Latest Edition

সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

ভেনিজুয়েলায় মাদুরোর শপথ গ্রহণ ও প্রাসঙ্গিক কথা

স্টেফানি ওয়েদারবি, ভিভিয়ান ফার্নান্ডেজ
মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের স্যাঙাৎদের নিরন্তর আগ্রাসনের প্রেক্ষাপটেই বহমান রয়েছে ভেনিজুয়েলার প্রতিরোধ সংগ্রাম। ৯৫০টির বেশি বেআইনী নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার ফলে জাতীয় আয় বিপুলভাবে হ্রাস পেয়েছে যা স্বাস্থ্য, শিক্ষা ও জনমুখী নানা পরিষেবার উপর ধ্বংসাত্মক আঘাত হেনেছে। এই ব্যবস্থাগুলি নেওয়াই হয়েছে বলিভারীয় বিপ্লবকে দুর্বল করতে এবং জনগণের মধ্যে হতাশার জন্ম দিয়ে সাম্রাজ্যবাদের স্বার্থে সরকার বদলের দিকে ঠেলে দিতে।
Venezuela's Maduro sworn in and some relevance

১০ জানুয়ারি ভেনিজুয়েলার জন্যে একটি গুরুত্বপূর্ণ দিন। গত ২৮ জুলাইয়ের নির্বাচনে ৫২% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হওয়ার পর এইদিনে নিকোলাস মাদুরো রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করবেন। এই ঘটনা শুধুমাত্র বলিভারীয় বিপ্লবের ধারাবাহিকতাকেই তুলে ধরছে না; একইসঙ্গে সমাজতান্ত্রিক কর্মসূচি রূপায়নের প্রতি সমর্থন ও মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোসর অভিজাত গোষ্ঠীতন্ত্রের আগ্রাসন প্রতিরোধের প্রতি জনগণের আস্থাকে সূচিত করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের স্যাঙাৎদের সমর্থনপুষ্ট হয়ে ভেনিজুয়েলার প্রতিক্রিয়াশীল চক্র বারবার চেষ্টা করেছে দেশকে অস্থিতিশীল করতে। এই মুহূর্তে যখন পরাজিত প্রার্থী এডমুন্ডো গনজালেজের স্বঘোষিত বিজয়ী হিসেবে দাবি করে ১০ তারিখই রাষ্ট্রপতি পদে নিজেই শপথ নেওয়ার ঘোষণা করেছে, তার সঙ্গী হয়ে তারা আবার নতুন করে লিপ্ত হয়েছে সেই চক্রান্তে। বিরোধীরা রাজপথে হিংসা ঘটানোর ডাক দিয়েছে এবং এমনকী সেনাবাহিনীকেও আহ্বান জানিয়েছে বিদ্রোহ করার জন্যে (যা পত্রপাঠ প্রত্যাখ্যাত হয়েছে)।

কমানদান্তে উগো সাভেজের বিজয়ের মুহূর্ত থেকে গত ২৫ বছর ধরে যা করে আসছে বিরোধীরা, সেভাবেই গনজালেজ ও প্রাক্তন সাংসদ ও স্থানীয় গোষ্ঠীতন্ত্রের প্রতিনিধি মারিয়া কোরিনা মাচাদোর নেতৃত্বে ডানপন্থী ও চরম ডানপন্থী শক্তিগুলি হিংসা ও বিশৃঙ্খলায় উস্কানি দিচ্ছে যাতে বিদেশি শক্তি (মানে মার্কিন যুক্তরাষ্ট্র) হস্তক্ষেপ করতে পারে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়।

এতদসত্ত্বেও ভেনিজুয়েলার নির্ভীক জনগণ এবং তাদের সংগঠনগুলি সুদৃঢ় প্রতিরোধের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করে রেখেছে। ভেনিজুয়েলা একা নয়, সারা পৃথিবী জুড়ে সামাজিক সংগঠন, গণ আন্দোলনগুলি, রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়ন সমূহ বলিভারীয় বিপ্লবের সমর্থনে অবস্থান গ্রহণ করেছে। আগামী ১০ জানুয়ারি বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও আন্দোলনের পক্ষ থেকে সামাজিক গণমাধ্যম এবং জনপরিসরে মুখর হওয়ার মধ্য দিয়ে আবার একইভাবে আমাদেরকে সমর্থন ও সংহতি জ্ঞাপন করতে হবে ভেনিজুয়েলার জনগণের প্রতি।

চরম ডানপন্থা ও মার্কিন সাম্রাজ্যবাদের তরফে আগ্রাসন

মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের স্যাঙাৎদের নিরন্তর আগ্রাসনের প্রেক্ষাপটেই বহমান রয়েছে ভেনিজুয়েলার প্রতিরোধ সংগ্রাম। ৯৫০টির বেশি বেআইনী নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার ফলে জাতীয় আয় বিপুলভাবে হ্রাস পেয়েছে যা স্বাস্থ্য, শিক্ষা ও জনমুখী নানা পরিষেবার উপর ধ্বংসাত্মক আঘাত হেনেছে। এই ব্যবস্থাগুলি নেওয়াই হয়েছে বলিভারীয় বিপ্লবকে দুর্বল করতে এবং জনগণের মধ্যে হতাশার জন্ম দিয়ে সাম্রাজ্যবাদের স্বার্থে সরকার বদলের দিকে ঠেলে দিতে।

ভেনিজুয়েলায় এই মুহূর্তে যা ঘটছে তা প্রথমবারের ঘটনা নয়। ২০১৩ সালের নির্বাচনের সময়কার কথা আমাদের ভোলা উচিত নয় যখন হেনরিকে কাপ্রিলেস নির্বাচনী জুয়াচুরির অভিযোগ তুলে ফলাফলকে অবৈধ প্রতিপন্ন করার চেষ্টা করেছিল এবং ব্যাপক হারে হিংসাত্মক ঘটনা ঘটানোর আহ্বান জানিয়েছিল। এই হিংসাত্মক ঘটনা নামাঙ্কিত হয়েছিল ‘গুয়ারিমবাস’ হিসেবে। একইসঙ্গে লক্ষনীয় ঘটনা ছিল ২০১৯ সালে জাতীয় সংসদের অধ্যক্ষের পদ অর্জন করার পর (তখন আদালত অবমাননার দায়ে জাতীয় সংসদ অভিযুক্ত ও নিষ্ক্রিয় ছিল) জুয়ান গুয়াইদোর প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে আত্ম-ঘোষণা। এর অব্যবহিত পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এই অজুহাতে আরও বৃহত্তর নিষেধাজ্ঞা জারি করে যার ফলে ভেনিজুয়েলার ক্ষতি হয় এক বিলিয়ন ডলার। অন্যদিকে এই পদক্ষেপ যে সরকার ও তার নেতৃবৃন্দ পুতুল গুয়াইদোর ‘আজগুবি সরকার’কে স্বীকৃতি প্রদান করে তাদেরকে এক লজ্জাজনক অবস্থায় এনে দাঁড় করায়।

এই অর্থনৈতিক আগ্রাসনের সঙ্গে যোগ হয় ভেনিজুয়েলার অভ্যন্তরে থাকা গোষ্ঠীতন্ত্রের শক্তি ও চরম ডানপন্থীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন। এই শক্তিগুলি শাভিজমো বা শাভেজপন্থা সম্পর্কে শুধু অপপ্রচার করেই ক্ষান্ত থাকেনি, একইসঙ্গে তারা সামরিক অভ্যুত্থান ও অর্থনৈতিক অন্তর্ঘাত সহ চরম আকারের হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যায়। এতদসত্ত্বেও ই.সি.এল.এ.সি-র (লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অর্থনৈতিক কমিশন) অনুমান অনুযায়ী ২০২৪ সালে ৬.২% প্রবৃদ্ধির লক্ষ্য মাত্রা সামনে রেখে ভেনিজুয়েলার অর্থনীতিতে ঘুরে দাঁড়াবার সুস্পষ্ট লক্ষণ দৃশ্যমান হয়েছে। এর জন্যে ধন্যবাদার্হ সরকারের উদ্যোগে গৃহীত স্বনির্ভরতা ও লাভজনক বিচিত্রমুখিনতার কর্মসূচি।

সমাজতন্ত্রের সংগ্রামে ভেনিজুয়েলার স্থান

বলিভারীয় বিপ্লবের শুরু দিন থেকেই লাতিন আমেরিকা সহ সমগ্র বিশ্বের গণ-আন্দোলনের সামনে ভেনিজুয়েলা একটি আলোচ্য বিষয়। উগো সাভেজের হাত ধরে শুরু হওয়া এই কর্মধারা শুধুমাত্র অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভুত্বের আন্তর্জাতিক কাঠামোকেই প্রত্যাহ্বান জানায়নি, সার্বভৌমত্ব, সামাজিক ন্যায় এবং জনগণের স্পন্দমান অংশগ্রহণমূলক গণতন্ত্রের ভিত্তিতে একটি বিকল্প পথেরও নির্মাণ করেছে। বিশ্বব্যাপী পুঁজিবাদের আগ্রাসী পরিমণ্ডলে ভেনিজুয়েলা দেখিয়েছে যে বিভিন্ন নৃগোষ্ঠীর পারস্পরিক সহযোগিতা ও সংলাপকে বাঙ্ময় করে তোলার মাধ্যমে জনকল্যাণনির্ভর একটি ভিন্নপথ অবলম্বন সম্ভব।

শাভেজের শুরু করা এবং এই মুহূর্তে মাদুরোর হাত ধরে এগোনো প্ল্যান অব দ্য হোমল্যান্ড বা স্বদেশ সম্পর্কিত যোজনা উল্লিখিত বিকল্প কর্মসূচিকে কমিউন বা স্থানীয় সভাস্তর থেকে অঞ্চলভিত্তিক সমাজতন্ত্রের মধ্য দিয়ে আরও গভীরে প্রোথিত করেছে। এই কর্মধারার মধ্য দিয়ে শুধুমাত্র স্ব-ব্যবস্থাপনা ও সামাজিক সম্পত্তির আদর্শের ভিত্তিতে অর্থনীতির পুনর্গঠনই অর্জিত হয়নি, সরকারি নীতিমালার প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণও আরও শক্তিশালী হয়েছে। কমিউন বা স্থানীয় সভাগুলি, জনগণের শক্তির প্রাণকেন্দ্র হিসেবে সহমর্মিতা ভিত্তিক সার্বভৌম অর্থনীতি গড়ে তুলতেও সফল হয়েছে যা প্রমাণ করে ভেনিজুয়েলার সমাজতন্ত্র নিত্যনতুন উদ্ভাবনী রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে চলমান রয়েছে।

নিকোলাস মাদুরো ও বলিভারীয় বিপ্লবের প্রতি জনসমর্থন

বলিভারীয় বিপ্লবের মৌলিক স্তম্ভটি হচ্ছে সংগঠিত সামাজিক আন্দোলন ও জনগণের অকুণ্ঠ সমর্থন।  বিগত ২৫ বছরে ভেনিজুয়েলায় ৩০টি নির্বাচন সম্পন্ন হয়েছে, যেখানে শাভিজমো বা শাভেজপন্থা বেশিরভাগ ক্ষেত্রেই বিজয়ী হয়েছে, যদিও একইসঙ্গে কিছু কিছু ক্ষেত্রে পরাস্তও হয়েছে। সর্বশেষ নির্বাচনী প্রক্রিয়ায় ২০২৪ সালের ২৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিরোধীদের সব প্রচেষ্টা সত্ত্বেও ভেনিজুয়েলার ৬৪ লক্ষেরও বেশি মানুষ মাদুরোর প্রতি সমর্থনকে পুনর্ব্যক্ত করেছে।

এর পর থেকে বিপ্লবী কর্মসূচিগুলির রক্ষায় জনগণ ক্রমাগত নিজেদের সংগঠিত করেছে। অসংখ্য সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে ভেনিজুয়েলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে শাভেজপন্থা দেশের একটি জীবন্ত ও ক্রিয়াশীল রাজনৈতিক শক্তি। এই সমাবেশগুলি কেবলমাত্র সংগঠিত হয়েছে বহির্শত্রুর আগ্রাসনের বিরুদ্ধ প্রতিক্রিয়া হিসেবে-ই নয়, এর মধ্য দিয়ে বলিভারীয় বিপ্লবের প্রতি সমষ্টিগত অঙ্গীকার-ও ব্যক্ত হয়েছে।

বর্তমান স্তরে দাঁড়িয়ে সরকারি ব্যবস্থাপনা ও দুর্নীতি বিরোধী সংগ্রামের ক্ষেত্রে কার্যকরী পরিবর্তন আনার বিষয়ে মাদুরো সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন। তিনি অগ্রাধিকার দিচ্ছেন কমিউন বা স্থানীয় সভাগুলিকে অধিকতর শক্তিশালী করার মধ্য দিয়ে আত্মনির্ভরতা ও সার্বভৌমত্বের নীতি রচনায়। এই প্রচেষ্টাগুলির সুফল ইতিমধ্যেই পাওয়া শুরু হয়েছে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত এবং নিজেদের ভবিষ্যৎ পরিচালনার বিষয়ে জনগণের আত্মবিশ্বাস বৃদ্ধির মধ্য দিয়ে।

১০ জানুয়ারি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বলিভারীয় বিপ্লবকে চলমান রাখার প্রতিজ্ঞা নিয়ে ভেনিজুয়েলার পথঘাটকে মুখর রাখবেন সে-দেশের মানুষ। এই মুহূর্তে বিষয়টি রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের চেয়েও আরও অনেক বড়ো। এটার সাথে জড়িত হয়ে আছে একটি বিপ্লবী কর্মধারা যা গোটা বিশ্বের কাছে আত্মমর্যাদা, সামাজিক ন্যায় এবং আশা ভরসার একটি আলোক বর্তিকা।

ভাষান্তর: শুভপ্রসাদ নন্দী মজুমদার

 


প্রকাশের তারিখ: ১১-জানুয়ারি-২০২৫
শেয়ার:
সেভ পিডিএফ:


আপনার মতামত

এই লেখাটি আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।



অন্যান্য মতামত:

Donate Now
আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
সমসাময়িক বিভাগে প্রকাশিত ২৫০ টি নিবন্ধ
০৭-মে-২০২৬

২৯-মার্চ-২০২৬

২২-মার্চ-২০২৬

১৯-মার্চ-২০২৬

১৩-মার্চ-২০২৬

০৪-মার্চ-২০২৬

২৪-ফেব্রুয়ারি-২০২৬

২৩-ফেব্রুয়ারি-২০২৬

২১-ফেব্রুয়ারি-২০২৬

২০-ফেব্রুয়ারি-২০২৬