সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
ইজরায়েলের ভোটে আরব দলগুলির উত্থান
টিম মার্কসবাদী পথ
নির্বাচনের এই ফলাফল হাদাশ এবং ইজরায়েলের কমিউনিস্ট পার্টির জন্য সংসদীয় রাজনীতিতে এক নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক জোটের (ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকোয়ালিটি, হাদাস) মধ্যে বৃহত্তম শক্তি কমিউনিস্টরা। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সবসময়ই ইহুদি-আরব সংহতি, বর্ণবাদ ও দখলদারিত্বের বিরোধিতা এবং শান্তি, সমতা ও সামাজিক ন্যায়বিচারের সংগ্রামের ওপর জোর দেওয়া হয়েছে। জয়েন্ট লিস্টের নির্বাচনী সাফল্য আরব ভোটারদের ক্রমবর্ধমান রাজনৈতিক গুরুত্ব এবং ইজরায়েলের ভবিষ্যৎ— সংসদীয় ভারসাম্যের ওপর তাদের সম্ভাব্য প্রভাবকে স্পষ্ট করে তুলেছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন তা এখনও অনিশ্চিত। ট্রাম্প-মোদীর বিশ্বস্ত মিত্র যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু, না কি তাঁর প্রধান প্রতিপক্ষ গাদি আইজেনকট— শেষ হাসি কে হাসবেন, বলবে ভবিষ্যৎ। তবে এই অচলাবস্থার মধ্যে একটি ফলাফল স্পষ্ট: আরব দলগুলির চমকপ্রদ সাফল্য। ইজরায়েলে প্যালেস্তিনীয় মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। এবং আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলিকে অতীতের যে কোনও সময়ের চেয়ে বেশি আসনে জয়ী করেছেন। আর তা এতটাই যে বিরোধী পক্ষ যদি সুযোগ দেয়, তবে তারাই নির্ধারণ করতে পারবে, কারা সরকার গঠন করবে।
ভোটগণনা প্রায় শেষ। ৯৩ শতাংশ গণনার শেষে ১২০-সদস্যের ইজরায়েলি সংসদ নেসেট-এ নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন উগ্র দক্ষিণপন্থী জোট জয়ী বা এগিয়ে ৫৩টি আসনে। অন্যদিকে, প্রাক্তন সেনাপ্রধান আইজেনকটের ইয়াশার দলের নেতৃত্বাধীন জায়নবাদী জোট-ও খুব একটা পিছিয়ে নেই। জয়ী বা এগিয়ে রয়েছে ৪৮ আসনে। লিকুদ পার্টি একা এগিয়ে ২৬ আসনে। আর ইয়াশার ২১ আসনে।
সরকার গড়ার জন্য দরকার ৬১ আসন। ফলে কোনও পক্ষই সরকার গঠনের ধারেপাশে নেই।
দুরন্ত ফল করেছে আরবপন্থী দু’টি ব্লক। ইজরায়েলের কমিউনিস্ট পার্টি (মাকি)-সহ হাদাশের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট এবং সামাজিকভাবে রক্ষণশীল ইসলামপন্থী রাজনৈতিক জোট ইউনাইটেড আরব লিস্ট (রাম)। ১৯টি আসনে জিততে চলেছে এই দু’টি আরব ব্লক। জয়েন্ট লিস্ট ১১ আসনে। রাম ৮ আসনে। যা ২০২০-তে আরব দলগুলির পাওয়া ১৫টি আসনের রেকর্ডকে (বাইশ সালের তুলনায় দ্বিগুণ) ছাপিয়ে যাবে। 
কোনও অবস্থাতেই আরবপন্থী দলগুলির সাহায্য নেবেন না বলে নির্বাচনী প্রচারে জানিয়েছিলেন নেতানিয়াহু। সেক্ষেত্রে আইজেনকটের জোট এবং আরব দলগুলির আসন যোগ করলে দাঁড়ায় ৬৭ আসন। যা শেষ করবে নেতানিয়াহুর দীর্ঘ শাসন। এখন আইজেনকট কয়েকটি শর্তের বিনিময়ে এই দলগুলিকে নিজের দিকে টানতে চাইছেন। তার মধ্যে ইজরায়েলকে ইহুদি রাষ্ট্রের মর্যাদা এবং হামাসকে চরমপন্থী ঘোষণাও রয়েছে। এই কৌশল সফল হলে জমানা বদল হতে পারে। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এর বিপরীত হাওয়াও রয়েছে। আইজেনকটের জোট থেকেও কোনও কোনও দলের নেতানিয়াহুকে সমর্থন করা অসম্ভব নয়। নেতানিয়াহু আপাতত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ফলে নিজের পক্ষে হাওয়া ঘোরানোর জন্য তিনি কিছুদিন সময় পাবেন। ২৮ দিন সময় পাবেন সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য। প্রয়োজনে আরও দু’সপ্তাহ সময় চেয়ে নিতে পারেন। তবে ওই সময়ের মধ্যে জোট গঠনের আলোচনা ব্যর্থ হলে অন্য এক জন নেতাকে বেছে নিতে পারেন রাষ্ট্রপতি। যদি তিনিও জোট গঠনে ব্যর্থ হন তবে নেসেট-এর সদস্যেরা তৃতীয় কোনও নেতা বাছার জন্য আবেদন করতে পারেন রাষ্ট্রপতির কাছে। সেই চেষ্টাও ব্যর্থ হলে নতুন করে নির্বাচন হতে পারে ইজরায়েলে।
এদিকে জয়েন্ট লিস্টের চেয়ারম্যান অধ্যাপক ইউসেফ জাবারিন জানিয়েছেন উগ্র দক্ষিণপন্থী সরকারকে হটানোর প্রক্রিয়ায় সহায়তা করতে তাদের জোট প্রস্তুত। ‘নেতানিয়াহু আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে প্ররোচনা ও উসকানি দেওয়ার কাজ জারি রেখেছেন। তাই আমরা স্পষ্ট করে বলছি: হয় বর্ণবাদ, বর্জন ও আধিপত্যের ধারা অব্যাহত থাকবে— নতুবা ইহুদি ও আরবদের মধ্যে গড়ে উঠবে এক প্রকৃত অংশীদারিত্ব।’
ইজরায়েলের জনসংখ্যার পাঁচভাগের একভাগই প্যালেস্তিনীয়। বাইশ সালে আরব জনগণের ভোটদানের হার যেখানে ৫৫ শতাংশ, এবারে তা বেড়ে ৮০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। জাবারিন যথেষ্ট জোর দিয়ে বলেছেন, ‘আমরা আরও বলছি: যে কেউ নেতানিয়াহুর রক্তক্ষয়ী সরকারের পালটা একটি কার্যকর ও প্রকৃত বিকল্প গড়ে তুলতে চাইলে, তাকে আমাদের সঙ্গে কথা বলতে হবে— যাতে ইজরায়েলের মানুষ যে পরিবর্তন চেয়েছেন, তার পথ প্রশস্ত করা যায়। হ্যাঁ, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার পথ তৈরি করতে আমরা প্রস্তুত।’ আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-গাদ-কে জাবারিন বলেছেন, জয়েন্ট লিস্ট সরকারের নীতিতে প্রকৃত পরিবর্তন চায়— বিশেষ করে আরব নাগরিকদের সমতা নিশ্চিত করা, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই, আরব পৌরসভাগুলোর জন্য বরাদ্দ বৃদ্ধি, আবাসনের অধিকার এবং অস্বীকৃত অঞ্চলগুলিকে স্বীকৃতি প্রদানের মতো বিষয়গুলিতে। তিনি প্যালেস্তিনীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য একটি নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
জয়েন্ট লিস্টের হয়ে নির্বাচিত ইজরায়েলের কমিউনিস্ট পার্টির সাংসদ ওফার কাসিফ নতুন করে নির্বাচনের সম্ভাবনার বিরুদ্ধে সতর্ক করেছেন। আর্মি রেডিও-কে তিনি বলেছেন, ‘আরও একটি নির্বাচন মানেই তা হবে নেতানিয়াহুর জন্য একটি উপহার। এখন বল রয়েছে চেঞ্জ ব্লকের কোর্টে।’ গাজায় আগ্রাসনের সমালোচনা করার জন্য তেইশ সালের অক্টোবরের মাঝামাঝি নাগাদ ৪৫-দিনের জন্য সাসপেন্ড করা হয় সংসদে কমিউনিস্ট পার্টির একমাত্র ইহুদি সদস্য কাসিফকে। ওই বছরই নভেম্বরের গোড়ায়, যুদ্ধবিরোধী বিক্ষোভ ঘোষণার জন্য কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা, প্রাক্তন সাংসদ মহম্মদ বারাকাহকে আটক করা হয় নাজারেথে। যথারীতি পুলিশের যুক্তি ছিল, ‘এতে প্ররোচনা ছড়াতে পারে’। পরে ডিসেম্বরে পার্টির আরেকজন সাংসদ, পার্টির মুখপত্র আল-ইত্তিহাদ পত্রিকার সম্পাদক আইদা তোমা-সুলেমানকে দু’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আইদার ‘অপরাধ’ ছিল তিনি ইজরায়েলি সেনাবাহিনীর হাতে নিরপরাধ মানুষের হত্যার সমালোচনা করেছিলেন।
বুধবার রাতেই তেল আভিভের হাসিলা পার্ক, জেরুজালেমের প্যারিস স্কোয়ার এবং হাইফার ইউনেস্কো পার্ক ও স্কোয়ারে হাজারো ইহুদি ও আরব মানুষ জড়ো হয়ে ইহুদি-আরব সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। জাবারিন বলেছেন, ‘আজ এক ঐতিহাসিক দিন। আমরা প্রমাণ করেছি যে আমরা এমন একটি রাজনৈতিক শক্তি, যাকে উপেক্ষা করা যায় না, এবং আমাদের কণ্ঠস্বর ছাড়া এখানে কোনও ভবিষ্যৎ গড়া সম্ভব নয়।’। আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আমাদের প্রধান লক্ষ্য হলো নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানো। ‘যে জনগণ আমাদের ওপর আস্থা রেখেছেন, তারা বর্তমান বাস্তবতা পরিবর্তন করতে এবং নেতানিয়াহু সরকারকে উৎখাত করতে চায়। তাই প্রথম পদক্ষেপ হলো নেতানিয়াহু এবং নেসেটের স্পিকারকে অপসারণ করা। প্রসঙ্গেত, নির্বাচনের ফলাফল প্রকাশের পর লিকুদ সদর দপ্তরে নেতানিয়াহু ঘোষণা করেন: ‘জায়নবাদ-বিরোধী আরব দলগুলির ওপর নির্ভরশীল একটি সরকার প্রতিষ্ঠা ইজরায়েলের জন্য বিপজ্জনক।’
ইতিমধ্যেই, জামিমি— কমিউনিটি ইন অ্যাকশন নামে একটি সংগঠন একটি অনলাইন পিটিশন চালু করেছে। ৪০ হাজারের বেশি মানুষ তাতে সই করেছেন। এই পিটিশনে চেঞ্জ ব্লক সরকারে জয়েন্ট লিস্ট ও রাম-কে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। ‘যেসব দল আরব দলগুলিকে বয়কট করছেন, তারা আসলে দেশের ২০ শতাংশ মানুষকে— যারা বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন— তাঁদেরকে শাসন প্রক্রিয়ায় শামিল হওয়া বা জোটের সদস্য হওয়ার অধিকার থেকে বঞ্চিত করছেন। এটি একেবারেই অগণতান্ত্রিক কাজ— যা ভোটারদের গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করে, তাঁদের কণ্ঠরোধ করে এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকারকে আঘাত করে। গণতন্ত্রের অর্থ ইহুদি ও আরবদের মধ্যে অংশীদারিত্ব। ইজরায়েলের একটি বড় অংশ একে উপলব্ধি করে। এবং জোটবদ্ধ অংশীদারিত্বকে সমর্থন করে। তবু প্ররোচনা ও ভীতি প্রদর্শনের পরিবেশ এমন মাত্রায় ছড়িয়ে দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলগুলির অনেক নেতাই আরব দলগুলিকে বয়কটের পথে হাঁটছেন। সেকারণে, এই মুহূর্তে সরকার গঠনের আলোচনায় সমস্ত দলের নেতাদের উপর চাপ তৈরি করার সময় এসেছে— যাতে তাঁরা বলেন: হ্যাঁ, আমরা ইহুদি-আরব দলগুলির অংশীদারিত্বের পক্ষে।’
চেঞ্জ ব্লকে আইজেনকটের ইয়াশার পার্টি চাড়াও রয়েছে ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বেয়াখাদ এবং আভিগদোর লিবারম্যানের ইজরায়েল বেইতিনু।
ইজরায়েলের সংসদ নেসেট-এর সদস্য এবং সংসদে আরব সদস্যদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট সংসদীয় ব্লকের প্রধান আহমাদ তিবি বলেছেন, ‘নেতানিয়াহু ও বেন-গভির সরকারকে ক্ষমতাচ্যুত করতে আমরা চেঞ্জ ব্লকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এই প্রক্রিয়া শুরু হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে সরানোর মধ্য দিয়ে। ‘উগ্র ইহুদিবাদী ও সন্ত্রাসবাদী বেন-গভির আর পুলিশমন্ত্রী থাকবেন না। তাঁর সময় শেষ হয়ে এসেছে।’
নির্বাচনের এই ফলাফল হাদাশ এবং ইজরায়েলের কমিউনিস্ট পার্টির জন্য সংসদীয় রাজনীতিতে এক নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক জোটের (ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকোয়ালিটি, হাদাস) মধ্যে বৃহত্তম শক্তি কমিউনিস্টরা। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সবসময়ই ইহুদি-আরব সংহতি, বর্ণবাদ ও দখলদারিত্বের বিরোধিতা এবং শান্তি, সমতা ও সামাজিক ন্যায়বিচারের সংগ্রামের ওপর জোর দেওয়া হয়েছে। জয়েন্ট লিস্টের নির্বাচনী সাফল্য আরব ভোটারদের ক্রমবর্ধমান রাজনৈতিক গুরুত্ব এবং ইজরায়েলের ভবিষ্যৎ— সংসদীয় ভারসাম্যের ওপর তাদের সম্ভাব্য প্রভাবকে স্পষ্ট করে তুলেছে।
প্রকাশের তারিখ: ২৯-অক্টোবর-২০২৬
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
