Latest Edition

সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

ফ্রান্সে অসাম্য ও বিক্ষোভ- ২

মাইকেল রবার্টস
ম্যাঁক্র সরকারের বার্তা হল, ব্যয়সঙ্কোচ। লোককে বলা হচ্ছে,ব্যয়সঙ্কোচ ছাড়া বিকল্প নেই।...‘‌নতুন ব্যবস্থা’‌ হবে ২০২৭ সালের মধ্যে সরকারি চাকরি থেকে ৩০০০ জনকে বাদ দেওয়া, যে পদে লোক নেওয়া হবে না। আরও ১৫০০ সরকারি পদ একেবারে তুলে দেওয়া হবে। সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ৫০০ কোটি ইউরোর বেশি খরচ করা হবে না। বেকারদের বিমার পরিমাণ কমানো হবে, টাকা কমবে পেনশন স্কিমে। উৎপাদন বাড়াতে দুটো ছুটির দিন (‌ ভিকট্রি ডে ও ইস্টার মানডে)‌ তুলে দেওয়া হবে। একই সঙ্গে কমানো হবে আঞ্চলিক ও স্থানীয় উন্নয়ন খাতে খরচ।
Inequality and Protest in France Part II

প্রথম পর্বের পর...

সব মিলিয়ে, ফ্রান্সের সরকারি পরিষেবা:‌ সামাজিক সেবা পরিষেবা, রাস্তা, পরিবহণ, যুবদের সুবিধা, বর্জ্য সংগ্রহ, পয়ঃপ্রণালী,  জল সরবরাহ  — কয়েক দশক ধরে এগুলির হাল ক্রমশ শোচনীয় হচ্ছে। সরকারের পর সরকার এসে বলেছে, এই সব পরিষেবগুলি আর ‘‌সহজে পাওয়ার মতো নয়’‌ (‌affordable)। এবং দেশের মূলধারার অর্থনীতিবিদেরা যারা চলতি ব্যবস্থার পক্ষে সাফাই দেন তারা বলছেন, সরকারি ক্ষেত্রের বিপুল ঋণের বোঝা এবং ধারাবাহিক বাজেট ঘাটতি — এসব ব্যবস্থা আর রাখা যাবে না। গত ১৫ বছরের বেশি সময় ধরে সরকারি ঋণের অনুপাত (জিডিপি ও ঋণের অনুপাত) চোখে পড়ার মতো বেড়েছে। ২০২৬এর মাঝামাঝি নাগাদ সরকারি ঋণের পরিমাণ পৌঁছেছে জিডিপির ১১৯ শতাংশে এবং আশঙ্কা করা হচ্ছে, ২০২৭ সালে এই বৃদ্ধি পৌঁছবে ১২১.৭ শতাংশে।

ফলে ম্যাঁক্র সরকারের বার্তা হল, ব্যয়সঙ্কোচ। লোককে বলা হচ্ছে,ব্যয়সঙ্কোচ ছাড়া বিকল্প নেই। খসড়া বাজেটের লক্ষ্য হল, ২০২৭ সালে সরকারি ঘাটতি জিডিপির ৫ শতাংশে নামিয়ে আনা। ২০২৬ ও ২০২৫ সালে এই হার ছিল যথাক্রমে ৫.৪ ও ৫.১ শতাংশ। এর জন্য নিতে হবে খরচ কমানোর লক্ষ্যে ৪৩০০ কোটি ইউরোর নতুন নতুন ব্যবস্থা। সরকারের হিসাব, এমনটা করা না গেলে পরের বছর ঘাটতি পৌঁছবে ৬.৫ শতাংশে। ‌‘‌নতুন ব্যবস্থা’‌ হবে ২০২৭ সালের মধ্যে সরকারি চাকরি থেকে ৩০০০ জনকে বাদ দেওয়া, যে পদে লোক নেওয়া হবে না। আরও ১৫০০ সরকারি পদ একেবারে তুলে দেওয়া হবে। সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ৫০০ কোটি ইউরোর বেশি খরচ করা হবে না। বেকারদের বিমার পরিমাণ কমানো হবে, টাকা কমবে পেনশন স্কিমে। উৎপাদন বাড়াতে দুটো ছুটির দিন (‌ ভিকট্রি ডে ও ইস্টার মানডে)‌ তুলে দেওয়া হবে। একই সঙ্গে কমানো হবে আঞ্চলিক ও স্থানীয় উন্নয়ন খাতে খরচ।

নিশ্চিতভাবেই কিছু সরকারি খরচ কখনই কাটছাঁট করা হবে না। যেমন প্রতিরক্ষা ক্ষেত্রে। ২০২৫ সালের বাস্তিল দিবসে ম্যাঁক্র ঘোষণা করেন ২০২৭ সালের মধ্যে ফ্রান্সের সামরিক বাজেট পৌঁছবে   ৬৪০০ কোটি ইউরোয়। তিন বছর আগেই খরচের এই লক্ষ্যমাত্রা পূর্ণ করা হবে। নির্দিষ্টভাবে বললে, এবছর আরও যোগ করা হবে ৩৫০ কোটি ইউরো এবং ২০২৭ সালে আরও ৩০০ কোটি ইউরো। এসব টাকা খরচ করা হবে ন্যাটোর কাছে প্রতিশ্রুতি রক্ষার জন্য। সেই প্রতিশ্রুতি হল ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর প্রতিটি সদস্য দেশের প্রতিরক্ষা খাতে খরচ বাড়িয়ে করতে হবে জিডিপির ৫ শতাংশ (‌সামরিক খাতে খরচ ৩.৫ শতাংশ ও পরিকাঠামো খাতে ১.৫ শতাংশ)‌। গুরুত্বপূর্ণ ন্যাটো সদস্য হিসাবে ম্যাঁক্র মনে করেন রাশিয়ার বিপদ খুবই ‘‌বড় মাপের’‌ এবং সেকারণেই তিনি এই লক্ষ্য পূরণ করবেন বলে কথা দিয়েছেন।

ফরাসি মূলধারার খবরের সূত্র লে মঁদ মোটামুটি হিসাব কষে দেখেছে যে ‌ফ্রান্সের ‘সর্বোচ্চ গুরত্ব অবশ্যই হতে হবে বিনিয়োগকারীদের নতুন করে এই আশ্বাস দেওয়া যে ফিনান্সের দশা ঠিকঠাক করে নেওয়ার কতটা ক্ষমতা রাষ্ট্রের রয়েছে।’‌ তার মানে আসলে ফিনান্সের বাজারই সব কিছু নিয়ন্ত্রণ করবে।  সরকারি খরচ ও সরকারি ঋণের হতশ্রী দশা নিয়ে এত যে সব কথা বলা হচ্ছে, সেগুলো আসলে ফরাসি সরকার বলে চলেছে জনমনে ভুল ধারণা তৈরি করার জন্য। অন্যদিকে যারা ফিনান্সের বাজারে ‘‌বন্ড বিক্রির মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে’‌  (‌‘bond vigilantes’)‌ তারা ফরাসি সরকারের বন্ড বিক্রি করছে এবং সরকারের ও পরিবারের ঋণ বাবদ খরচ আরও বাড়িয়ে চলেছে। 

যেটা সবসময়ই অগ্রাহ্য করা হয়েছে তা হল, ফ্রান্সের নন–ফিনান্সিয়াল বেসরকারি ক্ষেত্রের ঋণ সরকারি সেক্টরের ঋণের চেয়ে অনেক বেশি। বেসরকারি ক্ষেত্রের ঋণ ২০২৬ সালে পৌঁছেছে  জিডিপির ১৩৪.২ শতাংশে, যা ইউরো এলাকায় গড়ের চেয়ে ৩০ শতাংশ বেশি। বেসরকারি সেক্টরের (‌রিয়েল এস্টেট এবং ফিনান্সের ক্ষেত্রে স্পেকুলেটিভ ঋণ সহ)‌ ঋণই সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। যখন পুঁজিবাদী ব্যবস্থায় আর্থিক বিপর্যয় নেমে আসে, তখন সরকারি ক্ষেত্রকেই এগিয়ে এসে উদ্ধার করতে হয়ে বেসরকারি ব্যাঙ্ক কিংবা প্রধান প্রধান ঋণদাতাকে। যখন পুঁজিবাদী অর্থনীতিতে মন্দা আসে তখন সরকারকেই আবশ্যিকভাবে বেশি করে খরচ করতে হয় বেকার ভাতা দিতে এবং তখন সরকার করও কমিয়ে দেয়। ফলে সরকারি ঘাটতি চক্রাকারে বাড়তে থাকে।

ফ্রান্সের সরকারি ঋণের ইতিহাস দেখিয়ে দিচ্ছে পুঁজিবাদী মন্দা ও আর্থিক বিপর্যয়ের পর্বে সরকারি ঋণ সবচেয়ে বেশি বাড়ে। তারপর বন্ডের মালিকেরা দাবি করে যে পরিষেবা ও পেনশন কমিয়ে এবং করভার বাড়িয়ে সাধারণ মানুষ সেই ঋণের বোঝা কমানোর দায় নিক। ১৯৮০-৮২ সালের মন্দার পর দ্রুত আর্থিক বৃদ্ধি এবং ব্যয়সংকোচ নীতি নেওয়ার ফলে ১৯৮৭ সালে এসে দেখা গেল ঋণ আর বাড়ছে না। এরপর এল ১৯৯১-৯৩ এর মন্দা তাতে ঋণের বোঝা ফের বাড়ল। তারপর আবারও আর্থিক বৃদ্ধি এবং (আরও ব্যসংকোচের ব্যবস্থা) চালু করার ফলে ঋণের অনুপাত কমল। তারপর এল বিশ্বব্যাপী আর্থিক বিপর্যয় এবং তার পিছনে এল বিরাট মন্দা। এর ফলে ঋণের অনুপাত ২০ শতাংশ বেড়ে গেল। ধীর গতিতে অর্থনীতির বৃদ্ধির পর্বে কঠোরতম ব্যয়সংকোচের নীতি এবং ২০১০ সালের মহামন্দার কারণে  ঋণের অনুপাত আরও বাড়তে পারল না। তবে অতিমারির সময়ের আর্থিক অধোগতি আবারও ঋণের অনুপাত বাড়িয়ে দিল। এখান থেকে যা দেখা যাচ্ছে তা হল, পুঁজিবাদের বেশ কয়েকটি সঙ্কটের অভিঘাত এসে না পড়লে জিডিপির তুলনায় সরকারি ঋণের অনুপাত একেবারেই বাড়ত না। প্রতিবার একগুচ্ছ ব্যয়সঙ্কোচের পদক্ষেপ করা হয় সরকারি ঋণের অনুপাত কমানোর জন্য। অথচ সেই সঙ্কট আসলে এসেছে বেসরকারি ঋণের পরিমাণ লাগমাছাড়া হয়ে ধসে পড়ার ফলে, এবং ঘটনা হল বেসরকারি সেক্টরে ঋণের পরিমাণ বেড়েই চলে। 

ফ্রান্সের ক্রয়ক্ষমতার সঙ্কটের আসল কারণ হল সে দেশের অর্থনৈতিক অধোগতি যা চরিত্রের বিচারে খুবই গুরুত্বপূর্ণ। একবিংশ শতকে ফ্রান্সে জিডিপির প্রকৃত বৃদ্ধি খুবই কমেছে। এবং এটা একাদিক্রমে কমছে গত চল্লিশ বছর ধরে। ২০২০র দশকে এই বৃদ্ধি কার্যত স্থবিরতায় পরিণত হয়েছে। 

পেনশনের কথাই ধরা যাক। যদি ফ্রান্সের বার্ষিক অর্থনৈতিক বৃদ্ধির হার এখনকার গড় ১.৫ শতাংশের চেয়ে ১ শতাংশ বিন্দু বেশি হত, তাহলে সরকারের রাজস্ব বৃদ্ধি পেত বছরে ৩০০০ কোটি ইউরো যা ২০৩৫ সালে গিয়ে দাঁড়াত ৪০০০ কোটি ইউরোয়। এর প্রভাবে, এখন পেশননের জন্য যা দেয় কনট্রিবউশনের হার, তাতে পেনশন কনট্রিবিউশন থেকে আদায় হত বছরে অতিরিক্ত ১০০০ কোটি ইউরো। ফলে পেনশন ফান্ডে যে ঘাটতির কথা বলা হচ্ছে সেই প্রবণতার অভিমুখ বদলে যেত। রুপার্ট ওয়াটসন গ্লোবাল কনসাল্টিং সংস্থা মারাসার–এ অর্থনীতির গ্লোবাল হেড। তিনি বলেছেন, ‘‌মূল সমস্যা হল অর্থনীতি তত দ্রুত বাড়েনি। পেনশনাররা যা পাচ্ছেন সেটায় সমস্যা হচ্ছে না — আসল কথা হল অর্থনৈতিক বৃদ্ধির ঘাটতি।’‌

অন্যান্য জি সেভেন অর্থনীতির মতোই, ফ্রান্সের অর্থনীতির গতিও যে কমছে, তা আসছে বিনিয়োগের দুর্বল বৃদ্ধি থেকে। যদি উৎপাদন খাতে বিনিয়োগের বৃদ্ধি কমতে থাকে তাতে সাধারণভাবেই শ্রমের উৎপাদনশীলতায় স্থবিরতা দেখা দেয়। ফ্রান্সও তার ব্যতিক্রম নয়। বস্তুত, টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি (‌‘‌উদ্ভাবন’‌–এর প্রভাবের পরিমাপ)‌ এখন চরম বা নিরঙ্কুশ অর্থেই কমছে।

বিনিয়োগ এবং উৎপাদনশীলতার বৃদ্ধিতে যদি আপেক্ষিক স্থবিরতা দেখা দেয়, তাহলে বুঝতে হবে এর পিছনে রয়েছে ফরাসি পুঁজির মুনাফা অর্জনের ক্ষমতা কমেছে। একবিংশ শতকের শুরু থেকেই (‌ইউরো চালুর সময় থেকে)‌ ফরাসি পুঁজির মুনাফা অর্জনের ক্ষমতা দারুনভাবে কমেছে এবং মহা মন্দার পর থেকে তার অধোগতি আরও বাড়ে। অতিমারির সময়ের মন্দার পর এখন ফরাসি পুঁজির গড় মুনাফা অর্জনের ক্ষমতা প্রায় সর্বকালীন নিম্নবিন্দুতে নেমেছে।

এই অবস্থায় করণীয় কী? ২০২৭ সালের এপ্রিল‌–মে মাসে ফ্রান্সে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে। এখনকার জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, অভিবাসী–বিরোধী, বর্ণবাদী মারিন লা পেনের ন্যাশনাল রালি অনেকটা এগিয়ে রয়েছে। এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফায় লা পেনই হয়ত জিতবেন। তবে যদি সামনের এপ্রিলে লা পেন প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন তাহলে তাঁর প্রধান অর্থনৈতিক কর্মসূচি কী হবে? আর্থিক ক্ষেত্রে ব্যয়সঙ্কোচ (ফিসক্যাল অস্টারিটি)। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ১৩৬০০ কোটি ইউরো সরকারি খরচ কাটছাঁট করবেন। এর সঙ্গে আসবে বেসরকারিকরণ ও বিভিন্ন সরকারি সংস্থা বন্ধ করে দেওয়া হবে। লা পেেনর লক্ষ্য হল, ২০৩২ সালের মধ্যে সরকারি খরচ জিডিপির ৫০ শতাংশের নীচে নামিয়ে আনা। ন্যাশনাল রালি দাবি করেছে যে,অভিবাসন কমিয়ে এবং ইউরোপীয় ইউনিয়নে দেয় টাকা বন্ধ করে ঋণ সমস্যার সমাধান করবে। 

বামপন্থী লা ফ্রান্স ইনসৌমিসে (‌এলএফআই)‌ পার্টি এবং তাদের প্রার্থী জ্যাঁ–লুক মেলেশঁ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারেন। তার সম্ভাবনা ভালই। ফলে মারিন লা পেনের সঙ্গে তাঁর সরাসরি লড়াই  হবে। তথাকথিত সরকারি ঋণ সঙ্কট সম্পর্কে মেলেশঁর উত্তর হল, কেন্দ্রীয় ব্যাঙ্ক যে ধারের টাকাটা পাবে তার একাংশ মুছে দেওয়া (‌ কারণ কেন্দ্রীয় ব্যাঙ্ক সরকারেরই অংশ)‌। এর লক্ষ্য হল সরকারি ব্যয় আরও বৃদ্ধি করা। তবে এমনটা হলেও তারপরেও সরকারি ঋণের বড় অংশ (‌৮২ শতাংশ)‌ পড়ে থাকবে বন্ড ভিজিল্যানটেসদের দয়ার ওপর এবং যদি মেলেশঁ জেতেন তাহলে প্রথম সুযোগেই তারা ফরাসি সরকারের কাগজ বেচে দেবে। মেলেশঁর প্রস্তাব রয়েছে তিনি পুঁজি এবং সবচেয়ে সম্পদশালী পরিবারগুলোর ওপর করের বোঝা বাড়াবেন, যাতে সরকারি পরিষেবা খাতে খরচ বাড়ানো যায়। স্বাভাবিকভাবেই এটা বৃহৎ ব্যবসা, বন্ড ভিজিল্যানটেস এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের কাছে অভিশাপের মতো। 

ঋণ:MROnline, ২৬ অক্টোবর, ২০২৬। লেখক মাইকেল রবার্ট মার্ক্সীয় অর্থনীতিবিদ। শিরোনাম পরিবর্তিত। 
ভাষান্তর: সুচিক্কণ দাস


প্রকাশের তারিখ: ১২-নভেম্বর-২০২৬
শেয়ার:
সেভ পিডিএফ:


আপনার মতামত

এই লেখাটি আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।



অন্যান্য মতামত:

Donate Now
আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
আন্তর্জাতিক বিভাগে প্রকাশিত ৮৭ টি নিবন্ধ
১২-নভেম্বর-২০২৬

১১-নভেম্বর-২০২৬

১০-নভেম্বর-২০২৬

০৫-নভেম্বর-২০২৬

০৫-নভেম্বর-২০২৬

০৪-নভেম্বর-২০২৬

৩০-অক্টোবর-২০২৬

২৯-অক্টোবর-২০২৬

২৯-অক্টোবর-২০২৬

২৬-অক্টোবর-২০২৬