|
এই প্রজন্মের বিপ্লবী কিউবানদের মুখোমুখি (২)রবার্ট গ্রিফিথস |
ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রবার্ট গ্রিফিথস সম্প্রতি কিউবার কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কিউবা সফরে গিয়েছিলেন। তাঁর দুই পর্বের সফরনামার আজ শেষ অংশ। এই পর্বে গ্রিফিথস দ্বীপরাষ্ট্রে বাণিজ্য ও লগ্নিতে নতুনতর গুরুত্বারোপ এবং আন্তর্জাতিক সম্পর্ক, সামাজিক প্রকরণ, ধর্মবিষয়ক দৃষ্টিভঙ্গি, ট্রেড ইউনিয়ন ও নির্বাচন সম্পর্কে কিউবার অবিচল সমাজতান্ত্রিক নীতির উপর আলোকপাত করেছেন। |
২০২২-এর নভেম্বরে আমার কিউবা সফর শুরু হল কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্টির আন্তর্জাতিক বিভাগের উপপ্রধান জুয়ান কারলোস মারসান ও ইউরোপীয় অংশের দায়িত্বপ্রাপ্ত বেলকিস লে রডরিগেজের সাথে আলোচনা দিয়ে। তাঁরা দুজনেই ব্রিটেনের কমিউনিস্ট পার্টি, দ্য মর্নিং স্টার, ট্রেড ইউনিয়নসমূহ ও অন্যান্য নিবেদিতপ্রাণ মঞ্চগুলির সহমর্মিতামূলক প্রচারাভিযানের জন্যে তাঁদের কৃতজ্ঞতা প্রকাশের জন্যে উন্মুখ হয়ে ছিলেন। তাঁরা খুবই উৎসাহিত ছিলেন ৩ নভেম্বর, ২০২২-এ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় কিউবার উপর ‘মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অর্থনৈতিক, বাণিজ্যিক ও অর্থকরী অবরোধ’-র বিরুদ্ধে ভোটের ফল নিয়ে, যা বিগত ৩০ বছর ধরে এক নাগাড়ে চলেছে। মাত্র দু’টি দেশ এই নিষেধাজ্ঞার সমর্থন করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। দু’টি দেশ বিরত থেকেছে ভোটে, জাইর বোলসোনারোর নেতৃত্বাধীন তখনকার ব্রাজিল ও ইউক্রেন, যেখানে সব বিরোধী দল নিষিদ্ধ এবং ট্রেড ইউনিয়ন কন্ঠরুদ্ধ। তাঁরা একই সাথে খুবই উচ্ছসিত কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টি সমূহের ষোড়শ আন্তর্জাতিক বৈঠকের সিদ্ধান্ত নিয়ে, যে বৈঠক অনুষ্ঠিত হয় অক্টোবরের শেষে হাভানায়। অংশগ্রহণকারীদের মধ্যে খানিক মতপার্থক্য সত্ত্বেও, প্রধানত ইউক্রেন যুদ্ধ নিয়ে, কিউবার কমিউনিস্ট পার্টির উদ্যোগ ক্রমে ২০২৩ বর্ষের জন্যে একটি সম্মিলিত ঘোষণাপত্র ও কার্যক্রম গৃহীত হয়েছে। নিশ্চিতভাবেই মার্কিনী অবরোধের নিন্দায় সেখানে ঐক্যমত ছিল। মারগান বললেন রাষ্ট্রপতি জো বাইডেনের কার্যকালে ইতিমধ্যেই অবরোধের জন্যে কিউবার অর্থনীতির ক্ষতির পরিমাণ এখন অবধি দাঁড়িয়েছে ৬০০ কোটি ডলারে। তিনি হিসেব করে বললেন, ‘তার মানে বাণিজ্য ও লগ্নিতে আমরা প্রতিদিন ১৫ লক্ষ ডলারের ক্ষতি স্বীকার করি। এবং তারপরও আমরা প্রতীক্ষায় রয়েছি তাঁর ট্রাম্পের চাপানো বাড়তি অবরোধ প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণের।’ বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিউবায় অর্থ প্রেরণ ও বিমান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিল করেছেন এবং এমনকী আয়ান ঘূর্ণিঝড়ের পর ২০ লক্ষ ডলারের সহায়তাও প্রদান করেছেন। কিন্তু দু’টি দেশের মধ্যে সম্পর্কের স্বাভাবিকীকরণের জন্যে আরো অনেক দূর এগোতে হবে। তবে, কবে হোয়াইট হাউসের ‘সুবুদ্ধির’ উদয় হবে তার প্রতীক্ষায় থাকার মূল্য দেওয়ার অবস্থায় নেই কিউবা। আমার সাথে সাক্ষাতের সময় কিউবার কমিউনিস্ট পার্টির অর্থনৈতিক প্রধান জুয়েল কুয়েইপো রুইজ অত্যন্ত উৎসাহের সাথে ২০১১ সালে পার্টির ষষ্ঠ কংগ্রেসের পর থেকে সমস্ত সরকারের অনুসৃত ‘সমাজতান্ত্রিক উন্নয়নের সামাজিক ও অর্থনৈতিক প্রকরণটি’ সবিস্তারে ব্যাখ্যা করেন। কিউবার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ‘সামাজিক সংস্থাগুলিকে মুখ্য ভূমিকায় অক্ষুন্ন রেখে’, নতুন প্রকরণে স্বনিযুক্তি, কৃষি ও অ-কৃষি সমবায়, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, মারিয়েলের মত বিশেষ উন্নয়ন অঞ্চলের বিকাশ এবং ‘প্রগতিশীল’ বিদেশি পুঁজি বিনিয়োগে নতুনতর উন্মুক্তকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্যপূরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ২০২১ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত অষ্টম কংগ্রেসে কিউবার কমিউনিস্ট পার্টি ওই প্রকরণকে আরো স্পষ্ট অগ্রাধিকার চিহ্নিত করার মধ্য দিয়ে উন্নীত করেছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে কিউবার ক্ষমতার সম্প্রসারণ, আমদানির উপর নির্ভরতার হ্রাস ঘটাতে নতুন ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদনের বৃদ্ধি ঘটানো, কাঁচামালের নতুন উৎস অর্জন- বিশেষ করে বস্ত্র ও জুতোর ক্ষেত্রে, এবং উৎপাদন শিল্পের যন্ত্রপাতির উন্নীতকরণ, কিউবার পর্যটন শিল্পের পুনর্গঠন ও বৃদ্ধি ঘটানো, আন্তর্জাতিক অর্থলগ্নির সাথে সম্পর্ক, বাণিজ্য ও লগ্নি বৃদ্ধি ঘটানোর সমস্ত প্রয়াস গ্রহণ। এর অর্থ প্রতিবেশীদের সাথে কিউবার সম্পর্ক আরো জোরদার করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র একে তিক্ত করার জন্যে কোনো কিছুই অবশিষ্ট রাখে নি। এবং অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসকে ব্যবহার করে কিউবা, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়া এবং এই অঞ্চলের যে দেশের সরকারই তাদের হুকুমের বশ্যতা মানেনি, তাদের উপর তারা আক্রমণ শানিয়েছে। কিউবার রপ্তানি বাণিজ্যের, মূলত তামাক, চিনি, খনিজ পদার্থ এবং রামের, বাজার হচ্ছে চীন, স্পেন, পশ্চিম ইউরোপ, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া। তারা প্রধানত আমদানি করে (খাদ্য শস্য, জ্বালানি, গাড়ি ও যন্ত্রাংশ এবং অন্যান্য শিল্পদ্রব্য) স্পেন, চীন, ইতালি, ব্রাজিল, কানাডা এবং পশ্চিম ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলি থেকে। ভারত, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, বেলজিয়াম, সুইডেন ও নিউজিল্যান্ডের সাথে বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে বৃহত্তম উপহার হিসেবে এসেছে ২০২১ সালে চীনের সাথে তাদের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অধীনে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। কিউবায় চীনের রাষ্ট্রদূত মা হুই ব্রিটেনে উচ্চপদে তাঁর নিযুক্তির সময় থেকেই আমার পুরোনো বন্ধু। তিনি হাভানায় আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনি কিউবার সাথে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত কথাবার্তা বলেছেন। কথায় ও কাজে আন্তর্জাতিকতার বোধ, জৈব চিকিৎসা বিজ্ঞানে অবদান, সমস্ত ধরনের প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে সমাজতন্ত্র গড়ে তোলার কঠিন পণ ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের তীব্র লড়াইয়ের দৃষ্টান্ত টেনে তিনি আমাকে বললেন, ‘কিউবা একটি মহান দেশ এবং এখানে আমার প্রতিদিনের অভিজ্ঞতা থেকেই এই কথাটির যথার্থতা আমি বুঝি’। মা হুই জানালেন, ‘চীন বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান রেখেছে আন্তর্জাতিক জনমতকে মান্যতা দিয়ে অবরোধ তুলে নিতে।’ ৬২ বছর আগে দু’টি দেশকে প্রতিনিধিত্ব করে ফিদেল কাস্ত্রো ও মাও সেতুঙ যে বন্ধুত্বের সম্পর্কের সূত্রপাত করেছিলেন তাকে আরো গভীরতর করার তাঁর নিজের দায়িত্ব তাঁকে খুবই পরিতৃপ্তি দেয়। আমাদের এই কথাবার্তার কয়েক সপ্তাহ পরই কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ-কানেল চীন পাড়ি দিয়েছেন পরিবেশবান্ধব শক্তি, জৈবপ্রযুক্তি, পর্যটন, ডিজিটাল প্রযুক্তি ও অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে আরো ঘনিষ্ঠতর সহযোগিতা নিয়ে আলোচনার জন্যে। তেল, যোগাযোগ, কৃষি, পরিবহন এবং অন্যান্য পরিকাঠামো খাতে চীন ইতিমধ্যেই উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। কিউবার রেল ব্যবস্থা পুনর্বিকাশের জন্যে এখন চীন ও রাশিয়ার সাথে আলোচনা চলেছে। ১৯টি ক্ষেত্রভিত্তিক ট্রেড ইউনিয়ন নিয়ে গঠিত কিউবান ওয়ার্কার্স ফেডারেশন (সিটিসি) এই বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির গুরুত্ব সম্পর্কে কিন্তু স্পষ্টতই ওয়াকিবহাল। আমি হাভানায় ফেডারেশনের সদরদপ্তরে সিটিসি-র আন্তর্জাতিক সম্পাদক ড্রুলেট পেরেজ ও নেতৃত্বের আরো ন’জন, যাদের অধিকাংশই নারী, তাদের সাথে এক বৈঠকে মিলিত হই। এখানেই সিটিসি-র প্রতিষ্ঠার ২১ বছর পর ১৯৬০ সালে ফেডারেশন অব কিউবান উইমেন গঠিত হয়। মার্কিনী অবরোধ, সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী ‘বিশেষ পর্ব’ এবং সাম্প্রতিককালের কোভিড অতিমারী লক্ষ লক্ষ শ্রমিক ও তাদের ইউনিয়নকে কর্মসংস্থান ও জীবনযাত্রার ক্ষেত্রে কঠিন আঘাতের মুখোমুখি করিয়ে দেয়। স্বাভাবিকভাবেই, খাদ্য, শক্তি, সাফাই সামগ্রী এবং ওষুধের ঘাটতি থেকে হতাশা ও আক্রোশের জন্ম হয়। পেরেজ জোর দিয়ে বললেন, ‘কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে সমাজতান্ত্রিক মূল্যবোধ এবং স্বার্থপরতা ও গোষ্ঠীবাদের বিরুদ্ধে ঐক্য, সহমর্মিতা, অংশগ্রহণমূলক গণতন্ত্রের সিটিসি-র আদর্শকে বজায় রাখতে হবে।’ যৌথ দরকষাকষি ও সমাজতন্ত্রের অনুবর্তী হওয়ার গুরুত্বকে উর্ধ্বে তুলে ধরতে হবে। সিটিসি কিউবার কমিউনিস্ট পার্টির অপরিহার্য ভূমিকার স্বীকৃতি দেয়, কিন্তু সরকারের একটি স্বাধীন অঙ্গ হিসেবে সদস্যদের অধিকার ও কর্তব্যকেও প্রতিনিধিত্ব করে। আরো ২০ জন ট্রেড ইউনিয়ন কর্মীর মতো পেরেজও ন্যাশনাল অ্যাসেম্বলি অব পিপলস পাওয়ারের একজন নির্বাচিত ডেপুটি বা সদস্য, আবার আরো পাঁচজন সিটিসি-র সদস্যের সাথে কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যও। তিনি বললেন, ‘শ্রমিক শ্রেণির আশু চাহিদা, দাবিদাওয়া ও সকলের জন্যে একটি সমাজতান্ত্রিক সমাজ গঠনের লড়াইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয় আমাদেরকে’। এতে কোনো সন্দেহ নেই যে কিউবার কমিউনিস্ট পার্টির শাসন জনগণের সম্মতির ভিতের উপরই দাঁড়িয়ে আছে। কয়েক দশক ধরেই বলা যায়, কিউবাই একমাত্র দেশ যেখানকার শাসকেরা জনগণ ও তাদের মিলিশিয়া বা গণবাহিনীর হাতে অস্ত্র তুলে দেওয়ার সাহস দেখিয়েছে অথবা যেখানকার নেতৃত্ব সাধারণ শ্রমিক কৃষকদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করার ঝুঁকি নিতে সক্ষম হয়েছে। এই সম্মতি কিন্তু তাদেরকে অর্জন করতে হয়েছে এবং প্রতিকূলতার সময়ে, নতুন করে সুনিশ্চিত করেছে। এই কথা বিশেষভাবে সত্য লস সিটিওসের মত হাভানার মধ্যাঞ্চলের দরিদ্রতর মহল্লার ক্ষেত্রে যেখানে দারিদ্র্য থেকে জন্ম নেয় মাদক ও সুরা আসক্তি, গার্হস্থ্য সহিংসতা, বেশ্যাবৃত্তি ও খুচরো অপরাধ। এক্ষেত্রে সরকার ও কিউবার কমিউনিস্ট পার্টি অভূতপূর্ব মৈত্রীবন্ধনের পথে গিয়েছে। ডা: এনরিকে আলেমান একটি ভেঙেপড়া অথচ প্রাণোচ্ছল রাস্তায় কুইসিকুয়াবা গোষ্ঠীভিত্তিক প্রকল্পে উদ্ভাসিত হাসি ও দৃঢ় করমর্দনে অতিথিদের স্বাগত জানালেন। তিনি বললেন, ‘আমরা বিচার করতে বসি না। আমরা বুঝতে চাই এবং সহায়তার হাত বাড়াতে চাই।’ একটি সংকীর্ণ সেকেলে বাড়ির ভেতরে প্রতীক্ষা করছিল নানা ধরনের চিত্রকলা, ভাস্কর্য এবং দুষ্প্রাপ্য প্রত্নবস্তুর একটি অত্যাশ্চর্য রত্ন ভাণ্ডার, এর অনেকটাই উনি উনি উত্তরাধিকার হিসেবে পেয়েছেন তাঁর পিতামহীর বুর্জোয়া পরিবারের সূত্রে। এর অনেকগুলিতে প্রতিফলিত রয়েছে মূল স্রষ্টা আজকের অ্যাঙ্গোলার মুক্ত ক্রীতদাসদের সাংস্কৃতিক উৎসের, যা রোমান ক্যাথলিকতন্ত্রের আচ্ছাদনের ভেতরে সুরক্ষিত হয়ে আছে। এই ধর্মীয় সংযোগ এখনও বহমান রয়েছে। এই প্রকল্প জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে জাতীয় স্তরে ও রাষ্ট্রসঙ্ঘের দ্বারা স্বীকৃত হয়েছে এবং এখান থেকেই প্রতিদিন শত শত মানুষকে খাদ্য সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়। পশ্চিমা বিশ্বের সাধারণ ধারণা কিউবায় ধর্ম দমন করা হয়েছে, এই কথা স্মরণ করিয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, ‘আপনি কি ধর্মপ্রাণ ক্যাথলিক? গোপনীয়তার ভাণ করে তিনি উত্তর দিলেন, ‘হ্যাঁ, অবশ্যই’। তারপরই রীতিমত উল্লাসের সাথে বললেন, ‘এবং কমিউনিস্ট পার্টির একজন কার্ডধারী সদস্য।’ কিউবার সমাজতন্ত্রের ভিত্তিমূলে রয়েছে মিউনিসিপ্যাল অ্যাসেম্বলি ফর পিপলস পাওয়ার। এই পৌর প্রতিষ্ঠান রয়েছে মোট ১৬৮টি। নিজেদের গণ পরিষদ সহ ট্রেড ইউনিয়ন, নারী, যুব, ছাত্র এবং অন্যান্য গণসংগঠনের সাথে ঘনিষ্ঠ সহযোগে তারা অর্থনৈতিক, অর্থকরী, পরিবেশগত, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বহুমুখী দায়িত্ব পালন করে। নভেম্বরের এক মৃদু সন্ধ্যায় খোলা আকাশের নিচে অ্যাসেম্বলি নির্বাচনের প্রার্থী মনোনয়নের মহল্লার এক সভায় আমি উপস্থিত ছিলাম। গোপন ব্যালটে ওই মাসের ২৭ তারিখ ছিল সেই নির্বাচন। নির্বাচন পরিষদের সভাপতি মেইডেলিস ডুপুই জাপাতা সভার শুরুতে নাগরিকদের স্বাগত জানিয়ে মনোনয়ন আহ্বান করলেন। একজন স্থানীয় নারী এক মধ্যবয়স্ক ব্যক্তিকে মনোনয়ন করলেন যিনি নাগরিকদের তীব্র সমালোচনার মুখোমুখি হলেন। এক নবীনার নাম প্রস্তাবিত, বিবেচিত ও পরের স্তরের জন্যে নির্বাচিত হল। এভাবেই সারাদেশে আরো ২৬,৭৪৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। কিউবার কমিউনিস্ট পার্টি সহ সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় নিষেধ রয়েছে। নির্বাচনী সভাসমিতিতে পার্টি পরিচয়ের স্থান নেই। পরের পর্বে ২৭ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়া বহু প্রার্থী ছিল যারা কমিউনিস্ট, আবার অনেকেই সেটা নয় এবং আগেরবারের চেয়ে অনেক বেশি সংখ্যায়, আনুমানিক ৫১ শতাংশ ক্ষেত্রে, জয়ী হয় নারী এবং নবীন প্রার্থীরা। তবে কিউবার কমিউনিস্ট পার্টির যে শ্লোগান লক্ষ লক্ষ কিউবার মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে তা হল: ‘হাস্তা লা ভিক্টোরিয়া সিয়েমপ্রে’ অর্থাৎ সর্বদা বিজয়ের পথে এগিয়ে যাওয়া চলছে, চলবে। ঋণ: মর্নিং স্টার, লন্ডন প্রকাশের তারিখ: ১৪-জানুয়ারি-২০২৩ |
© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত |