|
এই প্রজন্মের বিপ্লবী কিউবানদের মুখোমুখি (১)রবার্ট গ্রিফিথস |
ব্রিটিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রবার্ট গ্রিফিথস সম্প্রতি কিউবার কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কিউবা সফরে গিয়েছিলেন। তাঁর দুই পর্বের সফরনামার এই প্রথম অংশে তিনি তুলে ধরেছেন কিউবার সাফল্য, অর্থনৈতিক প্রতিবন্ধকতা ও সেখানকার চিত্তাকর্ষক শিক্ষাব্যবস্থাকে। |
জোয়েল কুয়েইপো রুইজ রেখে ঢেকে কথা বলেন না এবং স্পষ্ট কথাতেই কিউবার অর্থনৈতিক প্রতিবন্ধকগুলি চিহ্নিত করলেন। কিউবার কমিউনিস্ট পার্টির অর্থনীতি বিভাগের প্রধান তিনি, একইসঙ্গে পার্টির কেন্দ্রীয় কমিটি ও সম্পাদকমণ্ডলীর সদস্য। সুতীক্ষ্ণ এবং স্বচ্ছন্দ হয়েই তিনি আমাকে বললেন, তাঁর দেশের বিদ্যুৎ উৎপাদন আরো উন্নীত ও বিস্তৃত হতে হবে, কমাতে হবে খাদ্য আমদানির উপর নির্ভরতা, অন্য দেশ থেকে কাঁচামাল প্রাপ্তির সম্ভাব্য নতুন উৎসের সন্ধান করতে হবে, উৎপাদন ক্ষেত্রের অধিকতর শক্তিশালী ও আরো উন্নত ভিত্তি তৈরি করতে হবে, পর্যটন শিল্পের পুনরুজ্জীবন ও সম্প্রসারণ করতে হবে, এবং এই লক্ষ্যমাত্রার অধিকাংশকে যুক্ত করে আরো বেশি আন্তর্জাতিক লগ্নি ও বৈদেশিক মুদ্রার অর্জনের পথে এগোতে হবে। তেলের ঘাটতি গৃহস্থ ও দোকানি সহ সমস্ত শ্রমজীবী জনগণের বিরক্তি উদ্রেক করে স্থানীয় স্তরে ও বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ ছাঁটাইয়ের ঘটনাকে অনিবার্য করে তুলেছে। দ্বীপাঞ্চলের বিদ্যুৎ চাহিদার অর্ধেক পূরণ হয়, কিউবার সঙ্গে বাণিজ্য সম্পর্কের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ভেনেজুয়েলা থেকে উদার শর্তে আমদানির মাধ্যমে; এক তৃতীয়াংশ আসে উত্তর পশ্চিম সৈকতাঞ্চলে কিউবার নিজস্ব তেলক্ষেত্র থেকে, বাকিটা মেটে রাশিয়ার রপ্তানির মাধ্যমে। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে, বর্তমান ব্যবহারের নিরিখে আরো ৬০ বছরের জন্যে পর্যাপ্ত মজুতভাণ্ডার নিয়ে কিউবা স্বনির্ভর। কিন্তু অবিলম্বে পুনরুদ্ধারযোগ্য তেল বাড়তি প্রযুক্তি ও যন্ত্রপাতির সংযোজন না হলেও আগামী ১০ বছরে নিঃশেষ হয়ে যাবে। ফলেই এটা বিস্ময়কর নয় যে হাভানার সরকার বাতাস ও সৌরশক্তির উপর উচ্চ অগ্রাধিকার দেয়। আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রবল নির্ভরশীল কিউবার অর্থনীতি ২০২১-এর বসন্তকালীন কোভিড অতিমারীর সময়পর্ব থেকে দুরন্ত উত্থানের মাধ্যমে ২০২২-এর বর্ষশেষ থেকে পরবর্তী বছরে প্রবেশ করেছে ১১ শতাংশ ত্রৈমাসিক বৃদ্ধিকে সঙ্গী করে। কিন্তু অন্তর্নিহিত সমস্যাগুলি মাথাচাড়া দিয়ে উঠতেই সেটা আবার পিছিয়ে পড়তে শুরু করেছে। প্রকৃত হিসাবে, অর্থনৈতিক উৎপাদন আবার ডোনাল্ড ট্রাম্পের বাড়তি বাণিজ্যিক নিষেধাজ্ঞা, কোভিড ও আয়ান ঘূর্ণিঝড়ের ত্রিফলা ঝাঁকুনি আসার এক দশক আগেকার জায়গায় ফিরে গেছে। ২০২২-এ বৃদ্ধির হার হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র অর্ধেক এবং ২০২৩-এর সরকারিভাবে প্রত্যাশিত হার কমিয়ে আনা হয়েছে মাত্র ৩ শতাংশে। সমাজতান্ত্রিক মূল্যবোধ ও অগ্রাধিকারের ক্ষেত্রে দেশটি থেকে যেমনটা প্রত্যাশিত, সেই অনুযায়ীই লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলা ও নিকারাগুয়ার পাশাপাশি কিউবাতে কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে কম। রুইজ জানাচ্ছেন, সংকটের ওই সময়পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে কিউবাকে অক্সিজেন, ভেন্টিলেটর ও ভ্যাকসিন বিক্রয়ে বাধা প্রদানের অভিযান চালানো সত্ত্বেও, এটা সম্ভব হয়েছে। এমনকি তৃতীয় বিশ্বের কিছু সম্ভাব্য সরবরাহকারীকে মার্কিনী অর্থনৈতিক স্বার্থরক্ষাকারী মহল কিনে পর্যন্ত নিয়েছিল, যাতে ওই দ্বীপাঞ্চলে এই জরুরি সামগ্রীর বিক্রয় থেকে তাদের বিরত করা যায়। এই পরিস্থিতিতে কিউবা প্রত্যুত্তর দিয়েছে নিজস্ব ভেন্টিলেটর ও ভ্যাকসিন। এখনও পর্যন্ত তিনটি ভ্যাকসিনের ব্যবহার হচ্ছে। অনুর্ধ্ব ১৫ বছরের সমস্ত শিশুদের ভ্যাকসিন প্রদান ও সারা পৃথিবীর দরিদ্র দেশগুলিকে ভ্যাকসিন সরবরাহ করার মধ্য দিয়ে। প্রায় ৪০,০০০ কিউবান স্বাস্থ্যকর্মী এই মুহূর্তে স্বল্প ব্যয়ে অথবা বিনামূল্যে বিদেশের মাটিতে সেবা প্রদান করে চলেছে কোভিড ও অন্যান্য প্রাণঘাতী অথবা গুরুতর রোগের মোকাবিলায়। বায়োমেডিকেল ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কিউবার চমকপ্রদ সাফল্যে নেতৃত্ব দিচ্ছে বায়োকিউবাফার্মা নামের ৩০টি কোম্পানি ও প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ, যেখানে অধিকাংশই রাষ্ট্রীয় মালিকানাধীন। সমাজতান্ত্রিক কিউবা জীবন বাঁচাতে স্বাস্থ্যকর্মী ও ওষুধ রপ্তানি করে। আর পুঁজিবাদী ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স জীবন-বিধ্বংসী অস্ত্র রপ্তানিতেই অগ্রাধিকার প্রদান করে। হাভানার উপকন্ঠে থাকা বায়োকিউবাফার্মার জিনতত্ত্ব প্রকৌশল ও জৈবপ্রযুক্তি কেন্দ্র বা সেন্টার অব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (সিআইজিবি) পরিদর্শন করতে গেলে আমাকে মেরারদো পুজল সবিস্তারে ব্যাখ্যা করলেন, কীভাবে ঔষধ, পশুচিকিৎসা, কৃষি ও খাদ্য শিল্পসামগ্রীর যুগান্তকারী গবেষণা, উন্নয়ন, উৎপাদন ও বন্টনের মাধ্যমে বিপুল অগ্রগতি অর্জিত হয়েছে। কোভিড-১৯ এর পাশাপাশি আরো নানা রোগের সংক্রমণ (যেমন হেপাটাইটিস বি), ডিম্বাশয় ও মূত্রস্থলীর ক্যান্সার, মস্তিষ্কের পক্ষাঘাত ও রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসাও এর মাধ্যমে সম্ভব হয়েছে। সিআইজিবি-র অসংখ্য উৎপাদিত দ্রব্য সারা বিশ্বজুড়ে পেটেন্ট পেয়ে বাজারীকৃত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষকে উপশম জুগিয়েছে। উল্লেখযোগ্য ব্যতিক্রম শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া। পুজল ও তাঁর সহযোগীরা প্রচেষ্টা চালাচ্ছেন চীন ও স্পেনে তাঁদের চলমান সহযোগী প্রকল্পের পাশাপাশি ব্রিটেনে অন্য সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার। উন্নয়ন ও লাইসেন্স প্রক্রিয়ার অর্থব্যয়ের জন্যেও পুঁজি বিনিয়োগ প্রয়োজন। আধুনিক ও সুবিশাল বায়োকিউবাফার্মা পরিসরের বৈপরীত্যে রয়েছে আর্টেমিসা প্রদেশের দিকে পশ্চিমমুখী ঘন্টাখানেকের দূরত্বে অবস্থিত গ্রাম ও শহরগুলি, যা বিগত সেপ্টেম্বরের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রূপ ধারণ করেছে। প্রতিটি ঘূর্ণিবাত্যায় কিউবার স্থানীয় ও জাতীয় কর্তৃপক্ষকে সম্ভাব্য যাবতীয় রসদের সর্বাত্মক ব্যবস্থাপনা করতে হয় ঘূর্ণিবাত্যা পূর্ববর্তী প্রস্তুতি ও ধ্বংসলীলার পরের পুনর্গঠনের জন্যে। ৭৫,০০০ এরও বেশি মানুষের স্থানান্তরের প্রক্রিয়ায় প্রাণ হারিয়েছেন মাত্র তিনজন। যদিও পশ্চিমাঞ্চলের ঘরবাড়ি, খামার, কর্মস্থল, মাছের ভেড়ী ও বিদ্যুৎ কেন্দ্রগুলি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিত্তাকর্ষক বিষয়টি হল, বাহিয়া হন্ডা শহরের আমি যেখানেই গিয়েছি, সেটা পৌরসভা, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় বা বয়স্ক সহায়তা কেন্দ্রই হোক, সর্বত্র নারীরাই উচ্চতম পদে আসীন। তাঁরা আমাদের দেখালেন ফ্লোরিডার দিকে সরে যাওয়ার আগে আয়ান ঘূর্ণিঝড় কী ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে সেখানে। তবে গণ পরিষদের কর্মকর্তা বা অন্য নাগরিক প্রতিনিধিদের মধ্যে বাস্তবতার উপলব্ধি, সঙ্গে আশাবাদ ও অবিচলিত মানসিকতার এক মিশ্র অভিব্যক্তি নির্ভুলভাবে সর্বত্রই দেখেছি। শহরের বয়স্ক সহায়তা কেন্দ্রের পুনর্গঠন করা হয়েছে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে। এখানে ৩৮ জন আবাসিক রয়েছেন যাদের অধিকাংশই শারীরিকভাবে অক্ষম; উচ্চরক্তচাপ ও স্মৃতিভ্রংশের শিকার এবং পরিবারহীন। এখানকার প্রাথমিক পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একটি ছোট ফার্মেসি, দন্ত চিকিৎসা ও পোষাক পরিচ্ছদ ধোয়ার ঘর, একটি রোগ পরীক্ষণ কেন্দ্র, একজন আবাসিক চিকিৎসক এবং খান দশ বারো নার্সিং ও সহায়ক কর্মী। একটি জরুরি চিকিৎসা বিভাগ রয়েছে যা স্থানীয় জনগোষ্ঠীর জন্যেও উন্মুক্ত। এই কেন্দ্রের জরুরিভাবে প্রয়োজন ছিল হুইলচেয়ারের (সাতজন অঙ্গহীন আবাসিকের জন্যে), হাঁটার ফ্রেম এবং ভেঙে যাওয়া ইলেকট্রন স্পেকট্রোমিটারের বদলে নতুন যন্ত্রের সরবরাহ। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাদ মেরামত হচ্ছিল। তা সত্ত্বেও সমস্ত নারীকর্মী ও শিশুরা ছিল দারুণ প্রাণবন্ত। তাদের অনেকেরই পরনে ছিল হোসে মার্তি পায়োনিয়ারের সাদা শার্ট ও লাল রঙের গলার রুমাল। সেখানে শিক্ষক ছাত্রের অনুপাত একের সাথে পনেরো (স্কটল্যান্ডের সমতুল, তবে ইংল্যান্ড ও ওয়েলসের শ্রেণিগত আয়তনের চেয়ে উল্লেখযোগ্য ভাবে কম)। বেশিরভাগ দেশে বিশেষায়িত বিদ্যালয়ের ক্ষেত্রে এই অনুপাত সাধারণভাবে কমই এবং কিউবাও ব্যতিক্রম নয়। আবার হাভানার দৃষ্টিশক্তিহীন ও সীমিত দৃষ্টিশক্তির ছাত্রদের শিক্ষাপ্রতিষ্ঠান আবেল সান্টামারিয়া বিদ্যালয়ে শিক্ষকমণ্ডলীর ৪৮ জনের মধ্যে বেশিরভাগ নারী। তাদের ৬১ জন আবাসিক ছাত্রদের মধ্যে ১৭ জন সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন। এরই পাশাপাশি বাড়িতে থেকে বিদ্যালয়ে আসে এমন আরো অন্য ১০০ জন শিক্ষার্থীকেও সাহায্য ও সমর্থন প্রসারিত করা হয়। শিক্ষকমণ্ডলী ও সহায়ক কর্মীদের আত্মোৎসর্গের মনোভাব প্রকৃতপক্ষেই গভীর মর্মস্পর্শী। ইউনিসন সহ বর্হিদেশের অন্য সমস্ত দাতাদের কাছ থেকে সহমর্মিতার সামগ্রী পেয়ে তারা খুবই কৃতজ্ঞ। বিপ্রতীপ বাস্তবতাকে কাটিয়ে ওঠার লড়াইয়ে তারা সহায়তা নিয়েছে ব্রেইল যন্ত্র, দৃষ্টিশক্তি ও চলৎশক্তি সহায়ক, সাঙ্গীতিক যন্ত্র, বিশেষ ধরণের কম্পিউটার সামগ্রী এবং অশ্বারোহণ থেকে বাকশক্তিবর্ধক চিকিৎসা সহ সবকিছুরই। এর উদ্দেশ্য ছিল অ-বিশেষায়িত বিদ্যালয়ের শিশুদেরকেও যথাসাধ্য সহায়ত প্রদান করা ওই সুদৃশ্য লা সিউদাদ লিবারতাদ (দ্য সিটি অব লিবার্টি) ক্যাম্পাসেই, যা এক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত একনায়কতন্ত্রী শাসক ফালজেনসিও বাতিস্তার সদর দপ্তর ছিল। যখন নারী সদস্যদের গানের দল ব্রিটেনের কমিউনিস্ট পার্টির অতিথিদের আমিগোস পারা সিয়েম্প্রে (চিরদিনের বন্ধু) গেয়ে স্বাগত জানায়, তখন চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। তারপরই ফিরে আসে মার্কিনী অবরোধ জনিত কঠোর বাস্তবতার কথা, যখন কর্মীরা জানালেন কীভাবে মাঝেমাঝেই তাঁরা ছাপার টোনার, কালো মার্কার কলম, আঠা, আঁকার রঙ তুলির মত আরো অসংখ্য সাধারণ সামগ্রীর অভাবে ভোগেন। তারপরও কিউবার বিপ্লবী প্রাণশক্তিকে ধ্বংস করা যাবে না। একথা আমাকে বললেন ইউনিয়ন অব ইয়ং কমিউনিস্টস-এর (ইউজেসি) নেতৃবৃন্দ, যাদের প্রথম ও দ্বিতীয় সম্পাদক- আইলিন আলভারেজ ও লিসারা করোনা- দু’জনেই নারী। তাঁদের কার্যালয়ে বসে ওরা তুলে ধরলেন কিউবার সমস্যাবলী মোকাবিলায় নবীন শ্রমিক, ইউজেসি ও ইউনিভার্সিটি স্টুডেন্টস ফেডারেশনের মত গণসংগঠনের ভূমিকাকে, বিশেষ করে যে সমস্যাবলী যুব সমাজের উপরই সর্বাধিক অভিঘাত তার মোকাবিলায় তাদের কর্মকাণ্ডের কথা। বহু নবীন শ্রমিকরা ছিলেন বিধ্বস্ত শক্তি ক্ষেত্রে কর্মরত। তরুণ বিজ্ঞানী ও কর্ম ব্রিগেডগুলি তখন কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে ইউজেসি-র প্রকল্পগুলি চালনা হয়েছে স্ব-উদ্যোগে আবাসন তৈরির জন্যে জমির ব্যবস্থা করার জন্যে। পশ্চিমের পুঁজিবাদী বিচ্ছিন্নতা, নাস্তিবাদ বা নিহিলিজম, সমাজবিরোধী মানসিকতা, মাদক ও সুর আসক্তি ও শ্রেণিবর্জিত পরিচিতি সত্তার রাজনীতির বিরুদ্ধে ‘সাংস্কৃতিক যুদ্ধ’কে ইউজেসি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ওরা আমাকে বললেন, ‘আমাদের কাছে বিকল্প হল আন্তর্জাতিকতাবাদ, শরীর ও মনের সুস্বাস্থ্য, জীবনমুখী সঙ্গীত ও রঙ’। হাভানার সদর অঞ্চলের ‘বিপ্লব ক্ষেত্র’ বা রিভোল্যুশন স্কোয়ার কেন্দ্রিক হারমানোজ সাইজ অ্যাসোসিয়েশনের প্রেরণাদায়ী কর্মকাণ্ডে প্রগতিশীল ও সমাজতান্ত্রিক সংস্কৃতি পর্যাপ্ত আকারে ধারাবাহিকভাবে প্রতিফলিত হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ড্যানেলিস হার্নান্দেজের পৌরোহিত্যে অ্যাসোসিয়েশনের শিল্পকলা, সঙ্গীত ও সংযোগ বিভাগের প্রধানদের সাথে এক সভায় তারা এই দেশব্যাপী সংগঠন ও তার কর্মকাণ্ডের কথা ব্যাখ্যা করলেন। তাদের কর্মসূচি ও প্রকাশনায় শিল্প সংস্কৃতির প্রতিটি শাখার অভিব্যক্তি জনগনের কাছে নিয়ে যাওয়া হয়। নতুন ধারার শিল্পী, স্রষ্টা ও চর্চাকারীদের পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। এই সংগঠনের ঘোষিত লক্ষ্য হচ্ছে শিল্পকলা ও সাহিত্যের সৃজনশীলতা, নবীন প্রজন্মের সমালোচনা ও সাংস্কৃতিক গবেষণা, ‘বিপ্লব বিরোধী ভুল ব্যাখ্যা ও বিকৃত উপস্থাপনা ব্যতিরেকে’ নৈতিক অবস্থান থেকে সদস্যদের সৃজনশীলতার স্বাধীনতা এবং শিল্প সংস্কৃতি ও সাহিত্যিক সৃষ্টিকে উৎসাহিত করা। ঋণ: মর্নিং স্টার, লন্ডন প্রকাশের তারিখ: ১৩-জানুয়ারি-২০২৩ |
© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত |