা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নেই। গত ছ-মাসে রাজ্যে সংখ্যালঘু খ্রিষ্টানদের উপর ৬০টি হামলার অভিযোগ উঠেছে। তার মধ্যে মাত্র ১৬টির ক্ষেত্রে এফআইআর গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংগঠনগুলির। রাজ্যে আরএসএস শক্তি বাড়িয়েছে তৃণমূলের মধ্যে থেকে। তাই পরাজয়ের পরে তৃণমূল চৌচির হয়ে গেছে। তৃণমূল থেকে দলে দলে বিজেপির দিকে ছুটে গেছে— নানা নামে, নানা পোষাকে, পরিচয়ে। আর রাজ্যের এই রূপান্তরের ইঙ্গিত প্রথম দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, ২০১৯-এর ডিসেম্বরে। তিনি আজ ‘সনাতন রাজ’ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী। ‘বিচারধারা’র আর একটি নীতি হল বিকৃত এক্সক্লুসিভ জাতীয়তাবাদের প্রচার করা। শুধু তাই নয়, সেই জাতীয়তাবাদের ভিত্তি হিসাবে কোনো বিশেষ রক্ষণশীল পরিচয়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আমাদের রাজ্যের ক্ষেত্রে তা ধর্ম— হিন্দু ধর্ম। সারা দেশেই আরএসএস সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যে বিজেপির সরকারগুলির মাধ্যমে কাজ করছে। সেই সূত্রে আমাদের রাজ্যে গত ছ-মাসে আমরা কী দেখলাম? মুখ্যমন্ত্রী বললেন, ‘‘এই সরকার সনাতনীদের সরকার, জামাতীদের নয়।’’ সরকার ১৯৪৬-এর সাম্প্রদায়িক দাঙ্গার নৃশংসতা উদ্যাপন করল। ইতিহাসের ভ্রান্ত নির্মাণের চেষ্টা হল যে, সেদিন হিন্দুরাই আক্রান্ত হয়েছেন। গত ছ-মাসে আর একটি সরকারি কর্মসূচি বেশ স্পষ্ট। তা হল, বিকৃত এক্সক্লুসিভ জাতীয়তাবাদের নির্মাণ। শ্যামাপ্রসাদ দেশভাগের কাণ্ডারী এবং তিনি ‘বাঙালি হিন্দু হোমল্যান্ড’-এর স্রষ্টা—এই প্রচার জোরালো ভাবে চালানো হয়েছে। বাঙালি হিন্দু হোমল্যান্ড কী? এই সময়কালে আর একটি প্রবণতা দেখা দিয়েছে— বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধের বিরোধিতা। মন্ত্রী, সাংসদরা যুক্তিহীনতাকে প্রশ্রয় দিচ্ছেন। এই সবই নয়া ফ্যাসিবাদের কর্মসূচি। এর পিছনে আছে লগ্নিপুঁজির মতাদর্শগত আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য। কিন্তু সংকট মূলতগতভাবে দাঁড়িয়ে সেখানেই, যেখান থেকে এরা বামপন্থীদের পশ্চিমবঙ্গে নিকেশ করার পথ নেয়। তা পুঁজি ও শ্রমের দ্বন্দ্ব। সোভিয়েত বিপর্যয় এবং তার অল্প কয়েক বছর দেশে নয়া আর্থিকনীতি প্রয়োগ শুরু হয়। সেই পরিস্থিতিতে দক্ষিণপন্থার দাপট বৃদ্ধির আশঙ্কাকে মাথায় রেখে একটি অঙ্গরাজ্যে সরকার পরিচালনা করেছে বামফ্রন্ট। ক্রমবর্ধমান বেকারি, আর্থিক বৈষম্যকে প্রতিহত করার ক্ষমতা একটি অঙ্গরাজ্যের সরকারের থাকে না। কিন্তু তা সত্ত্বেও দক্ষিণপন্থার মুখোমুখি দাঁড়িয়ে বামপন্থীরা কী করতে পারে তা প্রথম স্পষ্ট হয় ১৯৯৪-এ। শিল্পনীতি গ্রহণের সময়। পরবর্তীকালে ২০০৭-০৮। প্রতিটি ক্ষেত্রেই বামপন্থীদের লক্ষ্য ছিল কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প-বিনিয়োগ। সেই লক্ষ্যের চরম বিরোধী ছিল দেশের বহুজাতিক সংস্থাগুলি। ২০০৭-০৮-এ ‘জমির আন্দোলন’-এর নামে সেই বহুজাতিকদের পুঁজিই বামফ্রন্ট-বিরোধী বিভিন্ন শক্তির পিছনে ব্যবহৃত হয়েছে। পশ্চিমবঙ্গে বামপন্থীদের দুর্বল করা হয়েছে। স্বাভাবিকভাবেই দেশে বামপন্থীরা দুর্বল হয়েছে। শ্রমজীবীদের জীবনে টিকে থাকার চ্যালেঞ্জ লাগাতার বেড়েছে। কাজের হাহাকার মারাত্মক জায়গায় পৌঁছেছে রাজ্যে গত পনেরো বছরে, তৃণমূলের শাসনে। এই অবস্থায় পশ্চিমবঙ্গে কাজের দাবীই প্রবল। কিন্তু পৃথিবীতে ছড়ি ঘোরানো দেশের কর্পোরেটদের পক্ষে কাজের সুযোগ তৈরি করার সামর্থ্য নেই। ২০০৮-এর সংকট থেকে তারা এখনও বেরোতে পারেনি। এই পরিস্থিতিতে ধর্মের মোড়কে শোষণের পথ খুলতেই রাজ্যে বিজেপির সরকারে কায়েম হওয়া। প্রকাশের তারিখ: ০৯-নভেম্বর-২০২৬ |
© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত |