বিষাক্ত বাতাস, পুঁজির মুনাফা ও রাষ্ট্রের দায়- ১

আসিফ ইকবাল
গণতান্ত্রিক রাষ্ট্রে বায়ুদূষণ পর্যবেক্ষণের উদ্দেশ্য কেবল পরিসংখ্যান সংগ্রহ নয়। তথ্যটি নির্ভুল, সম্পূর্ণ এবং সময়মতো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াও। বাতাসের গুণমান নিয়ে সরকারি ঘোষণা কিংবা গড় সূচকের পাশাপাশি নজর দিতে হবে তথ্যের স্বচ্ছতা এবং দূষণ মোকাবিলায় প্রশাসনের কার্যকর পদক্ষেপে। কারণ পরিসংখ্যানের অস্পষ্টতা দূষণ কমায় না। বরং অনিশ্চয়তার মধ্যে ফেলে সেই মানুষগুলিকেই, যাঁদের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে এই অদৃশ্য বিপদ।

ঝকমকে আলোর রোশনাই আর আতশবাজির ঝলকানিতে সেজে ওঠে শহর। কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে গোটা দেশ—দিল্লি থেকে কলকাতা। বিমানযাত্রীদের বিবরণে শুনেছি এই মায়াবী রাতের কথা। হাজার হাজার আলোকবিন্দুতে যেন মাটির বুকে নেমে আসে নক্ষত্রখচিত আকাশ। অথচ এত আলোর মধ্যেই কোথাও ঘনিয়ে ওঠে এক গভীর অন্ধকার। যে অন্ধকার চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে একটু একটু করে প্রবেশ করে আমাদের শরীরে। উৎসবের আলোকোজ্জ্বল আড়ম্বরের আড়ালে লুকিয়ে থাকা এই অন্ধকার দিকটি নিয়ে ভাবার সময় বোধহয় এসেছে এবার।

State of Global Air 2025 প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ভারতে বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত মৃত্যুর আনুমানিক সংখ্যা ২০ লক্ষেরও বেশি১। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর সহযোগিতায় The Lancet Planetary Health-এ প্রকাশিত গবেষণায় ২০১৭ সালে দেশের মোট মৃত্যুর প্রায় ১২.৫ শতাংশকে বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত বলে অনুমান করা হয়েছিল২। ২০১৯ সালের তথ্যভিত্তিক পরবর্তী গবেষণায় সেই অনুপাত ছিল ১৭.৮ শতাংশ—প্রায় প্রতি ছয়টি মৃত্যুর একটি৩। গবেষণাগুলির পদ্ধতি ও সময়কাল ভিন্ন। তাই সংখ্যাগুলিকে সরাসরি তুলনা করে মৃত্যুহার বৃদ্ধির সিদ্ধান্তে পৌঁছনো যায় না। তবু জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিপুল অভিঘাত অস্বীকার করার উপায় নেই। নির্মল বাতাসে শ্বাস নেওয়ার অধিকার তাই নিছক পরিবেশের প্রশ্ন নয়, বরং একটি সামাজিক প্রশ্নও।

তথ্য গোপনের রাজনীতি ও শ্বাসরুদ্ধ নগর:

এবারের দীপাবলির রাতের পরিসংখ্যানও উদ্বেগজনক। ৮ নভেম্বর ২০২৬, রাত ১১টা ২১ মিনিট। দিল্লির আকাশ তখনও আতশবাজির রোশনাইয়ে ঝলমল করছে। অথচ মোবাইলের পর্দায় ভেসে উঠছে একটি ভয়াবহ সংখ্যা—১৬৮৬! পাশে লেখা Hazardous— অর্থাৎ বিপজ্জনক। এক বেসরকারি বাতাস পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম AQI.in-এর প্রদর্শিত Air Quality Index (বাতাস দূষণের সুচক) এমনই ছিল। তখন PM2.5-এর ঘনত্ব ৯২১ এবং PM10-এর ঘনত্ব ১,১৩১ মাইক্রোগ্রাম/ঘনমিটার। অথচ সেদিন বিকেল চারটেয় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) প্রকাশিত দিল্লির দৈনিক AQI ছিল ৩৭৬— ভারতীয় সূচকে ‘অত্যন্ত খারাপ’৪।

দিল্লি একা নয়। একই রাতে কলকাতার ছবিটিও উদ্বেগজনক। সংবাদপ্রতিবেদন অনুযায়ী, ৮ নভেম্বর রাত ৯টা থেকে ১১টার মধ্যে বালিগঞ্জে PM2.5-ভিত্তিক সাব-ইনডেক্স ৭৪ থেকে বেড়ে ৪০৯-এ পৌঁছায়। সল্টলেকে ১১৫ থেকে ৪৪৪ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন পর্যবেক্ষণকেন্দ্রে ১৩৭ থেকে ৪৫০-এ ওঠে৫। মাত্র দু’ঘণ্টার ব্যবধানে এই তীব্র বৃদ্ধি বুঝিয়ে দেয়, দিনের গড় হিসাবের আড়ালেও স্থানীয় ও স্বল্পমেয়াদি দূষণ কতটা গুরুতর হতে পারে।

এরই মধ্যে একটি নির্দিষ্ট মুহূর্তের ছবি নজর কাড়ে। ১০ নভেম্বর ২০২৬ সকাল ৯টা ৫৪ মিনিটে AQI.in-এর রিয়েল-টাইম তালিকায় বিশ্বের সর্বাধিক দূষিত ৫০টি শহরের ৪৯টিই ছিল ভারতের। India Today-র প্রতিবেদন অনুযায়ী, শীর্ষে ছিল রাজস্থানের শ্রীগঙ্গানগর (অ্যাপ-প্রদর্শিত AQI ৮২১), পরেই বঠিন্ডা (৬২৯) ও সিরসা (৫৪৪)। তালিকার একমাত্র অ-ভারতীয় শহর ছিল লাহোর৬। অবশ্য এটি সংস্থাটির তখনকার পর্যবেক্ষণ নেটওয়ার্ক ও হিসাবপদ্ধতির একটি তাৎক্ষণিক তালিকা, বার্ষিক বৈশ্বিক র‍্যাঙ্কিং নয়। তবু উত্তর ভারতের ছোট-বড় বহু শহরে দূষণের ব্যাপ্তি বুঝতে এই ঘটনাটি তাৎপর্যপূর্ণ।

এখানে অবশ্য একটি বৈজ্ঞানিক সতর্কতা জরুরি। বিভিন্ন রিয়েল-টাইম প্ল্যাটফর্মে ব্যবহৃত ‘AQI (US)’ এবং CPCB-র ভারতীয় AQI একই সূচক নয়। পর্যবেক্ষণকেন্দ্র, গড় নির্ণয়ের সময়কাল ও রূপান্তরের নিয়মও আলাদা হতে পারে৭। ফলে ভিন্ন প্ল্যাটফর্মের সংখ্যাকে সরাসরি পাশাপাশি রেখে সরকারি তথ্য কারচুপির সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। বরং প্রশ্ন হওয়া উচিত—সারা দিনের গড় সূচক দিয়ে কি রাতের কয়েক ঘণ্টার বিপজ্জনক দূষণ পরিস্থিতি যথাযথভাবে বোঝানো যায়?

এই প্রশ্ন আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে দীপাবলির রাতে দিল্লির সরকারি তথ্যপ্রকাশের ঘাটতির প্রেক্ষাপটে। ৮ নভেম্বরের রাত পেরিয়ে ৯ নভেম্বর মধ্যরাত ১টা থেকে ২টার সময়সীমায় দিল্লির ৫৯টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে ৩৬টির PM2.5-এর ঘণ্টাভিত্তিক তথ্য কেন্দ্রীয় রেকর্ডে পাওয়া যায়নি৮। তার অর্থ এই নয় যে সব কেন্দ্র পুরোপুরি বন্ধ ছিল। কোথাও অন্য দূষকের তথ্যও প্রকাশিত হচ্ছিল। পরবর্তীকালে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে কিছু অনুপস্থিত পরিমাপ প্রকাশিত হয় এবং প্রশাসনের তরফে প্রযুক্তিগত সমস্যার কথা জানানো হয়।

কিন্তু প্রশ্ন থেকে যায়— যে সময় দূষণের মাত্রা সম্পর্কে নাগরিকদের সবচেয়ে বেশি জানা দরকার, ঠিক সেই সময় গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত থাকলে পর্যবেক্ষণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা কীভাবে নিশ্চিত হবে?

গণতান্ত্রিক রাষ্ট্রে বায়ুদূষণ পর্যবেক্ষণের উদ্দেশ্য কেবল পরিসংখ্যান সংগ্রহ নয়। তথ্যটি নির্ভুল, সম্পূর্ণ এবং সময়মতো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াও। বাতাসের গুণমান নিয়ে সরকারি ঘোষণা কিংবা গড় সূচকের পাশাপাশি নজর দিতে হবে তথ্যের স্বচ্ছতা এবং দূষণ মোকাবিলায় প্রশাসনের কার্যকর পদক্ষেপে। কারণ পরিসংখ্যানের অস্পষ্টতা দূষণ কমায় না। বরং অনিশ্চয়তার মধ্যে ফেলে সেই মানুষগুলিকেই, যাঁদের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে এই অদৃশ্য বিপদ।

নিয়ন্ত্রণহীন বাজি ও রাষ্ট্রের সদিচ্ছার অভাবঃ 

কিন্তু দীপাবলির রাতে এই আকস্মিক দূষণ-স্ফীতির পেছনে কেবল আবহাওয়ার খামখেয়ালিপনাকে দায়ী করলে বাস্তব চিত্রটি অসম্পূর্ণ থেকে যায়। ২০২৬ সালের ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি-এনসিআর অঞ্চলে ৭ ও ৮ নভেম্বর কেবল নির্দিষ্ট সময়সীমায়—সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা—অনুমোদিত গ্রিন ক্র্যাকার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি হাসপাতাল, নার্সিংহোম, প্রাথমিক ও জেলা স্বাস্থ্যকেন্দ্র, বৃদ্ধাশ্রম, বিজ্ঞপ্তিভুক্ত নীরব অঞ্চল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ মিটারের মধ্যে বাজি ফাটানো নিষিদ্ধ ছিল৯। ৯ নভেম্বর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুনর্বহালের নির্দেশও ছিল। পশ্চিমবঙ্গেও রাত ৮টা থেকে ১০টার মধ্যে কেবল অনুমোদিত গ্রিন ক্র্যাকার ফাটানোর সময়সীমা নির্ধারিত ছিল১০। অথচ আদালত নিজেই পর্যবেক্ষণে জানিয়েছিল যে, গ্রিন ক্র্যাকারের আড়ালে প্রথাগত বাজি বিক্রি হচ্ছে। বাস্তবেও নির্ধারিত সময়সীমা অমান্য করে রাত ১০টার পর, এমনকি গভীর রাত পর্যন্ত বাজি ফাটানোর ঘটনা ঘটেছে১১। কলকাতার বিভিন্ন এলাকায় রাত ১১টার পরও PM2.5-ভিত্তিক সূচকের তীব্র বৃদ্ধি সেই উদ্বেগকে আরও স্পষ্ট করে।

আইন থাকা সত্ত্বেও তার প্রয়োগে প্রশাসনিক সদিচ্ছার অভাব এবং শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের অবস্থান এই সংকটকে আরও জটিল করে তুলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বীকার করেছেন যে রাত ১০টার পরও কিছু বাজি ফেটেছে, তবে পুলিশ ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি সমালোচকদের ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়ে দীপাবলিতে গ্রিন ক্র্যাকার ফাটানো নিয়ে প্রশ্ন তুলেছেন১২। উত্তর ভারতের ভয়াবহ বায়ুদূষণের আবহেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীপাবলিতে বাজি ফাটানোর পক্ষে অবস্থান নিয়েছেন; তাঁর বক্তব্য, দূষণ পরে কমে যাবে এবং তাঁর সরকার বাজির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি১৩। অন্যদিকে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র দীপাবলির রাতে পাঞ্জাবে খড় পোড়ানোর ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করে দূষণের উৎস নিয়ে রাজনৈতিক বিতর্ক উসকে দেন১৪।

প্রশাসনের শীর্ষ স্তর থেকে যখন উৎসবের রাতে বাজির বাড়বাড়ন্তকে লঘু করে দেখা হয় এবং পরিবেশগত উদ্বেগকে রাজনৈতিক বা ধর্মীয় আবেগের বিপরীতে দাঁড় করানো হয়, তখন বাস্তবের মাটিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পরের দিন রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখা বা কিছু ধরপাকড়ের পরিসংখ্যান পেশ করা হলেও, উৎপাদন ও বিক্রির উৎসস্থলে নজরদারির অভাবে সাধারণ মানুষকে প্রতি বছরই বিষাক্ত বাতাসের মূল্য চোকাতে হচ্ছে।

দূষণের উৎস: উন্নয়নের নামে কার মুনাফা:

দীপাবলির রাত পেরিয়ে যায়। আতশবাজির শেষ আলোকরেখাটুকু আকাশে মিলিয়ে গেলেও বাতাসে মিশে থাকা সূক্ষ্ম কণার বিষাক্ত আস্তরণ থেকে যায় আর সাথে রেখে যায় বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন। কারণ উৎসবের রাতে দূষণের যে আকস্মিক বৃদ্ধি আমরা প্রত্যক্ষ করি, তা আমাদের শহরগুলির বায়ুদূষণ সংকটের একটি বিশেষ মুহূর্ত মাত্র। বছরের বাকি দিনগুলিতেও কলকারখানার চিমনি, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, যানবাহনের নির্গমন কিংবা নির্মাণকাজের ধুলো বাতাসকে দূষিত করে চলেছে। এই উৎসগুলির সঙ্গে উৎসবের সরাসরি সম্পর্ক না থাকলেও আমাদের নগরায়ণের ধরন, উৎপাদনব্যবস্থা এবং অর্থনৈতিক বিকাশের সম্পর্ক অত্যন্ত গভীর। ফলে দূষণের এই দীর্ঘস্থায়ী সংকটকে বুঝতে হলে উৎসবের রাতের গণ্ডি পেরিয়ে উন্নয়নের বৃহত্তর কাঠামোর দিকেও নজর দিতে হবে।

তাই প্রশ্ন ওঠে, যে উন্নয়নের নামে জল-জমি-জঙ্গলের ওপর মানুষের অধিকার সংকুচিত হয় এবং গড়ে ওঠে নতুন রাস্তা, শিল্পাঞ্চল ও কংক্রিটের বিস্তার, সেই উন্নয়নের পরিবেশগত মূল্য আসলে কে মেটাচ্ছে? উৎপাদনের মুনাফা ও প্রবৃদ্ধির হিসাবের পাশে ক্ষতিগ্রস্ত জনস্বাস্থ্য, বাস্তুতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্মের হিসাব কি রাখা হচ্ছে? নাকি উন্নয়নের মুনাফা মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, আর তার পরিবেশগত ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে সমাজের বৃহত্তর অংশকে?

পুঁজিবাদী উৎপাদনব্যবস্থার একটি মৌলিক বৈপরীত্য এখানেই। উৎপাদনের মাধ্যমে সৃষ্ট মুনাফা নির্দিষ্ট মালিকানা ও অর্থনৈতিক স্বার্থের অধীনে কেন্দ্রীভূত হতে পারে, অথচ সেই উৎপাদনের পরিবেশগত ক্ষতির একটি বড় অংশ বহন করতে হয় সমগ্র সমাজকে। দূষণজনিত অসুখের চিকিৎসা, কর্মক্ষমতা হ্রাস, কৃষিজমি ও জলসম্পদের ক্ষতি কিংবা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি সবসময় উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক হিসাবে প্রতিফলিত হয় না। ফলে যে উৎপাদনব্যবস্থার সাফল্য মুনাফা ও প্রবৃদ্ধির অঙ্কে মাপা হচ্ছে, তার প্রকৃত সামাজিক ব্যয় থেকে যাচ্ছে আড়ালে। এই দ্বন্দ্ব কেবল প্রশাসনিক অদক্ষতার নয়, মুনাফাকেন্দ্রিক উন্নয়নের কাঠামোগত সীমাবদ্ধতার প্রশ্নও সামনে আনে।

এই কাঠামোগত বৈপরীত্যকে আরও স্পষ্টভাবে বুঝতে হলে প্রথমেই জানা দরকার, আমাদের বাতাসে মিশে থাকা দূষকের উৎস কোথায়। সেই অনুসন্ধানেই উঠে আসে এমন কিছু পরিসংখ্যান, যা সমস্যাটিকে কেবল ব্যক্তিগত অভ্যাস বা উৎসবের আচরণে সীমাবদ্ধ রাখার সুযোগ দেয় না।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে Commission for Air Quality Management (CAQM) দিল্লির বায়ুদূষণের উৎস-সংক্রান্ত বিভিন্ন গবেষণার একটি পর্যালোচনা প্রকাশ করে। ২০১৫–২০২৫ সালের গবেষণার ভিত্তিতে শীতকালে দিল্লির PM2.5 দূষণে সেকেন্ডারি পার্টিকুলেটস বা বায়ুমণ্ডলে তৈরি হওয়া সূক্ষ্ম কণার আনুমানিক অবদান ২৭ শতাংশ, পরিবহণের ২৩ শতাংশ, জৈব পদার্থ পোড়ানোর ২০ শতাংশ, ধুলোর ১৫ শতাংশ এবং তাপবিদ্যুৎকেন্দ্র-সহ শিল্পের ৯ শতাংশ১৫। সেকেন্ডারি কণা সরাসরি কোনও একটি চিমনি থেকে বেরোয় না। যানবাহন, শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য উৎস থেকে নির্গত গ্যাস বায়ুমণ্ডলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই কণা তৈরি করতে পারে।

অর্থাৎ, দিল্লির দূষণের গুরুত্বপূর্ণ উৎসগুলি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের দৈনন্দিন উৎপাদন, পরিবহণ ও দহনপ্রক্রিয়ার সঙ্গে জড়িত। যে যানবাহন পণ্য ও মানুষ পরিবহণ করে, যে কারখানা উৎপাদন চালিয়ে যায়, যে বিদ্যুৎকেন্দ্র শহরের আলো জ্বালিয়ে রাখে—সেই ব্যবস্থাগুলির নির্গমনই দূষণের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ উৎস।

কলকাতার ছবিও খুব আলাদা নয়। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে CSIR-NEERI-র ২০১৯ সালে প্রকাশিত কলকাতা–হাওড়া সমীক্ষা অনুযায়ী, শীতকালে কলকাতার PM2.5-এর উৎস-বিভাজনে সেকেন্ডারি অ্যারোসলের অবদান ৩২ শতাংশ, যানবাহনের ২৫ শতাংশ, কাঠ পোড়ানোর ১৫ শতাংশ এবং কয়লা পোড়ানোর ৯ শতাংশ১৬। এ হিসাব ২০১৯ সালের নির্দিষ্ট সমীক্ষার। বর্তমান পরিস্থিতি বুঝতে নিয়মিত নতুন পরিমাপ জরুরি।

দূষণের উৎস নির্ণয়ের পাশাপাশি সময়ের সঙ্গে তার মাত্রা কতটা বদলাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দিল্লির বার্ষিক গড় PM2.5-এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১১৪ মাইক্রোগ্রাম, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ৯৭ মাইক্রোগ্রামে১৭। আপাতদৃষ্টিতে এই পরিসংখ্যান উন্নতির ইঙ্গিত দিলেও দূষণের মাত্রা হ্রাসের হিসাব কষতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্নও সামনে আসে। বিগত বছরগুলিতে দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা, তাদের অবস্থান এবং তথ্য বিশ্লেষণের পদ্ধতিগত পার্থক্য দীর্ঘমেয়াদি তুলনার ফলাফলকে প্রভাবিত করতে পারে১৮। ফলে দূষণ কতটা কমেছে, তা নির্ভুলভাবে নির্ধারণের জন্য একই পর্যবেক্ষণ কেন্দ্র এবং সামঞ্জস্যপূর্ণ গণনাপদ্ধতির ভিত্তিতে তথ্য বিশ্লেষণ প্রয়োজন।

এই পদ্ধতিগত আলোচনার বাইরেও একটি বাস্তবতা স্পষ্ট। ভারতের জাতীয় বায়ুমান মানদণ্ডে PM2.5-এর বার্ষিক গড়ের সীমা ৪০ মাইক্রোগ্রাম/ঘনমিটার, অথচ WHO-র ২০২১ সালের স্বাস্থ্যভিত্তিক নির্দেশিকা ৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার১৯ ২০। সেই হিসাবে ২০২৫ সালে দিল্লির গড় ঘনত্ব দেশের নির্ধারিত সীমার দ্বিগুণেরও বেশি এবং WHO-র নির্দেশিকার প্রায় ২০ গুণ।

কিন্তু বায়ুদূষণের এই সংকট কেবল পরিবেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রশ্নও। শিল্পায়ন, নগরায়ণ কিংবা পরিকাঠামো নির্মাণের মধ্য দিয়ে যে অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়, তার পাশাপাশি দূষণজনিত স্বাস্থ্যব্যয়, জীবিকার অনিশ্চয়তা এবং পরিবেশগত ক্ষতির হিসাব কতটা গুরুত্ব পায়? দূষণের প্রভাব সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়লেও সেই ক্ষতি মোকাবিলার সামর্থ্য সকলের সমান নয়। ফলে উন্নয়নের সুফল এবং তার পরিবেশগত মূল্য সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে কীভাবে বণ্টিত হচ্ছে, সেই প্রশ্নটিও এড়িয়ে যাওয়ার অবকাশ নেই।

এই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রেক্ষাপটেই দূষণ নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকা বিচার করা জরুরি। শিল্পায়ন ও নগরায়ণের পরিবেশগত ক্ষতি যখন সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবিকার ওপর প্রভাব ফেলে, তখন সেই ক্ষতি কমাতে সরকারি নীতি ও কর্মসূচি কতটা কার্যকর হচ্ছে? ঘোষিত লক্ষ্য, অর্থ বরাদ্দ এবং বাস্তব ফলাফলের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে এবার নজর দেওয়া যাক ভারতের দূষণ নিয়ন্ত্রণ নীতি ও তার বাস্তবায়নের দিকে।

তথ্যসূত্র:

[১] Health Effects Institute. (2025). State of Global Air 2025. https://www.stateofglobalair.org/resources/report/state-global-air-report-2025

[২] India State-Level Disease Burden Initiative Air Pollution Collaborators. (2019). The impact of air pollution on deaths, disease burden, and life expectancy across the states of India: The Global Burden of Disease Study 2017. The Lancet Planetary Health, 3(1), e26–e39. https://doi.org/10.1016/S2542-5196(18)30261-4

[৩] India State-Level Disease Burden Initiative Air Pollution Collaborators. (2021). Health and economic impact of air pollution in the states of India: The Global Burden of Disease Study 2019. The Lancet Planetary Health, 5(1), e25–e38. https://doi.org/10.1016/S2542-5196(20)30298-9

[৪] India Today. (2026, 8 November). Delhi braces for ‘severe’ air pollution after Diwali as AQI climbs to 376. https://www.indiatoday.in/cities/delhi/story/delhi-air-pollution-aqi-376-severe-diwali-smog-forecast-ptag-3034921-2026-11-08

[৫] The Times of India. (2026, 10 November). 74 to 409, 115 to 444 in 2 hours: AQI spike reflects Kol’s descent. https://timesofindia.indiatimes.com/city/kolkata/74-to-409-115-to-444-in-2-hours-aqi-spike-reflects-kols-descent/articleshow/135691601.cms

[৬] India Today Science Desk. (2026, 10 November). 49 of world’s 50 most polluted cities are in India today; Delhi ranks 24th. https://www.indiatoday.in/science/story/worlds-most-polluted-cities-india-sri-ganganagar-delhi-punjab-stubble-burning-lahore-3035816-2026-11-10

[৭] Madan, P. (2026, 9 November). AQI of 387 in India would be nearly 1,500 in US and 10 in UK: Why the range is so wide. Hindustan Times. https://www.hindustantimes.com/ht-explainers/diwali-air-pollution-delhi-aqi-1000-india-us-uk-aqi-comparison-101794206613000.html

[৮] Hindustan Times. (2026, 9 November). Delhi’s missing Diwali night data released; PM2.5 at over 60 times national standard. https://www.hindustantimes.com/india-news/delhis-missing-diwali-night-data-released-pm2-5-at-over-60-times-national-standard-101794237882315.html

[৯] Supreme Court of India. (2026, 29 October). Arjun Gopal & Ors. v. Union of India & Ors., W.P. (C) No. 728/2015, 2026 INSC 1181 (Order). https://api.sci.gov.in/supremecourt/2015/32461/32461_2015_4_32_75685_Judgement_29-Oct-2026.pdf

[১০] Akashvani News. (2026, 29 October). West Bengal imposes restrictions on firecrackers during Kali Puja, Diwali and Chhath Puja. https://newsonair.gov.in/west-bengal-imposes-restrictions-on-firecrackers-during-kali-puja-diwali-and-chhath-puja/

[১১] Basu, S. (2026, 9 November). Kolkata air worsens as firecracker ban violated till 2 am on Diwali night. The Indian Express. https://indianexpress.com/article/cities/kolkata/kolkata-aqi-worsens-kali-puja-diwali-firecracker-ban-violations-arrests-10956527/

[১২] Maity, K. (2026, 9 November). Suvendu Adhikari on Firecracker: ‘দীপাবলিতে একটু আনন্দ করবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে, তাতেও এত অসুবিধা!’, কালীপুজোর পর মুখ্যমন্ত্রী বললেন ‘নিয়ন্ত্রণ হয়েছে’. TV9 Bangla. https://tv9bangla.com/west-bengal/purba-medinipur/cm-suvendu-adhikari-comments-on-firecrackers-sound-pollution-during-kali-puja-1359513.html

[১৩] Anshuman, K. (2026, 11 November). UP CM Yogi Adityanath defends firecrackers on Diwali; dismisses pollution concerns. The Economic Times. https://economictimes.indiatimes.com/news/india/up-cm-yogi-adityanath-defends-firecrackers-on-diwali-dismisses-pollution-concerns/articleshow/135746827.cms

[১৪] Mittal, D., & Vasdev, K. (2026, 10 November). ‘Farmers didn’t burn stubble’: Delhi minister’s ‘conspiracy’ charge as AQI soars. The Indian Express. https://indianexpress.com/article/cities/delhi/delhi-pollution-diwali-aqi-punjab-stubble-burning-kapil-mishra-10956292/lite/

[১৫] Commission for Air Quality Management. (2026, 20 February). CAQM reviews Supreme Court-mandated expert report; PM2.5 identified as key pollutant in Delhi. Press Information Bureau. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230850

[১৬] CSIR–National Environmental Engineering Research Institute. (2019). PM10 and PM2.5 source apportionment study and development of emission inventory of twin cities Kolkata and Howrah of West Bengal. West Bengal Pollution Control Board. https://www.wbpcb.gov.in/writereaddata/files/SA_Kol-How_Final%20Report.pdf

[১৭] Ministry of Environment, Forest and Climate Change. (2026, 2 January). During the period 2018–2025, Delhi witnessed its lowest average PM10 and PM2.5 concentration levels…. Press Information Bureau. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210935

[১৮] Down To Earth. (2021). Delhi’s air quality and number games. https://www.downtoearth.org.in/air/delhi-s-air-quality-and-number-games-76214

[১৯] Central Pollution Control Board. (2009, 18 November). National Ambient Air Quality Standards (Notification No. B-29016/20/90/PCI-I). https://airquality.cpcb.gov.in/ccr_docs/Air_quality_standards.pdf

[২০] World Health Organization. (2021). WHO global air quality guidelines: Particulate matter (PM2.5 and PM10), ozone, nitrogen dioxide, sulfur dioxide and carbon monoxide. https://www.who.int/publications/i/item/9789240034228

(দ্বিতীয় পর্ব আগামীকাল) 


প্রকাশের তারিখ: ১৬-নভেম্বর-২০২৬

© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ আলিমুদ্দিন স্ট্রীট , কলকাতা ৭০০০১৬, +91 33 2217 6638, +91 70599 23957
marxbadipath.22@gmail.com
www.marxbadipath.org