Latest Edition

সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

জে ডি বার্নালের ইতিহাসে বিজ্ঞান – একটি সংক্ষিপ্ত আলোচনা (শেষ পর্ব)

শ্যামাশীষ ঘোষ
মানুষের উন্নতির জন্য বিজ্ঞানকে ব্যবহার করার কাজটিও প্রাথমিকভাবে রাজনৈতিক; অর্থাৎ, শেষ উপায়ে সামগ্রিকভাবে জনগণের ভুমিকাই এখানে নির্ণায়ক। আমাদের সময়ের সবচেয়ে মর্মান্তিক বিড়ম্বনা হল যে আমাদের সবচেয়ে বড় বস্তুগত এবং বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা বিশ্বকে দরিদ্র, অজ্ঞ এবং ভীত রাখার জন্য নিবেদিত।
Science in History Bernal discussion final part

এই পর্বের আলোচনা দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশ অধ্যায় নিয়ে, যা এই আলোচনাটির ক্রম সম্পূর্ণ করবে। বার্নাল বইটিকে বিজ্ঞানের ইতিহাস বা বিজ্ঞানের পূর্বাভাষ হিসাবে দেখার বদলে, ইতিহাসের উপর বিজ্ঞানের প্রভাব বোঝার উপাদান হিসাবেই দেখেছিলেন। ছয়টি পর্বের এই সংক্ষিপ্ত আলোচনায়, এই বইটির সমগ্র বিষয়বস্তুর প্রতি সুবিচার করা সম্ভব নয়। এই প্রচেষ্টা মূলত মূল বইটির অধ্যয়নে পাঠককে আগ্রহী করে তোলা।    

যে সমাজে মানুষ বাস করে তার সম্পর্কে উপলব্ধি অর্জন, তার চারপাশের বস্তুগত জগৎ বা এতে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীর চেয়ে, অনেক বেশি কঠিন। সমাজবিজ্ঞানের শাখাগুলি, একটি সমষ্ঠি হিসাবে, বিজ্ঞানের সর্বশেষ এবং সর্বাধিক অসম্পূর্ণ একটি বিজ্ঞান, এবং বর্তমান আকারে তাদের কতটা আদৌ বিজ্ঞান বলা যেতে পারে তাও বিতর্কের বিষয় বলে বার্নাল মনে করেছেন। মার্কসবাদী পরিভাষায়, যেখানে প্রাকৃতিক বিজ্ঞানগুলি প্রাথমিকভাবে সমাজের উত্পাদনশীল শক্তিগুলির সাথে সম্পর্কিত, সামাজিক বিজ্ঞানগুলি উত্পাদনশীল সম্পর্ক এবং তাদের যথার্থতা বজায় রাখতে এবং ন্যায়সঙ্গত করতে নির্মিত মতাদর্শগত উপরিকাঠামো নিয়ে কাজ করে।

সমাজবিজ্ঞানের আলোচনা দুটি ভাগে করেছেন তিনি – প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত সামাজিক বিজ্ঞান এবং আরও সাম্প্রতিক সময়ের সমাজবিজ্ঞান। কারণ সহজেই অনুমেয়। প্রথম বিশ্বযুদ্ধের পরের সময়ে পুঁজিবাদী সমাজের পাশাপাশি সমাজতান্ত্রিক সমাজের উদ্ভব হয়েছে, যারা পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ায় এগিয়ে চলেছে।

শাসক শ্রেণীর স্বার্থে সবসময়ই এটা বিশ্বাস করানোর প্রচেষ্টা ছিল, সমাজের বিদ্যমান ব্যবস্থা সর্বকালের জন্য ঐশ্বরিকভাবে নির্ধারিত হয়েছে। সামন্তবাদের সীমাবদ্ধতা থেকে বুর্জোয়া মুক্তির মহান আন্দোলন – রেনেসাঁ, সংস্কার, ষোড়শ, সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীর বিদ্রোহ এবং বিপ্লব – সবই ঘটেছিল এমন সময়ে যখন সমাজের ভিত্তিগুলি প্রশ্নবিদ্ধ হয়েছিল। মানব ইতিহাসের কেন্দ্রীয় ভাবনাটি অর্থনৈতিক ও সামাজিক টানাপোড়েন এবং মুক্তির একটি ক্রম; এই মুক্তি বা বিপ্লবের সময়কালেই সমাজপ্রকৃতির তত্ত্বগুলি পরীক্ষিত এবং পুনর্গঠিত হয়।

ঊনবিংশ শতাব্দীতে যখন সমাজতন্ত্রের নামে শ্রমিকশ্রেণি পুঁজিবাদের সামাজিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে শুরু করে, তখন সামাজিক সমালোচনা ও বোঝাপড়ার একটি নতুন ক্রম চালু হয়। সামাজিক বিজ্ঞানের ক্ষেত্র – সমাজের কাঠামো এবং এর প্রতিটি ব্যক্তির অধিকার এবং কর্তব্য – এর আগে কখনও এই ধরনের অনুসন্ধান এবং উত্সাহী বিতর্কের বিষয় ছিল না। শুধু বিশ্বের সমাজতান্ত্রিক অংশেই নয়, যেখানেই শ্রেণিসমাজের নিপীড়ন বা ঔপনিবেশিক নিপীড়নের সমালোচনা ও বিরোধিতা করার জন্য মানুষ একত্রিত হচ্ছে, সেখানেই নতুন ধরনের সামাজিক বিজ্ঞান গড়ে উঠছে।

প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞান উভয়ই অগ্রসর হওয়ার সাথে সাথে পদ্ধতিতে পরিবর্তিত হয়, তবে যেখানে খুব সম্প্রতি অবধি, প্রাকৃতিক বিজ্ঞানের পরিবর্তন কেবল জ্ঞানের ক্রমবর্ধমান অগ্রগতির উপরেই নির্ভরশীল ছিল, বেশিরভাগ সামাজিক বিজ্ঞানে কেবল পদ্ধতিগুলিই নয়, অধ্যয়ন করার ক্ষেত্রটি আরও দ্রুত পরিবর্তিত হয়। এই প্রবণতা, মার্কসবাদের প্রভাবের মাধ্যমেই পুরোপুরি সচেতন হয়ে উঠেছে। কেবলমাত্র সমাজেই আমরা বারবার সত্যিকারের স্বতঃস্ফূর্ত পরিবর্তনগুলি যে কাজ করছে তা লক্ষ্য করতে পারি, যা একটি ব্যবস্থার অভ্যন্তর থেকে উদ্ভূত পরিবর্তন, এবং কেবলমাত্র বাহ্যিক প্রভাবের কারণে নয়। উনিশ শতকের মাঝামাঝি সময়ে সংঘটিত মহাবিশৃঙ্খলার মধ্যে সামাজিক পরিবর্তনের পর্যবেক্ষণের মাধ্যমেই মার্কস সমাজে পরিবর্তনের মৌলিক দ্বান্দ্বিক প্রকৃতি বুঝেছিলেন। ইতিহাসের সব সময় সমাজে ভবিষ্যতমুখী শক্তিগুলির, যা নতুন জিনিসকে অস্তিত্বে আনবে, একটি লড়াই রয়েছে অতীতমুখী শক্তিগুলির সাথে, যা তাদের দমন করার চেষ্টা করবে।

প্রথম বিশ্বযুদ্ধের পরের সময়ে আমরা দেখি ১৯১৪ সালের যুদ্ধ পুঁজিবাদের স্থায়ী, শান্তিপূর্ণ বিবর্তনের আশা চুরমার করে দেয়। এত অল্প সময়ের মধ্যে মানবজাতি এত গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যায়নি। এটি একটি যুগের সমাপ্তি চিহ্নিত করেছিল; রাশিয়ার ১৯১৭ সালের বিপ্লব একটি নতুন যুগের সূচনা চিহ্নিত করেছিল। সমাজতন্ত্র, একটি মতবাদ এবং অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের একটি সমাবেশস্থল থেকে প্রকৃত অনুশীলনের পরীক্ষার মধ্যে এসেছিল। বিশ্বের অন্যতম একটি শক্তি তখন মার্কসবাদী নীতির উপর ভিত্তি করে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। তখন থেকেই মার্কসবাদ একটি অনানুষ্ঠানিক ও নিষিদ্ধ দর্শন থেকে মানুষের চিন্তার সৃজনশীল ভিত্তি হয়ে উঠেছিল।

পুঁজিবাদী বিশ্বে সামাজিক বিজ্ঞানকে পর্যায়ক্রমিক অস্থিতিশীলতা এবং সহিংসতার অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। সমাজতান্ত্রিক বিশ্বে একই সময়কালে বিশাল কাজগুলি, প্রথমে নিছক অস্তিত্বের জন্য সংগ্রাম, এবং তারপরে একটি নতুন ধরণের সমাজের জন্য বস্তুগত ভিত্তি নির্মাণ, সামাজিক বিজ্ঞানে নতুন সমস্যার একটি ধারাবাহিক ক্রম উপস্থাপন করেছে।

বার্নাল বিশদভাবে আলোচনা করেছেন বিংশ শতাব্দীতে সামাজিক চিন্তার বিকাশকে প্রভাবিত করে এমন রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনাগুলি। এটি বিশ্বের পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক উভয় ক্ষেত্রেই সেই সময়ের সামাজিক চিন্তাধারার চরিত্র সম্পর্কে একটি সাধারণ আলোচনার দিকে এগিয়েছে। এখান থেকে তিনি পৌঁছেছেন সোভিয়েত ইউনিয়ন এবং পরে পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলিতে সামাজিক বিজ্ঞানের অনুশীলন এবং তত্ত্ব, এবং চীনে সংঘটিত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির আলোচনায়, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার পূর্বের ঔপনিবেশিক বা আধা-ঔপনিবেশিক মুক্ত দেশগুলির আলোচনায়।

বিংশ শতাব্দীতে পুঁজিবাদী দেশগুলিতে পরিবর্তনের সাধারণ প্যাটার্নটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তাদের মধ্যবর্তী সময়কালকে চিহ্নিত করে এমন মহামন্দা দ্বারা প্রভাবিত। এই পরিবর্তনগুলির প্রতিটি পর্যায়ের নিজস্ব বৈশিষ্ট্য ছিল, এবং সেগুলি ধারাবাহিকভাবে পুঁজিবাদের শক্তি সঙ্কুচিত হওয়া এবং অস্থিতিশীলতা চিহ্নিত করে। নাৎসি আন্দোলন ছিল, শাসকের নিজেদেরই নিয়ে আসা বেকারত্ব ও দুর্দশার শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ কাজে লাগিয়ে, বড় শিল্পপতিদের শোষণ।

যুদ্ধের সময়, এবং এর পর অল্প সময়ের জন্য, একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার কিছু আশা দেখা দিয়েছিল যেখানে পুঁজিবাদী এবং কমিউনিস্ট দেশগুলি এবং এমনকি ফ্রান্স এবং ইতালির মতো মিশ্র সরকারগুলিও সহযোগিতা করতে পারে। আমেরিকা এবং ইউরোপের সুবিধাভোগী শ্রেণিগুলি শীঘ্রই এই আশাকে ধ্বংস করে দেয়। পুঁজিবাদী দেশগুলোতে স্নায়ুযুদ্ধের চাপ, সাবেক ঔপনিবেশিক দেশগুলোর জনগণের উত্থান এবং শান্তি ও নিরস্ত্রীকরণের সার্বজনীন দাবি, বেড়ে উঠছিল।  

রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সাথেসাথেই, একটি উদাহরণের পাশাপাশি, একটি বিপদ হয়ে উঠেছিল, এবং প্রতিক্রিয়ার সমস্ত প্রভাব তার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। যদিও প্রথমে, শতাব্দীর বুদ্ধিজীবীরা প্রধানত উদারতাবাদের ঐতিহ্যের উপরই গড়ে উঠেছিলেন, তবে রাজনীতিবিদ, প্রেস এবং পৃষ্ঠপোষকতার সম্মিলিত আক্রমণকে প্রতিহত করা তাদের পক্ষে কঠিন ছিল। তারা, ধারণা এবং অনুশীলনের মধ্যে, নিপীড়িতদের সমর্থন করা এবং ভাল নাগরিক হওয়ার, ভাবনার আনুগত্যের দোটানায় চুরমার হচ্ছিলেন। এটিই ছিল বুদ্ধিজীবীদের ক্ষোভ এবং অপরাধবোধের আসল উত্স, জনগণের বিশ্বাস রক্ষা করার ব্যর্থতা।

বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক বিপ্লবের চরিত্রটি বৈজ্ঞানিক সংগঠনের জন্য আবার নতুন সমস্যা তৈরি করে – বিজ্ঞানের বিশাল আকার এবং ব্যয়ের প্রভাব, অত্যন্ত দ্রুত বৃদ্ধি – বিজ্ঞানীদের শিক্ষার প্রয়োজনীয়তা, প্রকৃতপক্ষে, সমগ্র জনসংখ্যার জন্য বিজ্ঞানের শিক্ষা অন্তর্ভুক্ত করে। বিজ্ঞান যে কেবল সমস্ত ধরণের ক্রিয়াকলাপকে অন্তর্ভুক্ত করে তাই না, সারা বিশ্বে তার ক্রিয়াকলাপ ছড়িয়ে দেয়। ইতিমধ্যে, বিশেষত প্রযুক্তিতে, বৈজ্ঞানিক উপায় ক্রমাগত ঐতিহ্যগত পদ্ধতিগুলি প্রতিস্থাপন করেছে। ক্রমবর্ধমানভাবে, বিজ্ঞান বিশ্ববিজ্ঞানে পরিণত হচ্ছে, আবহাওয়া বিজ্ঞান এবং সমুদ্রবিজ্ঞানের মতো সমস্যাগুলির সাথে জড়িত হয়ে, যেগুলির বিশ্বভিত্তি ব্যতীত কোনও অর্থ নেই, এবং ভূতত্ত্ব, খনি, পেট্রোলিয়াম এবং জল সম্পদের সমস্যাগুলিও বিশ্বসমস্যা হয়ে উঠেছে। স্পষ্টতই, আরও শিক্ষা এবং দীর্ঘ শিক্ষা প্রয়োজন। এটি একটি নতুন ধারণার সূচনা করে, একটি চৈনিক শিক্ষা, সারা জীবন ধরে অব্যাহত শিক্ষার – কাজ করার সময় শিখুন এবং শেখার সময় কাজ করুন।

বৈজ্ঞানিক অগ্রগতির হারও বাড়ছে। এর ফলে একটি প্রায় বৈপরীত্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আপ টু ডেট থাকা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। নতুন আবিষ্কারগুলি একীভূত হয় না এবং বৈজ্ঞানিক তত্ত্ব এবং অনুমানের পুরো মতাদর্শগত কাঠামো স্থায়ী এবং ক্রমবর্ধমান বিভ্রান্তির অবস্থায় রয়েছে। অন্যদিকে, আধুনিক বিজ্ঞানের প্রকৃতি এমন, যেখানে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে আন্তঃসম্পর্ক এবং একই সময়ে সমস্ত ধরণের বিজ্ঞানের তথ্য হাতে থাকা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞান একটি বৃহৎ আকারের উদ্যোগ হয়ে ওঠার পরে, বিজ্ঞান পরিকল্পনার প্রভাবশালী ব্যবস্থাটি হয়ে উঠেছিল বৈজ্ঞানিক প্রকল্প এবং এর জন্য অর্থ সরবরাহের অনুদান। এখন দরকার বিজ্ঞানীদের নিজেদেরই বিষয়টি হাতে নেওয়া এবং বিজ্ঞানের সঠিক বিকাশের বিষয়ে জনসাধারণের মতামত নেওয়া। উদাহরণস্বরূপ, আণবিক জীববিজ্ঞানের বিপরীতে মহাকাশ বিজ্ঞানের জন্য অর্থের পরিমাণ এবং অর্থ বন্টনের প্রশ্নটি অবশ্যই বিচার্য বিষয়।

বিজ্ঞানের পরিকল্পনার দুটি অপরিহার্য অসুবিধা হল এটি কোনও নির্ণয়যোগ্য নীতি অনুসারে পরিকল্পনা করা যায় না এবং এটি কোনও অপারেশনাল রিসার্চের অধীন নয়। দরকার বিজ্ঞানের জন্য একটি বিজ্ঞান। বিজ্ঞানের বিকাশ ও ব্যবহারের জন্য সারা বিশ্বে বিশাল প্রচেষ্টা চলছে এবং বিংশ শতাব্দীর প্রথম দুই-তৃতীয়াংশে যে পরিমাণ তথ্য উপলব্ধ হয়েছে, একটি সম্মানজনক বিজ্ঞান গড়ে তোলার জন্য তা যথেষ্ট হওয়া উচিত। এর অর্থ বিজ্ঞানের ইতিহাসকে, মহান ব্যক্তিদের স্মৃতিসৌধ নির্মাণের বদলে, সামাজিক প্রভাবের উদাহরণ হিসাবে বিবেচনা করা। আমাদের জানতে চাওয়া উচিত, কেবল এই আবিষ্কারটি কীভাবে করা হয়েছিল তা নয়, তবে কেন এটি তার আগে তৈরি করা যায়নি এবং ইতিহাস যদি অন্যভাবে চলে যেত তবে পথটি কী হত।

নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিগত বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হল এটি আমাদের নৈতিকতার ভিত্তিটি পুনরায় মূল্যায়ন করতে বাধ্য করে, বিশেষ করে আমাদের সম্মিলিত নৈতিকতার, বিজ্ঞানের সাপেক্ষে। যখন বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি এবং প্রয়োগ মানুষের উন্নতির প্রধান কারণ হয়ে উঠতে পারে, তখনই আবার বৈজ্ঞানিক গবেষণা এবং বৈজ্ঞানিক শিক্ষার জন্য খরচে কৃপণতা পুরো অগ্রগতিকে আটকে রাখছে এবং কিছু ক্ষেত্রে কোটি কোটি মানুষকে অপ্রয়োজনীয় কষ্ট এবং বঞ্চনার শিকার করছে।

বিজ্ঞানের সমগ্র ইতিহাস দেখায় যে প্রথা বা ধর্মের নামে চলে আসা অপ্রচলিত মতাদর্শ ভাঙার জন্য অধিক প্রচেষ্টার প্রয়োজন হয়। কেবলমাত্র যখন এটি হবে, তখনই মানবজাতির অগ্রগতির জন্য নিরাপত্তা পাওয়া সম্ভব হবে। আমাদের সমাজে বিজ্ঞানের স্থান এবং বিকাশের অধ্যয়ন থেকে যে প্রধান উপসংহারটি উদ্ভূত হয় তা হল, যদি একে একটি অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে উঠতে হয় তবে পুরো জনগণকে অবশ্যই এতে হাত দিতে হবে। শিল্প বিপ্লবে অনিয়ন্ত্রিত পুঁজিবাদ এবং এখন একচেটিয়া পুঁজিবাদের দ্বারা বিজ্ঞানকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, বিশ্বব্যাপী মানবতার জন্য তা অত্যন্ত বিপদের। যুদ্ধ এবং দুর্ভিক্ষের দ্বৈত বিপদের সাথে বিশ্ব আগে কখনও এমন হুমকির সম্মুখীন হয়নি। বিশ্বের সম্পদ, যেভাবে ব্যবহৃত হচ্ছে, তা প্রয়োজনের জন্য অপর্যাপ্ত; যুদ্ধে তাদের আরও অপচয় করা ভারসাম্যকে বিপর্যয়করভাবে বিঘ্নিত করতে পারে এবং প্রায় সীমাহীন বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। অতএব, যুদ্ধের এই আসন্ন সম্ভাবনার অবসান ঘটানো একেবারে প্রথম অগ্রাধিকারের বিষয়। বিপরীতে, পুঁজিবাদী অর্থনীতি সংরক্ষণের জন্য অপরিহার্য শর্ত হয়ে উঠেছে, যুদ্ধ এবং যুদ্ধের প্রস্তুতি।

একবার যুদ্ধের হুমকি দূর হয়ে গেলে, সহাবস্থানের কিছু সম্মত রূপ প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হবে – উল্লেখযোগ্য পরিমাণে নিরস্ত্রীকরণের সাথে গণবিধ্বংসী সমস্ত অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে। সন্দেহের আবহাওয়া দূর করে এটি বিশ্বের দুটি অংশের মধ্যে সম্পূর্ণ পরিমাণে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক বিনিময় নিশ্চিত করবে। স্থিতিশীল শান্তি এবং নিরস্ত্রীকরণ অনুন্নত দেশগুলিতে বিনিয়োগ এবং সহায়তার জন্য আরও ফলপ্রসূ হবে।

এই পরিবর্তনে বিজ্ঞানই সবচেয়ে বেশি লাভবান হবে। সামরিক গবেষণা ও উন্নয়নের জন্য এখন উপলব্ধ সম্পদের একটি উল্লেখযোগ্য ভগ্নাংশও যদি অসামরিক গবেষণার জন্য উপলব্ধ করা হয় তবে বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সম্ভব। এটি প্রাথমিকভাবে একটি অর্থনৈতিক এবং একটি রাজনৈতিক সমস্যা। বিশ্ব যখন কার্যকরভাবে যুদ্ধের বিরুদ্ধে সুরক্ষিত থাকবে এবং সাধারণ কল্যাণে নারী-পুরুষের উদ্যোগকে উৎসর্গ করতে সক্ষম হবে, তখনই বিজ্ঞানের যথাযথ উন্নয়ন ও ব্যবহারের বিষয়টি বিস্তারিতভাবে বিবেচিত হতে পারবে। মানুষের উন্নতির জন্য বিজ্ঞানকে ব্যবহার করার কাজটিও প্রাথমিকভাবে রাজনৈতিক; অর্থাৎ, শেষ উপায়ে সামগ্রিকভাবে জনগণের ভুমিকাই এখানে নির্ণায়ক। আমাদের সময়ের সবচেয়ে মর্মান্তিক বিড়ম্বনা হল যে আমাদের সবচেয়ে বড় বস্তুগত এবং বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা বিশ্বকে দরিদ্র, অজ্ঞ এবং ভীত রাখার জন্য নিবেদিত।

একটা সময় ছিল যখন অজ্ঞতা ছিল পবিত্র। এটি একটি শ্রেণি বিভক্ত সমাজের প্রভুদের পক্ষে যথেষ্ট উপযুক্ত ছিল যে লোকেরা তাদের কাজের জন্য যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি কিছু জানবে না, এবং বিশেষত তারা সমাজের ভিত্তি সম্পর্কে আদৌ অনুসন্ধান করবে না। ক্রমবর্ধমান জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে, এই ধরনের অন্ধত্ব এখন আর গ্রহণযোগ্য নয়, প্রকৃতপক্ষে কোনও আধুনিক শিল্পসম্প্রদায় এটিকে অনুমতি দিতে এবং টিকে থাকতে দিতে পারে না। দায়বদ্ধতা সম্মিলিত এবং সচেতন হয়ে উঠছে। যদি কিছু লোক, তারা যা দেখে তার প্রভাবগুলি দেখতে বা বুঝতে অস্বীকার করে, যদি শিক্ষা ও সংবাদপত্রের উপর তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে তারা অন্যদের সামাজিক ক্রিয়াকলাপের তাৎপর্য দেখতে বাধা দেয়, তারা সমাজের কার্যকর শত্রু। সামাজিক সত্যকে অস্পষ্ট করার এই প্রচেষ্টা দূর হতে পারে একটি সম্পূর্ণ শ্রেণীহীন সমাজে। যে কোন সমাজে, জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত, এমন একটি অবস্থাকে নিশ্চিত করার সংগ্রামে, প্রকৃতি এবং সমাজের সর্বাধিক জ্ঞান একটি অপরিহার্য প্রয়োজন। একে বাস্তবে পরিণত করার অর্থ হল একটি নতুন ধরণের সত্যিকারের জনপ্রিয় শিক্ষার প্রসার। যতদূর সেই শিক্ষা কার্যকর হবে, ততদূর সমস্ত মানুষের বিজ্ঞানে ব্যবহার এবং অংশ নেওয়ার ক্ষমতাও থাকবে।

বিজ্ঞানের মাধ্যমেই, শুধুমাত্র বিজ্ঞানের মাধ্যমেই, সমাজকে একটি শোষণমুক্ত সমাজে রূপান্তরিত করা সম্ভব। পূর্ববর্তী সকল শ্রেণিসংগ্রামে এক শ্রেণি শুধু অন্য শ্রেণির স্থান দখল করে নিয়েছিল এবং শোষণ ভিন্ন রূপে চলতে থেকেছে। পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের মাধ্যমে কমিউনিজমে রূপান্তরিত হলে, সেই প্রয়োজনীয়তা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে, সর্বহারা বা ভুমিদাসদের যে কোনও প্রয়োজন দূর করার জন্য উৎপাদন যথেষ্ট হবে। তবে তখনও বিজ্ঞানের প্রয়োজন থাকবে, তবে কেবলমাত্র কয়েকজন বিশেষজ্ঞের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মানুষের জীবনের অংশ। আরও ইতিবাচক উপায়ে, আমাদের নতুন ভাল জিনিস, নতুন উপকরণ, নতুন প্রক্রিয়া এবং সর্বোপরি, সামাজিক ক্রিয়াকলাপের জন্য সংগঠনের নতুন এবং কার্যকর ভিত্তি আবিষ্কার করতে হবে। প্রকৃতপক্ষে, এর অর্থ হল মানুষের চিন্তার কাজটি কেবল জ্ঞান থেকে শুরু হয়। জ্ঞানকে অবশ্যই গঠনমূলক পরিবর্তন আনতে হবে নিজেকে পুনর্নবীকরণের আগে।

এই প্রত্যাশাগুলির সাথেই বার্নাল লেখা সমাপ্ত করেছেন। বইটির উদ্দেশ্য ছিল ভবিষ্যতের সূত্রগুলির জন্য অতীতকে অনুসন্ধান করা। অতীতের ইতিহাস ছিল মানুষের অভিপ্রায়, মানুষের ক্রিয়াকলাপ এবং ঘটনাগুলির লিপি। আমরা যখন বিজ্ঞানে এবং সমাজে প্রভাবকারী বল এবং তাদের নিয়মগুলি সম্পর্কে বুঝতে শুরু করেছি, ইতিহাসের ঘটনাগুলি সচেতন পরিকল্পনা এবং অর্জনের ফলাফল হয়ে উঠবে। সমাজের বিজ্ঞান আবিষ্কারের সাথে সাথে, যেমন এঙ্গেলস বলেছিলেন, মানবজাতির প্রকৃত ইতিহাস শুরু হয়।

 

 


প্রকাশের তারিখ: ১৪-নভেম্বর-২০২৩
শেয়ার:
সেভ পিডিএফ:


আপনার মতামত

এই লেখাটি আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।



অন্যান্য মতামত:

Donate Now
আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
ইতিহাস বিভাগে প্রকাশিত ১৪৮ টি নিবন্ধ
০৫-মে-২০২৬

০১-মে-২০২৬

২২-এপ্রিল-২০২৬

১০-মার্চ-২০২৬

১০-মার্চ-২০২৬

২৮-ফেব্রুয়ারি-২০২৬

২৩-জানুয়ারি-২০২৬

১৭-জানুয়ারি-২০২৬

৩০-ডিসেম্বর-২০২৫

০৬-ডিসেম্বর-২০২৫