Latest Edition

সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

অন্তহীন ভালোবাসার নাম লেনিন

বিজয় পাল
লেনিনের জন্মের দেড়শত বর্ষ উদযাপিত হয়েছে দুনিয়া জুড়ে। অথচ তাঁর কীর্তির স্মারক সোভিয়েত ইউনিয়ন আজ নেই। সে দেশে পুঁজিবাদ গেঁড়ে বসেছে। তবুও কেন লেনিন অমলিন, কেন আজ আরও বেশি জীবন্ত। কারণ এই গ্রহের এমন কোনো প্রান্ত নেই যেখানে কোনো না কোনো মানুষ প্রতিদিন লেনিন পড়ছেন, লেনিনে অনুপ্রাণিত হয়ে লালঝান্ডা হাতে পথ হাঁটছেন। লেনিনে প্রাণিত হয়েই দেশে দেশে গড়ে উঠেছে কমিউনিস্ট পার্টি।
Lenin The name of Boundless Love

“সব বিষয়েই এই মানুষটির সমান আগ্রহ; কী দাবা খেলায়, কী ‘পোশাকের ইতিহাস’ সম্পর্কিত বইয়ে, কী কমরেডদের সঙ্গে তর্কবিতর্কে, কী মাছ ধরায়, কী দক্ষিণাঞ্চলের তপ্ত রৌদ্রে পাহাড়ে টোটো করে ঘুরে বেড়ানোয়, কী জেনিস্তার সোনালি রঙের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকায়, কী জেলেদের গাঁয়ের শিশুদের সঙ্গে কথা বলায়।”.. লেনিনের অভিন্ন হৃদয় বন্ধু, রুশ বিপ্লবগাথার অনিন্দ্যসুন্দর কথাকার ম্যাক্সিম গোর্কির ‘Memories’ গ্রন্থ থেকে উপরোক্ত পংক্তি কয়েকটি উদ্ধৃত করা হয়েছে সচেতনভাবেই। লক্ষ করলেই দেখবেন, আদ্যোপান্ত রাজনৈতিক ব্যাক্তিত্ব ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ-এর সম্বন্ধে গোর্কির লেখায় যে কয়েকটি পংক্তি উল্লেখ করা হয়েছে তাতে মোট শব্দ সংখ্যা ৪৬টি, রাজনীতি সম্বন্ধে মাত্র ৪টি। কেন? কারণ এটাই লেনিন। লেনিন বুঝেছিলেন, রাজনীতি আয়ত্ত করতে হলে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি এসব কিছুর পাশাপাশি জীবনের সব রং বুঝতে হবে, জানতে হবে, ভালোবাসতে হবে, অনুভব করতে হবে। সেজন্যই বলা হয় Politics is the science of all sciences.

জীবনকে নিবিড়ভাবে জানার নামই হল ভালোবাসা, অন্তহীন ভালোবাসা, যেমনটা করেছিলেন লেনিন। ও হ্যাঁ, বলা হয়নি। আমরা লিখেছি গোর্কির বন্ধুর নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। তাহলে লেনিন কোথা থেকে এল? ঠিকই ধরেছেন। বহু খ্যাতনামা ব্যক্তিদের মতোই উলিয়ানভই পরিচিত হয়ে গেলেন লেনিন নামে। অসংখ্যবার নানা ছদ্মনাম ব্যবহার করতে হয়েছে শাসকের চোখে ধুলো দিতে। ‘লেনিন’ ছদ্মনাম নিয়েছিলেন ১৯০১ সালে। ওঁর জীবনীকাররা অনুমান করেন সাইবেরিয়ার ‘লেনা’ নদীর নামেই লেনিন নাম নিয়েছিলেন, যেমনটা করেছিলেন প্লেখানভ। ভলগা নদীর নামে ছদ্মনাম নিয়েছিলেন ‘ভলগিন’।

মাত্র ৫৪ বছরের জীবন। এর মধ্যে বাল্যকাল বাদ দিলে অর্ধেকের বেশিরভাগ সময়টা কেটেছে নির্বাসনে, আত্মগোপনে ও বন্দিজীবনে। নিজের বাড়ি বলতে কিছু ছিল না। ভলগা নদীর তীরে সিম্বিস্ক শহরে ছয় ভাই-বোনের সংসারে জন্মে মাত্র ১৭ বছর বয়সে অর্থাৎ ১৮৮৭ সালের জুন মাসে জন্ম ভিটা ছেড়ে পড়াশোনার জন্য কাজানে যেতে হয়। কাজান বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন। তার আগে ওই ১৮৮৭ সালের ৮ই মে বড়োদা আলেকজান্দারের ফাঁসি হয়। জার শাসনের বিরুদ্ধে নারদনিক দলের সক্রিয় কর্মী হিসেবে শাসক কর্তাদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তাঁর ফাঁসির সাজা হয়। ফাঁসির আগে মা দেখা করতে গেলে আলেকজান্দার ‘আমি যা করেছি জনগণের মুক্তির জন্য করেছি’, বলেছিল। ঠিক তার এক মাস পরে ১৭ বছর বয়সে স্কুল জীবনের শেষ পরীক্ষায় বসে লেনিন সেরা ছাত্রের স্বীকৃতি পায়। দাদার মৃত্যুর এক বছর আগে বাবা ইলিয়া নিকোলায়োভিচের মৃত্যুও হয় ৫৪ বছর বয়সে। এই অবস্থাতেও ১৮ মাস বিনা পারিশ্রমিকে প্রাখতনিকভ নামে এক ছাত্রকে সপ্তাহে তিনদিন পড়িয়েছিলেন লেনিন। এত সবের পরেও সে বিদ্যালয়ের সেরা নম্বর পেয়ে পাশ করায় বিদ্যালয় কর্তৃপক্ষ মহা সংকটে পড়েছিল। একজন রাষ্ট্রদ্রোহীর ভাইকে কীভাবে সোনার মেডেল দেওয়া যায়! শাসকের কোপে পড়ার আতঙ্ক ছিল বিদ্যালয় কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত অবশ্য সোনার মেডেল ও শংসাপত্র দেওয়া হয়েছিল। ‘অত্যন্ত দক্ষ, পরিশ্রমী ও কষ্টসহিষ্ণু। অগ্রগতি বিকাশ ও আচরণের দিক থেকে সবচেয়ে যোগ্য ছাত্র বিবেচিত হওয়ায় স্কুলের পড়া শেষ করার পরে স্বর্ণপদক দেওয়া হল’, লিখেছিলেন প্রধান শিক্ষক।

এই পরিস্থিতিতে কী হতে পারতেন লেনিন? গড়পড়তা চিন্তায় দাদার মৃত্যুর প্রতিশোধ স্পৃহায় হয় তিনি আরও আগ্রাসী ব্যক্তিহত্যার রাজনীতিতে জড়িয়ে পড়তেন অথবা রাজনীতির সংস্পর্শ থেকে সহস্রযোজন দূরে অবস্থান করতেন। কোনোটাই হল না লেনিনের ক্ষেত্রে। তিনি মানবপ্রেম; নির্যাতিত মানুষের প্রতি অফুরাণ ভালোবাসাকে গ্রহণ করলেন, বর্জন করলেন ব্যক্তি হত্যার ভ্রান্ত রাজনীতিকে। মানুষকে সঙ্গে নিয়ে গণসংগ্রাম, গণআন্দোলনের পথ নির্মাণকে জীবনের লক্ষ্য করলেন।

জারের শাসনে ছাত্রদের সংগঠন করার অনুমতি থাকার কথা নয়। ছিলও না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রসংসদ গঠনের দাবিতে ছাত্রদের সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করলেন। যথারীতি পুলিশ গ্রেপ্তার করে এক বছরের জন্য অন্তরীণ রাখা হল কড়া পুলিশি প্রহরায় এক অখ্যাত গ্রামে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করল। গ্রেপ্তারের সময় পুলিশ দাদার স্মৃতি স্মরণ করিয়ে জেলখানা দেখিয়ে বলল, ‘সামনে পাঁচিল খাড়া রয়েছে, বুঝতে পার না’। উত্তরে লেনিন বললেন, ‘হ্যাঁ, পাঁচিল তবে জীর্ণ, একটা লাথি মারলেই চুরচুর করে ভেঙে পড়বে।’ এই মন্তব্য করার জন্য রাষ্ট্রব্যবস্থা সম্বন্ধে যে শক্তপোক্ত ধারণা থাকা দরকার তা ১৭ বছরের বালক লেনিন কোথা থেকে পেলেন?

পেলেন। কারণ ততদিনে পুশকিন, লেরমনতভ, গোগোল, তুর্গেনিভ, নেক্রাসভ, সালতিকভ, শেদ্রিন, তলস্তয় পাঠ করে রুশ দেশের সমাজ-সংস্কৃতি সম্বন্ধে ধারণার ভিত তৈরি করে নিলেন। সমাজ বাস্তবতার নিরিখে বিপ্লবী চেতনা পেলেন বেলিনস্কি, হের্তসেন, চের্নিশেভস্কি, দাব্রোলুভব, পিসারেভ প্রমুখের লেখা পড়ে। চের্নিশেভস্কি তখন বিপ্লবী ডেমোক্র্যাট হিসেবে পরিচিত নাম।

মার্কসবাদী পাঠচক্রগুলি গুপ্তসমিতি হিসেবে কাজ করছিল। লেনিন এই মার্কসবাদী পাঠচক্রগুলির সঙ্গে যোগাযোগ গড়ে তুললেন। ইতোমধ্যে তাঁর এক বছরের অন্তরীণ পর্ব শেষ হয়। কাজান বিশ্ববিদ্যালয় তাঁকে ফিরিয়ে নিতে অস্বীকার করলে অনেক ঝামেলা পেরিয়ে সেন্ট পিটার্সবর্গ বিশ্ববিদ্যালয় থেকে বাইরের ছাত্র হিসেবে ১৮৯১ তে আইন পরীক্ষা পাশ করলেন। গুপ্ত সমিতিতে যুক্ত হয়ে শাসকের চোখে ধুলো দিয়ে মার্কসবাদী লেখালেখি প্রকাশের কৌশল সেই সময়েই আয়ত্ত করেছিলেন। এই পর্বেই ১৮৯৪-এর ফেব্রুয়ারিতে একটি মার্কসবাদী পাঠচক্রে ক্রুপস্কায়ার সঙ্গে আলাপ। সেই আলাপ পর্ব থেকেই আমৃত্যু দুই বিপ্লবীর একসঙ্গে পথচলা। ইতিহাসে অমর প্রেমগাথাগুলির অন্যতম একটি প্রেমের কাহিনি হতে পারে লেনিন ও ক্রুপস্কায়ার বিপ্লবী জীবন ও দাম্পত্য জীবনের রসায়ণ। আপাতত সে প্রসঙ্গ থাক।

ইতোমধ্যে লেনিনের পরিবার ভিটে ছেড়ে সামারায় স্থানান্তরিত হয়। সামারায় আইনজীবী হিসেবে আদালতে কাজ শুরু করলেও কিছুদিনের মধ্যেই তাঁকে চলে যেতে হয় সেন্টপিটার্সবুর্গের মার্কসবাদী পাঠচক্রগুলিকে সংহত করতে। এই সময় পুলিশের ব্যাপক ধরপাকড়ের ফলে অনেক বিপ্লবীরা ধরা পড়ে যায়। কেউ কেউ দেশ ছাড়তে বাধ্য হয়। এদের অনেকেই চলে যায় জেনিভায়। ১৮৯৫-এর ফেব্রুয়ারিতে সেন্টপিটার্সবুর্গে লেনিনের উদ্যোগে সোশ্যাল ডেমোক্রাটদের সম্মেলন থেকে জেনিভায় শ্রমিক মুক্তি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য লেনিনের নাম প্রস্তাবিত হয়। এপ্রিলের শেষের দিকে লেনিন পৌঁছলেন জেনিভায়। সেখান থেকে প্যারিসে। উদ্দেশ্য রুশ দেশে একটি মার্কসবাদী পার্টি গঠন। একইসঙ্গে গোপনে মাকর্সবাদী গ্রন্থ সংগ্রহ করে দিনরাত এক করে নিবিড় পাঠে নিমগ্ন থাকা। এই প্রচেষ্টার প্রথম ধাপ ১৮৯৫-এর শরৎকালে সোশ্যাল ডেমোক্রাটদের সব গ্রুপগুলিকে একত্রিত করে ‘শ্রমিক মুক্তি সংগ্রাম লিগ’ গঠন করা। এই প্রচেষ্টা জার শাসক সহ্য করতে পারে? ডিসেম্বরেই গ্রেপ্তার করা হল। ১ বছরের কারাজীবন। ফিরে আসতে-না-আসতে তিন বছরের জন্য নির্বাসন সাইবেরিয়ায়। জেলে থাকতেই লেখা শুরু করেছিলেন ‘রুশদেশে পুঁজিতন্ত্রের বিকাশ’ গ্রন্থ। এটি তিন বছরের নিরলস পরিশ্রমের গবেষণালব্ধ পুস্তক। শেষ করলেন সাইবেরিয়ায় নির্বাসন পর্বে। প্রকাশ পেল ১৮৯৯তে। মোট ৩০টি প্রবন্ধের সংকলন। জেলে থাকাকালীন পুলিশের চোখে ধূলো দেওয়ার জন্য সাদা কাগজে লেবুর রস বা দুধ দিয়ে লিখতেন। ফলে সাদা কাগজ মনে হত। কিন্তু হালকা গরম করলেই লেখা ফুটে উঠত। কখনও ছাপানো বইয়ের বিভিন্ন অক্ষরের উপরে ফুটকি দিয়ে লিখতেন। ফুটকির অক্ষরগুলো জুড়লেই বাক্য বোঝা যেত। কখনও বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেন যা বর্তমানে মাওবাদীদের ব্যবহার করতে দেখেছি আমরা।

বিপ্লবী পার্টি গঠনের জন্য বিপ্লবী পার্টি চাই। বিপ্লবী পার্টির জন্য চাই বিপ্লবী মতাদর্শ প্রচারের পত্রিকা। প্রকাশ করলেন ‘ইস্ক্রা’ (স্ফুলিঙ্গ)। ১৯০০-এর ২৪ ডিসেম্বর সুইজারল্যান্ডের লাইপাৎসিক থেকে প্রথম সংখ্যা প্রকাশ পেল। পরের সংখ্যাগুলি জার্মানির ম্যুনিক থেকে। লাগাতার পুলিশের তাড়া কী পরিমাণ থাকলে এই পন্থা গ্রহণ করতে হয় তা অনুমান করে নিতে হবে, এ-সব বিষয়ে বিস্তারিত বিবরণে যাওয়ার অবকাশ নেই। ইস্ক্রাতেই প্রকাশ পেল ‘কী করতে হবে’ ১৯০২ সালের মার্চ মাসে। ১৯০৪-এর মে মাসে ‘এক পা আগে, দু’পা পিছে’ গ্রন্থ প্রকাশিত হল। হ্যাঁ বলা হল না, ১৯০১-এর শেষের দিকে ‘ইস্ক্রা’য় লেখার জন্য তিনি প্রথম ‘লেনিন’ ছদ্মনাম ব্যবহার করেন। ১৯০২-এর জুন মাসে ইস্ক্রা’র ২১ নং সংখ্যায় পার্টির গৃহীত কর্মসূচি প্রকাশিত হয়। কখনও ম্যুনিক, সেন্ট পিটার্সবুর্গ, জেনিভা ঘন ঘন বাসা পরিবর্তন, কোনো রকমে মাথা গোঁজার মতো ঠাঁই-এর সন্ধান, নিদারুণ অর্থকষ্ট। কিন্তু লক্ষ্যে অবিচল। এরই মধ্যে রুশ দেশে বিপ্লবের পথ কী, বিপ্লবে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত শ্রেণির ভূমিকা কী হবে, কে বিপ্লবের নেতৃত্ব দেবে, কার সাথে কার মৈত্রী হবে এই নিয়ে তুমুল মতবিরোধ। পার্টির সদস্য হওয়ার মানদণ্ড কী হবে, শুধু চাঁদা দিয়েই পার্টিতে থাকা যাবে কিনা, গণ সংগঠনের কাজ করা আবশ্যিক কিনা এসব নানা মত, নানা বিতর্ক। এক কথায় এই পার্টি কংগ্রেসে পার্টির কর্মসূচি স্থির করাই প্রধান বিষয় ছিল। ১৯০৩-এর ৩০ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলে। প্রথমে রসেন্সের গুদাম ঘরে ইঁদুরের উৎপাতের মধ্যেই শুরু হলেও পরে লণ্ডনে সরিয়ে নিতে হয়। ২য় কংগ্রেস থেকেই পার্টির মধ্যে মতাদর্শগত বিতর্ক তীব্র হতে থাকে। পার্টির মধ্যে ‘বলশেভিক’ (সংখ্যাগরিষ্ঠ), মেনশেভিক (সংখ্যালঘু)-এ বিভক্ত হয়ে দুই ধারার সংঘাত শুরু হয়। এই সংঘাতের পটভূমিতেই লেনিন লিখলেন ‘এক পা আগে, দুই পা পিছে’ পুস্তক। ‘ইস্ক্রা’র সম্পাদকমণ্ডলী পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত ভেঙে মেনশেভিকরা দখল করে। ৫২ সংখ্যা থেকে মেনশেভিকদের। কর্তৃত্বে বেরোতে থাকে। বাধ্য হয়ে লেনিন ‘ইস্ক্রা’র সম্পাদকমণ্ডলী থেকে পদত্যাগ করেন। ডিসেম্বর ১৯০৫ থেকে বলশেভিকরা ‘পেরিয়দ’ (এগিয়ে চলা) নামে নতুন পত্রিকা প্রকাশ শুরু করে, ৪ জানুয়ারি প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

পার্টির মধ্যে এই বিতর্কের পটভূমিতে ১৯০৫-এর ২৫ এপ্রিল থেকে শুরু হল তৃতীয় পার্টি কংগ্রেস। বলশেভিকদের জেনিভায়, মেনশেভিকদের লন্ডনে। দুই কংগ্রেস, দুই পার্টি। এসবের ফলে লেনিনের মানসিক চাপ তীব্র হতে থাকে। স্নায়ু রোগে আক্রান্ত হন। কঠোর পরিশ্রমে তাঁর স্বাস্থ্য ভেঙ্গে পড়ে। এরই মধ্যে মেনশিভকদের ভ্রান্ত রণকৌশল বোঝাতে লিখলেন ‘সমাজতান্ত্রিক বিপ্লবে সোশ্যাল ডেমোক্রেসির দুই কৌশল’ গ্রন্থ। এইভাবে একই সঙ্গে পার্টির ভেতরে তত্ত্বগত ও বিপ্লবী আন্দোলনের পথ, কৌশল নিয়ে লড়াই, পুস্তক রচনা অন্যদিকে ধীরে ধীরে শ্রমজীবী মানুষের দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তোলার পটভূমিতেই ১৯০৫-০৭-এর গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে জার স্বৈরশাসনের একচ্ছত্র আধিপত্য ভেঙে আইন রচনার জন্য ক্ষমতাসম্পন্ন ‘ডুমা’ (খানিকটা সংসদের মতো) বাক্ স্বাধীনতা, সংগঠন, সভা-সমাবেশ করার স্বাধীনতা ইত্যাদি অর্জন করা গেল। অবশ্য এতে কয়েক হাজার জীবন উৎসর্গ করতে হল।

সংগ্রামের এই ধারায় স্থানীয় শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গঠিত হল ‘সোভিয়েত’। সেন্ট পিটার্সবুর্গে প্রথম এই সোভিয়েত গঠিত হল। লড়াই, সংগ্রাম, ধর্মঘট ইত্যাদি পরিচালনার জন্য গঠিত হলেও অচিরেই এগুলো জনগণের ক্ষমতার হাতিয়ার হয়ে উঠল। এই সোভিয়েতের নামেই পরবর্তীকালে সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রের পত্তন হয়েছিল। এই সোভিয়েতের উদ্যোগে নতুন আর একটি পত্রিকা ‘ইজভেন্তিয়া’ (এগিয়ে) প্রকাশ পেল। আর ‘ইস্ক্রা’ থেকে পদত্যাগ করে জেনিভা থেকে ‘প্রলেতারি’ (শ্রমিক শ্রেণি) নামে নতুন পত্রিকা প্রকাশ শুরু হল। ৬ মাসের মধ্যে ‘প্রলেতারি’তে লেনিনের ৯০টি প্রবন্ধ প্রকাশিত হল। এটি তিন বছরের মতো চলেছিল। সেন্টপিটার্সবুর্গ থেকে ‘নোভায়াঝিজন’ (নতুন জীবন) পত্রিকা প্রকাশ হতে থাকল। এই পত্রিকার প্রচার সংখ্যা ৮০ হাজার পর্যন্ত হয়ে ছিল। এতে ১৩টি প্রবন্ধ লেখেন লেনিন।

প্রবল অত্যাচার নামিয়ে এনে গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে অর্জিত অধিকারগুলি একে একে কেড়ে নিয়ে পুনরায় জার স্বৈরতন্ত্র কায়েম হল। ‘ডুমা’র আবরণ অবশ্য বজায় রাখা হল। লেনিন ‘ডুমা’ বয়কটের ডাক দিলেন। এক্ষেত্রে একটি মূল্যবান শিক্ষা দিলেন লেনিন। তিনি বললেন শাসকের অধীনে থাকা এ ধরনের প্রতিষ্ঠান বয়কটের ডাক দেওয়া তখনই উচিত যখন বৈপ্লবিক সংগ্রামের জোয়ার চলে, যখন ভাটার টান পড়ে তখন বয়কটের ডাককে মানুষ দুর্বলতা বলে ভাবে। যাইহোক, এই সময়ে পার্টির ভেতরের বিশ্বাসঘাতকরা ভেতর থেকে অন্তর্ঘাত শুরু করে বহু নেতৃত্ব গ্রেপ্তার হয়ে যায়। ১৯০৮ সালের ডিসেম্বরে ‘ঝিতোমিবস্কি’ নামে একজনের বিশ্বাসঘাতকতায় লেনিন গ্রেপ্তার হয়ে যান। তাঁকে নির্বাসন করা হয়। রুশ বিপ্লবের প্রাক্কাল পর্যন্ত। অর্থাৎ ১৯১৭-এর মাঝামাঝি সময় পর্যন্ত এই নির্বাসন পর্ব চলে। প্যারিসে আশ্রয় নিতে হয়।

১৯০৯ সালে ‘বস্তুবাদ-এমপিরিও ক্রিটিসিজম্’ পুস্তকটি প্রকাশিত হয়। এটি পার্টিকে তত্ত্বগত দিশা দিতে বিরাট হাতিয়ার হয়ে ওঠে। এই বইটি লেখার জন্য সেই সময়ে সমাজতত্ত্বে এগিয়ে থাকা ফরাসি লেখকদের বই মূল ভাষাতে পড়ার জন্য ফরাসি ভাষা শিক্ষার জন্য লেনিন প্রচুর পরিশ্রম করেছেন। ১৯১০-এ কোপেনহেগেন-এ অনুষ্ঠিত কমিউনিস্ট আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে রুশ কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে লেনিন যোগ দিয়েছিলেন, সে বিষয়ে কোনও আলোচনার অবতারণা আমরা এখানে করব না। এই সময়ে ‘জদেজা’ ও ‘মীস্ল’ নামে দুটো পত্রিকা প্রকাশ করা হল। প্রথমটিতে বলশেভিক ও মেনশেভিক উভয়েই ছিল। কিন্তু ‘মীস্ল’ ছিল। শুধু বলশেভিকদের। পার্টির মধ্যে বিশ্বাসঘাতক, গুপ্তচর, দালালরা ব্যাপকভাবে ঢুকে পড়েছিল। বিদেশ থেকে পাঠানো পত্রিকা সরাসরি গোয়েন্দাদের হাতে চলে যেত। দলে অচিরেই পত্রিকা। সম্পাদকমণ্ডলীর অনেকেই গ্রেপ্তার হয়ে গেল। মীস্ল মাত্র চার মাস চলেছিল। ‘জদেজা’ কিছুদিন বন্ধ থাকার পরে পুনরায় প্রকাশিত হয় কিন্তু এবারে পুরোপুরি বলশেভিকদের পত্রিকা হিসাবে। এই দুটি পত্রিকায় লেনিনের পঞ্চাশটিরও বেশি প্রবন্ধ ছাপা হয়।

ইতোমধ্যে দেশজুড়ে পুনরায় শ্রমিকদের সংগ্রাম নতুন করে দানা বাঁধতে শুরু করে। ওই প্রেক্ষাপটে বলশেভিক দৈনিক হিসেবে প্রাভদা (সত্য) প্রকাশ শুরু হয়। ১৯১২ সালের ৫ মে প্রথম সংখ্যা। প্রায় ২ বছরে ৬৩৬টি সংখ্যা প্রকাশিত হয়। পত্রিকা প্রকাশের জন্য শ্রমিকরা চাঁদ সংগ্রহ করে দিতেন। সরকারি নির্যাতন এত প্রবল ছিল যে ৪১টি সংখ্যা বাজেয়াপ্ত হয়েছিল। প্রাভদা বন্ধ করে দিলে ‘শ্রমিকদের প্রাভদা, মজুরদের প্রাভদা’ ইত্যাদি নানা নামে প্রকাশ চলতে থাকে। প্রাভদা’র পাশাপাশি ‘প্রোসভেশ্চেনিয়ে’ (শিক্ষা) মাসিক পত্রিকা প্রায় তিন বছর প্রকাশিত হয়। গোর্কি এই পত্রিকার সাহিত্য বিভাগ দেখতেন। এতে লেনিন ২৬টি প্রবন্ধ লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘মার্কসবাদের তিনটি উৎস’, ‘জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার’। প্রাভদা’য় ২৮০টি প্রবন্ধ লিখেছিলেন। ১৯১৪-র ১ আগস্ট প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী হবে, বিরাট প্রশ্ন চিহ্ন সামনে এল। লেনিন বিশ্লেষণ করে দেখালেন এই যুদ্ধ সাম্রাজ্যবাদীদের নিজেদের স্বার্থের সংঘাতের জন্য। সাম্রাজ্যবাদী কোন শক্তি কোন দেশকে শোষণ করবে তা নির্ধারণের জন্য যুদ্ধ। এই যুদ্ধের ফলাফলে জনগণের কোনো লাভ হবে না। তাই কমিউনিস্টরা এই যুদ্ধে অংশ নেবে না। বরং প্রত্যেক দেশের কমিউনিস্টদের নিজ দেশের সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে লড়াই করাই ঠিক হবে। এই বিশ্লেষণ থেকে তিনি সাম্রাজ্যবাদী যুদ্ধকে গৃহযুদ্ধে পরিণত করার ডাক দিলেন। সাম্রাজ্যবাদের টিকে থাকার অন্যতম শর্ত যুদ্ধ এই বিশ্লেষণ করতে গিয়ে তিনি সাম্রাজ্যবাদী দেশগুলির অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে গভীর পড়াশোনা করেন। ১৯১৬ সালে লেখা সম্পূর্ণ করেন। পরের বছর পুস্তক আকারে প্রকাশিত হয়। এই বিষয়টি পৃথিবীতে যতদিন সাম্রাজ্যবাদ থাকবে ততদিন প্রাসঙ্গিক থাকবে। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের এই বইটি একটি মহাকাব্য। কার্ল মার্কস-এর ‘ক্যাপিটাল’ গ্রন্থ প্রকাশের ৫০ বছরে লেনিনের এই বইটিই পুঁজিবাদী অর্থনীতিকে বুঝতে সবচেয়ে সহায়ক এবং প্রয়োজনীয় বই।

এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন সামনে এল। রাশিয়ার মতো পশ্চাৎপদ একটি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব কী না। মার্কস-এঙ্গেলস-এর ধারণা ছিল পুঁজিবাদের বিকাশ যে দেশে যত বেশি হবে সেই দেশে শ্রমিকশ্রেণিও তত বিকশিত হবে। তাই উন্নত পুঁজিবাদী দেশেই প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। লেনিন বিশ্লেষণ করে দেখালেন যে, পুঁজিবাদ সাম্রাজ্যবাদী স্তরে উন্নীত হয়েছে। তাই এই পর্বে সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ যেখানে দুর্বল, সে দেশ অর্থনৈতিক বিকাশে পিছিয়ে থাকলেও ওই দুর্বল গ্রন্থিতে আঘাত করে শ্রমিকশ্রেণি সমাজতন্ত্র গড়ে তুলতে পারে। পুঁজিবাদী বিকাশ যেহেতু অসম তাই সমাজতান্ত্রিক বিপ্লবের পরিণতিও অসম। অতএব সাম্রাজ্যবাদী যুদ্ধকে গৃহযুদ্ধে রূপান্তরিত করার ডাক দিলেন। লেনিনের এই বিশ্লেষণ এবং তা কার্যে পরিণত করা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কমিউনিস্টদের কাছে এক নতুন দিশা, নতুন আলোকবর্তিকা হয়ে আছে।

১৯১৭-র ১৮ ফেব্রুয়ারি শ্রমিকরা ধর্মঘট শুরু করল। পেত্রোগাদের একটি কারখানায় শুরু হল। কিন্তু ক্রমেই তা ছড়িয়ে পড়ল। জার সরকারের সাধ্য নেই এই হরতাল রুখবে। ২৭ ফেব্রুয়ারি নির্দেশ দেওয়া সত্ত্বেও সেনারা শ্রমিকদের বিরুদ্ধে গুলি চালাতে অস্বীকার করল। শ্রমিক ও সেনা যৌথভাবে জারের মন্ত্রী ও সেনাপতিদের গ্রেপ্তার করল। কারাগার থেকে বিপ্লবীদের মুক্ত করা হল। ১৯০৫ সালে যে সোভিয়েত গঠিত হয়েছিল কেবলমাত্র শ্রমিক প্রতিনিধিদের নিয়ে এবারে তা নতুন করে গঠিত হল শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের যৌথ সোভিয়েত। বড়ো বড়ো শহরগুলিতে এমন সোভিয়েত গড়ে উঠল। এর সঙ্গে যুক্ত হল লিবারাল বুর্জোয়া সদস্যরা। মিলিতভাবে নতুন সরকার গঠন করল। বিপ্লব সফল হল। কিন্তু এখনও পুরোপুরি শ্রমিক শ্রেণির প্রতিনিধিত্বে সরকার গঠন হল না।

দীর্ঘ ১০ বছরের নির্বাসন পর্ব শেষ করে ১৯১৭ এর ৩ এপ্রিল সন্ধ্যায় লেনিন পেত্রোগ্রাদে পৌঁছালেন। পেশ করলেন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’। এতে বিপ্লবের মধ্য দিয়ে পুঁজিপতি শ্রেণির প্রতিনিধিদের সমন্বয়ে যে অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার পতন ঘটানোর ডাক দিলেন লেনিন। পার্টির মধ্যেই যারা লেনিনের পক্ষে ছিলেন তাদেরও একাংশ এই প্রস্তাব মানতে পারলেন না।

চিরায়ত ধারণা হল যে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রথমে বুর্জোয়া বা পুঁজিপতিদের শাসন ব্যবস্থা আসবে। তারপরে শ্রমিক কৃষকদের রাষ্ট্র গঠিত হবে। লেনিন বোঝালেন, পুরোনো গতবাঁধা নীতি আঁকড়ে থাকলে চলবে না। রাশিয়ায় দেখা যাচ্ছে, পুঁজিপতিদের সাথে এক সঙ্গে জড়িয়ে আছে শ্রমিক-কৃষকের বৈপ্লবিক ঐক্য। তাই, এখানে শ্রমিক-কৃষকদের মিলিত ঐক্যই রাষ্ট্র ক্ষমতা হাতে নেবে এবং পুঁজিবাদী পথে বিকাশের যে কাজ সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রাক্‌ শর্ত সে-কাজ তারাই সম্পন্ন করবে। ২৪ এপ্রিল বলশেভিকদের সারা রুশ সম্মেলনে লেনিনের প্রস্তাব গৃহীত হল।

কিন্তু মেনশেভিক ও সোশ্যালিস্টদের বিশ্বাসঘাতকতায় অস্থায়ী সরকার পুরোপুরি বুর্জোয়া শাসকদের হাতে চলে যায়। ৪ জুলাই রাত থেকে বলশেভিকদের উপর শুরু হয় তীব্র হামলা। লেনিন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। গভীর জঙ্গলে গাছর ডাল পুঁতে তৈরি হল লেনিনের থাকার আস্তানা। গাছের গুঁড়ি হল পড়ার টেবিল। গাছের ডালে ঝুলিয়ে রাখা হত খাবারের পাত্র। জঙ্গলে ট্যুরিস্ট বা ব্যাঙের ছাতা কুড়োনিরা এলে জঙ্গলে ঘাস কাটতে লেগে যেতেন। বেশভূষা এমন যে কেউ সন্দেহ করতেই পারবে না। এই পরিস্থিতিতে ২৬ জুলাই-৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হল ষষ্ঠ পার্টি কংগ্রেস। লেনিন অনুপস্থিত। কিন্তু তাঁর থিসিস ও প্রবন্ধের ভিত্তিতে তৈরি করা নথি পেশ করেন স্তালিন। কংগ্রেস থেকে সশস্ত্র বিপ্লবের কর্মসূচি গ্রহণ করা হল।

এদিকে প্রথম বিশ্বযুদ্ধ চতুর্থ বছরে পড়ল। রাশিয়ায় অর্থনীতি ভেঙে পড়েছে। দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে। যুদ্ধরত সেনাদের নিয়মিত রুটি সরবরাহ করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আত্মগোপন থেকে ফিরে এসে সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি গড়লেন। গঠন করা হল বৈপ্লবিক সামরিক কমিটি। নানা টানাপোড়েন। সব কিছু বিচার করে ২৪ অক্টোবর (নতুন ক্যালেন্ডার মতে ৬ নভেম্বর) বিপ্লবী অভ্যুত্থান ঘটাল বলশেভিকরা। সমস্ত সরকারি দপ্তর, টেলিফোন, বেতার, রেল, পাওয়ার স্টেশন সব দখল নিল বিপ্লবীরা। বাকি রইল শুধু শীত প্রাসাদ যেখানে কেরনেস্কি সপারিষদে রয়েছেন।। ২৫ অক্টোবর ঘোষণা করা হল অস্থায়ী সরকারের পতন ঘটিয়ে বিপ্লবীরা রাষ্ট্রক্ষমতা অর্জন করেছে। এই বিপ্লবই সমাজতন্ত্রের বিজয়বার্তা ঘোষণা করল।

বিপ্লব সফল হওয়ার মুহূর্তের বর্ণনা দিচ্ছেন জন রীড। তাঁর ‘দুনিয়া কাঁপানো দশ দিন’ গ্রন্থে। এখানে আমরা কয়েক পংক্তি উল্লেখ করছি। “... পরনে জীর্ণ পোশাক, ট্রাউজার জোড়া বেমানান লম্বা। জনতার প্রিয়পাত্র হবার দিক থেকে একেবারেই দাগ কাটার মতো চেহারা নয়, অথচ যে শ্রদ্ধা ও ভালোবাসা তিনি পেয়েছেন তা বোধ হয় ইতিহাসের খুব কম নায়কের ভাগ্যেই জুটেছে। অদ্ভুত এক জননেতা যিনি নেতৃত্ব দিয়েছেন তাঁর মেধার জোরে, অরঙিন, অরসিক, অটল, অনাসক্ত, এমন কি চমকপ্রদ কোনো পাগলামিও যাঁর কিছু নেই, কিন্তু আছে গভীরতম ভাবনাকে সহজে ব্যাখ্যা করার ক্ষমতা, নির্দিষ্ট পরিস্থিতির নিখুঁত বিশ্লেষণের শক্তি। বিচক্ষণতার সঙ্গে যা এক মেধাশক্তির মহত্তম স্পর্ধা।” সাম্রাজ্যবাদী ও দেশীয় পরাজিত শাসকগোষ্ঠী শিশু সমাজতান্ত্রিক রাষ্ট্রকে পিষে মারার নানা ষড়যন্ত্র করল। লেনিনকে প্রাণে মারার ষড়যন্ত্র তো ছিলই। ১৯১৮-এর ৩০ আগস্ট একটি সমাবেশে বক্তৃতা করে গাড়িতে উঠতে যাচ্ছেন, এমন সময় একজন মহিলা লেনিনকে লক্ষ্য করে গুলি করলেন। লেনিন মাটিতে লুটিয়ে পড়লেন। দুটি গুলি লেগে ছিল তাঁর গায়ে। একটি বাঁ কাঁধে, একটি বাঁ ফুসফুসে। এই অবস্থায় তিনি গাড়িতে চেপে বাসায় এসে ঘোরানো সিঁডি বেয়ে চারতলায় উঠলেন। সকলে উৎকণ্ঠিত। লেনিন বললেন, ‘ও কিছু নয়, বিপ্লবীদের জীবনে এমন হয়।’ মৃত্যুর দিন পর্যন্ত গুলি দুটি তাঁর শরীরের ভেতরেই ছিল। ১৯১৭-এর আগস্ট-সেপ্টেম্বরে বিপ্লবী অভ্যুত্থানের সময় তিনি লিখলেন, ‘রাষ্ট্র ও বিপ্লব’ গ্রন্থ, যা পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার স্বরূপ এবং কেন তার উৎখাত ছাড়া সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব নয়, বুঝতে আজও অদ্বিতীয় গ্রন্থ। ১৯২০ তে লিখলেন ‘বামপন্থী কমিউনিজম, শিশুশুলভ বিশৃঙ্খলা’ পুস্তক। ১৯২৪ সালের ২১ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে লেনিনের মৃত্যু হয়। মনে হয় লেনিনের জন্ম তারিখ এখনও বলা হয়নি। ১৮৭০-এর ২২ এপ্রিল জন্মেছিলেন।

এই প্রবন্ধ এখানেই শেষ করা উচিত। পাঠকের জন্য আরও কয়েকটি বাক্য লেখার লোভ সংবরণ করতে পারা গেল না। আমরা এখানে লেনিনের জীবন্ত বৃত্তান্ত লিপিবদ্ধ করেছি বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও তথ্য অনুল্লেখ রেখেই। যতটুকু তুলে ধরা হয়েছে তাতেও দুই মহীয়সী নারীর ভূমিকা উল্লেখ করা উচিত ছিল। যাঁদের বাদ দিয়ে তাঁর বিপ্লবী জীবন ব্যাখ্যা করা যায় না। বর্তমান লেখকের সময়ের টানাটানিতে সে বিষয়ে আমরা প্রবেশ করিনি। আগ্রহী পাঠকের জন্য কেবল উল্লেখ করা হচ্ছে। এঁরা হলেন লেনিনের মা ও স্ত্রী। আর একজনের ভূমিকাও লিপিবদ্ধ করা জরুরি ছিল। তিনি হলেন ম্যাক্সিম গোর্কি।

লেনিনের ব্যক্তিগত সংগ্রহে বইয়ের সংখ্যা প্রায় দশ হাজার। ইংরেজি, ফরাসি, জার্মান সহ আরও বেশ কিছু বিদেশি ভাষার বই তাঁর সংগ্রহে ছিল। ভারতীয় লেখকদের মধ্যে লাজপত রায়ের ‘Ingland’s Debt to India’, অম্বিকাচরণ মজুমদারের ‘Indian National Education’, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিদের ভাষণ, রিপোর্ট, প্রস্তাব, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘Nationalisam’ গ্রন্থ (রুশ ও জার্মান অনুবাদে), ‘ঘরে বাইরে’ উপন্যাস (রুশ অনুবাদে), সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা ও রচনাবলী, বিপিনচন্দ্র পালের “The New Economic Menace to India’, সরোজিনী নাইডুর বক্তৃতা ও রচনাবলী, মানবেন্দ্রনাথ রায়ের ‘New India’, ‘What we want’, মানবেন্দ্রনাথ রায় ও অবনীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ‘India in Transition’, মহেন্দ্র প্রতাপের পাঁচটি পুস্তক-পুস্তিকা ও আরও কিছু।

লেনিনের জন্মের দেড়শত বর্ষ উদযাপিত হয়েছে দুনিয়া জুড়ে। অথচ তাঁর কীর্তির স্মারক সোভিয়েত ইউনিয়ন আজ নেই। সে দেশে পুঁজিবাদ গেঁড়ে বসেছে। তবুও কেন লেনিন অমলিন, কেন আজ আরও বেশি জীবন্ত। কারণ এই গ্রহের এমন কোনো প্রান্ত নেই যেখানে কোনো না কোনো মানুষ প্রতিদিন লেনিন পড়ছেন, লেনিনে অনুপ্রাণিত হয়ে লালঝান্ডা হাতে পথ হাঁটছেন। লেনিনে প্রাণিত হয়েই দেশে দেশে গড়ে উঠেছে কমিউনিস্ট পার্টি। উদ্বুদ্ধ হলেন হো চি মিন। 

মুক্তিলাভ করল ভিয়েতনাম। তারপর উত্তর কোরিয়া, কিউবা। ঔপনিবেশিক শাসনমুক্ত হল আমাদের দেশ সহ পৃথিবীর অন্তত ৫৯টি দেশ। ফাঁসি ঘোষণার পরে ভগৎ সিং প্রতিদিন পড়েছেন লেনিন। আদালতে লেনিনের নেতৃত্বে তৃতীয় আন্তর্জাতিকের পাঠানো বার্তা পড়ে শোনালেন। লেনিনের শেখানো পথেই স্তালিনের নেতৃত্বে ২ কোটি সোভিয়েতবাসীর জীবন দানের বিনিময়ে পৃথিবী পরাজিত করতে পারল ফ্যাসিবাদকে। আমাদের এই পোড়া বাংলায় লেখা হল ‘মনে হয় আমিই লেনিন।’ ‘গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে, বিদ্যুৎ ইশারা চোখে, আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন’ মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা না থাকলে এত মানুষ কাউকে সম্মান করে?


প্রকাশের তারিখ: ১৮-নভেম্বর-২০২৬
শেয়ার:
সেভ পিডিএফ:


আপনার মতামত

এই লেখাটি আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।



অন্যান্য মতামত:

Donate Now
আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
ইতিহাস ও দর্শন বিভাগে প্রকাশিত ১৭৭ টি নিবন্ধ
১৮-নভেম্বর-২০২৬

০১-নভেম্বর-২০২৬

১৪-অক্টোবর-২০২৬

১৩-অক্টোবর-২০২৬

১২-অক্টোবর-২০২৬

১১-অক্টোবর-২০২৬

১১-অক্টোবর-২০২৬

২৬-সেপ্টেম্বর-২০২৬

০৭-সেপ্টেম্বর-২০২৬

০৩-সেপ্টেম্বর-২০২৬