সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
ফ্রেডরিক এঙ্গেলস ও বুর্জোয়া প্রজাতন্ত্র: ফিরে দেখা
রতন খাসনবিশ
এঙ্গেলসের মতে, অবশ্যই শ্রেণি সংগ্রামের বিভিন্ন স্তরে সমাজতন্ত্রীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে, সেগুলোতে যত অসম্পূর্ণতাই থাকুক না কেন। তবে ঐক্যবদ্ধ আন্দোলনেও শ্রমিকশ্রেণি তার স্বতন্ত্র রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করবে। অন্য রাজনৈতিক দলগুলিকে অসমাপ্ত বুর্জোয়া বিপ্লব সমাপ্ত করার জন্য চাপ দিয়ে যেতে হবে। এঙ্গলসের মতে, কোনো অবস্থাতেই বুর্জোয়া গণতন্ত্রের জন্য যে আন্দোলন তা থেকে সরে যাওয়া যাবে না।

১৮৮৪ সালে ফ্রেডরিক এঙ্গেলস লিখেছিলেন দ্য ওরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট। ওই রচনার নবম অধ্যায়ে তিনি বলছেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে পরিণত রূপটি হল কোনো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রে ভোটের অধিকার সমান থাকলেও সম্পত্তির অধিকার এবং সামাজিক অধিকারের সমতা থাকে না। ‘সম্পদ এক্ষেত্রেও পরোক্ষভাবে তার প্রভাব কাজে লাগায়। নিশ্চিতভাবেই এটা ঘটে থাকে। বুর্জোয়া প্রজাতন্ত্র সে কারণে শ্রমিক শ্রেণিকে পূর্ণ গণতন্ত্র দিতে পারে না। সর্বজনীন ভোটাধিকার সত্ত্বেও এটা ঘটে না।’ তৎসত্ত্বেও এঙ্গেলস এই গণতন্ত্রের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। শ্রমিকশ্রেণি যে এই বুর্জোয়া প্রজাতন্ত্রের বিরোধিতা করতে পারে না, বিশেষত পূর্বতন শাসন ব্যবস্থার তুলনায় এটি যে শ্রমিকশ্রেণির জন্য একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা, এই ধরনের গণতন্ত্রে প্রসার ঘটানোর জন্য শ্রমিকশ্রেণিকও যে তার ভূমিকা পালন করতে হবে, এ কথা এঙ্গেলস বলেছিলেন। যে সব দেশে বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই গড়ে ওঠেনি সেসব দেশে কমিউনিস্ট আন্দোলনের একটা লক্ষ্য থাকা উচিত এই ধরনের গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন করা। এই প্রজাতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই শ্রেণি সংগ্রামের বিকাশ মারফৎ শ্রেণিরাষ্ট্র ব্যবস্থা দূর করে একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রনৈতিক ব্যবস্থার জন্ম দেওয়া যায় যার আদিরূপটি হল শ্রমিকশ্রেণির একনায়কত্ব।
শ্রমিকশ্রেণি কি বুর্জোয়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ উপায়ে কেবলমাত্র সর্বজনীন ভোটাধিকারের ওপর নির্ভর করে পুঁজিবাদী সম্পত্তি সম্পর্ক হঠিয়ে দিয়ে সমাজতন্ত্র গঠন করতে পারে? এঙ্গেলস এ-ক্ষেত্রে নানাবিধ সম্ভাবনার কথা আলোচনা করেছেন যেগুলো নিয়ে বিতর্ক আছে। এঙ্গেলসের অবস্থান এক্ষেত্রে ঠিক কী ছিল, ইতালির সমাজতান্ত্রিক নেতা ফিলিপ্পো তুরাতিকে লেখা একটি চিঠিতে (২৬ জানুয়ারি,১৮৯৪) সেটা স্পষ্ট হয়। মনে রাখতে হবে এই চিঠি এঙ্গেলস লিখছেন তাঁর মৃত্যুর কয়েক মাস আগে যখন ইতিমধ্যেই দ্বিতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠিত হয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে কমিউনিস্টদের অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে, দ্বিতীয় আন্তর্জাতিকের অধীনস্থ রাজনৈতিক দলগুলি তখন ইউরোপের অন্তত ২১টি দেশে তাদের কাজ সংগঠিত করছে। অধিকাংশ ক্ষেত্রেই কাজগুলি দাঁড়াচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে অর্থাৎ বুর্জোয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্রে তাদের ভূমিকা প্রতিষ্ঠিত করা। দলগুলির সমর্থনও বাড়ছে। শতাব্দীর শেষ দিকে এঙ্গেলস তখন আর বেঁচে নেই, কিন্তু ওই দিশায় গড়ে ওঠা রাজনৈতিক দলগুলির গণভিত্তি তখন প্রবল হয়ে উঠেছে। একটি হিসাব অনুযায়ী, দ্বিতীয় আন্তর্জাতিকের দলগুলি তখন ইউরোপীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রগুলিতে ৬০ লক্ষের বেশি ভোট পাচ্ছে। ২৬১টি সংসদীয় আসন তাদের দখলে রয়েছে। এই দিশায় গড়ে ওঠা রাজনৈতিক দলগুলির প্রভাব এতটাই বাড়ছে যে, প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে সে সময় দেখা যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিকের সদস্য সংখ্যা ৪০ লক্ষ। দলগুলি ইউরোপীয় প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলিতে ভোট পাচ্ছে ১ কোটি ২০ লক্ষেরও বেশি (এ ডিকশনারি অফ মার্ক্সিস্ট থট, এডিটেড বাই টম বটোমোর, পৃষ্ঠা ২৩৫)। এ থেকে একটি বিপত্তিও গড়ে উঠছিল যার ইঙ্গিত এঙ্গেলস পাচ্ছিলেন তাঁর জীবদ্দশার শেষদিকে। বস্তুত, তুরাতিকে লেথা তাঁর ওই চিঠিটি এই প্রেক্ষাপটেই বিবেচনা করতে হবে। বুর্জোয়া গণতন্ত্রে ভোটের জোরে ক্ষমতায় আসার পরিস্থিতি দেখা দিলে কমিউনিস্টরা কী করবে, সমস্যাটি ছিল বাস্তব সমস্যাই। ১৯০০ সাল নাগাদ যেটি ফরাসি সমাজতান্ত্রিক মিলেরাঁদের মতবাদ হিসাবে ছড়িয়ে পড়ে। মতবাদটির সংক্ষিপ্তসার হল, বুর্জোয়া গণতন্ত্রে সুযোগ পেলে বুর্জোয়া সরকারেই যোগদান করতে হবে। দ্বিতীয় আন্তর্জাতিক অবশ্য এই মতবাদ পুরোপুরি গ্রহণ করেনি। একটি সমঝোতা করে এঙ্গেলসের অবর্তমানে কাউটস্কি একটি প্রস্তাব আন্তর্জাতিকে অনুমোদন করিয়ে নেন। প্রস্তাবটি এই যে, মিলেরাঁদের নেতৃত্বাধীন ফরাসি সোশালিস্টরা যা করছেন সেটাকে ব্যতিক্রমী হিসাবেই দেখতে হবে।
এই প্রেক্ষিতেই বিবেচনা করতে হবে তুরাতিকে লেখা এঙ্গলসের চিঠিটি। ইতালিতে সে সময় বুর্জোয়ারা ক্ষমতায় এসেছে জাতীয় স্বাধীনতা আন্দোলনের ফলশ্রুতিতে (Risorgimento)। কিন্তু এই গণতন্ত্রের ছিল নানাবিধ সীমাবদ্ধতা। দক্ষিণ ইতালির বড়ো জোতের মালিকদের সঙ্গে এই বুর্জোয়া জাতীয়তাবাদ সমঝোতা করেছিল। মধ্য ইতালির বর্গাদারী ব্যবস্থা বিলোপ ঘটাতে সক্ষম হয়নি বুর্জোয়া জাতীয়তাবাদ। এই জাতীয় বিপ্লব এঙ্গেলসের চোখে দাঁড়িয়েছিল এটি এমন একটি পরিস্থিতি যেখানে পুঁজিবাদের বোঝা মানুষের ঘাড়ে এসে পড়েছে কিন্তু যার সুবিধাগুলো কোনোটাই সমাজ পায়নি। সেই সমাজে আছে পুরোনো কৃষি ব্যবস্থা, একইসঙ্গে সেখানে দেখা দিচ্ছে নব উদ্ভাবিত পুঁজিবাদ। এঙ্গেলস সেখানে উদ্ধৃত করছেন মার্ক্সের সেই বিখ্যাত কথাটি, ‘We suffer not only from the living but from the dead.’ এমতাবস্থায় ইতালিয়ান সোশালিস্ট পার্টির করণীয় কী? এঙ্গেলসের মতে, অবশ্যই শ্রেণি সংগ্রামের বিভিন্ন স্তরে সমাজতন্ত্রীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে, সেগুলোতে যত অসম্পূর্ণতাই থাকুক না কেন। তবে ঐক্যবদ্ধ আন্দোলনেও শ্রমিকশ্রেণি তার স্বতন্ত্র রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করবে। অন্য রাজনৈতিক দলগুলিকে অসমাপ্ত বুর্জোয়া বিপ্লব সমাপ্ত করার জন্য চাপ দিয়ে যেতে হবে। এঙ্গলসের মতে, কোনো অবস্থাতেই বুর্জোয়া গণতন্ত্রের জন্য যে আন্দোলন তা থেকে সরে যাওয়া যাবে না। কিন্তু একই সঙ্গে এঙ্গেলস সেই প্রবণতারও সমালোচনা করেছেন দ্বিতীয় আন্তর্জাতিকের নেতৃত্বাধীন কমিউনিস্ট আন্দোলনে যা প্রকট হয়ে উঠছিল। এঙ্গেলসের মৃত্যুর পর ফ্রান্সের কমিউনিস্ট আন্দোলনে যেটি দাবি হিসাবে দেখা দিল — কোয়ালিশন সরকারে অংশগ্রহণ করা। তুরাতিকে লেখা চিঠিতে এঙ্গেলস যা লিখেছিলেন সেটি নির্যাস এই রকম যে, কমিউনিস্টদের এ-বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ১৮৪৮ সালের ফরাসি বিপ্লবে লুই ব্লাঁ এবং লেডরু রোলিন অস্থায়ী সরকারে অংশগ্রহণ করে কী ধরনের বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, এই চিঠিতে এঙ্গেলস তার উল্লেখ করেন। তাঁর মতে, এই অংশগ্রহণ শ্রমিকশ্রেণির যে স্বাধীন আন্দোলন তাকে ক্ষতিগ্রস্ত করে।
এঙ্গেলস এই ধরনের সরকারে অংশগ্রহণ করার সরাসরি বিরোধিতা করেননি। কিন্তু কী ধরনের বিচ্যুতি দেখা দিতে পারে সেটি অনুপুঙ্খ আলোচনা করেন। বলা যায় যে, এঙ্গেলস তাঁর জীবদ্দশায় সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক বুর্জোয়া গণতন্ত্র যে সুবিধেগুলোর সৃষ্টি করে সে সম্পর্কে সচেতন হয়েছিলেন। কিন্তু এটিকে কতদূর কাজ লাগানো যাবে সে সম্পর্কেও তাঁর ছিল সুস্পষ্ট একটি ধারণা। এই ধারণার মূল কথা হল, শ্রমিকশ্রেণির যে নিজস্ব উদ্যোগ, যে উদ্যোগের মধ্যে দিয়ে বুর্জোয়া গণতন্ত্রের সীমাবদ্ধতা অতিক্রম করা যায়, কোনো কারণেই সেটিকে খাটো করা চলবে না। বস্তুত, সব ধরনের সংশোধনবাদ বিকশিত হয় বুর্জোয়া গণতন্ত্রকে ঠিক মতো বিশ্লেষণ করতে পারার সীমাবদ্ধতা থেকে। মূল সমস্যা থেকে গেছে এখানেই। রুশ বিপ্লবের সময় লেনিন বুঝেছিলেন, যে বুর্জোয়া গণতন্ত্র ডুমাকে কেন্দ্র করে গড়ে তোলার চেষ্টা চলছে, সেটিকে অন্তর্ঘাত করা ছাড়া, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করা সেই পরিস্থিতিতে সম্ভব ছিল না। কাজটি এঙ্গেলস-বিরোধী ছিল না। এঙ্গেলস কখনোই বুর্জোয়া গণতন্ত্রের মহিমা কীর্তন করতে বসেননি। সোশালিস্টরা এই গণতন্ত্রের অসম্পূর্ণতা দূর করবে সমাজ বিপ্লব ঘটিয়ে, এটা ঠিক। কিন্তু গণতান্ত্রিক বিপ্লব যেখানে দানা বেঁধে উঠতে পারেনি অথচ একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য সাধারণ নাগরিকেরা উন্মুখ হয়ে আছেন সেখানে সোশালিস্টদের কেরেনস্কির মতো রক্ষণশীল রাজনীতিবিদদের সমর্থন করে যেতে হবে, লেনিন সেটা ঠিক মনে করেননি। বেঁচে থাকলে এঙ্গেলসও সম্ভবত সে-কথাই বলতেন।
রাজনৈতিক কর্মসূচির মূল কথা, নির্দিষ্ট পরিস্থিতির নির্দিষ্ট বিশ্লেষণ। কপিবুক থেকে সূত্র তৈরি করে বিপ্লব সংগঠিত করা যায় না। সফল বিপ্লবীরা ছক ভেঙেছেন। কিন্তু ছক ভাঙার সময়ে মার্কসবাদের চিরায়ত সূত্রগুলিকে অস্বীকার করা কখনোই সঙ্গত হবে না। সমাজবিপ্লব সম্পর্কে এঙ্গেলসের চিন্তার এটাই সম্ভবত সার কথা।
বুর্জোয়া গণতন্ত্রের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হল সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। বুর্জোয়ারা এটিকেই কাজে লাগায় তাদের শ্রেণিস্বার্থ চরিতার্থ করার জন্য। কীভাবে তা কাজে লাগানো যায় গত কয়েকশো বছরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুর্জোয়া শ্রেণি সেটা বুঝেছে। যেটা তাদের শ্রেণিস্বার্থ সেটিকে কৌশলে সঙ্গে জনগণের স্বার্থ হিসাবে প্রতিষ্ঠিত করে প্রজাতান্ত্রিক রাষ্ট্রের মোড়কে তা কার্যকর করার ব্যবস্থা করতে পেরেছে তারা। এ-বিষয়ে তারা যে যথেষ্ট সফল হয়েছে তাতে সন্দেহ নেই। বুর্জোয়া রাষ্ট্র যে শ্রেণিরাষ্ট্র সেটি সাধারণ মানুষ বিস্মৃত হতে বসেছে। বুর্জোয়া শ্রেণি এটি করেছে তার চিন্তার হেজিমনি বা প্রভাবলয় তৈরি করে। কমিউনিস্টদের কাছে এটি একটি মস্ত বড়ো চ্যালেঞ্জ হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে। কমিউনিস্টদের যে রাজনীতি সে রাজনীতিকে মেনে নিতে হচ্ছে এই বুর্জোয়া প্রজাতন্ত্রের বিদ্যমান কাঠামোটিকে। বিপরীতে দাঁড়িয়ে যারা মতাদর্শের শুদ্ধতা রক্ষার চেষ্টা করেন তাদের গণভিত্তি যে ক্রমশ দুর্বল হচ্ছে এমনকী ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলেও, তা প্রমাণিত। এমতাবস্থায় ফিরে যেতে হবে ফ্রেডরিক এঙ্গেলসের চিরায়ত বক্তব্যে, বুর্জোয়া গণতন্ত্রকে অস্বীকার করার কোনো কারণ নেই। সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক এই গণতন্ত্রে শ্রমিকশ্রেণিও যে তার রাজনীতি প্রসারণের ক্ষেত্র হিসাবে কাজ করতে পারে, যত সীমাব্ধতাই থাক না কেন এই গণতন্ত্রে যে তার লাভ আছে ক্ষতি নেই, ইতালির বুর্জোয়া বিপ্লবের যাবতীয় সীমাবদ্ধতা সত্ত্বেও তার যে ইতচিবাচক দিক— যেটি সেখানকার কমিউনিস্টরা যে অস্বীকার করতে পারে না, এঙ্গেলসের চিঠিতে সেটা স্পষ্ট হয়। স্পষ্ট হয় এই বিষয়টিও যে, এটি থেকে দূরে থাকা চলবে না। সুযোগ সুবিধে মতো এটাকে কাজে লাগাতে হবে সার্বিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এঙ্গেলস এ-কথা বলেননি, তবে লেনিনের রচনায় তা স্পষ্ট যে— প্রয়োজন হলে এই ব্যবস্থাটিতে অন্তর্ঘাত ঘটানো অসমীচিন না-হতেও পারে। ব্যবস্থাটিকে ভেতরে ঢুকে ব্যবহার করার প্রয়োজনীয়তাও অস্বীকার করা যায় না। ভেতরে ঢুকে ব্যবস্থাটিকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারি কাজে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা নিয়ে এঙ্গেলসের সংশয় ছিল। পরবর্তীকালের কমিউনিস্ট আন্দোলন প্রমাণ করেছে এই সংশয় অমূলক ছিল না। কিন্তু এতদসত্ত্বেও এটি থেকে ইতিবাচক কার্যক্রম খুঁজে বের করা অসম্ভব নয়। এঙ্গেলস পরবর্তী কালের কমিউনিস্ট আন্দোলন সেটি প্রমাণ করেছে।
প্রকাশের তারিখ: ২৮-নভেম্বর-২০২৬
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
