সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
ফ্রান্সে অসাম্য ও বিক্ষোভ
মাইকেল রবার্টস
এটা কোনও আশ্চর্যের বিষয় নয় যে, যখন সরকারি স্কুলগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তখন যেসব পরিবারের অর্থ বেশি আছে তারা বেসরকারি শিক্ষার দিকে ঝুঁকছেন। সরকারের বেশির ভাগ মন্ত্রী পড়াশোনা করেছেন ঝাঁ চকচকে বেসরকারি স্কুেল। ফলে তাঁদের সরকারি স্কুলের দুরবস্থা সম্পর্কে কোনও ধারণাই নেই। অথচ মাইনে দিতে হয় এমন স্কুলও সরকারি সাহায্য পায়। এদিকে ফ্রান্সের সরকারি বিশ্ববিদ্যালয়গুলি আনুমানিক ৮০০ কোটি্ ইউরোর অভাবে ধুঁকছে।ফলে সরকারি ৭৫টি প্রতিষ্ঠানই ঘাটতি বাজেটে চলে গেছে।

ফ্রান্সের সাম্প্রতিক যে হাই স্কুল এবং ছাত্রদের প্রতিবাদ তার দাবি ছিল শিক্ষার জন্য আরও সম্পদ বরাদ্দ করা। ফ্রান্সের শিক্ষা সঙ্কটের মূলে রয়েছে শিক্ষকের সংখ্যা নিদারুণ ভাবে কম, ছেলেমেয়েদের পড়াশোনার খারাপ ফল এবং প্রাথমিক স্কুল থেকে সরকারি বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বরাদ্দের বিপুল ঘাটতি। উন্নত বিশ্বের দেশগুলির মধ্যে ফ্রান্সের সরকারি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সবচেয়ে বেশি। গরিব এলাকার স্কুলগুলোর দশা এতটাই শোচনীয় যে সেদেশে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য একটা স্থায়ী চেহারা নিয়েছে। যে এলাকা যত গরিব সেই এলাকায় শিক্ষকদের সংখ্যা ততটাই কম।
২০১৭ সাল থেকে ফ্রান্সে শিক্ষাক্ষেত্রে ছাত্রপিছু সরকারি বরাদ্দ দারুন ভাবে কমছে। সেই কমার পরিমাণ ২০ শতাংশ। বিষয়টা সম্পর্কে থমাস পিকেটি বলেছেন, ‘ফরাসি সরকার কখনও কখনও গর্ব করে দাবি করে যে উচ্চশিক্ষাাখাতে বাজেট বরাদ্দ ২০১৭ ছিল ছিল ১৩.৩ বিলিয়ন ইউরো। ২০২৬ সালে সেটা বেড়ে হয়েছে ১৫.৫ বিলিয়ন ইউরো (বৃদ্ধি ১৭ শতাংশ)। কথাটা সত্যি তবে মূল্যস্ফীতির হিসাবকে বাদ দিয়ে। ওই দুবছরে মূল্যস্ফীতি বেড়েছে ২২ শতাংশ। মানে প্রকৃত অর্থে শিক্ষাখাতে বরাদ্দ কমেছে ৫ শতাংশ। এর সঙ্গে যোগ করুন ছাত্রসংখ্যা বৃদ্ধির হিসাব। ওই একই পর্বে পড়ুয়ার সংখ্যা ২৬ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৩ লক্ষের ওপর। বৃদ্ধির হার ১৫ শতাংশ। এর মানে পড়ুযাপিছু বাজেট বরাদ্দ কমেছে প্রায় ২০ শতাংশ।’
পিকেটি বলছেন, ‘বাস্তবে এর মানে হল হাজার হাজার কিশোর ও তরুণকে হাই স্কুল ডিপ্লোমা পেতে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হচ্ছে। অথচ তাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে অন্তর্ভুক্ত করে নেওয়ার বিষয়ে কোনও পরিকল্পনাই নেই। টেকনিক্যাল ও ভোকেশনাল স্কুলে হাই স্কুল স্নাতকের সংখ্যা দ্রুত বাড়ছে। অথচ তাদের জন্য IUTs and BTSর মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে যে পাঠক্রমগুলো রয়েছে, সেগুলোর আসন সংখ্যা বাড়ছে না। এর ফলে, অনেককে পাঠিয়ে দেওয়া হচ্ছে কম খরচের সরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে ইতিমধ্যেই ভিড়ে গাদাগাদি অবস্থা। আবার এই পাঠক্রমগুলো তাদের চাহিদা ও আকাঙ্ক্ষার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। উচ্চ শিক্ষায় আসন সংখ্যার ঘাটতি সমস্যা আরও তীব্র করেছে। সেগুলো অত্যন্ত অস্বচ্ছতার সঙ্গে সামলানো হচ্ছে। এবং তাতে যে অ্যালগরিদিম (Parcoursup) ব্যবহার করা হচ্ছে সেগুলো দুর্বোধ্য । পড়ুয়া, পরিবার, শিক্ষক এবং গবেষকরা বার বার বলা সত্ত্বেও এগুলো বদল করা হচ্ছে না।
অর্থনীতিবিদ আসমা বেলহেনডা গবেষণা করেছেন শিক্ষকদের মাইনে সংক্রান্ত তথ্য নিয়ে। সেগুলি ফরাসি জাতীয় শিক্ষা ব্যবস্থার বেতন সংক্রান্ত তথ্য। তাতে দেখা যাচ্ছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত এলাকা যেমন প্যারিস কিংবা ওহ–ডে–সেন এলাকায় যাঁরা নতুন শিক্ষকতা শুরু করেছেন তাঁদের ১০ শতাংশই চুক্তিবদ্ধ শিক্ষক। তুলনায় রাজধানীর আশপাশের দরিদ্র এলাকায়, যেমন সেন–সাঁ দুনি বা ভাল–ডে–মার্নেতে চুক্তিবদ্ধ শিক্ষকের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত। আবার, অগ্রাধিকার পাওয়া শিক্ষাক্ষেত্রে ( প্রায়োরিটি এডুকেশন) যে (সামান্য) বোনাস দেওয়া হয় তার পরিমাণ ধরলেও প্রত্যেক সেকেন্ডারি স্তরের স্কুল শিক্ষকের গড় বেতন, সম্পন্ন এলাকার চেয়ে গরিব এলাকায় ২০ শতাংশ কম।
উন্নত অর্থনীতির দেশগুলির (ওইসিডি)র বিচারে ফ্রান্সের শিক্ষকদের বেতন ধারাবাহিক ভাবে কমেছে এবং ওইসিডিভুক্ত দেশগুলির শিক্ষকদের গড় বেতনের নীচে নেমে গেছে। টানা ১৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন একজন ফরাসি শিক্ষকের বেতন বছরে ৪০ হাজার ইউরোর কম, যা ওইসিডিভুক্ত দেশগুলির শিক্ষকদের গড় বেতনের চেয়ে ২০ শতাংশ কম। অথচ জার্মানিতে যে সব শিক্ষক কেরিয়ারের শুরুর পর্বে রয়েছেন তাঁরা সমমানের ফরাসি শিক্ষকদের তুলনায় দ্বিগুণ বেতন পান। অথচ ফ্রান্সের শিক্ষকদের অনেক বেশি সময় ধরে পড়াতে হয় এবং সেদেশে ছাত্র–শিক্ষকের অনুপাত সারা ইওরোপের তুলনায় সবচেয়ে খারাপ। এর ফলে বহু শিক্ষক শিক্ষকতার পেশা ছেড়ে দিচ্ছেন।
শিক্ষকের অভাব কমাতে ২০২২ সালে সরকার একটা প্রকল্প চালু করে ‘চুক্তিবদ্ধ’ শিক্ষক নিয়োগের জন্য (এই ব্যবস্থা চাকরির স্বীকৃত কার্যকালের মেয়াদের বিরোধী, এবং সেই মেয়াদি ব্যবস্থায় তাদের ফাংশনারি বা সরকারি চাকুরে হিসাবে বিবেচনা করা হয়)। এই সব চুক্তিবদ্ধ শিক্ষকদের চারদিনের প্রশিক্ষণ দেওয়া হয়। অথচ এদের আগে পড়ানোর কোনও অভিজ্ঞতাই ছিল না। সঙ্গত কারণেই এই সব শিক্ষকদের অনেকেই ৬ মাসের মধ্যে চাকরি ছেড়ে দেন স্রেফ পর্যাপ্ত প্রশিক্ষণ ও নজরদারির অভাবে।
আসলে শুধুমাত্র শিক্ষকেরাই চাকরি ছাড়ছেন না। সুপারভাইজার, কেরিয়ার পরামর্শদাতা, স্কুলের চিকিৎসক এবং নার্স, এদেরও অভাব রয়েছে। এদের অভাবে স্কুলের পড়ুয়াদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব। ফ্রান্সে অধিকারের স্বপক্ষে দাঁড়ানো স্বাধীন ব্যক্তিত্ব, ক্লেয়ার হেডন গত বছরেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে,গুণমান সম্পন্ন কর্মচারী এবং উপযুক্ত পরিষেবার অভাবের অর্থ দাঁড়াবে বিশেষভাবে সক্ষম শিশুদের প্রায় এক চতুর্থাংশ আর কখনও স্কুলেই যাবে না।
এটা কোনও আশ্চর্যের বিষয় নয় যে, যখন সরকারি স্কুলগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তখন যেসব পরিবারের অর্থ বেশি আছে তারা বেসরকারি শিক্ষার দিকে ঝুঁকছেন। সরকারের বেশির ভাগ মন্ত্রী পড়াশোনা করেছেন ঝাঁ চকচকে বেসরকারি স্কুেল। ফলে তাঁদের সরকারি স্কুলের দুরবস্থা সম্পর্কে কোনও ধারণাই নেই। অথচ মাইনে দিতে হয় এমন স্কুলও সরকারি সাহায্য পায়। এদিকে ফ্রান্সের সরকারি বিশ্ববিদ্যালয়গুলি আনুমানিক ৮০০ কোটি্ ইউরোর অভাবে ধুঁকছে।ফলে সরকারি ৭৫টি প্রতিষ্ঠানই ঘাটতি বাজেটে চলে গেছে।
সেন-সাঁ-দেনিতে একটি ছোটদের স্কুলের প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। ২০১৯ সালে নিজের অফিসেই আত্মঘাতী হন ওই মহিলা। একটি চিঠি তিনি স্কুলের ম্যানেজমেন্ট বোর্ডকে লিখেছিলেন। তাতে লিখেছিলেন, তিনি অনন্যোপায়। তাঁর সব শক্তি ‘নিঃশেষিত’। একটা সংগঠনের সম্পদের ঘাটতি এবং অভাব দিনে দিনে কীভাবে সংগঠনটিকে পচিয়ে দিয়েছে সে কথা তিনি বিশদে লিখেছেন চিঠিতে। উচিত ছিল এই ঘটনায় ধাক্কা খেয়ে নড়েচড়ে বসবেন দেশের কর্তৃপক্ষ এবং গভীরভাবে বিষয়টির পুনর্মূল্যায়ণ করবেন। তাঁর প্রেসিডেন্ট পদের দ্বিতীয় পর্বে ম্যাঁক্র বলেছিলেন শিক্ষার বিষয়টিকে তিনি অতীব গুরুত্ব দেবেন। যদিও ভাল কিছু তো হয়ই নি, বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
ফ্রান্সে পড়ুয়া, শিক্ষক এবং (অভিভাবকদের) প্রাথমিক উদ্বেগের বিষয় হল শিক্ষা। তবে ফ্রান্সে মৌলিক সরকারি পরিষেবার অধঃপতনের একটি মাত্র দিক হল শিক্ষা। ইউরোপ তো ছার, ফ্রান্সের স্বাস্থ্য ব্যবস্থা একদা ছিল সারা বিশ্বের ঈর্ষার কারণ। বার্ষিক জিডিপির ১১.৪ শতাংশ তখন স্বাস্থ্যখাতে খরচ করা হত। এর জেরে ইউরোপীয় ইউনিয়নের বাসিন্দাদের গড় আয়ুর চেয়ে ফরাসিদের গড় আয়ু ছিল বেশি। কিন্তু গত কয়েক দশকে, স্বাস্থ্য পরিষেবা খাতে সরকারি খরচ এই ক্ষেত্রে বর্ধিত চাহিদার চেয়েও কমিয়ে আনা হয়েছে। অথচ ফ্রান্সের লোকেদের বয়স বেড়েছে এবং তাঁদের স্বাস্থ্য সহায়তার প্রযোজন আরও বেড়েছে। ২০০৮ সালের আগে স্বাস্থ্য খাতে খরচ বছরে জিডিপির ০.৩ শতাংশ হারে বাড়ছিল। ২০০৯ সালে থেকে স্বাস্থ্য খাতে খরচ বৃদ্ধির হার কমে হয়েছে আগের অর্ধেক। গোটা বছরের জিডিপির ০.১৭ শতাংশ মাত্র। অথচ ফ্রান্সের জনসংখ্যায় ৬৫ বছরের বেশি লোকের সংখ্যা একই সময়পর্বে বেড়েছে ৪০ শতাংশ। অর্থাৎ স্বাস্থ্যখাতে খরচ যা বেড়েছে ৬৫ বছর বয়স্ক লোকের সংখ্যা বেড়েছে তার দশগুণেরও বেশি। এর ফলে গড় আয়ু বৃদ্ধি কার্যত থেমে গেছে।
সব প্রধান প্রধান পুঁজিবাদী অর্থনীতির মতোই ফ্রান্সে প্রতিটি পরিবারের জীবনধারনের খরচ অনেকাটাই বেড়ে গেছে। বিশেষ করে বেড়েছে অতিমারির সময়কার অর্থনীতির মন্দার কারণে। তখন মূল্যস্ফীতি দারুণভাবে বেড়ে গিয়েছিল।এবং এখন তা আরও কয়েকগুণ বেড়েছে যুদ্ধের কারণে জ্বালানির ঘাটতির জন্য। ফ্রান্সের গড় পরিবারের দামস্তর এখন গত চার বছর আগের চেয়ে ১৮ থেকে ২০ শতাংশ বেশি। এবং ইরান যুদ্ধের কারণে তা আরও বাড়তে শুরু করেছে। (মূল্যস্ফীতির হিসাব ধরলে)প্রকৃত মজুরি গত পাঁচ বছরে বেড়েছে মাত্র ২.৪ শতাংশ এবং অতিমারির পর মজুরির স্তর যা ছিল এখন তা আরও অনেক কম। Pouvoir d’achat বা ক্রয়ক্ষমতা ক্রমাগত কমছেই।
কর এবং অন্যান্য প্রাপ্য সুবিধাগুলির হিসাব কষার পর ফরাসি পরিবারগুলির গড় বাড়তি খরচ করার মতো আয় (জিডিআই) এই শতকের তিন দশকের মধ্যে এই প্রথম নীচের দিকে নামার প্রবণতা দেখা যাচ্ছে। ম্যাঁক্রর আমলে এটা কমে বছরে ১ শতাংশের নীচে নেমেছে।
২০২৪ সালে মেট্রোপলিটান ফ্রান্সে সাধারণ আবাসনে থাকতেন ৯৮ লক্ষ মানুষ। এঁদের অবস্থান ছিল মুদ্রার হিসাবে দারিদ্রসীমার (monetary poverty threshold) (মাসে ১৩৩৭ ইউরো) নীচে। ১৯৯৬ সালের পর এই প্রথম দারিদ্রের হার সর্বোচ্চ (১৫.৪ শতাংশ)। মনে রাখা দরকার যে, ১৯৯৬ সালেই দারিদ্র পরিমাপের সিরিজ চালু করা হয়েছিল। বেকার এবং একজন অভিভাবকের পরিবারগুলিই দারিদ্রের কারণে সবচেয়ে বেশি তাড়িত ছিলেন।
ফ্রান্সে আয় ও সম্পদের বৈষম্য মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত চরম নয়। তবে সেই বৈষম্য অদ্ভূত তো বটেই। আসল কথা হল, গত ৪০ বছরে ফ্রান্সে অসাম্যের চিত্রটা আরও শোচনীয় হয়েছে। ১৯৮৩ সালে একেবারে শীর্ষে থাকা ১ শতাংশ আয়কারীদের কাছে চলে যেত সব ব্যক্তিগত আয়ের ৭.৫ শতাংশ, ওপরদিকের ১০ শতাংশ আয়কারীর কাছে যেত সব ব্যক্তিগত আয়ের ৩০ শতাংশ, এবং নীচের দিকে থাকা ৫০ শতাংশের কাছে যেত সব ব্যক্তিগত আয়ের ২১.৪ শতাংশ। ২০২২ সালে একেবারে শীর্ষে থাকা ১ শতাংশ আয়কারীদের কাছে চলে যেত সব ব্যক্তিগত আয়ের ১২.৭ শতাংশ (বৃদ্ধির পরিমাণ ৬০ শতাংশের বেশি)। সেবছরে শীর্ষে থাকা ১০ শতাংশ আয়কারীর অংশ বেড়ে হয়েছি ৩৪ শতাংশ এবং নীচের দিকে থাকা ৫০ শতাংশের আয়ের ভাগ কমে হয়েছিল ২০.৩ শতাংশ। সম্পদের অসাম্যের (নীট ব্যক্তিগত সম্পদ) পরিস্থিতি আরও শোচনীয়। সেটা অবশ্য সব প্রধান অর্থনীতির ক্ষেত্রেই সত্যি। ১৯৮৩ সালে ফ্রান্সে সম্পদের মালিকদের মধ্যে শীর্ষে থাকা ১ শতাংশ ছিল দেশের সব ব্যক্তিগত সম্পদের ১৫.৯ শতাংশের মালিক। ওপরের ১০ শতাংশ ছিল দেশের সব ব্যক্তিগত সম্পদের ৫০ শতাংশের মালিক এবং নীচুতলার ৫০ শতাংশের হাতে ছিল দেশের সব ব্যক্তিগত সম্পদের মাত্র ৮.৯ শতাংশ। ২০২২ সালে পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে। সম্পদের মালিকদের মধ্যে শীর্ষে থাকা ১ শতাংশ ছিল দেশের সব ব্যক্তিগত সম্পদের ২৪ শতাংশের মালিক (বৃদ্ধি ৬০ শতাংশের বেশি)। ওপরের ১০ শতাংশ ছিল দেশের সব ব্যক্তিগত সম্পদের ৫৭.৭ শতাংশের মালিক এবং নীচুতলার ৫০ শতাংশের হাতে ছিল দেশের সব ব্যক্তিগত সম্পদের মাত্র ৫.১ শতাংশ (হ্রাস ৪৮ শতাংশ)।
শ্রমিকশ্রেণির কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হল অবসর ও পেনশন। পেনশন কোনও সমাজকল্যাণমূলক বিষয় নয়। বরং দেরিতে পাওয়া ‘মজুরি’ যা চলতি মজুরি থেকে দেয় বা কনট্রিবিউশন হিসাবে কেটে নেওয়া হয়। এই টাকায় বৃদ্ধ বয়সে একটা সম্মানজনক জীবন পাওয়া যায়। উপযুক্ত অবসরের বয়সে পেনশন পাওয়ার জন্য ফরাসি শ্রমিকেরা বহু দশক ধরে লড়াই করেছেন। ফ্রান্স জিডিপির ১৪ শতাংশ পেনশনের জন্য বরাদ্দ করে যা ইউরোপের মধ্যে অন্যতম উঁচু হার। এমনকী এই হার ব্রিটেনের চেয়েও অনেক বেশি। ব্রিটেন পেনশনের জন্য খরচ করে জিডিপির প্রায় ৫ শতাংশ। ফলে উন্নত পুঁজিবাদী দেশগুলির মধ্যে ব্রিটেনে সরকারি পেনশন সবচেয়ে কম। অথচ শ্রমিক ও কর্মচারীদের কন্ট্রিবিউশনের হার (ডেফারড ওয়েজ) ২৮ শতাংশ।
দেয় বা কন্ট্রিবিউশন বাড়িয়ে দিয়ে, প্রকৃত মূল্যে পেনশনের টাকা কমিয়ে দিয়ে এবং অবসরের বয়স বাড়িয়ে দিয়ে ফরাসি বাণিজ্য জগতের কর্তারা ও ফরাসি সরকারগুলি গত কয়েক দশক ধরে এই পেনশনের অধিকার খর্ব করার চেষ্টা করে এসেছে। ম্যাঁক্র প্রশাসন সহ সব ফরাসি সরকারের যুক্তি হল, যে সমাজে বুড়োদের আধিক্য, সেখানে এমন ‘উদারহস্তে’ পেনশন বিলোনো যায় না। তাদের যুক্তি হল, পেনশন ব্যবস্থা ‘কাঠামোগত ঘাটতির’ মুখে পড়েছে, কারণ যত টাকা জমা পড়ছে তার চেয়ে বেশি টাকা দিতে হচ্ছে।
ইমানুয়েল ম্যাঁক্র যখন ২০২২ সালে পুনর্নির্বাচনের লড়াইয়ে সামিল হলেন, তিনি ভোটারদের বলেছিলেন অবসরের বয়স বাড়াতে হবে যাতে দেশের পেনশন ব্যবস্থা টিকে থাকতে পারে। তখন তিনি জোর করে অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করে দেন। তবে অবসরের বয়স বাড়ানো এবং প্রকৃত অর্থে পেনশন কমানোর ফলে ফ্রান্সের লোকেরা যখন অবসর নিচ্ছেন তখন তাদের জীবনধারণের মান সঙ্কটে পড়ছে।
ইউরোপের অনেক দেশের মতোই ফ্রান্স তীব্র আবাসন সঙ্কটেও ভুগছে। সামাজিক আবাসনের জন্য ২০ লক্ষ আবেদন ঝুলে রয়েছে। এই সব আবেদন আর কখনই পূরণ হবে না। অন্যদিকে বাড়ি ভাড়া বাড়ছে, বাড়ছে মূল্যস্ফীতি, আর্থিক চাপ বাড়ছে। এসবরে ফলে পরিবারগুলো এমন খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে যার কোনও আগাম অভিজ্ঞতা নেই। একদিকে শহরগুলো ভিড়ে ঠাসা, জীবনধারণের খরচ আকাশছোঁয়া, সব মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ অসম্ভব পরিস্থিতির মধ্যে পড়েছে। লক্ষ লক্ষ ফরাসি নাগরিক এখন থাকতে বাধ্য হচ্ছেন তাঁদের গাড়িতে থাকতে,কারণ ফ্রান্সে আবাসন সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
(পরবর্তী পর্ব আগামীকাল)
প্রকাশের তারিখ: ১১-নভেম্বর-২০২৬
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
