চারটি নির্বাচন: যুদ্ধ ও ব্যয়সংকোচের বিরুদ্ধে জবাব দিচ্ছে ব্যালট বক্স

এম এ বেবি

আমরা দক্ষিণপন্থার শোকগাথা লিখছি না। আমরা বুঝি যে তারা একটা ধাক্কা খেয়ে পিছু হঠেছে। তবে নিশ্চিতভাবেই এটা পরাজয় নয়। তাদের পরাজিত করা, ক্ষমতাচ্যুত করার জন্য দরকার আরও সংগঠিত সংগ্রাম, যা চালিয়ে যাওয়া যায় একটা শক্তিশালী কমিউনিস্ট কিংবা ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে। আমরা একথাও বুঝি যে,এই সব সংগ্রামগুলি চালাতে হবে গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিগুলির বৃহত্তর জোট  গড়ে তুলে। তবে এই নির্বাচনী ফলাফলগুলি জনগণের সংগ্রামগুলিকে আরও শ্বাস নেওয়ার পরিসর দেবে। এই চারটি নির্বাচন একটাই বার্তা দিয়েছে। তা হল, মানুষ আর নিষ্ক্রিয় হয়ে বসে নেই। যেখানেই সংগঠিত সংগ্রাম আছে ও বিশ্বাসযোগ্য বিকল্প রয়েছে,  সেখানেই স্রোতের অভিমুখ ঘুরে যেতে পারে। 

এখন বেশ কিছুদিন ধরে বিশ্বজুড়ে আধিপত্য কায়েম করেছে উগ্র দক্ষিণপন্থী শক্তিগুলি। তবে ব্যতিক্রম যে আছে, সেটাও সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, ব্রাজিল, ইজরায়েল এবং সার্বিয়ার নির্বাচনে কয়েকটি স্পষ্টভাবে প্রতীয়মান প্রবণতা দেখা যাচ্ছে যা খুবই গুরুত্বপূর্ণ। এটা উল্লেখ করার মতো যে এই চারটি দেশের অবস্থান চারটি ভিন্ন ভৌগোলিক অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্র হল গ্লোবাল নর্থের সবচেয়ে উল্লেখযোগ্য সাম্রাজ্যবাদী শক্তি। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ। ইজরায়েল সবচেয়ে অশান্ত ও সমস্যা কণ্টকিত এলাকা যেখানে খুব কাছাকাছি সহবস্থান করছে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ। অন্যদিকে সার্বিয়া হল সেই দেশ যা ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর সাম্রাজ্যবাদীদের রক্তক্ষয়ী নীতির প্রথম লক্ষ্যবস্তু ।

ব্রাজিলে দ্বিতীয় দফার ভোট নেওয়া হয় ২৫ অক্টোবর। একই দিনে ভোট হয় সার্বিয়ায়। ২৭ অক্টোবর নির্বাচন হয় ইজরায়েলে। ৩ নভেম্বর হয়েছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনগুলি হয়েছে চারটি মহাদেশে মাত্র দশ দিনের ফারাকে। নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, দক্ষিণপন্থীদের বজ্রমুষ্টি স্থায়ী নয়। যারা তাদের বেঁচে থাকাকে আরও ব্যয়বহুল ও কষ্টসাধ্য করে তুলেছে, যেখানেই সুযোগ পেয়েছেন মানুষ সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়েছে।

সাধারণ যোগসূত্রটা বস্তুগত

এই নির্বাচনগুলির যোগসূত্র ছিল বস্তুগত ভিত্তির ওপর গড়ে ওঠা সঞ্চিত ক্রোধ। জিনিসের দামবৃদ্ধি, জ্বালানির দামবৃদ্ধি, আবাসন সঙ্কট, শিক্ষা সঙ্কট ও বেকারি —এগুলিই হল ক্রোধের বস্তুগত ভিত্তি। এই ক্রোধে ঘৃতাহুতি দিয়েছে  দুর্নীতি এবং মানুষের ওপর  শাসকদের চাপিয়ে দেওয়া যুদ্ধ যে যুদ্ধের জন্য মানুষ কখনও ভোট দেয়নি। নয়া উদারবাদী অর্থনীতি যে দুর্দশা ডেকে এনেছে তাকেই পরিচিতি সত্তার ক্রোধে পরিণত করে উঠে এসেছিল উগ্র দক্ষিণপন্থীরা। 

এরা কোনও দীর্ঘস্থায়ী রিলিফ দিতে পারেনি ফলে খরচের বহর যখন বাড়ে তখন মানুষের ক্রোধও এদের ওপর গিয়ে পড়ে। দক্ষিণপন্থীরা নয়া উদারবাদের বিরোধিতা তো করেই না, উল্টে তার প্রচার করে। দক্ষিণপন্থী সরকারগুলির মধ্যেও একগুচ্ছ সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে  নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কাজকারবারের বেসরকারিকরণ ও একচেটিয়াকরণও (সার্বিয়ায় খাদ্যের খুচরো ব্যবসা, প্রায় সর্বত্র জ্বালানি ও শক্তি) অন্তর্ভুক্ত। এছাড়াও বিভিন্ন ধরনের অনিশ্চিত চুক্তি, ধনীদের করছাড়, সরকারি অর্থ যুদ্ধে খরচ করা এবং ক্রোনিদের উপহার দেওয়া-এসবও দক্ষিণপন্থীদের নীতির মূল জায়গা। এই একই কাঠামোর নানান ধরনের মিশেলের উদাহরণ পাওয়া যাবে ওপরে উল্লিখিত প্রতিটি দেশে। 

 মার্কিন যুক্তরাষ্ট্র: জিনিসের দাম, যুদ্ধের বিরুদ্ধে রায়

মার্কিন যুক্তরাষ্ট্রে মোটের ওপর ১০ জন ভোটারের মধ্যে ৯ জনই জানিয়েছেন যে নির্বাচনে গুরুত্বপূর্ণ কিংবা অন্যতম বড় ইস্যু হল জীবনধারনের খরচ। এবং প্রতি ১০ জন ভোটারের মধ্যে ৬ জন হাউজের ভোটে ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন। নির্বাচনের দিন গ্যাসোলিনের (পেট্রোলের) দাম ছিল  গড়ে গ্যালনপিছু  ৪.১৪ ডলার। তার মানে ইরান যুদ্ধের পর গ্যাসোলিনের দাম বেড়েছে ৩৮ শতাংশ। অ্যাসোসিয়েটেড প্রেসের জনমত সমীক্ষা থেকে দেখা গেছে প্রায় ৬০ শতাংশ ভোটার মনে করেছেন ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত ভুল ছিল। তার মানে এই যুদ্ধটাই ছিল জনমতের বিপক্ষে। তবে ভোটারদের এক তৃতীয়াংশ জানিয়েছেন নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যুদ্ধ। তার মানে যত শতাংশ লোকের কাছে জীবনধারণের বাড়তি খরচ ও দুর্নীতি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্য, যুদ্ধ গুরুত্বপূর্ণ ইস্যু ছিল তার চেয়েও কম শতাংশ লোকের কাছে। আসলে যুদ্ধের ইস্যু কাজ করেছে মূল্যবৃদ্ধির মাধ্যমে এবং এটাই সাধারণত হয়ে থাকে।

এর বিপরীতে বেড়েছে দুর্নীতি, বিপুল পরিমাণে বেড়েছে মুনাফা। ১০ জনের মধ্যে প্রায় ৬ জন ভোটার মনে করেছেন, ট্রাম্প দেশের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প গর্ব করে বলেছিলেন, যুদ্ধের কারণে তেল ও গ্যাস শিল্প কোটি কোটি ডলার মুনাফা কামাচ্ছে। কিন্তু পাম্পে এসে মানুষকে যে দুর্ভোগ সইতে হচ্ছে তার বিপরীতে ট্রাম্পের এই সাফল্যের বুক চাপড়ানিকে লোকে মোটেই ভালভাবে নেয়নি। গত বছর শুল্ক চাপানোর পর থেকে দামবৃদ্ধি শুরু হয়। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির দাম দারুন ভাবে বেড়ে যায়। 

নিজের সম্পদ বাড়ানোর সুযোগের পরিসর হয়ে উঠুক গোটা বিশ্ব, এভাবে পৃথিবীটাকে বদলে নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন ট্রাম্প। সেটা সামরিক বাজেট খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের জন্য ইউরোপীয় দেশগুলিকে চাপ দেওয়ার মাধ্যমেই হোক অথবা কিংবা নিজের পরিবারের ব্যবসায়িক স্বার্থবৃদ্ধির জন্যই হোক। বিশেষ করে গাজাকে ঘিরে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা ছিল অদ্ভুত। যে গাজা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের বিশ্বায়িত প্রতীক, তাকেই তিনি কল্পনা করলেন বিলাসবহুল রিয়েল এস্টেট হিসাবে, একটা তথাকথিত রিভিয়েরা হিসাবে, যাতে থাকবে ক্যাসিনোর মতো বিনোদনের জায়গা এবং সেগুলি হবে লাস ভেগাসের বিজনেস মডলের আদলে। যুদ্ধ ও গণহত্যায় যে দেশটা বিধ্বস্ত এবং যেখানকার অধিবাসীরা তাঁদের টিকে থাকার জন্য লড়ছেন, সেটাকেই ট্রাম্প চাইলেন ব্যক্তিগত মুনাফার মৃগয়াক্ষেত্র বানাতে। এতেই ট্রাম্পের রাজনীতির লুঠেরা চরিত্রের মুখোশ গভীরভাবে খুলে গিয়েছে। এমন দুর্নীতি, লোভ এবং নগ্ন মুনাফাবাজি নিঃসন্দেহে ট্রাম্প ও রিপাবলিকান পার্টি সম্পর্কে আরও অনেক লোকের মোহভঙ্গ করতে সাহায্য করেছে।

এখানে যা গুরুত্বপূর্ণ তা হল, সংগঠিত বামেদের উপস্থিতি যা অর্জন করতে পেরেছে। ৫ নভেম্বর লস এঞ্জেলেসের মেয়র নির্বাচিত হয়েছেন নিত্যা রামন। প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে তিনি হারিয়েছেন বিরোধী প্রার্থী কারেন বাসকে। জানিসি লুই জর্জকে ওয়াশিংটন ডিসির বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মামদানি জিতেছেন নিউ ইয়র্কে এবং কেটি উইলসন জিতেছেন সিয়াটেলে। ডিএসএ (ডেমোক্রেটিক সোশালিস্ট আমেরিকা) বলছে, কংগ্রেসে তাদের প্রতিনিধিত্ব চার গুণ বেড়েছে এবং এখন সংগঠনের সদস্য সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। এই মঞ্চের ইস্যু হল রুটিরুজি, নানান পরিষেবার বিল কম রাখা, সাধ্যের মধ্যে বাড়ি, স্বাস্থ্য পরিষেবা এবং শিশুদের সর্বজনীন যত্ন। সাধারণের দাবি মোটেই এটা নয় যে, ‘যা চলছে তাই চলুক’, এবং যা চলছে তা শুধু আরও উন্নত পরিচালনার অধীনে আসুক। আসলে এই ভোটের সার সত্য হল এই যে এটা ট্রাম্প ও রিপাবলিকানদের বিরুদ্ধে রায়, এবং মোটেই ডেমোক্রেটিক ব্যবস্থার পক্ষে সম্মতি নয়। কারণ ডেমোক্র্যাট পক্ষও নয়া উদারবাদী। ডিএসএ ডেমোক্র্যাট প্রার্থীদেরও পরাজিত করেছে এবং মডারেট ডেমোক্র্যাটদের সাফাই হল, বামদের সাফল্য মূলত সীমাবদ্ধ দেশের সবচেয় নীল এলাকাগুলিতে। 

ব্রাজিল:গণ জমায়েত, সার্বভৌমত্ব এবং সতর্ক প্রহরা

লুলা চতুর্থবার নির্বাচনে জিতেছেন প্রায় ৪৪ লক্ষ ভোটে। শতাংশের হিসাবে ধরলে ব্যবধান ৫২ ও ৪৮ শতাংশের। প্রথম বার ভোটে হেরেও তিনি দ্বিতীয় দফায় জেতায় লুলার জয় আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ১৯৮৯ সালে ব্রাজিলে  গণতন্ত্র ফিরেছিল। তারপর থেকে কোনও প্রার্থীই দ্বিতীয় দফার ভোটে জেতেননি। একথা বলা নিরাপদ যে তাঁর এই জয় গণ জমায়েত ও সমর্থন ফেরানোর কাহিনি। আইটিইউসি–এর মতে, এর কৃতিত্ব পুরোটাই সাধারণ মানুষের জমায়েতের এবং লক্ষ লক্ষ লোক গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার জন্য। এবং আইটিইউসি আরও বলেছে যে, উগ্র  দক্ষিণপন্থার উত্থান অপরিহার্য নয়।

ব্রাজিলের ব্যালটে ইস্যু ছিল সার্বভৌমত্ব। লুলা বলেছিলেন, ব্রাজিল কোনও দেশের পিছনের উঠান হবে না। ভোট প্রভাবিত করার চেষ্টা করছেন বলে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোয় লাতিন আমেরিকার দক্ষিণ দিকে মোড় ফেরার একটা প্রবণতা দেখা যাচ্ছিল। তাঁর জয় সেই প্রবণতাকে প্রতিহত করেছে।

ব্রাজিলের ভোটে ইস্যু ছিল গণতন্ত্রও। ফ্লাবিও বলসোনারো নির্বাচনে পরাজয় স্বীকার করতে চাননি। তিনি বলেছিলেন, ভোটের ফল বাতিলের দাবি জানাবেন। অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অপরাধে তাঁর বাবা ২৭ বছরের মেয়াদে জেল খাটছেন। তবে এই জয় সত্ত্বেও, সেদেশের লোকদের সতর্ক থাকতে হবে। কারণ, পুরনো ব্যবস্থা যখন পরাজয় মানতে অস্বীকার করছে তখন ব্যালট বক্সে জয় ওই মনোভাবের বিরুদ্ধে কোনও গ্যারান্টি হতে পারে না।

সার্বিয়া: 

দুর্নীতি বাস্তবিকই খুন করেছে মানুষকে,
তার উত্তর দিয়েছে ছাত্র আন্দোলন

ছাত্রদের থেকে শুরু হওয়া আন্দোলন ১৪ বছরের ভুচিক শাসনের অবসান ঘটিয়েছে। সিআরটিএ (সেন্টার ফর রিসার্চ, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি)–র সমীক্ষার তথ্য দেখাচ্ছে স্টুডেন্টস লিস্ট পেয়েছে ৫১.৪৭ শতাংশ ভোট। উল্টোদিকে ভুচিকের জোট পেয়েছে ৪০.৪২ শতাংশ ভোট। ভোটদানের হার ছিল ৭০ শতাংশ। গত তিন দশকে প্রায় সর্বোচ্চ। সার্বিয়ার স্টুডেন্টস লিস্ট একটা বড় পরিসরের, নির্দিষ্ট কোনও মতাদর্শহীন আন্দোলন (‌non-ideological movement)‌ যারা মনে করে কসোভো থাকুক সার্বিয়ার অবিচ্ছেদ্য অংশ। এই আন্দোলনের জয়কে দেখতে হবে  জনমুখী, দুর্নীতি-বিরোধী জয় হিসাবে। স্টুডেন্টস লিস্ট–এর জন্ম হয়েছিল নোভি সাড স্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনার জেরে। দিনটা ছিল ১ নভেম্বর, ২০২৪। ওই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। দুর্নীতির কারণে সাধারণ মানুষের মৃত্যু ভুচিকের একটানা শাসনের অবসান ঘটিয়েছে।

স্টুডেন্টস লিস্ট এর প্রচারে যে কর্মসূচির উল্লেখ করা হয়েছে তাতে র‌য়েছে স্থির–মেয়াদি চাকরির সীমা ১২ মাসের কম হলে চলবে না, খাদ্যপণ্যের দামে আমদানি লবির নিয়ন্ত্রণ কমাতে হবে, সাধ্যায়ত্ত আবাসনের ব্যবস্থা করতে হবে, ওষুধের দাম কমাতে হবে। পরিকল্পনায় কর ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাবও রয়েছে যা সম্পদশালীদের ওপর লেভি বাড়াবে এবং কম আয়গোষ্ঠীর লোকেদের জন্য করভার হ্রাস করবে। ভূরাজনৈতিকভাবে, ১৯৯৯ সালের ন্যাটো বাহিনীর বোমাবর্ষণ একটা প্রাসঙ্গিক বিষয় হিসাবে থাকবে। জ্বালানির ক্ষেত্রেও একই কথা। গাজপ্রম সার্বিয়ার সবচেয়ে বৃহৎ গ্যাস সরবরাহকারী সংস্থা। এই সংস্থা বছরে প্রায় ২.২ বিসিএম গ্যাস সরবরাহ করে বাজার দরের চেয়ে কম দামে। ২০২৫ এর অক্টোবরে রুশ মালিকানাধীন এনআইএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে স্টুডেন্টস লিস্ট। ইজরায়েল ‘‌পরিকল্পিত ভাবে চেষ্টা করছে প্যালেস্তিনিয় জনগণকে ধ্বংস করতে’‌— বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করে তার বিরোধিতা করেছে স্টুডেন্টস লিস্ট। তারা প্রতিশ্রুতি দিয়েছে, প্যালেস্তাইনে মানবিক সহায়তা বাড়ানো হবে।

ইজরায়েল:পিছু হঠা, কিন্তু সম্পূর্ণ পরাজয় নয়

ইজরায়েলের সাম্প্রতিক নির্বাচনকে দেখা যেতে পারে নেতানিয়াহুর পিছু হঠা হিসাবে। নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩ আসন, তবে গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি। যদিও তাঁর দল লিকুদ এখনও সর্ববৃহৎ পার্টি  যাদের এমপি ২৭ জন। উল্টোদিকে গাদি আইজেনকোটের ইয়াসার পেয়েছে ২১ আসন। প্রধান বিরোধী ব্লক পেয়েছে ৪৮টি আসন এবং আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন। আরব ভোটারেরা প্রচুর সংখ্যায় ভোট দিয়েছেন এবং তাঁদের যে লাভ হয়েছে তাতে আইজেনকোট বেশি বেশি করে জয়েন্ট লিস্ট দলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। দুটি আরব দলের মধ্যে বড় হল জয়েন্ট লিস্ট। আইজেনকোট প্রাক্তন সেনাপ্রধান, ইরানের বিরুদ্ধে পদক্ষেপে তিনি মদত দিয়েছিলেন। তিনি ধ্বংসাত্মক দাহিয়া নীতির স্থপতি হিসাবে পরিচিত। জয়েন্ট লিস্ট গাজা যুদ্ধ ও ওয়েস্ট ব্যাঙ্ক দখল করার বিরোধী। জয়েন্ট লিস্টের মধ্যে কমিউনিস্ট পরিচালিত ফ্রন্ট হাদাশ ভ্রাতৃত্বমূলক শক্তি হিসাবে উল্লেখ করার যোগ্য।
এই নির্বাচনগুলিতে যুদ্ধের প্রেক্ষিত খুবই গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধই নির্ধারক  উপাদান নয়। চ্যানেল ১২র সমীক্ষা জানিয়েছে, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অর্থনীতি। এঁরা ছিলেন ২১ শতাংশ। ইরান যুদ্ধকে প্রাথমিক গুরুত্ব দিয়েছেন ১০ শতাংশ ভোটার। ১০ নভেম্বর নতুন নেসেটের শপথ নেওয়ার কথা ছিল। তবে সরকার গঠন এখনও অনিশ্চিত রয়ে গেছে। আরব পার্টিগুলির সমর্থন বাড়ায় বামেরা তাদের শক্তি বাড়িয়েছে এবং আরব পার্টিগুলির কারণেই নেতানিয়াহুর ব্লক গরিষ্ঠতা পায়নি।

বেঁচে থাকার খরচ বৃদ্ধির সঙ্কট ও যুদ্ধ অর্থনীতি

২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী বন্ধ। ফলে বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল ও এলএনজি ব্যবসার এক পঞ্চমাংশ বন্ধ হয়ে রয়েছে। কাতারের রাস লাফান কমপ্লেক্সে হামলা বিশ্বের এক ষষ্ঠমাংশ এলএনজি সরবরাহ অকেজো করে দিয়েছে। বেআইনি, একতরফা মার্কিন-ইজরায়েলের যুদ্ধ জ্বালানির দাম বৃদ্ধির আশু কারণ এবং সেই কারণে ভুগতে হচ্ছে গোটা দুনিয়াকে। 
রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের নিষেধাজ্ঞা এবং সস্তার রুশ তেলের বদলে অন্য সূত্রগুলি থেকে জ্বালানি তেল আনার চেষ্টার কারণে বিভিন্ন দেশে তেলের দাম যেমনতেমনভাবে  বেড়েছে। ইউরোপে বেঞ্চমার্ক গ্যাসের দাম এবছরে বেড়েছে ১৫০ শতাংশের বেশি। যদি যুদ্ধ শেষও হয়, তাহলেও পরিবারগুলিকে ও কোম্পানিগুলিকে অন্তত আরও একটা বছর জ্বালানির চড়া দাম গুণতে হবে। রাশিয়ার পাইপ লাইনের গ্যাসের বদলে এলএনজি আনার চেষ্টা ভূরাজনৈতিক সঙ্কটের পথ খুলে দিয়েছে। 

ইউরোপে এখন সবচেয়ে বেশি এলএনজি ও পেট্রোল সরবরাহ করছে আমেরিকা। নিষেধাজ্ঞার রাজনীতির চড়া দাম, ক্রমশ বেড়ে চলা সামরিকীকরণ, এবং শস্তার জ্বালানি পাওয়ার সম্পর্ক ভেঙে যাওয়া, এর পুরো দায়টাই বাড়তি খরচ হিসাবে সরাসরি শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের এলএনজি সরবরাহকারীরা তাদের ব্যবসা দারুণ হারে বৃদ্ধি করেছেন।

যারা স্থিতাবস্থাকে সমর্থন করার চেষ্টা করছে তারা একথা স্বীকার করবে না যে, নয়া উদারাবাদী জ্বালানি ব্যবস্থার অভ্যন্তরীণ বৈশিষ্ট্যই হল জ্বালানির অরক্ষিত অবস্থা, যা সাধারণ মানুষের চাহিদাকে ছেড়ে রাখে বাজার ও ভূরাজনীতির খামখেয়ালের ওপর। যুদ্ধটা সেই পরিস্থিতিতে নতুন করে একটা ধাক্কা দিয়েছে।

সংগ্রাম গড়ে তোলার জন্য শিক্ষা নিতে হবে

যখন মানুষের দৈনন্দিন কষ্ট-যন্ত্রণার সঙ্গে বৃহত্তর রাজনৈতিক প্রশ্ন জুড়ে যায় তখনই আন্দোলন জয়ী হয়। সার্বিয়ায় ছাত্রদের প্রতিবাদ, ব্রাজিলে ভোটার সংখ্যা বাড়ানোর জন্য উদ্যোগ, ভাড়াটের অধিকার ও পরিষেবা ইস্যুতে ডিএসএর প্রচার তেমনই সব বৃহত্তর রাজনৈতিক প্রশ্ন। এটা বারে বারে প্রমাণিত হয়েছে যে সুস্পষ্ট সামাজিক কর্মসূচির সঙ্গে বৃহত্তর ফ্রন্ট মিললে তা ঠিকমতো কাজ করে। দাম নিয়ন্ত্রণ, আবশ্যিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরকারি মালিকানা, শান্তির প্রশ্ন, বড়লোকেদের ওপর কর চাপানোর প্রশ্ন ইতাদির মতো জনগণের বস্তুগত দাবিগুলি দীর্ঘকালীন রাজনৈতিক গতিপথকে বদলে দিতে পারে। এবং এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে বারে বারে জোর দিতে হবে। 

ভারতও এর বাইরে নয়। জ্বালানি, সার এবং খাদ্যের দাম ইতিমধ্যেই যুদ্ধ অর্থনীতিকে ভারতের গৃহস্থালির মধ্যে টেনে এনেছে। ২০২৬ সালের মে মাসে উপভোক্তা দামভিত্তিক সূচকে মূল্যস্ফীতির হার ছিল ৩.৯ শতাংশ। এর পিছনে রয়েছে জ্বালানির দাম লিটারে ৭ টাকা ৫০ পয়সা বৃদ্ধি এবং খাদ্যপণ্যের দামবৃদ্ধির চাপ। এ বছরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বিপুলভাবে বেড়েছে। সরকারি ভাষ্যে এর দায় চাপানো হবে সাধারণ বিশ্বায়িত বিষয়গুলির ওপর। আমাদের রাজনৈতিক কাজ হল মোদি সরকার যে সব নীতি বেছে নিয়েছে জনসমক্ষে তার মুখোশ খুলে দেওয়া, যার মধ্যে পড়ে আমদানি করা জ্বালানির ওপর এই সরকারের নির্ভরতা, ওয়াশিংটনের যুদ্ধ সমর্থনকারী বিদেশ নীতি এবং এমন একটা বাজেট যা ধনীদের ভরতুকি দেয় অথচ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে শ্রমিকদের অনেক বেশি দাম দিতে হয়। 

আমরা দক্ষিণপন্থার শোকগাথা লিখছি না। আমরা বুঝি যে তারা একটা ধাক্কা খেয়ে পিছু হঠেছে। তবে নিশ্চিতভাবেই এটা পরাজয় নয়। তাদের পরাজিত করা, ক্ষমতাচ্যুত করার জন্য দরকার আরও সংগঠিত সংগ্রাম যা চালিয়ে যাওয়া যায় একটা শক্তিশালী কমিউনিস্ট কিংবা ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে। আমরা একথাও বুঝি যে,এই সব সংগ্রামগুলি চালাতে হবে গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিগুলির বৃহত্তর জোট  গড়ে তুলে। তবে এই নির্বাচনী ফলাফলগুলি জনগণের সংগ্রামগুলিকে আরও শ্বাস নেওয়ার পরিসর দেবে। 

এই চারটি নির্বাচন একটাই বার্তা দিয়েছে। তা হল, লোকেরা আর নিষ্ক্রিয় হয়ে বসে নেই। যেখানেই সংগঠিত সংগ্রাম আছে ও বিশ্বাসযোগ্য বিকল্প রয়েছে,  সেখানেই স্রোতের অভিমুখ ঘুরে যেতে পারে। তবে স্রোতের অভিমুখ তখনই ঘোরে যখন লড়াই থাকে সংগঠিত। এখানে আবেদনটা হল ধারাবাহিক সংগ্রাম করে যেতে হবে, ধৈর্য ধরে তেমন সংগঠন গড়ে তোলার কঠিন কাজ চালিয়ে যেতে হবে যা দক্ষিণ পন্থার পরবর্তী পিছু হঠাকে বিপুল পরাজয়ে রূপান্তরিত করতে পারে। 

ঋণ:পিপলস ডেমোক্রেসি
ভাষান্তর: সুচিক্কণ দাস 


প্রকাশের তারিখ: ২২-নভেম্বর-২০২৬

© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ আলিমুদ্দিন স্ট্রীট , কলকাতা ৭০০০১৬, +91 33 2217 6638, +91 70599 23957
marxbadipath.22@gmail.com
www.marxbadipath.org