সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
লুলার জয়: ক্ষুদে ফ্রাঙ্কেনস্টাইনের পরাজয়
তারিক আলি
লুলার এই জয় একেবারেই রাজনৈতিক। এই সময়ে, বিশেষ করে দক্ষিণ আমেরিকায়, এই বিজয় একটি ব্যতিক্রমী প্রগতিমুখী সাফল্য— যা সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, বলিভিয়া এবং ভেনেজুয়েলার দক্ষিণপন্থামুখী সাম্রাজ্যবাদপুষ্ট উত্থানের বিপরীতে রুখে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এটি নার্কো রুবিও এবং তাঁর কর্তার মুখে এক চপেটাঘাত। সারা দেশে লুলার জয় এক উল্লাস আর নৃত্যগীতময় এক মহোৎসবের পরিবেশ তৈরি করেছে। এটা ঘটেছে এমনকী মিনাস গেরাইসেও— যেখানে প্রথম পর্বে ৫,৯০,০০০ ভোটে পিছিয়ে থেকে দ্বিতীয় পর্বে ৯৯,০০০ ব্যবধানের জয়ী হয়েছেন লুলা!

১৯৮৫ সালে সামরিক স্বৈরশাসনের অবসানের পরের পর্বের ব্রাজিলে এই নিয়ে চতুর্থবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন লুইজ ইনাসিয়া লুলা দ্য সিলভা। প্রথম ও দ্বিতীয় পর্বের নির্বাচনের মাঝের সময়ে অগণিত জনমত সমীক্ষার ভিত্তিতে মূলধারার সংবাদমাধ্যম ও রাজনৈতিক সংখ্যাতত্ত্বের (ব্রাজিলীয় ও আন্তর্জাতিক) দাবি ছিল, লুলা অবধারিতভাবেই হারছেন। কিন্তু এই অশীতিপর ওয়ার্কার্স পার্টির নেতা জয় করে নিয়েছেন সে দেশের সেই যুবসমাজ ও পরম্পরাগত সমর্থকদের মন, যারা প্রথম পর্বে ফ্ল্যাবিও বোলসোনারোর পরাজয়ে শঙ্কিত হয়ে উঠেছিল। লুলা নিজেও বিচলিত ও শঙ্কিত ছিলেন, ব্রাজিলীয় বামপন্থার অন্তিম দশা কি তবে ঘনিয়ে এলো? তিনি অবশ্য খুব ভালো করেই জানতেন, দলের চেয়ে তাঁর নিজের জনপ্রিয়তা অনেক অনেক বেশি। এর সুবাদে তিনি শেষ পর্যন্ত বিজয়ী হলেও প্রথম পর্বের নির্বাচনে সরকারের প্রতিটি স্তরে তাঁর দল চরম পর্যুদস্ত হয়েছে। লুলার ভবিষ্যৎ উদ্ধার করেছে অনেকটাই সেদেশের যুবসম্প্রদায়। তারা বিশাল বিশাল জমায়েত করে তাঁর পিছনে দাঁড়িয়েছে, যা আগে কখনও দেখা যায়নি। সাও পাওলো বা রিও ডি জেনেরোর রাজপথ-ও কখনও এভাবে জনসমুদ্রে ভেসে যায়নি। এক ক্ষুদে ফ্রাঙ্কেনস্টাইন এসে রাজধানী ব্রাসিলিয়ার রাষ্ট্রপতির প্রাসাদে চারবছরের জন্য জাঁকিয়ে বসবে— এটা বেশিরভাগের মানুষের পক্ষেই মেনে নেওয়া সম্ভব ছিল না। বোলসোনারোর মিছিলে কিছু কিছু সমর্থকদের তোলা স্লোগান— ‘মিনতি করছি, ট্রাম্প, আপনি আমাদের দেশে হামলা করুন!’— শুনে হয়তো অনেকেই শিউরে উঠেছেন।
সাড়া ফেলে দেওয়া সমর্থনে উজ্জীবিত হয়ে লুলা এক বিস্ময়কর প্রচারাভিযান গড়ে তোলেন। বিপুল আয়তনের সমর্থন, সোল্লাস প্রাণশক্তি আর উন্মাদনা দৃশ্যমান হতেই লুলা যেন অগ্নিবর্ষী হয়ে ওঠেন। যা মনে করিয়ে দিয়েছে তাঁর প্রথমবারের প্রতিদ্বন্দ্বিতার কথা, যেবার তিনি হেরে গিয়েছিলেন। এবার তিনি প্রথমদিকে নিজের স্বাস্থ্যের কথা ভেবেও সতর্ক ছিলেন। কিন্তু জনসমর্থনের জোয়ারে সঞ্জীবিত হয়েই তিনি গোটা দেশে ঘুরে বেড়ান। একের পর এক বক্তৃতায় বোঝাতে থাকেন বোলসোনারো পিতা-পুত্রের বিপুল অঙ্কের অর্থ ও অন্ধ সাম্রাজ্য-ভক্তির কথা। তারা নিজেদের এবং তাদের দেশ বিদেশের স্যাঙাতদের মুনাফার জন্যে আমাজন উপত্যকার মতো দেশের জীবনরেখাকেও ধ্বংস করে দেবে। তাঁর বাচনভঙ্গিতে লুলা ছিলেন একইসঙ্গে সরস এবং মারাত্মক ক্ষুরধার। ক্ষুদে ফ্রাঙ্কেনস্টাইন যখন কারাগারে তাঁর সমর্থন নিয়ে বিদ্রুপ করেন, লুলা জবাব দেন, ‘এখনও যথেষ্ট হয়নি। আমার আরও (সমর্থন) চাই। চিন্তা করো না বাছা! খুব শীঘ্রই তোমার বাবাকেও আমি জিতে নেব।’ অন্য আরও অপরাধের পাশাপাশি লুলার বিরুদ্ধে দেশে সামরিক অভ্যুত্থান ঘটানোর চক্রান্তের অপরাধে বড় ফ্রাঙ্কেনস্টাইন এখন জেল খাটছেন। পুত্র প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েই তাঁর প্রথম কাজ হবে ট্রাম্পের কায়দায় ক্ষমা-মঞ্জুর করে বাবার মুক্তি নিশ্চিত করা। সেক্ষেত্রে আদালত যদি আপত্তি তোলে, তাহলে বলপ্রয়োগ করতেও দ্বিধা করবেন না।
আরও পড়ুন: মেটা, মাস্ক এবং লুলা (পর্ব ১)
লুলার এই জয় একেবারেই রাজনৈতিক। এই সময়ে, বিশেষ করে দক্ষিণ আমেরিকায়, এই বিজয় একটি ব্যতিক্রমী প্রগতিমুখী সাফল্য— যা সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, বলিভিয়া এবং ভেনেজুয়েলার দক্ষিণপন্থামুখী সাম্রাজ্যবাদপুষ্ট উত্থানের বিপরীতে রুখে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এটি নার্কো রুবিও এবং তাঁর কর্তার মুখে এক চপেটাঘাত। সারা দেশে লুলার জয় এক উল্লাস আর নৃত্যগীতময় এক মহোৎসবের পরিবেশ তৈরি করেছে। এটা ঘটেছে এমনকী মিনাস গেরাইসেও— যেখানে প্রথম পর্বে ৫,৯০,০০০ ভোটে পিছিয়ে থেকে দ্বিতীয় পর্বে ৯৯,০০০ ব্যবধানের জয়ী হয়েছেন লুলা! ব্রাজিলে একজন সম্পর্কে নিশ্চিন্তে বলা যায় যে যিনি অন্তত এই মহোৎসবে নেই। তিনি ব্রাজিলের হার্ভাড-ফেরৎ, বিপ্রতীপ কট্টর উদারপন্থী দার্শনিক এবং ভার্সো প্রকাশনীর একদা লেখক রবার্টো উঙ্গের— যিনি বোলসানেরোর প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করে দ্বিতীয় পর্বের প্রাক্মুহুর্তে তার সঙ্গে ছবিও তুলেছিলেন। একে এক বোকা বুড়োর তাড়াহুড়ো ছাড়া আর কী-বা বলা যায়! তিনি বোধহয় নিশ্চিত ছিলেন যে লুলা পরাস্ত হবেনই। অবশ্য তিনি একা নন, তবে তাঁর মতো খুব বেশি মানুষ ডুবন্ত জাহাজ ছেড়ে যায়নি। এই সময়ে বামশিবিরেও পুরনো বিতর্ক আবার উঠে এসেছে। রাষ্ট্রপন্থা বিরোধীরা প্রথম পর্বের পরাজয়কে ওয়ার্কার্স পার্টির অভ্যন্তরীণ দুর্বলতা হিসেবে দেখেছে। সাধারণভাবে, তৃণমূলস্তরে সংগঠন গড়া এবং সমাজ-রাজনৈতিক গোষ্ঠী গড়া খুবই সহায়ক একটি পন্থা, কিন্তু এর মধ্য দিয়ে স্বতঃপ্রণোদিতভাবে বিকল্প গড়ে ওঠে না। দু’টি পর্বের মধ্যবর্তী সময়ে লুলার পুনর্জন্ম মূলত রাজনীতিরই ফসল। এই ফ্রাঙ্কেনস্টাইনরা কারা এবং মানুষ কাদেরকে ভোট দিয়ে নিজেদের আত্মহননের পথ উন্মুক্ত করছে, লুলা তাঁর নির্বাচনী প্রচারাভিযানে একেই উন্মোচিত করেছেন। হ্যাঁ, আত্মহননের প্রসঙ্গ সত্যিই দেশের হৃদয়ে গেঁথে থাকা ঐতিহাসিক স্মৃতির মুহূর্তগুলিকে ফিরিয়ে আনে। গেটুলিয়া ভার্গাস ছিলেন যুদ্ধপূর্ব ও যুদ্ধোত্তর ব্রাজিলের রাষ্ট্রপতি, যিনি এক দুর্বল রক্ষণশীল শাসক হিসেবে তাঁর শাসন শুরু করে ক্রমে বাম-অভিমুখী সোস্যাল ডেমোক্রেটিক নীতি গ্রহণ করেন। এই রূপান্তর দেশের সামরিকবাহিনীকে গুরুতর ক্ষিপ্ত করে তোলে। তৃতীয় তথা শেষবারের নির্বাচনে তাঁর শ্রমিক-দরদী এবং সোস্যাল ডেমোক্রেটিক অবস্থানের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যান। সেটি ছিল শীতল যুদ্ধের তুঙ্গ সময়, যখন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ভাঙার শেষ অস্ত্র হিসেবে তাদের বিশাল সামরিক বাহিনী ব্যবহারে পটু হয়ে উঠেছিল। সেদিন দক্ষিণপন্থীদের দখলে থাকা সংসদ ও সামরিকবাহিনী পঙ্গু করে দিয়েছিল ভার্গাসকে। ১৯৫৪ সালে তাঁর শ্রমমন্ত্রী জোয়াও গুলার্ট যখন শ্রমিক ইউনিয়নগুলিকে সরকারের সমর্থনে সংগঠিত করার উদ্যোগ নেন, তখন সামরিক বাহিনী হস্তক্ষেপ করে ভার্গাসকে জোর করে পদত্যাগ করানোর চেষ্টা করে। তিনি এই প্রস্তাব পত্রপাঠ প্রত্যাখান করেন। এবং পরে আত্মহননের পথ বেছে নেন। তাঁর এই সিদ্ধান্ত জণগনকে প্রবল ধাক্কা দেয়। বেশ অনেকটা সময় ধরে দেশের অনেকের কাছেই তিনি হয়ে ওঠেন গণতন্ত্র রক্ষায় নিজের প্রাণ বিসর্জন দেওয়া এক শহীদ। বোলসোনারো পিতাপুত্র জুটিকে অতীতের (১৯৬৪-১৯৮৫) একনায়কতন্ত্র কায়েম করে দেশের ধ্বংসসাধন করা সেই সামরিক বাহিনীর উর্দিহীন সংস্করণ হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলের বামপন্থী বৃদ্ধিজীবী রবার্তো স্কোয়ার্জ।
আরও পড়ুন: লুলার জয় আসলে ফ্যাসিবাদ ও ট্রাম্পের পরাজয়
১৯৬৪ সালের সামরিক অভ্যুত্থান এবং ২০১৮ সালে বোলসোনারোর জয়ের মধ্যে বহু সাদৃশ্য রয়েছে। দু’টি ক্ষেত্রেই পুঁজিপতিদের প্রতি প্রকাশ্য পক্ষপাতপূর্ণ কর্মসূচি গ্রহণযোগ্যতা পেয়ে যায় উদারনীতির অভিঘাতে বিক্ষুব্ধ হয়ে ওঠা ব্রাজিলীয় সমাজের একেবারে নিচের তলার মানুষের সমর্থন জুটিয়ে। নির্বাচকমণ্ডলীর একটি অংশকে তুষ্ট করার অছিলায়, আধুনিকতা-বিরোধী ধ্যানধারণাকে এভাবে রাজনীতিতে মুখ্য ভূমিকায় নিয়ে এসে বুর্জোয়ারা একটি ঝুঁকিপূর্ণ ও উন্মাদ সওদাবাজিতে নেমেছিল। এর আদর্শ উদাহরণ ১৯৩০ সালের জার্মানি, যেখানে তারা ইহুদি-বিদ্বেষের দিকে পা বাড়িয়েছিল। নাৎসিবাদকে মেনে নিয়ে ও লালন করে জার্মান বৃহৎ বুর্জোয়ারা এমন এক নিয়ন্ত্রনহীন পথে পা বাড়িয়েছিল, যার পরিণতিতে বোঝার উপায় ছিল না কে কাকে গিলে খেলো। ভিসকন্তির ‘দ্য ড্যামড’ ছবিটি আরেকবার দেখে নেওয়াটা মন্দ হবে না এক্ষেত্রে। অবশ্য বোলসোনারো ওই অবধি পৌঁছবে না, তবে তার জন্যে চেষ্টারও কোনও কমতি রাখবে না।
আপাতত, বোলসোনারো-নীতির অগ্রযাত্রা ঠেকানো গিয়েছে। গত শতকে ভার্গাসের মতোই, দক্ষিণপন্থী আধিক্যের সংসদের কারণে লুলার ক্ষমতা হবে সীমাবদ্ধ এবং একে নাকচ করাটা সহজ হবে না। তাঁর জয়ের ব্যবধান (৪০ লক্ষেরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন) অবশ্য তাঁর জন্যে কিছু নতুন সম্ভাবনার দরজা খুলবে। আমাজন রক্ষার মতো জনস্বার্থের বিষয়— যার সঙ্গে শুধু ব্রাজিল নয়, গোটা বিশ্ব যুক্ত হয়ে আছে, সেটা নিয়ে আদালতের দ্বারস্থ তিনি হতে পারবেন। পররাষ্ট্র-সংক্রান্ত বিষয়েও তাঁর কিছু অতিরিক্ত স্বাধীনতা থাকবে। ফলে প্যালেস্তিনীয়দের স্বার্থে তাঁর জোরালো সমর্থন বজায় থাকবে— যা প্যালেস্তিনীয়দের খুবই প্রাণিত করবে যে, দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ওদের সঙ্গে রয়েছে। লুলার জয়কে বিশেষভাবে স্বাগত জানানো হয়েছে মেক্সিকোতেও। রাষ্ট্রপতি শেইনবাউম নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন— এবার অবরোধ উঠে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রাজিলের ফ্রাঙ্কেনস্টাইনদের কী হবে এবার? দিলমা রুসোফ রাষ্ট্রপতি থাকার সময়ে সামাজিক সমস্যাবলীর অধিকাংশ প্রশ্নে ওয়ার্কার্স পার্টির ব্যর্থতা এই সময়ে ফ্রান্স ও আলবেনিয়ার মতো কার্যত গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছিল মূলত ছাত্রসমাজের অংশগ্রহণে। ব্রাজিলের সমাজ বিজ্ঞানী আন্দ্রে সিঙ্গার একে নস্যাৎ করে দিয়েছিলেন এই বলে যে ২০১৩ সালের বিক্ষোভ সামান্য তরঙ্গের চেয়ে বেশি তীব্র ছিল না। শ্রেণি ও সম্পত্তি সংক্রান্ত বিষয় এতে যুক্ত ছিল না। যেহেতু বামপন্থীরা তখন ক্ষমতায়, দক্ষিণপন্থীরা ঝাঁপিয়ে পড়ল। দিলমার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিসংশন এলো এবং ব্রাজিলের কলঙ্কিত রাজনৈতিক ইতিহাসের নিরিখেও বিরল এক অভূতপূর্ব রাজনৈতিক প্যাঁচপয়জার করে তাঁকে ক্ষমতা থেকে অপসারিত করা হল। লুলা পরে স্বীকার করেছেন যে দিলমাকে উত্তরসূরী করাটা তাঁর উচিত হয় নি।
আরও পড়ুন: ট্রাম্পের হার, স্বস্তি এবং চ্যালেঞ্জ
এখন কি সিআইএ আবার একই প্যাঁচ কষবে লুলাকে সরিয়ে দিতে? তারা নিশ্চিতভাবেই সে চেষ্টা করবে, তবে আমার ধারণা সেটা একটা অকার্যকর ও বিশৃঙ্খল কার্যক্রমই হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত। ব্রাজিলের রাজনীতি ইতিমধ্যে অনেকটাই ঘেঁটে আছে এবং সংসদ দখল করে থাকা দুর্নীতির চাকগুলো হয়ত ধ্বসে পড়বে। এ ধরনের সমস্যায় সিআইএ সাধারণত বিচলিত হয় না। ফলে ‘মহান আমেরিকার পুনর্প্রতিষ্ঠা’র গোছের কৌশলীরা কি আবার ব্রাজিলীয় সেনাকে ব্যবহার করার চেষ্টা করবে? আমার তা মনে হয় না। ২০০৩ সালে লুলা যখন প্রথম নির্বাচিত হন, তখন আমি ব্রাজিলে ছিলাম। তখন তাঁর রণকৌশল রচিত হয়েছিল ব্রাজিলের শাসকশ্রেণির সঙ্গে নয়া উদারনীতির ভিত্তিতে বোঝাপড়ার ভিত্তিতে। তাঁর সব নজর কেন্দ্রীভূত ছিল দরিদ্র পরিবারদের মধ্যে নগদ বন্টনের ‘বোলসা ফ্যামিলিয়া’ প্রকল্পের জন্যে কিছুটা অর্থের সংস্থান করায়। অর্থাৎ কিছু দানাপানি নিশ্চিত করা। রিও ডি জেনেরোর পর্তুগিজ সংবাদপত্র ‘ও গ্লোবো’-র নেওয়া সাক্ষাৎকারে আমি তাঁকে ‘ক্রান্তীয়রেখার ব্লেয়ার’ বলে অভিহিত করেছিলাম। এটা তখন শিরোনামে উঠে এসেছিল। লুলার অর্থমন্ত্রী সাবেক ট্রটস্কিপন্থী পালোচ্চি আমার প্রকাশক মারফৎ আমাকে পাঠানো বার্তায় লিখেছিলেন, ‘তারিককে বলে দাও এই অভিধার জন্যে ওর কাছে আমরা কৃতজ্ঞ। এটা ভীষণ কাজে এসেছে।’ পালোচ্চি পরে লুলার বিরুদ্ধে গিয়ে বোলসোনারো সরকারের আনা দুর্নীতির মামলায় লুলার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। এই ঘটনার পর ওয়ার্কার্স পার্টির নেতারা অনুধাবন করেন যে পালোচ্চি আদতেই একটি ঘোড়েল ব্যক্তি। পরবর্তী সময়ে লুলাও নিজের ত্রুটিগুলি উপলব্ধি করতে সক্ষম হন। এর কৃতিত্ব হুগো সাভেজের, যিনি তাঁর সঙ্গে অন্তরঙ্গ আলোচনায় এই সমালোচনাগুলি তাঁর সামনে এই সমালোচনাগুলো তুলে ধরেছিলেন। এখন আমরা নজর রাখব, প্রতীক্ষা করব এবং আশা রাখব যে লুলার শাসনের এই অন্তিম পর্যায় শান্তিতে অতিবাহিত হবে। ব্রাজিলের জনগণকে ‘মহান আমেরিকা’-ফ্রাঙ্কেনস্টাইন জোট সম্পর্কে সতর্ক থাকতে হবে। লুলার পরও যদি ওয়ার্কার্স পার্টিকে টিকে থাকতে হয়, তবে তরুণ প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব তুলে আনতে হবে। ওয়ার্কার্স পার্টিই বিগত শতকে আত্মপ্রকাশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সোস্যাল ডেমোক্র্যাট রাজনৈতিক দল। অন্য দেশের সোস্যাল ডেমোক্র্যাটিক দলের মত তারাও ক্ষমতায় থাকার সময়টায় প্রায় শেষ হয়ে যেতে বসেছিল। আগামী চার বছরে বোঝা যাবে তারা নিজেদের পুনরাবিষ্কার করতে পারবে, নাকি ইউরোপের সোস্যাল ডেমোক্রেসির দশায় পতিত হবে।
ভাষান্তর: শুভ প্রসাদ নন্দী মজুমদার
প্রকাশের তারিখ: ১০-নভেম্বর-২০২৬
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
